বাবা–বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল গেটস ঘুমান সাত ঘণ্টা। ঘুমানোর আগে এক ঘণ্টা বই পড়েন। কিন্তু পড়ার আনন্দে ডুবে গেলে এই রুটিন মেনে চলতে পারেন না কখনো কখনো। বিশ্বব্যাপী তরুণদের আইডল এই মানুষটি তাঁর সবচেয়ে প্রিয় পাঁচটি বইয়ের নাম জানিয়েছিলেন কয়েক বছর আগে। এর একটি ছিল সেপিয়ানস: এ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড। এটি বারাক ওবামা আর মার্ক জাকারবার্গের মতো মানুষদেরও প্রিয় বই। এই একটি বই লিখে সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন তরুণ ইতিহাসবিদ ইউভাল নোয়াহ হারিরি।

আমার কাছে চমকপ্রদ লেগেছিল তাঁর পরবর্তী বইটিও। হোমো ডিউস নামের এই বইটিতে তিনি মানবজাতির ইতিহাসই লিখেছেন, তবে সেটি ভবিষ্যতের ইতিহাস! বইটিতে তিনি ভবিষ্যতে মানবজাতির ধ্বংস হয়ে যাওয়ার কারণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন। বলেছেন, এর আগে তথ্য ও জৈবপ্রযুক্তির অমিত ক্ষমতাবলে কিছু মানুষ অতি ক্ষমতাশালী হয়ে উঠবে, এদের সব নিপীড়ন সাধারণ মানুষ মেনে নেবে। সাধারণ মানুষ বরং থাকবে অনলাইনের অতি রোমাঞ্চকর গেইম আর সামাজিক যোগাযোগমাধ্যমের এক অলীক জগতে। সেখানে রাজা–উজির মেরে তারা এতই ব্যস্ত আর তৃপ্ত থাকবে যে বাস্তব দুনিয়ায় প্রতিবাদ করার সময় বা উদ্যম থাকবে না তাদের।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ফেসবুক এখন আমাদের সব ধরনের তর্কমাধ্যমে পরিণত হয়েছে। আমরা এখানে বাদ–প্রতিবাদে লিপ্ত হই, বিক্ষোভে ফেটে পড়ি, তারস্বরে প্রতিবাদ করি। ক্লান্ত হই, শ্রান্ত হই, দক্ষিণ সুদানের গৃহযুদ্ধের সৈনিকদের মতো যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠি। পরদিন নতুন শক্তি নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ি। অন্য কোথাও শক্তি খরচের উদ্যম থাকে না আমাদের

হারিরির এই পর্যবেক্ষণ কতটা সত্যি তা জানি আমরা। আমাদের সন্তানদের অনেককে দেখে বুঝতে পারি গেমস কতটা নেশাক্রান্ত করেছে তাদের। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক নেশাসক্ত করেছে প্রায় সব বয়সী মানুষকে।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ফেসবুক এখন আমাদের সব ধরনের তর্কমাধ্যমে পরিণত হয়েছে। আমরা এখানে বাদ–প্রতিবাদে লিপ্ত হই, বিক্ষোভে ফেটে পড়ি, তারস্বরে প্রতিবাদ করি। ক্লান্ত হই, শ্রান্ত হই, দক্ষিণ সুদানের গৃহযুদ্ধের সৈনিকদের মতো যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠি। পরদিন নতুন শক্তি নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ি। অন্য কোথাও শক্তি খরচের উদ্যম থাকে না আমাদের।

২.

এই ফেসবুককেন্দ্রিক জগৎ কয়েক দিন আগে উদ্দীপ্ত হয়ে উঠল বাবা দিবসের মতো নিরীহ একটি বিষয়েও। বাবা দিবসের পেছনে ব্যবসাচিন্তা আছে, নিজেদের বাবাকে নিয়ে হা–হুতাশ করে আমরা একধরনের এটোনমেন্টের আনন্দ পাই, ডাকসাইটে বাবা থাকলে হয়তো তা জানানোর পুলকও জাগে অনেকের মধ্যে। অনেকে আবার বাবাকে নিয়ে খুব ভালো ভালো কথাও লেখেন। এবার সেখানেই চাবুকের মতো একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে কারও কারও পক্ষ থেকে। সেটি হচ্ছে সব বাবাই যদি ভালো হয়, তাহলে দেশের এই অবস্থা কেন?

