বিশ্বের প্রায় ৮০ শতাংশ পুরুষ সন্তানের বাবা হন এবং প্রায় সব পুরুষ কোনো না কোনোভাবে শিশু লালন-পালনের সঙ্গে যুক্ত থাকেন। তা সত্ত্বেও শিশু লালন-পালনের সঙ্গে পুরুষের সম্পৃক্ততার বিষয়টি সরকারি নীতিমালায় দৃশ্যমান নয়। ২০১৫ সালে বিশ্বে প্রথমবারের মতো প্রকাশিত স্টেট অব দ্য ওয়ার্ল্ডস ফাদারস (এসওডব্লিউএফ) প্রতিবেদন এ বিষয়ে আমাদের চিন্তা করতে উদ্বুদ্ধ করেছে। পিতৃত্ব নিয়ে বৈশ্বিক প্রচারণা কার্যক্রম মেনকেয়ার (MenCare) কর্তৃক প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্বব্যাপী সন্তানের যত্নে পুরুষের অবদান পিতৃত্বের সঙ্গে সম্পর্কিত চারটি বিষয় তথ্য-উপাত্তের মাধ্যমে তুলে ধরেছে—বাড়িতে মজুরিবিহীন শিশুর যত্ন নেওয়া; যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার ও মাতৃত্ব, নবজাতক ও শিশু স্বাস্থ্য; পুরুষ কর্তৃক যত্ন নেওয়া এবং শিশু ও নারীদের বিরুদ্ধে সহিংসতা; এবং শিশুর বিকাশ। আমি এই লেখায় বাড়িতে মজুরিবিহীন শিশুর যত্ন নেওয়া এবং শিশুর বিকাশের ওপর আলোকপাত করব।
আসুন, আমরা প্রথমে দেখি নারী ও পুরুষের কাজ এবং এর প্রভাব কী। একজন নারী সাধারণত একজন পুরুষের চেয়ে ২ থেকে ১০ গুণ পর্যন্ত বেশি সময় শিশু কিংবা প্রবীণ মানুষদের সেবাযত্নে ব্যয় করেন। বর্তমানে বিশ্বের আনুষ্ঠানিক কাজের প্রায় ৪০ শতাংশ এবং বিশ্বের মোট খাদ্য উৎপাদনের প্রায় ৫০ শতাংশ নারীদের দ্বারা হওয়া সত্ত্বেও নারী-পুরুষের অসমতা বিদ্যমান। এমনকি পুরুষেরা বাড়িতে শিশু লালন-পালনে যুক্ত হওয়া সত্ত্বেও শ্রমশক্তির বিচারে নারীদের সঙ্গে পেরে উঠছেন না। অর্থাৎ সার্বিকভাবে ঘরে-বাইরে মেয়েদের বিভিন্ন কাজে অংশগ্রহণ যে হারে বাড়ছে, সেই অনুপাতে ঘরের কাজে ছেলেদের অংশগ্রহণ বাড়ছে না। বাংলাদেশি মায়েরা পেশাগত কাজের পাশাপাশি সন্তান লালন-পালন করছেন—অনেক ক্ষেত্রে বাবাদের সহযোগিতা ছাড়াই। এমনকি নারী-পুরুষের সমতার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে যে ইউরোপে সেখানেও নারীরা প্রতি সপ্তাহে গড়ে ২৬ ঘণ্টা বাড়ির কাজ ও সন্তান লালন-পালনে ব্যয় করেন, আর পুরুষেরা একই ধরনের কাজে সপ্তাহে গড়ে ব্যয় করেন মাত্র ৯ ঘণ্টা। এভাবে দ্বিগুণ কাজের চাপ একদিকে নারীদের সংসারের জন্য আয়বৃদ্ধিমূলক কাজ করা থেকে বিরত রাখে, অন্যদিকে তাঁরা বাড়ির বাইরে তাঁদের দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারেন না। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে পরিচালিত এক গবেষণায় অংশ নেওয়া ২০ থেকে ২৪ বছর বয়সী ৫০ শতাংশের বেশি নারী জানিয়েছেন, বাড়িতে বিনা মজুরিতে দায়িত্বের চাপ শেষ পর্যন্ত তাঁদের বাড়ির বাইরে অর্থের বিনিময়ে কাজ করা থেকে বিরত রাখে। এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের মিল আছে। আমাদের দেশে সন্তানসংক্রান্ত দায়িত্বের কারণে মায়েদের চাকরি না করা কিংবা কাজ ছেড়ে দেওয়ার ঘটনা কি আমরা কমবেশি সবাই জানি না? এমন অনেকে আছেন, যাঁরা সন্তানের কারণে অকালে নিজের শিক্ষাজীবনের ইতি টানেন কিংবা তাঁদের পেশাগত জীবনের উন্নতি বাধাগ্রস্ত হয়। এর সহজ মানে হলো, সন্তান লালন-পালন করতে গিয়ে নারীদের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ হয় না।
প্রতিবেদন থেকে জানা যায়, সহায়তামূলক নীতিমালার অভাব, বিশেষ করে বাবাদের জন্য পিতৃত্বকালীন ছুটি না থাকাটা এই সমস্যার একটা দিক। ৬৬ থেকে ৭৭ শতাংশ বাবা জানিয়েছেন, তাঁরা যদি নিজেদের সন্তানদের বেশি সময় দিতে পারেন, তবে তাঁরা কম কাজ করবেন। যদিও এখন বিশ্বের প্রায় সব দেশে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে কিন্তু পিতৃত্বকালীন ছুটি দেওয়ার নিয়ম আছে
