বাপ-বাপান্ত নাটকের শেষ অঙ্কের হাসি

এত দিন ধরে যে সাসপেন্সটা চলছিল, গত সোমবার সন্ধ্যায় তার অবসান ঘটল। পিতা-পুত্রের লড়াইয়ে পুত্র জিতলেন। ফলে পিতা মুলায়ম সিং যাদবের তৈরি সমাজবাদী পার্টির নাম ও তার নির্বাচনী প্রতীক ‘সাইকেল’-এর মালিক হয়ে গেলেন পুত্র এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। নির্বাচন কমিশনের এই রায়ের ফলে উত্তর প্রদেশ বিধানসভার আসন্ন ভোটও অতঃপর হয়ে উঠতে চলেছে ত্রিমুখী এবং বেশ টানটান।
ত্রিমুখী এই কারণে, অখিলেশের সঙ্গে হাত মেলাতে চলেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। সোমবার সন্ধ্যায় যখনই নির্বাচন কমিশন তার রায় ঘোষণা করে, তার প্রায় সঙ্গে সঙ্গেই কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিত জানিয়ে দেন, অখিলেশের সমর্থনে তিনি সরে আসবেন। এর আগেও তিনি এ ধরনের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন; কিন্তু তখনো ছবিটা স্পষ্ট হয়নি—বাপ-বেটার মধ্যে সাইকেল কে পাবেন, তা নিশ্চিত হয়নি, অখিলেশ প্রতীক না পেলে বা সমাজবাদী পার্টির নামে ভোট না লড়া গেলে তাঁর সঙ্গে হাত মেলানো উচিত হবে কি না—সে বিষয়ে কংগ্রেসের মধ্যে একটা দোলাচল কাজ করছিল। এখন ছবিটা স্পষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শীলা বলে দিলেন, দুজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর ভোটে লড়ার কোনো মানেই হয় না।
এর ফলে দুটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে। এক, সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট বাঁধছে। দুই, সেই জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন অখিলেশই। যে বিষয়টি এখনো স্পষ্ট নয় তা হলো, এই জোটে আর কোন কোন দল শামিল হয়। অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দল, নিতীশ কুমারের সংযুক্ত জনতা দল, লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলও এই জোটে এলে বিজেপিকে রুখতে বিহার মডেলের মতো এক মহাজোট উত্তর প্রদেশেও গড়ে উঠবে।
উত্তর প্রদেশের মোট জনসংখ্যা ২২ কোটি। এই রাজ্যই ভারতকে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী উপহার দিয়েছে। এই রাজ্যকেই ‘মিনি ভারত’ বলে ডাকা হয়। গত লোকসভার ভোটে এই রাজ্যের মোট ৮০টি আসনের মধ্যে ৭১টি জিতেছিল বিজেপি। তাদের শরিক আপনা দল পেয়েছিল আরও ২টি আসন। বাকি ৭টি আসনের মধ্যে কংগ্রেসের সোনিয়া ও রাহুল গান্ধী জিতেছিলেন, বাকি ৫টি পেয়েছিল সমাজবাদী পার্টি। মায়াবতীর বহুজন সমাজ পার্টি একটিও আসন জিততে পারেনি। তিন বছর আগের ‘মোদি–ম্যাজিক’ বিধানসভার ভোটেও কাজ দেয় কি না, তা দেখতে দেশবাসী মুখিয়ে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর ‘সুগ্রীব দোসর’ দলীয় সভাপতি অমিত শাহর ওপর কথা বলার ক্ষমতা এ মুহূর্তে দল বা সরকারে কারও নেই। বিহারের ভোটে বিপর্যস্ত হলেও এই জুটি তা সামলে নিয়েছে। কিন্তু উত্তর প্রদেশে সরকার গড়তে না পারলে তাঁদের এই মসৃণ যাত্রাপথে কাঁটা বিছাতে দেরি হবে না।
ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে, তা নিয়ে এ মুহূর্তে কোনো গবেষণা করার মানেই হয় না। কারণ, একাধিক। প্রথম কারণ, একমাত্র মায়াবতীর বহুজন সমাজ পার্টি ছাড়া আর কোনো দলই তাদের সব প্রার্থীর নাম ঘোষণা করেনি। সোমবার রাতে নির্বাচন কমিশন যখন সাইকেল প্রতীক অখিলেশের হাতে তুলে দিচ্ছিল, সে সময় বিজেপি তার প্রথম দফার ১৪৯ জনের তালিকা ঘোষণা করে। এই দলটায় মনোনয়ন নিয়ে ধুন্ধুমার চলছে। নির্বাচন কমিটিতে পুরোনো মুখ বাদ দিয়ে বেশ কিছু নতুন মুখ আনা হয়েছে। নতুন মুখের মধ্যে তাঁরাই রয়েছেন, যাঁরা সদ্য কংগ্রেস বা বহুজন সমাজ পার্টি ছেড়ে বিজেপিতে এসেছেন। এই অসন্তোষের ‘নিট রেজাল্ট’ শেষ পর্যন্ত কী হতে পারে, এখনো অজানা।
দ্বিতীয় কারণ, সমাজবাদী পার্টি অন্যদের সঙ্গে হাত মেলানোর পর সেই জোট কিংবা মহাজোটের চরিত্র কী হবে, তা জানা নেই। তৃতীয় কারণ, সমাজবাদী পার্টিতে মুলায়ম সিংয়ের অনুগামী যাঁরা ছিলেন, যাঁরা অখিলেশ জমানায় কলকে পাবেন না, তাঁরা ভোটে কোন রূপ ধারণ করবেন, তা-ও এখনো অজানা। চতুর্থ একটি কারণও রয়েছে—ফেব্রুয়ারির গোড়াতেই বাজেট। ভোটের আগে শাসকদলের কাছে বাজেট সব সময়ই একটা বাড়তি হাতিয়ার। ত্রিমুখী এই লড়াইয়ে একমাত্র বিজেপিই তাদের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম জানায়নি। অর্থাৎ রাজ্যবাসী জানতে পারবেন না বিজেপি ক্ষমতায় এলে কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির কাছে এটা মঙ্গল না অমঙ্গলের, প্রচার শুরু না হলে বলা কঠিন।
পিতা-পুত্রের দ্বন্দ্ব এই দেশে খুব একটা দেখা যায় না। বিশেষ করে রাজনীতিতে। তবে একেবারেই যে নেই, তা-ও তো নয়। শাহজাহান-আওরঙ্গজেবের কাহিনি তো ইতিহাস। গান্ধীজির সঙ্গে তাঁর পুত্র হীরালালের তীব্র বিরোধও সবার জানা। কিংবা যিশুখ্রিষ্টের জন্মের প্রায় পাঁচ শ বছর আগে মগধের রাজা বিম্বিসারকে বন্দী করে পুত্র অজাতশত্রু রাজ্যে যে কাণ্ডটা ঘটিয়েছিলেন, রবীন্দ্রনাথের ‘পূজারিনী’তে তা চিত্রিত। বুদ্ধের পাদ-নখ-কণার ওপর যে অপরূপ শিলাময় স্তূপ বিম্বিসার নির্মাণ করেছিলেন, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় রাজবধূ ও রাজবালারা ফুলের ডালা সাজিয়ে জ্বালিয়ে দিতেন কনক-প্রদীপমালা, অজাতশত্রুর এক ফরমানে তা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। বাবাকে সরিয়ে রাজা হয়ে অজাতশত্রু ‘পিতার ধর্ম শোণিতের স্রোতে/ মুছিয়া ফেলিল রাজপুরী হতে—/ সঁপিল যজ্ঞ-অনল–আলোতে বৌদ্ধশাস্ত্ররাশি।’ কেন, সেই ব্যাখ্যাও অজাতশত্রু দিয়েছিলেন। তাঁর ব্যাখ্যায়, ‘বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর/ কিছু নাই ভবে পূজা করিবার/ এই কথা ক’টি জেনো মনে সার—/ ভুলিলে বিপদ হবে।’ বুদ্ধের দাসী শ্রীমতী একদিন সেই রাজনির্দেশ অগ্রাহ্য করে স্তূপপদমূলে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। তারপর, ‘সেদিন শুভ্র পাষাণ-ফলকে পড়িল রক্তলিখা’ ও ‘স্তূপপদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা!’।
তবে এসব ঘটনা কদাচিৎ ঘটে থাকে। বরং বাবার জুতোয় ছেলের পা গলানোটাই নিয়ম। রামায়ণে রাজা দশরথও তা–ই চেয়েছিলেন। কিন্তু মন্থরার মন্ত্রণা ও কৈকেয়ীর বায়নাক্কায় শেষ পর্যন্ত বড় পুত্র রামচন্দ্রকে তিনি বনবাসে পাঠিয়েছিলেন। পারিবারিক শাসনের ধারাবাহিক উদাহরণ এ দেশে তো বটেই, এই উপমহাদেশেও ভূরি ভূরি। সেখানে তামিলনাড়ুর ডিএমকের প্রাণপুরুষ করুণানিধি বড় পুত্র আলাগিরিকে চিরকালের জন্য দল থেকে বহিষ্কার করলে সেটা ব্যতিক্রম বা বিচ্যুতি বলেই গণ্য হয়। মুলায়ম-অখিলেশ দ্বন্দ্বও সে কারণে অস্বাভাবিক।
কিন্তু এখানেও কিছু সন্দেহ হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে। সত্যিই কি এটা দুই প্রজন্মের ক্ষমতার লড়াই? নাকি এ এক অপূর্ব ‘শ্যাডো কুস্তি’? পুত্র অখিলেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিষ্কণ্টক করতে এই অসাধারণ প্যাঁচে তিনি একই সঙ্গে ধরাশায়ী করে দিলেন ভাই শিবপাল ও ‘বন্ধু’ অমর সিংকে? পুত্রের শর্তে ক্ষমতা হস্তান্তরে এতই অনীহা যদি তাঁর ছিল, কেন তা হলে নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে দলের বিভাজন চাইলেন না? কেন কমিশনকে বারবার জানালেন, দলে কোনো বিভাজন নেই? কিংবা কেনই বা প্রতীক পাওয়ার পর অখিলেশ প্রথমেই ছুটে গেলেন বাবার কাছে? বললেন, বাবার সঙ্গে তাঁর কোনো বিরোধ কখনো ছিল না, এখনো নেই? এই সন্দেহটাই বিজেপির তত্ত্ব। তারা মনে করছে, মুলায়ম এক ঢিলে অনেকগুলো পাখি মেরে পুত্র অখিলেশের ভবিষ্যৎটা মসৃণ করে গেলেন। মুসলমান ভোটে ভাঙন ধরবে না, অখিলেশ যাঁদের বেয়াদব ভাবেন, তাঁদেরও কৌশলে দলে ব্রাত্য করে দেওয়া হলো। মুলায়ম-অখিলেশের মধ্যে এত দিন ধরে এটা ছিল লড়াই লড়াই খেলা।
এই তত্ত্ব সত্য হোক মিথ্যা হোক, সে আলোচনা আপাতত অবান্তর। প্রাসঙ্গিক যা তা এটাই, মুলায়মের তৈরি দলের হাল নাটকের শেষ অঙ্কে অখিলেশই ধরে নিলেন। বয়স তাঁর মাত্রই ৪৩। ভবিষ্যৎ তাঁরই দিকে। সমাজবাদী পার্টির স্রষ্টা মুলায়ম সিং যাদব এই ৭৭ বছর বয়সে নিশ্চিন্তে থাকতে পারেন।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।