এই প্রশ্ন একটু হলেও বিব্রত করতে পারে আমাদের। তবে আমার ধারণা, এই প্রশ্ন বেশি সরলীকৃত। আমার মতো প্রৌঢ় মানুষদের বাবাদের ক্ষেত্রে বরং অসংগত। কেন সেটা ব্যাখ্যা করছি এখানে।

আমার সমবয়সী বা প্রায় সমবয়সী প্রায় ৫০ জন ঘনিষ্ঠ (সাবেক বা বর্তমান) মানুষের বাবাদের সম্পর্কে ধারণা আছে আমার। এই সমবয়সীরা সরকারি চাকুরে, বিশ্ববিদ্যালয়শিক্ষক বা সাংবাদিক হিসেবে কর্মরত, এঁদের কেউ কেউ প্রধান দুটো রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্নভাবে ঘনিষ্ঠ। আমার এই পরিচিত ৫০ জন মানুষের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ অত্যন্ত সন্দেহজনকভাবে বিপুল ধনসম্পদের মালিক হয়েছেন। অথচ আমার জানামতে, এঁদের একজনের বাবাও আর্থিকভাবে অসৎ ছিলেন না। কাজেই আমাদের প্রজন্মের (৫০ থেকে ৬০ বছর বয়সী) তুলনায় তাঁদের বাবারা অবশ্যই অনেক সৎ ছিলেন।

আমার ধারণা, প্রজন্মান্তরে এই অসততা বেড়েছে আরও। নব্বই দশকে এরশাদবিরোধী রাজনীতির সময়ে যাঁরা প্রধান ছাত্রনেতা ছিলেন, তাঁরা সবাই সাংবাদিকতাসূত্রে আমার ঘনিষ্ঠ ছিলেন। এঁদের অধিকাংশের লাইফস্টাইল ছিল অত্যন্ত দীনহীন। এখনকার অনেক ছাত্রনেতা, কোনো স্বীকৃত পেশা ছাড়াই সে তুলনায় অবিশ্বাস্য ধরনের রাজকীয় জীবনযাপন করেন। এখনকার তরুণ সাংবাদিক, সরকারি চাকুরে, রাজনীতিকদের কারও কারও মধ্যেও এটি দেখা যায়। অতি সাম্প্রতিক সময়ে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধিতে বিশ্ব রেকর্ড থেকে আমরা এর কিছুটা আঁচ পাই, আঁচ পাই হঠাৎ করে ফুলেফেঁপে ওঠা ক্লাব সংস্কৃতি থেকে বিদেশে অর্থ পাচারের বিপুল ঊর্ধ্ববৃদ্ধিতে।

কাজেই আমার মতে, আমাদের পচনের শুরুটা সাম্প্রতিক, গুরুতর পচন অতি সাম্প্রতিক। এর দায় ফেসবুকে যেসব মৃত বা অতি বৃদ্ধ বাবাদের ছবি দেখি, তাঁদের নয়। অল্প কিছু ব্যতিক্রম বাদে এর দায় গত সিকি শতাব্দীতে কর্মজীবনে প্রবেশ করা মানুষের। এদের মধ্যে যারা অকথ্য ধরনের বড়লোক, তাদের অধিকাংশের ধনসম্পদ তাদের জ্ঞাত আয়ের সঙ্গে সম্পূর্ণ সংগতবিহীন।

