বাবাজির নাম ঘুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আদর করে ঘুষের নাম দিয়েছেন ‘স্পিড মানি’। অর্থাৎ পকেটের রেস্ত খসালে সরকারি কর্মচারী, যাঁরা তাঁদের ওপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য দেশের টাঁকশাল থেকে মাস মাস বেতন পান, তাঁরা সে কাজ একটু দ্রুত তালে করবেন। তো, ক্ষতি কী, কাজ যদি এগোয়, তাহলে দু-দশ লাখ (কখনো কখনো কোটি) দিতে সমস্যা কোথায়?
অর্থমন্ত্রীর কথায় পরে আসছি, তিনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন। আমি আপনাদের চীনের উদাহরণ দিতে চাই। দেশটি এখন তৃতীয় বিশ্বের উন্নয়ন মডেল, প্রতিবছর ৯-১০ শতাংশ হারে তার প্রবৃদ্ধি। কেউ কেউ বলছেন, চীন যে এগোচ্ছে তার এক কারণ ওই ঘুষ। যে-সে ঘুষ নয়, কাঁড়ি কাঁড়ি টাকার ঘুষ। সম্প্রতি বেইজিংয়ে হু চাইহু নামের একজন ঊর্ধ্বতন জেনারেল ধরা পড়েছেন, যাঁর বাসায় এত নগদ টাকা পাওয়া গেছে যে তা সরাতে বারোটা ট্রাকের দরকার পড়েছিল। ভদ্রলোক ঘুষে পাওয়া সব টাকা (বা রেনমিনবাই) সারি সারিভাবে সাজিয়ে রেখেছিলেন, মায় যেসব সাধারণ সৈন্য পদোন্নতির আশায় সে টাকা দিয়েছিলেন, তাঁদের নামধামও সযত্নে লেখা। লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস জানাচ্ছে, সে টাকা ওজন করে দেখা গেল এক টনের কাছাকাছি, সব মিলিয়ে প্রায় ১৬ মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ। মজা কি জানেন? এটাই কিন্তু ঘুষের সেরা উদাহরণ নয়। ওই চীনেই এ বছর মে মাসে ক্ষমতাসীন দলের এক মস্ত চাঁই, নাম ওয়েই পেঙ্গুইয়ান, ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ার পর তাঁর বাসায় পাওয়া গেল ২০০ মিলিয়ন রেনমিনবাই, যা গুনতে ১৬টা মেশিন লেগেছিল। এত টাকা গুনতে গুনতে চারটা মেশিন বিকল হয়ে পড়ে। তাহলে ভাবুন, সেই তুলনায় বাংলাদেশের স্পিড মানিকে কেউ যদি হাতের ময়লা ভেবে তার পক্ষে সাফাই গায়, তাতে দোষের কী?
ঘুষের টাকা যে ক্ষতিকর নয়, সে কথা শুধু বাংলাদেশের বুদ্ধিমান মন্ত্রীরাই নয়, দেশ-বিদেশের অর্থনীতিবিদেরাও বলা শুরু করেছেন। হার্ভার্ডের নামজাদা পণ্ডিত ড্যানিয়েল কফম্যান, যিনি একসময় বিশ্বব্যাংকের হয়ে কাজ করেছেন—এক মস্ত প্রবন্ধ লিখে রীতিমতো অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছেন, ঘুষ ব্যাপারটা যতটা খারাপ ভাবা হয়, ততটা খারাপ নয়। সব দেশের ক্ষমতাবানেরাই নিজেদের ক্ষমতার কমবেশি অপব্যবহার করেন, এটা তাঁদের ‘দ্বিতীয় প্রকৃতি’। এখন সে ক্ষমতার (অপ)ব্যবহার করে তাঁরা যদি আপনার একটা কাজ করে দেন, তো সেটা ভালো না মন্দ? ভদ্রলোক নিজের যুক্তির পক্ষে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়েছেন, যেখানে প্রায় আড়াই হাজার বছর আগে এই বুদ্ধিমান লোকটি লিখে গেছেন যে ঠোঁটের ডগায় যদি মধু ধরা হয়, তো সেই মধু একবার চেখে দেখবে না, এমন মানুষ ভূ-ভারতে নেই। কৌটিল্য অবশ্য পরামর্শ দিয়েছিলেন, দেশের রাজার কাজ হলো যাতে সরকারি কর্মচারী, রাজসভাসদ ও সীমান্ত প্রহরীরা তাঁদের ইচ্ছামতো টুপাইস হাতিয়ে না নেন, তা নিশ্চিত করা।