মাত্র ৯২টি দেশে। এর মধ্যে আবার অর্ধেকের মতো দেশে পিতৃত্বকালীন ছুটি তিন সপ্তাহের কম। পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যাপারে
বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি হলো আইসল্যান্ড। সেখানকার পুরুষেরা গড়ে ১০৩ দিন পূর্ণ বেতনসহ পিতৃত্বকালীন ছুটি নিয়ে থাকেন, তারপরও এই ছুটির পরিমাণ আইসল্যান্ডের নারীদের নেওয়া মাতৃত্বকালীন ছুটির মাত্র তিন ভাগের এক ভাগ।
সন্তান পালনে পুরুষদের সম্পৃক্ত করায় কী লাভ? প্রথমেই জেন্ডার সমতার কথা বলা যায়। বাবাদের জন্য ছুটির নীতিমালা তৈরি করা হলে বাড়িতে, কাজের ক্ষেত্রে এবং সমাজে সার্বিকভাবে জেন্ডার বিষয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে। সুইডেনের একটি গবেষণা থেকে জানা যায়, বাবাদের নেওয়া প্রতি এক মাসের পিতৃত্বকালীন ছুটি মায়েদের আয় ৬ দশমিক ৭ শতাংশ বাড়াতে সাহায্য করে।
বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে শিশুর বিকাশ ও বেড়ে ওঠার জন্য কমপক্ষে একজন পুরুষ কিংবা নারীর কাছ থেকে নিবিড় পরিচর্যা পাওয়া দরকার। একজন পুরুষ একজন নারীর মতোই সন্তানের প্রতি আবেগ অনুভব করেন। তা ছাড়া বাবাদের সঙ্গে
শিশুদের নিবিড় যোগাযোগ থাকলে বাবারাও উপকৃত হন, তাঁরা বেশি দিন বাঁচেন, তাঁদের মধ্যে স্বাস্থ্য সমস্যা কম হয়, তাঁরা আরও
বেশি উত্পাদনশীল হন এবং তাঁরা সাধারণত সুখী হন।
শিশুদের যত্নে পুরুষদের সম্পৃক্ত না হওয়া পর্যন্ত জেন্ডার সমতা অর্জিত হবে না। এসওডব্লিউএফ প্রতিবেদনের লেখক নিক্কি ভ্যানডারগাগ বলেছেন, ‘বাবারা সন্তান লালন-পালনের মজুরিবিহীন কাজে ন্যায্য ভূমিকা নিয়ে এগিয়ে এলে নারী ও পুরুষ এবং শিশুদের মধ্যকার সম্পর্কে পরিবর্তন আসে। কারণ, তখন সন্তানের মা ও বাবা উভয়েই সন্তানের জন্য বেশি সময় দেন। এতে নারীরা তাঁদের কাজের “দ্বিগুণ বোঝা” থেকে মুক্তি পান এবং বাবারা সন্তান বড় করার আনন্দ, তৃপ্তি এবং চাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন’। প্রতিবেদনে এ কথা পুনরায় জোর দিয়ে বলা হয়েছে যে শিশুদের জীবনে বাবার গুরুত্ব রয়েছে এবং সন্তান লালন-পালন করা তাঁদের নিজেদের জন্যও ভালো। এই ধরনের কর্মকাণ্ড সন্তানের যত্নে বর্তমানে পুরুষের অংশগ্রহণের যে ঘাটতি রয়েছে, সেটি মোকাবিলায় প্রয়োজনীয় নীতিমালা ও কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে।
প্রতিবেদনের সুপারিশমালায় বলা হয়েছে, রাষ্ট্র অবশ্যই ন্যায়সংগত পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাসংক্রান্ত নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করবে এবং পিতৃত্বকালীন ছুটি অবশ্যই সবেতন হতে হবে; এটি মাতৃত্বকালীন ছুটির সঙ্গে সংগতিপূর্ণ হবে এবং এটি কোনোমতেই শিশুর মা ও বাবার মধ্যে হস্তান্তরযোগ্য হবে না। অর্থাৎ বাবার নেওয়া ছুটি মায়ের নামে হস্তান্তর করা যাবে না। রাষ্ট্রকে এমন ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে, যা বিশেষভাবে শিশুর প্রারম্ভিক বিকাশ, যত্ন ও শিক্ষায় বাবাদের অংশগ্রহণ করতে উৎসাহিত করবে।
সন্তান বড় করা যে যৌথ দায়িত্ব, তা বুঝতে এবং পিতৃত্বকালীন ছুটির জন্য উপযুক্ত নীতিমালা প্রণয়নে আমাদের আর কতকাল অপেক্ষা করতে হবে? বাংলাদেশের সমাজে এখনো সন্তানের যত্ন এবং বাড়ির অন্যান্য কাজ করা নারীদের দায়িত্ব হিসেবে দেখা হয়। নীতিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে সন্তান লালন-পালনের ক্ষেত্রে বিরাজমান সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উপযুক্ত প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
লায়লা খন্দকার: পরিচালক, চাইল্ড প্রটেকশন, সেভ দ্য চিলড্রেন।