বাতাসে নির্বাচনের গন্ধ, তবে কিসের হাহাকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বর্তমান সংসদ যাত্রা শুরু করেছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে ২০১৯ সালের ২৮ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফলে আগামী বছরের ৩০ নভেম্বর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এসব হিসাব-নিকাশ বলছে, আগামী নির্বাচন এখন থেকে কম করে হলেও এক বছর আট মাস দূরে। তবে আমরা এখন থেকেই একটি নির্বাচনী আবহাওয়া তৈরির উদ্যোগ-আয়োজন লক্ষ করছি। নির্বাচন নিয়ে সব পক্ষের তরফেই যে ভেতরে-ভেতরে জোর নড়াচড়া শুরু হয়েছে, তা টের পাওয়া যাচ্ছে। বাতাসে এখন নির্বাচনের গন্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে আগামী নির্বাচনে ভোট চাওয়া শুরু করেছেন। আর বিএনপি একদিকে ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’ বা ‘নির্বাচনের পরিবেশ’ নিয়ে নানা কিছু বলছে, কিন্তু একই সঙ্গে নির্বাচনে যাওয়ার জন্য দলটি যে ‘সদা প্রস্তুত’, সেটা বুঝিয়ে দিতেও এখন আর রাখঢাক করছে না। তবে ‘নির্বাচন’ নিয়ে এসব আগাম নড়াচড়া বা কথাবার্তার মধ্যে যাঁরা আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন, তাঁরা সম্ভবত ভুল ভাবছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি যে ধরনের একটি নির্বাচন হয়েছিল, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন যে খুব দ্রুতই একটি আগাম নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু সরকার সে পথে পা বাড়ায়নি। আমাদের দেশের রাজনৈতিক মনস্তত্ত্বে ‘আগাম নির্বাচন’ বিষয়টি সরকারের পিছু হটা বা বিরোধী পক্ষের বিজয় হিসেবে বিবেচিত হয়। ফলে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে সরকার নির্বাচনের আগে বিএনপিকে একটি ‘বিজয়’ তুলে দেবে বলে মনে হয় না।

সবচেয়ে বড় কথা, আগাম নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপও নেই। ৫ জানুয়ারির নির্বাচনের এক বছরের মাথায় নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াত পেট্রলবোমানির্ভর যে আন্দোলনের কৌশল নিয়েছিল, তা কোনো কাজে তো দেয়ইনি; বরং ফল হয়েছে উল্টো। তাদের এই আন্দোলন সরকারকে কঠোর থেকে কঠোর হওয়ার সুযোগ করে দিয়েছে। সরকারের নানামুখী দমন-পীড়নে বিরোধী রাজনৈতিক পক্ষ বলতে যা বোঝায় তারা একেবারেই কোণঠাসা। সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন তো দূরের কথা, এসব মুখে আনতেও মনে হয় তারা ভয় পাচ্ছে। সহিংস আন্দোলন বা নির্বাচন বর্জনের মতো ‘পুরোনো পথে’ হাঁটার ঝুঁকি নেওয়ার মতো অবস্থা দলটির এখন আর নেই। ফলে সরকার মেয়াদ পূর্ণ না করে আগাম নির্বাচন দিতে যাবে কোন দুঃখে!

নির্বাচনের বেশ আগে এই যে নির্বাচনী ‘হাওয়া’ বইতে শুরু করছে বা হাওয়া তোলার উদ্যোগ-আয়োজন চলছে, তার পেছনে যা কাজ করছে তা হচ্ছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নজিরবিহীন নির্বাচন। আসলে এই নির্বাচনের কালো স্মৃতি থেকে সবাই বের হয়ে আসতে চায়। এমন একটি নির্বাচনের পর আগাম নির্বাচন এড়িয়ে মেয়াদপূর্তির দিকে এগোনোকে অনেকেই সরকারের সাফল্য হিসেবে বিবেচনা করতে পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাহীন ও একতরফা ওই নির্বাচন নিয়ে সরকারি দল আওয়ামী লীগের অস্বস্তি কোনোভাবেই দূর হওয়ার কথা নয়। সব দলের, বিশেষ করে বিএনপির অংশগ্রহণে একটি নতুন নির্বাচনই আওয়ামী লীগকে ৫ জানুয়ারির নির্বাচনের অস্বস্তি থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারবে। আগামী নির্বাচন নিয়ে আগেভাগেই একটি নির্বাচনী আবহাওয়া তৈরি তাই খুবই জরুরি।