কফম্যান তাঁর প্রবন্ধে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক ঘাগু অর্থনীতিবিদ নাথানিয়েল লেফের কথা উদ্ধৃত করে বলছেন, কোনো কোনো ক্ষেত্রে ঘুষ অর্থনৈতিক চাকা সচল করতে সাহায্য করে, অর্থনীতিতে প্রতিযোগিতা আনে। ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, সবচেয়ে বেশি ঘুষ যে দেয়, সরকারি কন্ট্রাক্ট তারই জোটে। আর সবচেয়ে বেশি ঘুষ তার পক্ষেই দেওয়া সম্ভব, যে সবচেয়ে কম খরচে সে কাজ শেষ করতে পারে। এশিয়ার কোনো কোনো ‘প্রবৃদ্ধি ব্যাঘ্র’ যে এত কম সময়ে এত দূর এগিয়ে গেছে, তার আসল কারণই নাকি ওই ঘুষ। যেটাকে পশ্চিমে ঘুষ এবং সেই হেতু বেআইনি ভাবা হয়, এসব দেশে তা হলো প্রচলিত আচার-আচরণ। সেই কৌটিল্যের সময় থেকেই চলে আসছে।
কৌটিল্যের সময় কী হতো জানি না, কিন্তু এখন কী হয়, বাংলাদেশে সবাই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সরকারি কন্ট্রাক্ট তো অন্য কথা, সেসব আশরাফদের ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ, যাঁরা নিত্যদিনের নানা কাজে ক্ষমতাবান লোকের দ্বারস্থ হন—থানায় এফআইআর করা থেকে স্কুলে ছাত্র ভর্তি করা পর্যন্ত—সেখানেও ঘুষ ছাড়া পুলসিরাত পার হওয়া অসম্ভব। যাঁদের অতিরিক্ত পয়সা আছে, মানে যাঁরা নিজেরাই একই পদ্ধতিতে টুপাইস কামিয়ে থাকেন, কেবল তাঁরাই এই মহা বিপৎসংকুল সাঁকো পেরোতে পারেন। আতরাফেরা পড়ে থাকে পেছনে। ঘুষের রেওয়াজ দুরন্ত হওয়ার ফলে ধনী-দরিদ্রের এই বিভাজন এখন বলতে গেলে একরকম ‘পার্মানেন্ট সেটেলমেন্ট’।
অথচ ঘুষ দেশের আইনে কেবল বেআইনি নয়, অনৈতিকও বটে। ঘুষ দেওয়ার ব্যাপারটা অনেকটা সিনেমার টিকিটের জন্য লাইন দেওয়ার মতো। আপনি ম্যানেজারের হাতে দু-দশ (শত) টাকা গুঁজে সে লাইন ভেঙে নিজের জন্য টিকিট ঠিকই বাগিয়ে নিলেন। কিন্তু আমরা যারা সেই লাইনে দাঁড়িয়ে টিকিটের আশায় হা-পিত্যেশ করছি, তারা টিকিটবক্সের কাছে এসে শুনি, সব টিকিট শেষ। বলুন, তখন কি ইচ্ছা হয় না পুরো সিনেমা হলই জ্বালিয়ে দিই? অন্য কথায়, ঘুষের ব্যাপারটা ভীষণ রকম বৈষম্যমূলক। আমি এক নিকটাত্মীয়ার অভিজ্ঞতার কথা জানি, মেয়েটি সব পরীক্ষায় ফার্স্ট হয়েছে। কলেজের চাকরির পরীক্ষায়ও ফার্স্ট, অথচ সেই চাকরিটি পেল পেছন থেকে মোটা খাম ধরিয়ে দেওয়া সেকেন্ড ক্লাস পাওয়া এক ছেলে। এর ফলে শুধু যে যোগ্য প্রার্থী বাদ গেল তা-ই নয়, ছাত্রছাত্রীরাও যোগ্যতর শিক্ষকের কাছ থেকে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হলো। লাভ হলো দুজনের, ক্ষতি হাজার মানুষের।
মানছি, ঘুষ নতুন ব্যাপার নয়, কিন্তু আমাদের উদ্বেগ বাড়ে যখন সরকারের কর্তাব্যক্তিরা নিজ থেকে সেই বেআইনি ও অনৈতিক বিষয়ের পক্ষে সাফাই গান। সরকার ও সে সরকারে কর্মরত প্রতিটি কর্মচারী দেশের প্রতিটি মানুষকে—তা তাঁরা সাধারণ কর্মজীবী হোন অথবা মালদার ব্যবসায়ী—সমান চোখে দেখতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন তাঁরাই যদি ঘুষের পক্ষে সাফাই গান, তাহলে অর্থ দাঁড়ায় লাইন ভেঙে যদি কেউ আগে যায়, সেটা দোষের কিছু নয়। কারও প্রতি যদি বৈষম্যমূলক আচরণ করা হয়, সেটাও কোনো অপরাধ নয়। মন্ত্রী মহোদয়ের বক্তব্যের পেছনে মূল যুক্তি ছিল, ঘুষের কারণে দ্রুত ফল পাওয়া যায়। কিন্তু যে ফল পাওয়া গেল, তা ঘুষদাতা ও গ্রহীতার জন্য লাভজনক হলেও দেশের মানুষের জন্য যে লাভজনক, তার কী নিশ্চয়তা রয়েছে? বস্তুত, অধিকাংশ ক্ষেত্রে ঠিক উল্টোটাই ঘটে, ঘুষ দিয়ে ওঁচা মালটাই গছিয়ে দেওয়া হয়। সোনার পদকের বদলে যদি খাদ মেশানো দু-নম্বরি মাল দেওয়া হয়, তাতে আপাত ক্ষতি সামান্য। কিন্তু একই পদ্ধতিতে যদি সেতুর কাজ বাগিয়ে নেওয়া হয়, বহুতল ভবন তৈরি হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা হাসপাতালের ডাক্তার নিযুক্ত হন, তাহলে?