এই অধঃপতনের সঙ্গে রাজনীতির অবশ্যই সংযোগ আছে। যদি আমি জানি সরকারের পক্ষে থাকলে যতই দুর্নীতি করি সমস্যা হবে না, যে পেশায় থেকেই দুর্নীতি করি সমস্যা হবে না, তাহলে দুর্নীতির প্রকোপ বাড়বেই। আগে একটা সময়, পাঁচ বছর পরপর নির্বাচনে ক্ষমতাসীনেরা বিদায় হতো, তাদের সময়ে দুর্নীতি করা লোকেরা নতুন আমলে কিছুটা বিপদে থাকত। ফলে দুর্নীতিও হতো কিছুটা রয়েসয়ে। এখন সেই ভয়ও আর নেই।

প্রশ্ন হচ্ছে, এই চোরদের সন্তানেরাও কি বাবাদের গুণকীর্তন করে, ফেসবুকে বা অন্য কোথাও। আমার ধারণা আরও নির্দ্বিধায় করে। কারণ, এই চোরেরা তাদের সন্তানদের অসততা কি সেটাই শেখায় না, শেখায় না সম্ভবত প্রশ্ন করতেই। ফলে চুরির টাকা ভোগ করে লজ্জিত হওয়া দূরের কথা, একধরনের দম্ভ নিয়ে চলে এরা।

তবে এই দম্ভ বা গুণকীর্তন সমস্যা নয়, এগুলো সমস্যার সিমটম বা লক্ষণ। আসল সমস্যা হচ্ছে দুর্নীতির ব্রিডিং গ্রাউন্ডে, বর্তমান রাজনীতি এবং এর দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রব্যবস্থায়। ফেসবুকের ভুবনে নিরাপদে থাকতে সেটাও আমরা বলতে চাই না সেখানে। দোষ দিই গণহারে সব বাবাকে, সব সন্তানকে।

৩.

আমাদের অধিকাংশ বাবা ভালো, কেউ কেউ অসম্ভব রকমের ভালো। এমন একজন বাবাকে আমরা দেখেছি এবারের বাবা দিবসে। সেটাও ফেসবুকেই, সোহেল তাজের শেয়ার করা একটি ভিডিওতে। সেখানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তাঁর শিশুপুত্রকে পত্রিকায় বঙ্গবন্ধুর ছবি দেখাচ্ছেন, সন্তানদের সঙ্গে নিয়ে পড়ার টেবিলে গিয়ে বসেছেন। তাঁর প্রবাদতুল্য সততার বহিঃপ্রকাশ আমরা সেখানে দেখি, তাঁর ঘর-পোশাক আর আসবাবের কয়েক সেকেন্ডের ছবিতে। অনেক পরে তার প্রতিফলন দেখি তাঁর সন্তানদের আদর্শ জীবনযাপনের মধ্যে।

এই মহান বাবার একটা গল্প বলে শেষ করি। মুজিবনগর সরকারের কর্মব্যস্ত মন্ত্রীরা তখন একসঙ্গে এক বিল্ডিংয়ে থাকতেন কলকাতায়। তাঁরা প্রতিজ্ঞা করেছিলেন দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের তুলবেন না তাঁদের সঙ্গে। এই প্রতিজ্ঞা শেষ পর্যন্ত একজনই রেখেছিলেন। তিনি তাজউদ্দীন আহমদ। তাঁর শিশুবয়সী মেয়ে কয়েক মাস পর বাবাকে দেখার আশায় সেই ভবনের লিফটের গোড়ায় দাঁড়িয়ে ছিলেন। মিটিংয়ে যাওয়ার পথে তাজউদ্দীন দূর থেকে একবার হাসলেন তাঁকে দেখে, একবার ছুঁয়েও দেখলেন না।

এই অবিশ্বাস্য বাবার হাত ধরে বহুদূর যাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু আমরা একদল তাঁকে থামিয়ে দিয়েছিলাম, আরেক দল তাঁকে হত্যাই করে ফেলেছিলাম।

এমন অকল্পনীয় বাবা কিছু হলেও আছেন আমাদের জীবনে। বাবা দিবসে শুধু নয়, নিয়মিতই আমাদের বলতে হবে তাঁদের কথা। তাঁদের মহত্ত্বের কথা, অন্যায়ের বিরুদ্ধে জীবন তুচ্ছ করার মতো সাহসের কথা।

● আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক