বাজেটে ঘাটতি থেকেই যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কে এ এস মুরশিদ
কে এ এস মুরশিদ

বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের জন্য সংসদে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটির বাজেট পেশ করেছেন। প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বাজেটের চুলচেরা বিশ্লেষণ—কোন জিনিসের দাম কমল, কোনটার বাড়ল, প্রবৃদ্ধি বাড়বে না কমবে ইত্যাদি। তার অংশ হিসেবে প্রথমআলোর পাঠকদের জন্য বিআইডিএসের মহাপরিচালক কে এ  এস মুরশিদও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এ তসলি​েমর প্রতিক্রিয়া ছাপা হলো।

তবে সরকার আমদানিকৃত পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক তুলে নিয়ে নীতিগতভাবে ভালো সিদ্ধান্ত নিয়েছে। কারণ, আমরা আর কত দিন নিজেদের পণ্যকে এভাবে সুরক্ষা দেব? আমাদের তো প্রতিযোগিতায় নামতে হবে। আবার গার্মেন্টস খাতের করপোরেট কর কমানো হয়েছে, কিন্তু উৎসে কর বাড়ানো হয়েছে। এতে নিট ফলাফলটা কী দাঁড়াল, সে বিষয়ে আমরা পরিষ্কার নই।

নতুন ভ্যাট আইন নিয়ে অনেক কথা হলো। সরকার তা বাস্তবায়নের ঘোষণা দিয়েও শেষমেশ প্যাকেজ মূসকেই ফিরে গেল। আসলে এই নতুন ভ্যাট আইন নিয়ে সরকারের প্রস্তুতির ঘাটতি ছিল। পরবর্তীকালে সরকারকে আরও প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। কারণ, সরকারের বিভিন্ন প্রকল্পে বা নিয়মিত উন্নয়নকাজে অর্থায়নের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। টাকা কোথা থেকে আসবে, তা পরিষ্কার হওয়া দরকার।

একটি ব্যাপার দৃষ্টির বাইরেই থেকে গেল। করের আওতা বাড়ানো ও এনবিআরের রাজস্ব সংগ্রহের ক্ষমতা বাড়ানোর ব্যাপারটা আলোচিত হলো না। আশা করেছিলাম, সংস্থাটির অটোমেশন হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। ফলে রাজস্ব সংগ্রহের যে বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে সমস্যা থেকেই যাবে। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পরিকল্পনা নেই।

প্রবৃদ্ধির ধারা শক্তিশালী করতে বেসরকারি বিনিয়োগের বিকল্প নেই। বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আরও নানান সমস্যা আছে বটে, কিন্তু এ ক্ষেত্রে আত্মবিশ্বাসই বড় সমস্যা। আমরা সবাই ইতিবাচক পরিবর্তনের আশা করি। বাজারে ইতিবাচক সংকেত আসুক, সেটাই আমরা চাই। অর্থাৎ বাজারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়ে সরকার উচিত কাজটিই করেছে। কিন্তু এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহা বাড়বে কি না, সেটাই বড় কথা। এর পাশাপাশি সরকারি ব্যবস্থাপনা উন্নত করতে হবে। এ ক্ষেত্রে যে কাঠামোগত দুর্বলতা আছে, তার মধ্যে একটি ছিল দুর্বল বেতনকাঠামো। সেটা দূর হয়েছে, এখন অন্যগুলোও দূর করতে হবে। আমরা আশা করব, এর ফলে সরকারি সেবা উন্নত হবে, তাতে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে। এই নতুন বেতনকাঠামো বাস্তবায়নে সরকারের কিছু অতিরিক্ত ব্যয় হবে, সেটা রাজস্ব আয় ও সেবার মান বাড়ানোর মাধ্যমে তুলে আনতে হবে।

কিন্তু সমস্যা হলো আমাদের রাজস্ব আদায়ের হার কম, এমনকি নেপালের তুলনায়ও। রাজস্ব আদায় কম হলে উন্নয়নের লক্ষ্যমাত্রাও ছোট হবে। সে ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের মানুষ বাজেট থেকে খুব উপকৃত হবে, এ রকম আশা করা যায় না। প্রশ্ন হলো, কর বাড়ানোর পদ্ধতি কী। দেশে শিল্পকারখানা বেড়েছে, সেখান থেকে রাজস্বও আসছে। কিন্তু এখনো আমাদের অনানুষ্ঠানিক খাত অনেক বড়। সে জন্যই পরোক্ষ কর চাপাতে হয়। বাজেট প্রণয়নে আমাদের কাঠামোগত দুর্বলতা আছে।

প্রথমত, যথেষ্ট তথ্য নেই, আবার যেটুকু তথ্য আছে তার ওপর ভিত্তি করে কর খুব বেশি বাড়ানো হচ্ছে না। যেখানে সুশাসনের ঘাটতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতা থাকে, সেখানে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা দুরূহ হয়ে পড়ে। আবার এও সত্য যে গত ছয়-সাত বছরে রাজস্ব অনেক বেড়েছে। কিন্তু আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে বাজেটে ঘাটতি থেকে যাবে।

তবে যেহেতু আমরা বড় বড় বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি, সেহেতু কিছুটা ঘাটতি বাজেট করতেই পারি। এ ছাড়া আমাদের উপায় নেই। এর জন্য সরকার যেমন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারে, তেমনি সঞ্চয়পত্র ও বন্ড থেকেও ঋণ নিতে পারে। কিন্তু ঋণ নিলে যে সুদ দিতে হবে, তা-ও মাথায় রাখা দরকার। দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। সেটা করতে পারলে সরকার ঘাটতি বাজেটের দিকে যেতেই পারে।

কে এ এস মুরশিদ: বিআইডিএসের মহাপরিচালক।