বানভাসির আর্তনাদ কেউ শুনবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পরিস্থিতি সরেজমিনে দেখতে গত সোমবার রংপুর থেকে কুড়িগ্রামে যাওয়ার জন্য বাসে উঠেছি। আমার পাশের সিটে বসেছেন আমজাদ আলী। ডাক্তার দেখাতে রংপুরে এসেছিলেন। কুড়িগ্রামের মাধোরাম চরে তাঁর বাড়িটি বন্যায় ডুবে গেছে। তাঁর বাড়ির আশপাশের সব বাড়িই এখন পানির নিচে। গত তিন বছর বন্যার কারণে একবারও তাঁরা আমন ধান ঘরে তুলতে পারেননি। এ বছরও কোনো সম্ভাবনা নেই। তাঁর নিজের কচুখেত, পাটখেত, বীজতলা—সবকিছুই এখন পানির অনেক নিচে।
কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী উপজেলায় যাওয়ার পথে মধ্য কুমরপুর পার হওয়ার পর যেখানে বাস থেকে নামলাম, সেখানে রাস্তার ওপরেই হাঁটুপানি। রাস্তার ওপরে মাছ শিকারও চলছে। একটি টিনের বেড়া দেওয়া মসজিদের টিন পানির স্রোতে ভাঙি ভাঙি করছে। সেখান থেকে কোনো ভাসমান ভূমি চোখে পড়ে না। শুধু পানি আর পানি।
আবদুল জলিল নামের এক ব্যক্তিকে দেখলাম একটি ছাগল কোলে করে নিয়ে যাচ্ছেন। তিনি জানালেন, তাঁর বাড়ি পানির নিচে ডুবে গেছে। ছাগল নিয়ে সারা দিন রেখেছিলেন রাস্তায়। এখন কোলে করে নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়। সেখানে রাতে থাকবেন। অনেকে অর্ধেক ডুবে যাওয়া ঘরের ভেতরে খাটের ওপর খাট দিয়ে রাত যাপন করছেন। বাজারের ভেতরে চলছে নৌকা। স্থানীয় অনেকেই বলছেন, ১৯৮৮ সালের চেয়েও এ বন্যার ভয়াবহতা অনেক বেশি। যাত্রাপুর, ভোগডাঙ্গা, ঘোগাদহ, কুমরপুরসহ আশপাশের যে এলাকাগুলোতে ঘুরলাম, সেখানে শুধু পানি আর পানি। অসংখ্য মানুষের সঙ্গে কথা হলো। সবারই কথা হচ্ছে, এত বড় বন্যা আগে কখনোই হয়নি। কেউ ত্রাণও পায়নি।

>সাধারণ মানুষও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুলে গেছে। এত বড় বন্যা, লাখ লাখ মানুষ বানভাসি অথচ তাদের পাশে কেউই সহযোগিতার হাত প্রসারিত করছে না। সবচেয়ে বড় বন্যা, কিন্তু ত্রাণও নেই

মাছচাষিদের জন্য এ বন্যা হবে সবচেয়ে দুঃসহ। বন্যাদুর্গত এলাকাগুলোতে মাছচাষিরা পুকুরের পাড়ের ওপর এক প্রস্ত জাল দিয়েও মাছ রাখতে পারেননি। ঘোগাদহের আমজাদ হোসেনকে দেখলাম জালের কাজ করছেন। তিনি বললেন, ‘একবার জাল দিছি। সেটাও প্রায় ডুবি গেইচে। সেই জন্যে জালের ওপরে আর একবার জাল সেলাই করি দেই।’ যাঁরা মাছ চাষ করছেন সরকারি সহযোগিতা ছাড়া, তাঁরা আর ঘুরে দাঁড়াতে পারবেন কি না সন্দেহ।
অনেক ইউনিয়ন পরিষদে শিগগিরই নতুন চেয়ারম্যানরা দায়িত্ব নেবেন। এসব ইউনিয়নের অবস্থা আরও শোচনীয়। যিনি নির্বাচনে হেরে গেছেন, বানভাসি মানুষের দিকে তাঁদের দৃষ্টিও এখন অনেক কম। এসব এলাকায় এ বছর যাঁরা সাংসদ হয়েছেন গণমানুষের কাছে তাঁদের ভোটজনিত দায়বদ্ধতা দেখা যায় না। যখন জনগণের সমর্থন নিয়ে এসব এলাকা থেকে সাংসদ হয়েছেন তখনই কেউ অসহায়দের পাশে দাঁড়াননি আর এখন দাঁড়াবেন, সেটি আশা করা যায় না। সাধারণ মানুষও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুলে গেছে। এত বড় বন্যা, লাখ লাখ মানুষ বানভাসি, অথচ তাদের পাশে কেউই সহযোগিতার হাত প্রসারিত করছে না। সবচেয়ে বড় বন্যা, কিন্তু ত্রাণও নেই।
