ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশি নির্যাতনের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। ওই দানবীয় নির্যাতনের ছবি দেখে বারবার মনে হচ্ছিল, দেশের বড় বড় বিরোধী দলের প্রতিবাদ কই? এ বামরাই তো যুগে যুগে দেশের মানুষকে সজাগ করে দেখিয়েছে সঠিক পথের দিশা এবং নিজেরা সয়েছে কষ্ট ও দিয়েছে প্রাণ। আর এর ফল ভোগ করেছে এবং করছে ডান রাজনীতিকেরা, যাঁরা দেশকে বানিয়েছেন ভোগের রঙ্গমঞ্চ।
পেছনে তাকালে দেখি, ৩০-৩১ সালে বাম বিপ্লবীরা ব্রিটিশরাজের ভিত নাড়িয়ে তাঁদের বিদায় ত্বরান্বিত করেছিলেন, ফলভোগী হলো কংগ্রেস ও মুসলিম লীগ। পাকিস্তানের শুরুতেই ভাষার দাবি প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তফ্রন্টের বিজয় অবধি বামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী সময়ে পাকিস্তানিদের বিশ্বাসঘাতকতার জবাব দিতে অসংখ্য বাম রাজনীতিক ও ছাত্রকর্মীদের জেল-জুলুম এবং প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়, ফল যায় ডানদের ঘরে। স্বাধীনতার পর একপর্যায়ে বঙ্গবন্ধু কমিউনিস্ট নেতাদের ক্ষমতা নিতে আহ্বান করেও সাড়া পাননি। ১৯৭৫-এর পটপরিবর্তনে বামরা জেনারেল জিয়াকে ক্ষমতায় বসিয়ে প্রতারিত হন। এরশাদের নয় বছরের স্বৈরশাসনে তাজুল, সেলিম ও দেলওয়ারসহ অসংখ্য বাম ছাত্রকর্মীদের প্রাণের বিনিময়ে স্বৈরশাসনের পতন হলে ক্ষমতা যায় অতি ডান বিএনপির হাতে।
এ সময় আবার গণতন্ত্র হুমকির সম্মুখীন হলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় বাম রাজনীতিক ও ছাত্রকর্মীদের যথেষ্ট ত্যাগ ও অবদান থাকলেও ক্ষমতার ছিটেফোঁটাও তাঁদের ভাগ্যে জোটেনি। অথচ জামায়াত বিএনপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে দলকে শক্ত অবস্থানে নিতে সক্ষম হয়েছিল। বছর খানেক আগে তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা আনু মুহাম্মদের ওপর পুলিশি হামলার পরও প্রতিক্রিয়া তথৈবচ। কেন এমন হচ্ছে?
আমরা সচেতন জনগণ মনে করি, বামদের মধ্যে অতিমাত্রায় বিভক্তি, দ্বিধাদ্বন্দ্ব ও জনসম্পৃক্তহীনতাই এর মূল কারণ। কয়টি দলের দু-চারজন নেতা একসঙ্গে একই মঞ্চে উঠে বক্তৃতা দিতেও ব্যর্থ হচ্ছেন।
তাই বাম নেতাদের অনুরোধ করব, আপনারা ছোটখাটো ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে উঠে বিরোধী দলের ভূমিকা পালন করুন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হোন। প্রয়োজনে সমমনা দল ও বড় নেতাদের সঙ্গে নিন এবং বিভিন্ন মানবিক সংগঠনগুলোকে যুক্ত করার চেষ্টা করুন। সমাজতন্ত্রের চেয়ে সুস্থ গণতন্ত্রচর্চার কথা বেশি বলুন।
লেখক: ব্যবসায়ী, ঢাকা।