বাণিজ্য বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিত করার সিদ্ধান্তে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেশ দ্রুততার সঙ্গে একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছে। পররাষ্ট্র দপ্তরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রে জিএসপি স্থগিত করার বিষয়ে দুর্ভাগ্যজনক অবস্থাটি সম্পর্কে জানতে পেরেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশেরই কিছু মানুষ দীর্ঘদিন ধরে এ ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল।’ (প্রথম আলো, ২৯ জুন, ২০১৩)বিশ্বজুড়ে কূটনীতি যখন অর্থনৈতিক কূটনীতির রূপ নিচ্ছে, তখন এ বিবৃতি দেখে মনে হলো আমরা সংকীর্ণ রাজনীতির নিরিখেই তা চালিয়ে যেতে বেশি আগ্রহী। এ কূটনৈতিক প্রতিক্রিয়ার সঙ্গে কতিপয় রাজনীতিকের রাজনৈতিক বক্তব্যের হুবহু প্রতিফলনে অবাক না হয়ে পারা যায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উভয় দেশের ‘কিছু মানুষ’-এর ওপর দোষ চাপানোর আগে তাঁরা ওবামা প্রশাসনের বিবৃতিটি পড়ে দেখেছিলেন কি না, সেটা নিয়েই সন্দেহ হয়।যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ট্রেড রিপ্রেজেনটেটিভ) দপ্তর থেকে এ বিষয়ে যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে, তাতে প্রেসিডেন্ট ওবামার যে উদ্ধৃতি রয়েছে তাতে বলা হয়েছে, ‘আমি এ সিদ্ধান্তে পৌঁছেছি যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যে জিএসপি সুবিধা পায়, সেটা স্থগিত করাই উপযুক্ত পদক্ষেপ। কেননা, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিকদের অধিকার নিশ্চিত করার কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ ওবামা কংগ্রেসের কাছে তাঁর বার্তায় এ মন্তব্যটি করেছেন। এর আগে, কয়েক দিন ধরেই প্রেসিডেন্ট ওবামার ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিক (সিনেটর এবং হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্য) একই ধরনের অভিযোগ করে বাংলাদেশকে দেওয়া এ সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। আর ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ ট্রেড ইউনিয়ন এবং কয়েকটি অধিকার গোষ্ঠীও একই ধরনের আহ্বান জানিয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের এসব রাজনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ‘কিছু মানুষ’ হিসেবে উল্লেখ করা কতটা শোভন আশা করি বিবৃতি প্রকাশকারী কর্তৃপক্ষ তা ভেবে দেখবে। আর যদি সরকার ‘সাম্রাজ্যবাদবিরোধিতা’র রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু পররাষ্ট্রনীতিতে সে রকম পরিবর্তন ঘটে থাকলে বা ঘটানোর ইচ্ছা হয়ে থাকলে দেশবাসীর নিশ্চয় সেটা জানার অধিকার আছে।বাংলাদেশের ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে অনেকেই ওবামা প্রশাসনের এ সিদ্ধান্তের জন্য নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দল বিএনপিকে দায়ী করেছেন। তবে এ ধরনের বক্তৃতা দেশীয় রাজনীতিতে চললেও চলতে পারে কিন্তু কূটনৈতিক প্রতিক্রিয়ায় তার ছাপ থাকাটা অযৌক্তিক। এতে করে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে আবারও মনে হতে পারে যে বাংলাদেশ তার শ্রমনীতিতে পরিবর্তনের দাবিকে যথেষ্ট গুরুত্ব দিতে রাজি নয়, যেমনটি গ্রামীণ ব্যাংকের বিষয়ে হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের বক্তব্য-বিবৃতি বিশ্লেষণ করলে তাঁদের সে রকমটি মনে হওয়া অযৌক্তিক হবে