দেশের কোথাও বন্যা না হলেও রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরে বন্যা হবেই। এবারও তার অন্যথা ঘটেনি। বন্যা শুধু যে একবার হয় তা নয়, বছরে দু-তিনবার হয় এই বন্যা। বন্যাজনিত দুর্যোগ প্রতিবছর একাধিকবার দেখা দিলেও সরকারিভাবে বন্যা রোধের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। বরং বন্যার সময়ে ভাঙন রোধের নামে একশ্রেণির পেশাজীবীর উপরি উপার্জনের পথ প্রশস্ত হয়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদ প্রতিবছরই ভাঙে। নদীটির একটি বাঁক বন্ধ করতে পারলে সেই ভাঙন অনেকটাই বন্ধ হতো। প্রতিবছর সেখানে বন্যার সময় বালুভর্তি বস্তা ফেলা হয়। এ বছরের প্রথম দিন রাতের অন্ধকারে ট্রাকে করে বালুর বস্তা এনে ফেলা হয়েছিল। দুধকুমার রক্ষা কমিটির সদস্যরা ঠিকাদারদের বাধ্য করেছেন দিনের বেলায় বালু ফেলতে।
কুড়িগ্রামে নদ-নদীর সংখ্যা ১৬টি। এসব নদ-নদীর পানি বাড়লে কুড়িগ্রামের প্রায় সব উপজেলায় ব্যাপক বন্যা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও সেই পরিণতি নেমে এসেছে। নদীগুলোর প্রতি যত্নবান হলে বন্যা অনেকটাই রোধ করা সম্ভব হতো।
তিস্তা লালমনিরহাট হয়ে নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে। উজানে ভারতের পাহাড়ি ঢল ও বৃষ্টি এবং এ অঞ্চলের বৃষ্টির পানিতে পাটগ্রাম, হাতীবান্ধা, গঙ্গাচড়া, কাউনিয়া, রাজারহাট, উলিপুর, চিলমারী, সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে।
গত সপ্তাহে রিভারাইন পিপল ও ওয়াটার কিপার অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ‘তিস্তা অববাহিকা এবং জলবায়ুর পরিবর্তন’ শীর্ষক মতবিনিময় সভা রংপুরে অনুষ্ঠিত হয়। সেখানে গঙ্গাচড়ার ভুক্তভোগী হিরণ্ময় বলছিলেন, ‘শুধু শুষ্ক মৌসুমে তিস্তার জলশূন্যতা আমাদের বিপদের কারণ নয়, বন্যা মৌসুমেও আমাদের জন্য তিস্তার ভয়াবহতা অনেক। আমাদের এখানে একটি কথা প্রচলিত—বন্যা তিন মাস, কষ্ট বারো মাস।’
সত্যি সত্যি তিন মাসের বন্যা সারা বছরের দুঃখের কারণ হয়ে দেখা দেয়। এসব অঞ্চলের মানুষ নয় মাসব্যাপী স্বপ্ন দেখে, আর তিন মাসেই সেই স্বপ্ন পানির নিচে ডুবে যায়। সারা বছরের সঞ্চয় তিন মাসের বন্যায় শেষ করেও ঋণ করতে হয়। সেই ঋণের টাকা পরিশোধ করতে সারা বছর চলে যায়। বন্যার সময় এসব অঞ্চলে খাদ্যসহ সামাজিক নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। যাদের প্রধানতম নির্ভরতাই হচ্ছে ফসলের জমি, তাদের সেই ফসল ডুবে গেলে কপর্দকশূন্য হওয়া ছাড়া আর কী আছে? নিম্ন–মধ্যম আয়ের বাংলাদেশের তলায় পড়ে থাকা মানুষের সংখ্যা তখন বাড়তে থাকে। প্রতিবছর লাখ লাখ মানুষ ভূমিহীন হয়ে পড়ে, লাখ লাখ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। সরকারি-বেসরকারি অসংখ্য অবকাঠামো বিলীন হয়। এক বছরের বন্যায় মুদ্রামূল্যে যে পরিমাণ ক্ষতি বাংলাদেশের হয়, সেই পরিমাণ অর্থ নদী রক্ষায়, ভাঙন ও বন্যা রোধে ব্যয় করলে প্রতিবছর যে সুবিধা পাওয়া যাবে, তা মুদ্রামূল্যে ভাঙনের ক্ষতির চেয়ে অনেক বেশিই হবে।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এবং দেশের সব বিত্তশালীর প্রতি আহ্বান জানাই, বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রথম আলো পত্রিকা অন্যান্য বছরের মতো এ বছরও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে, সেটিও আমাদের প্রত্যাশা। সম্মিলিত সহযোগিতায় সহায়-সম্বলহীন মলিন মুখ মানুষের মুখে ফুটতে পারে একটু হাসির রেখা।
সরকারের প্রতিও আহ্বান জানাই, জনসমর্থন ছাড়াই সরকার গঠনের সক্ষমতা অর্জিত হলেও জনগণের রাজস্ব ছাড়া তো সরকার চলতে পারে না। তাই জনগণের রাজস্ব অসহায় মানুষেরও কাজে লাগুক, সেটাও আমাদের প্রত্যাশা।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]