বাবা-মেয়ের আত্মহত্যা ও ভোঁতা লজ্জা
হযরত আলীর কথা ভাবছি। আট বছরের মেয়ে আয়েশা আক্তারকে নিয়ে আত্মঘাতী হওয়া বাবা তিনি। মানুষ কখন, কোন পরিস্থিতিতে আত্মঘাতী হয়, সে কথাই ভাবছি। জীবন তো একটাই। এই এক জীবনের মূল্য মানুষের কাছে সবচেয়ে বেশি। তাই অমূল্য জীবনকে ঘিরে মানুষের যত স্বপ্ন, সংগ্রাম। বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা। তাহলে মেয়েসহ হযরত আলী কেন আত্মঘাতী হলেন?
গণমাধ্যমের খবর অনুযায়ী, বাবা হয়ে পালিত মেয়ে আয়েশার নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি হযরত আলী। উত্ত্যক্ত যে করেছে, তার বিচার চেয়েছেন। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেছেন। কোথাও বিচার পাননি। উল্টো হয়রানির শিকার হয়েছেন। হুমকি পেয়েছেন। বিচার না পেয়ে অসহায় ও বিপন্ন বোধ করছিলেন এই বাবা। ভীষণ কষ্ট পেয়েছিলেন। তাঁর মনে জমে ছিল চাপা ক্ষোভ। অবশেষে গত ২৯ এপ্রিল সকালে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল-সংলগ্ন এলাকায় মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন হযরত আলী।
বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবর গণমাধ্যমে আসার পর এখন সবাই নড়েচড়ে বসেছে। তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন। সময়মতো তৎপর হলে হযরত আলী ও তাঁর মেয়েকে হয়তো এভাবে মরতে হতো না।
হযরত আলীর স্ত্রী হালিমা বেগম জানিয়েছেন, আয়েশাকে উত্ত্যক্ত করতেন স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন। অভিযোগ নিয়ে ফারুকের বাবা ফজলু মিয়ার কাছে গিয়েছিলেন হযরত আলী। প্রতিকার পাননি তিনি। নিরুপায় হয়ে যান গোসিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন ব্যাপারীর কাছে। তিনি হযরত আলীকে পাগল বলে তাড়িয়ে দেন। শেষমেশ যান শ্রীপুর থানায়। সেখানেও প্রতিকার পাননি তিনি (১ মে ২০১৭, প্রথম আলো)। অন্য পত্রিকায় আয়েশার ওপর শারীরিক নির্যাতনের বিবরণ এসেছে। এসেছে হুমকি ও মীমাংসার চেষ্টার তথ্য (৩০ এপ্রিল ২০১৭, সমকাল)।
গরিব হযরত আলী এই সমাজে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলেন। চেয়েছিলেন কন্যাশিশুর নিরাপত্তা। কিন্তু সমাজপতি, পুলিশ—সবাই তাঁকে হতাশ করেছে। বাবা-মেয়েকে ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে। একে আত্মহত্যা বলব, নাকি হত্যা?
বিচার না পেয়ে মেয়েকে নিয়ে জীবন দিয়ে সমাজ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতি চরম ঘৃণা প্রকাশ করে গেলেন হযরত আলী। একই সঙ্গে চরমতম উপায়ে জানিয়ে দিলেন, বিচার পাননি তিনি। আত্মহত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি প্রতিবাদের ভাষাও হতে পারে না। কিন্তু এই আত্মহত্যার মধ্যে আমাদের জন্য একটি অপ্রিয় বার্তা তো লুকিয়ে আছেই। আমাদের সমাজে বিদ্যমান প্রকট বিচারহীনতার বার্তা।
হযরত আলীর স্ত্রী হালিমাকে সমবেদনা জানাতে গতকাল সোমবার শ্রীপুরে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সেখানে গিয়ে তিনিও স্বীকার করেন, বাবা-মেয়ের আত্মহত্যার জন্য দায়ী বিচারহীনতার সংস্কৃতি। তিনি মন্তব্য করেছেন, এই ঘটনার মাধ্যমে হযরত আলী আমাদের চরম লজ্জা দিয়ে গেছেন।
লজ্জার অনুভূতি? সেও তো এখন ভোঁতা হতে চলেছে।
সাইফুল সামিন: সাংবাদিক
[email protected]