আমার সবচেয়ে বেশি আপত্তি, এই ঘুষের পক্ষে সাফাই যখন দেশের কর্তাব্যক্তিরা করেন, তা নিয়ে। অর্থমন্ত্রী নিজেই যদি বলেন ঘুষ দোষের কিছু নয়, তাহলে এখন পর্যন্ত যাঁরা চক্ষুলজ্জার খাতিরে রেখেঢেকে কাজটি করতেন, তাঁরা সদর রাস্তায় সাইনবোর্ড ঝুলিয়ে ঘুষ নেওয়ায় নামবেন। (‘এখানে সুলভে ঘুষের বদলে সরকারি কাজ সম্পন্ন হয়!’)।
ঘুষের ফলে সাধারণ মানুষ তো বটেই, পুরো দেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার একটি উদাহরণ দিয়ে কেচ্ছা শেষ করব। আমি সেদিন পর্যন্ত একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতাম। সে সংস্থা বাংলাদেশে পরিবেশ ভারসাম্য প্রকল্পের অধীনে ২০০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প চূড়ান্ত করেছিল। অর্থ তারা জোগাবে, কিন্তু কাজটা করবে সরকার বা সরকারের প্রতিনিধি। যে মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা, তার মাথা (অর্থাৎ খোদ মন্ত্রী) শর্ত দিলেন, প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের ১০ শতাংশ তাঁকে দিতে হবে। সে কথা
শুনে দাতা সংস্থার প্রতিনিধির চক্ষু চড়কগাছ। ‘মান্যবর, এ টাকা তো আমার বাবার টাঁকশালের নয়, এর হিসাব আমাকে পাই-পয়সাসহ বুঝিয়ে
দিতে হবে। আমার পক্ষে আপনাকে ১০ কেন, ১ শতাংশও দেওয়া সম্ভব নয়।’ ব্যস, বাতিল হয়ে গেল ২০০ মিলিয়ন ডলারের প্রকল্প। (আমি পদ্মা সেতুর কথা বলছি না, যদিও সে ব্যাপারটাও একই রকম)। মন্ত্রী ২০ মিলিয়ন হারালেন, কিন্তু দেশ হারালো বনায়ন ও উপকূলীয় অঞ্চল উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
শুরু করেছিলাম কৌটিল্যের কথা দিয়ে, তাঁর কথা দিয়েই শেষ করি। সেই আড়াই হাজার বছর আগেই এই অতীব জ্ঞানী লোকটি তাঁর অর্থশাস্ত্রে লিখেছিলেন, মাছের পচন শুরু হয় মাথা থেকে। সে পচন ঠেকাতে হলে দরকার হলে ওই মাথাটাই কেটে ফেলতে হবে। অর্থমন্ত্রীর কাছে এই আপ্তবাক্য শোনালে তিনি হয়তো বলবেন, কোন মাছের মাথা ছেড়ে কোনটা কাটব? সবই যে পচে একশা। তারচেয়ে বরং যেমন আছে তেমন চলুক। পচা হলেও ধনেপাতা ও লঙ্কা দিয়ে রাঁধলে ওই পচা মাছই বেশ সুস্বাদু লাগে!
হাসান ফেরদৌস: সাংবাদিক ও লেখক।