না। প্রধানমন্ত্রী তো ২৯ জুন জাতীয় সংসদে বলেই দিলেন যে ২০০৭ সাল থেকে জিএসপির বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ ঠেকিয়ে আসছে বাংলাদেশ। অন্যদিকে, দেশীয় রাজনীতিতে ফায়দা নেওয়ার কৌশল হিসেবে যদি বিরোধী দল বিএনপিকে এতটাই ক্ষমতাধর বলে তুলে ধরা হয় যে তারা প্রেসিডেন্ট ওবামাকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, তাহলে তার পরিণতিটা উল্টোও হতে পারে। কারণ, সাধারণত দেখা যায় যে বাংলাদেশে যিনি বেশি ক্ষমতাধর, তাঁর পেছনেই ভিড়টা বড়। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি সতর্ক হওয়ার কথা যাঁদের, সেই পোশাক রপ্তানিকারকদের সমিতির প্রধান আতিকুল ইসলামের প্রতিক্রিয়া আরও বিস্ময়কর। তিনি এখনো এ সিদ্ধান্তের পেছনে অন্য কারণ খুঁজছেন (প্রথম আলো, ২৯ জুন, ২০১৩)। তিনি বলেছেন যে ‘বাংলাদেশকে নিয়ে বাণিজ্য ষড়যন্ত্র (ট্রেড কনসপিরেসি) হতে পারে।’ দুই দশক ধরে যখনই শ্রমিকেরা তাঁদের অধিকারের কথা বলেছেন, বাঁচার মতো মজুরির দাবি তুলেছেন কিংবা নিরাপত্তার কথা বলেছেন, তখনই তাঁরা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়েছেন। বিজিএমইএর সভাপতির ওই বক্তব্য যদি সমিতির প্রাতিষ্ঠানিক বক্তব্য হয়ে থাকে তাহলে ভিন দেশের সরকার, ক্রেতা, নাগরিক অধিকার গোষ্ঠী, এরা কীভাবে ভরসা পাবে যে বাংলাদেশ তার শ্রম আইনে সংস্কার করবে?উঠতি শিল্পপতি, রপ্তানিকারক, সুবিধাভোগী আমলা এবং রাজনৈতিক নেতৃত্বের যে ক্ষমতার বলয় শ্রম আইনে সংস্কার ঠেকিয়ে রেখেছে, তাঁরা এখনো গত শতাব্দীতে আটকে আছেন। তাঁদের ধারণা, দেশের ভেতরে যত কিছু ঘটে তার সবকিছু তো আর বিদেশিদের কানে পৌঁছাবে না। সুতরাং, সরকারপ্রধান যদি বলেন যে আমিনুল ইসলাম নামে কোনো শ্রমিকনেতা নেই বা ছিলেন না, তাহলে তাঁর অপহরণ বা গুমের কাহিনি চাপা পড়ে যাবে; তাজরীন ফ্যাশনসের মতো ঘটনাগুলোয় তদন্ত কমিটি করে কয়েক মাস সময় পার করে দিলেই সবকিছু আগের মতো চলতে পারবে। প্রথাগত ট্রেড ইউনিয়নের বাইরেও দুনিয়াজুড়ে বিভিন্ন নাগরিক গোষ্ঠী, ভোক্তা অধিকার, শিশু অধিকার, নারী অধিকার, পরিবেশ রক্ষা, দুর্নীতিবিরোধী আন্দোলন ইত্যাদির মোড়কে সিভিল সোসাইটি বা সুশীল সমাজের ভূমিকা, বিস্তৃতি ও প্রভাবকে অবজ্ঞা করা যে নির্বুদ্ধিতা, সেটা তাঁরা বুঝতে চান না। তাঁরা মানতে চান না যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, ক্লিন ক্লথ ক্যাম্পেইনের মতো এনজিওগুলোর বার্ষিক রিপোর্টগুলোর বিশ্বাসযোগ্যতা যেকোনো দেশের সরকারি রিপোর্টগুলোর চেয়ে অনেক বেশি। ওবামা প্রশাসনের সিদ্ধান্তটি ঘোষিত হওয়ার ঘণ্টা কয়েকের মধ্যেই নিউইয়র্ক টাইমস পত্রিকায় যে সম্পাদকীয় প্রকাশিত হয়েছে তার অংশবিশেষ যদি আমাদের নীতিনির্ধারকেরা অনুধাবন করেন, তাহলে আশা করি ভবিষ্যতে তাঁদের প্রতিক্রিয়া অন্য রকম হবে। পত্রিকাটি বলেছে, ‘বাংলাদেশের মতো দেশগুলো যদি শ্রমিকদের অধিকার ও জীবনরক্ষায় বারবার তাদের কর্তব্য পালনে অস্বীকৃতি জানায়, তাহলে পাশ্চাত্যের সরকারগুলোর এটা (বাণিজ্যসুবিধা প্রত্যাহার) করার অধিকার রয়েছে।’ পত্রিকাটির সম্পাদকীয়র আরেক জায়গায় বলা হয়েছে, ‘শেখ হাসিনার মতো নেতারা যা-ই হোন না কেন, পোশাক কারখানার প্রভাবশালী মালিকদের পছন্দ হবে না এমন কোনো নীতিগত পরিবর্তন তাঁরা আনবেন বলে মনে হয় না। নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করা হলেই কেবল তাঁরা তা করবেন। এ বিষয়ে চাপ দেওয়ার মতো অস্ত্র আমেরিকা ও ইউরোপীয় নেতাদের হাতে খুব কমই আছে। তবে যেখানে লাখ লাখ দরিদ্র শ্রমিকের জীবন হুমকির মুখে, সেখানে হাতে থাকা সীমিত অস্ত্রই প্রয়োগ করতে হবে।’ পোশাকশিল্পের মালিকদের অনেকেই বহু দিন ধরে এমন ধারণাও দিয়ে এসেছেন যে বিদেশি ব্র্যান্ডগুলোর পক্ষে বাংলাদেশের মতো সস্তার বাজার ছেড়ে যাওয়া সম্ভব নয়। তাঁরা সম্ভবত ভুলে গেছেন যে একসময় চীনের চেয়ে সস্তা আর কেউ ছিল না। সুতরাং, বাংলাদেশের চেয়ে সস্তা আর কেউ হবে না, এমনটি ভাবা হচ্ছে কল্পনাবিলাস। প্রতিবেশী মিয়ানমারের ওপর থেকে ইউরোপ যে জিএসপি সুবিধা তুলে নিয়েছিল, মাত্র সপ্তাহ দুয়েক আগে তা আবার পুনর্বহাল হয়েছে এবং সেখানকার শ্রমিকদের মজুরি বাংলাদেশের তুলনায় মোটেও বেশি নয়।আশার কথা, যুক্তরাষ্ট্র জিএসপি বাতিল করেনি এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সংস্কার হলে স্থগিতাদেশ প্রত্যাহারের সুযোগ রয়েছে। সরকার এবং পোশাকশিল্পের মালিকেরা তাঁদের প্রতি যে আস্থাহীনতা, সেটা কাটিয়ে ওঠার জন্য দ্রুত তৎপর হবেন এবং প্রয়োজনে আস্থা ফিরিয়ে আনতে তৃতীয় পক্ষ বিশেষ করে বিভিন্ন নাগরিক গোষ্ঠীর সহায়তা নেবেন। দুই.পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বাণিজ্যসুবিধা স্থগিত হওয়ার তড়িঘড়ি প্রতিক্রিয়ায় যেমন কিছুটা অপ্রয়োজনীয় কথা বলেছে, তেমনি বিস্ময়করভাবে ব্রিটেনের কিছু বৈষম্যমূলক পদক্ষেপের বিষয়ে নিশ্চুপ দর্শকের ভূমিকা নিয়েছে। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশসহ উপমহাদেশের ঘনিষ্ঠতার ভিত্তি হচ্ছে দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন। অথচ সেই উপমহাদেশের নাগরিকদের প্রতি অভিবাসন এবং ভ্রমণের বিষয়ে ব্রিটেন একের পর বৈষম্যমূলক নীতি আরোপ করে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের কারণে ইউরোপের নাগরিকেরা দেশটিতে অবাধে চলাচলের বিশেষ সুবিধা পাবেন, সেটা স্বাভাবিক। কিন্তু তাই বলে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও কিছু আফ্রিকীয় দেশের নাগরিকদের প্রতি ভিসার ক্ষেত্রে একের পর এক বৈষম্যমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মুখেও সরকারের নিষ্ক্রিয়তা দুর্ভাগ্যজনক।ভিসা আবেদনে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোর হিসাব বিবরণী গ্রহণ করা বন্ধ হয়েছে বছর খানেক আগে। বিষয়টি নিয়ে ভোগান্তির কোনো অবসান না ঘটতেই ১ জুলাই থেকে আরও কিছু নতুন নিয়ম কার্যকর হচ্ছে, বিশেষ করে যাঁরা পারিবারিক সফর অথবা শিক্ষাজনিত সফরে আসতে চান তাঁদের জন্য। প্রস্তাব উঠেছে, আগামী সেপ্টেম্বর থেকে কিছু কিছু ভিসাপ্রার্থীকে তিন হাজার পাউন্ডের বন্ড দিতে হবে। এ প্রস্তাবে ক্ষুব্ধ ভারতের শীর্ষস্থানীয় বণিক সভা সে দেশের সরকারকে একই ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে এ বিষয়েও কোনো নড়াচড়া আছে বলে মনে হয় না। ব্রিটিশ সরকার যে বন্ড চালুর পরিকল্পনা করছে, সেই বন্ডের উদ্দেশ্য হচ্ছে কেউ ভিসা নিয়ে সফরে এসে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি অবস্থান করলে বন্ডের জামানত বাজেয়াপ্ত হবে। এ পটভূমিতে ভারতে কথা উঠেছে, ঔপনিবেশিক আমলে হাজার হাজার ব্রিটিশ নাগরিক যে বছরের পর বছর ভারতীয় উপমহাদেশে ‘ওভার-স্টে’ (মেয়াদের চেয়ে বেশি) থেকেছেন, সেগুলোর জন্য ব্রিটিশদের কাছে পাওনা দাবি করা হোক। ঔপনিবেশিক আমলের অসংখ্য অনাচার-অবিচারের ক্ষতিপূরণ দাবির কথা নাহয় বাদই রইল। ভিসার ক্ষেত্রে বৈষম্যমূলক অবিচারের প্রতিবাদটুকু তো সরকারের জানানো উচিত। কামাল আহমেদ: বিশেষ প্রতিনিধি, লন্ডন।