আবার ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা নিয়ে বিএনপির অস্বস্তিও কম নয়। আওয়ামী লীগ সরকারের অধীনে ও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না ও বিএনপিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হবে—এই ভয় থেকেই বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল। কিন্তু ওই নির্বাচন বর্জন বিএনপিকে কিছুই দেয়নি। নির্বাচনে না গিয়ে বিএনপি কার্যত সবই হারিয়েছে। আশঙ্কা অনুযায়ী জোরজবরদস্তি করে বিএনপিকে হারিয়ে দেওয়া হলেও অন্তত ‘বিরোধী দল’-এর দাপট নিয়ে দলটি চলতে পারত। নির্বাচন বর্জন করে দলটি সেই সুযোগ হারিয়েছে। আর দলের নেতা খালেদা জিয়ার ‘বিরোধী দলের নেতার’ মর্যাদা পাওয়ার পরিস্থিতিটিও নষ্ট হয়েছে। সরকার সেই সুযোগ ভালোভাবেই নিচ্ছে। বিভিন্ন মামলায় হাজির দিতে দিতেই এখন হয়রান হতে হচ্ছে খালেদা জিয়াকে। দলটি এখন যে অবস্থার মধ্যে পড়েছে তাতে মনে হয়, আর নির্বাচন বর্জনের কৌশল নয়, বিএনপি বরং নির্বাচনে যেতে প্রস্তুত হচ্ছে। দলটির মহাসচিবের কথা অনুয়ায়ী ‘৩০০ আসনে ৯০০ প্রার্থী’ নিয়ে বিএনপি এখন তৈরি।

এখন প্রশ্ন হচ্ছে, যে ভয় ও আশঙ্কা থেকে বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যায়নি, আগামী নির্বাচনের আগে কি সেসব দূর হবে? ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক’ সরকারের দাবি থেকে বিএনপি অনেক আগেই সরে এসেছে। এখন ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’-এর দাবি তোলা হচ্ছে। বিএনপির এ ধরনের কোনো দাবি কি আদৌ পূরণ হবে? আর দাবি পূরণ না হলে দলটি কী করবে? আওয়ামী লীগ যেভাবে করতে চাইছে সেভাবেই তারা নির্বাচনে যাবে? নির্বাচনের হাওয়া বইছে বা হাওয়া তৈরির চেষ্টা হচ্ছে ঠিকই কিন্তু এই বিভ্রান্তির তো কোনো উত্তর মিলছে না।

আওয়ামী লীগ বা বিএনপির মতো দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার অর্থ, হয় সরকার গঠন করা, নয়তো ‘প্রধান বিরোধী দলের’ ভূমিকা নেওয়া। এখন ‘নির্বাচন–সহায়ক সরকার’ বা এ ধরনের কিছু না পেয়ে বিএনপির নির্বাচনে যাওয়ার অর্থ হচ্ছে সেই পুরোনো ঝুঁকির মধ্য দিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় সরকারের অধীনে যে কারণে দলটি ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি। সেই একই বাস্তবতায় যদি আগামী নির্বাচনে বিএনপি অংশ নেয় বা নিতে বাধ্য হয়, তবে এটা ধরে নিতে হবে যে আপাতত বিএনপির লক্ষ্য সম্ভবত ‘বিরোধী দল’ হিসেবে নিজেদের অবস্থান দখল করা। দলের চেয়ারপারসনের ‘বিরোধীদলীয় নেতার’ মর্যাদা নিশ্চিত করা এবং সেই সূত্রে মামলা-মোকদ্দমা থেকে ছাড় পাওয়া।

আগামী নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে, তা আগে বলা অসম্ভব। তবে সংসদ কার্যকর থাকা অবস্থায় ও দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রভাবমুক্তভাবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় থেকে যাবেই। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত হলে আরেকটি ৫ জানুয়ারি মার্কা একতরফা বা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনের দায় হয়তো সরকারকে নিতে হবে না। কিন্তু শুধু নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনই তো সব নয়। ৫ জানুয়ারির ক্ষতে প্রলেপ দিতে হলে আগামী নির্বাচনটিকে প্রকৃত অর্থেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে হবে। এ ধরনের একটি নির্বাচনের ‘ঝুকি’ নিতে আওয়ামী লীগ আসলে কতটা প্রস্তুত?

আওয়ামী লীগ টানা দুই দফা ক্ষমতায় রয়েছে। ক্ষমতায় থাকলে বিরোধী দলের রাজনীতিকে যেমন নাই করে দেওয়া যায় বা সবখানেই সরকারি দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়, তেমনি এর অনেক কুফলও ভোগ করতে হয়। দেশ পরিচালনার বিভিন্ন পর্যায়ের ব্যর্থতা ও অদক্ষতার দায় খুব স্বাভাবিকভাবেই সরকারি দলকে নিতে হয়। ক্ষমতায় থাকলে দল অজনপ্রিয় হয়। দলীয় নেতা-কর্মীরা বাড়াবাড়ি করেন, নানা অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগের অনেক নেতা ও সাংসদের ভূমিকায় স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। এখন ৫ জানুয়ারির কলঙ্ক ঢাকতে সরকার যদি আগামী নির্বাচনকে একটি স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মর্যাদা দিতে চায়, তবে সেই নির্বাচনে পরপর দুবার সরকার পরিচালনার পর আওয়ামী লীগ কী নিয়ে জনগণের সামনে হাজির হবে?

বিভিন্ন সূত্রে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে মনে হয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের চমক হবে সম্ভবত প্রার্থী বাছাই ও মনোনয়ন। বর্তমানে যাঁরা সাংসদ রয়েছেন বা যাঁরা আগামী নির্বাচনে প্রার্থী হতে চান, তাঁদের ব্যাপারে গোয়েন্দা মাধ্যমসহ নানা সূত্রে তথ্য সংগ্রহ করেছে সরকারি দল। বর্তমান সাংসদদের একটি বড় অংশ আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না বলে শোনা যাচ্ছে। দলে এত দিন খুব প্রভাবশালী ও ক্ষমতাবান হিসেবে বিবেচিত ছিলেন কিন্তু স্থানীয় বা জাতীয়ভাবে যাঁদের ভাবমূর্তি খারাপ, তাঁরা এবার মনোনয়নের তালিকা থেকে বাদ পড়তে পারেন। এর বদলে দলের সমর্থক স্বচ্ছ ও ভালো ভাবমূর্তির বেশ কিছু প্রার্থীকে মনোনয়ন দিতে পারে আওয়ামী লীগ। নির্বাচনী সমঝোতা করতে পারে বাম ও প্রগতিশীল কিছু দলের সঙ্গে, যাতে পরিচিত ও স্বচ্ছ ভাবমূর্তির কিছু নেতাকে সংসদে নিয়ে আসা যায়।

রাজনীতির বিষয়ে চূড়ান্ত কিছু বলে দেওয়া যায় না। আর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আগাম কিছু ধারণা করাও বেশ কঠিন। কারণ, বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে যেসব ধারণা করা হয়, সেই বাস্তবতা পাল্টাতে সময় লাগে না। ফলে দলগুলোর কৌশলও পাল্টে যায়। এখন যে বিএনপি নিজেকে নির্বাচনের জন্য ‘সদাপ্রস্তুত’ বা ৩০০ আসনে ৯০০ প্রার্থী তৈরি বলে আওয়াজ দিয়ে আসছে, শেষ পর্যন্ত দলটি যে নির্বাচনে যাবেই, তার শতভাগ নিশ্চয়তা কি এখনই দেওয়া যায়? আগামী নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির কোনো উপায় নেই—এমন আত্মবিশ্বাস অনেক আওয়ামী লীগ নেতাদের মুখে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই ‘আত্মবিশ্বাসই’ কি শেষ কথা? অথবা আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের আলোচ্য কৌশল কি দলটি আসলেই নেবে? নাকি নির্বাচনে জেতার জন্য খারাপ ভাবমূর্তির প্রার্থীদেরই শেষ পর্যন্ত কাজে লাগাতে হবে?

কবি সমর সেনের কবিতার একটি লাইন আছে, ‘বাতাসে ফুলের গন্ধ, আর কিসের হাহাকার’। বাংলাদেশের রাজনীতির বাতাসে এখন নির্বাচনী গন্ধ। ফুলের গন্ধ মানেই সুবাস, কবির বিবেচনায় হাহাকার দূর করার দাওয়াই। কিন্তু বাংলাদেশের নির্বাচন তো সব সময় সুবাস ছড়ায় না। একতরফা ও প্রতিদ্বন্দ্বিতাহীন ৫ জানুয়ারির নির্বাচন বা দেশের গণতন্ত্র নিয়ে যাঁদের মনে ‘হাহাকার’ আছে, আগামী নির্বাচন তার কতটা দূর করবে কে জানে!

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।