
ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয় যুক্তরাষ্ট্রের বাম ও মধ্যপন্থী রাজনীতির সমর্থকদের রীতিমতো পথে বসিয়ে দিয়েছে। হিলারি ক্লিনটন নির্ঘাত জিতবেন, এই দৃঢ় বিশ্বাস থেকে তাঁরা তাঁদের তাবৎ ডিম্ব ওই হিলারির ঝুড়িতেই রেখেছিলেন। এখন হিলারির ভরাডুবিতে ডিম তো গেলই, ঝুড়িখানাও যাওয়ার পথে।
অধিকাংশ বিশ্লেষকই একমত, ট্রাম্পের বিজয় এক নতুন ধরনের ‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের’ বিজয়। এই জাতীয়তাবাদের উত্থানের পেছনে ছিল একদিকে বিশ্বায়ন, অন্যদিকে অভিবাসন। এই দুই পরস্পরসম্পৃক্ত শক্তি, যার প্রতিক্রিয়ায় মধ্যবিত্ত ও কর্মজীবী শ্বেতাঙ্গরা কোণঠাসা হয়ে পড়েন। এই মনোভাব অবশ্য কিছুটা বাস্তব, কিছুটা কল্পনা। ডোনাল্ড ট্রাম্প সেই বিশ্বায়নকে গালি দিয়ে এই শ্বেতাঙ্গ শ্রেণির চ্যাম্পিয়ন বনে গেলেন। মজার কথা হলো, বিশ্বায়নের ফলে যুক্তরাষ্ট্রসহ সব পুঁজিবাদী দেশই ফুলেফেঁপে উঠেছে, কিন্তু লাভের কলাটা-মুলোটা গেছে হাতে গোনা কিছু লোকের হাতে। বামপন্থীরা তঁাদের কিছুটা নিষ্ফল ক্রোধে ‘ওয়ান পারসেন্ট’ বলে পরিহাস করে থাকেন। ট্রাম্প সেই ওয়ান পার্সেন্টেরই একজন।
পুঁজিবাদের চলতি সংকটের পেছনে এক নম্বর কারণ যে সম্পদের অসমান বণ্টন, সে কথা বামপন্থীরা অন্য সবার আগে সঠিকভাবে নির্দেশ করতে পেরেছিলেন। কিন্তু কোন দাওয়াই খেলে এই রোগ সারবে, রাজনৈতিকভাবে সে কথা নির্দেশ করা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। আমেরিকায় তাঁরা উল্টো নিজেদের সংগ্রামী ঝান্ডাটা এমন একজনের হাতে তুলে দিয়েছিলেন, যঁার স্বামী আজীবন পুঁজিবাদের সে অসুখ থেকে ফায়দা লুটেছেন। তিনি কী করে পারবেন তাঁর নিজের ওয়ান পার্সেন্ট পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দাঁড়াতে?
এ কথা অজানা নয় যে আশির দশকে রোনাল্ড রিগানের ডানপন্থী ‘পপুলিজমের’ ধাক্কা সামলাতে বিল ক্লিনটন নিজের দল ডেমোক্রেটিক পার্টিকে প্রথমে মাঠের মাঝখানে এবং ক্রমশ ঠেলতে ঠেলতে মাঠের ডান দিকে এনে ফেলেন। নাফটা ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন—দুটোই আমেরিকার শ্রমিক ও কর্মজীবীদের উপহার দিয়েছিলেন বিল ক্লিনটন। ফলে একদিকে মার্কিন পুঁজির বহির্গমন সহজতর হয়, অন্যদিকে মার্কিন উৎপাদনশিল্প লাটে ওঠে এবং শ্রমিক ইউনিয়নব্যবস্থা স্থায়ীভাবে কবরে স্থান নেয়। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধিনিষেধ বা রেগুলেশনের অবলুপ্তিও শুরু বিল ক্লিনটনের হাত ধরে। সেই তিনিই জনকল্যাণব্যবস্থা বা ওয়েলফেয়ার সিস্টেম সংস্কারের নামে এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার নামে তথাকথিত ‘ক্রাইম বিল’ চালু করেন। ফলে আমেরিকায় একদিকে সংখ্যালঘু আফ্রিকান-আমেরিকান সরকারি দান-খয়রাতের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, অন্যদিকে প্রতি চারজনের একজন কালো মানুষকে জেলে ঢোকানোর ব্যবস্থা পাকাপোক্ত হয়।
বিল ক্লিনটন ও তাঁর নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি এসবই করেছিল তথাকথিত ‘মিডল গ্রাউন্ড’ দখলের নামে। এই মুখোশপরা ডান মোড় শুধু আমেরিকায় নয়, যুক্তরাজ্যে টনি ব্লেয়ার ও জার্মানিতে শ্রোয়েডারও প্রবল উৎসাহে আঁকড়ে ধরেন। মানতে হবে, এতে তাঁরা রাজনৈতিকভাবে লাভবানও হয়েছিলেন। বিল ক্লিনটন পরপর দুই দফা নির্বাচিত হয়েছিলেন। ফলে তাঁর ফর্মুলা কাজ করেছে, এই ধারণা থেকে ডেমোক্রেটিক পার্টির বামপন্থী ও প্রগতিশীল অংশ কার্যত পিছু হটতে বাধ্য হয়। এরপর ওবামা এসে সেই একই ফর্মুলার থোড় বড়ি খাড়া সবার সামনে তুলে ধরলেন, ডেমোক্রেটিক পার্টির ডান-বাম সবাই নাকে রুমাল দিয়ে সেই বড়ি ঢক ঢক করে গিলে ফেলল। ওবামার আট বছরে দলের বাম অংশ কার্যত ওবামার তাঁবুর এক কোণে এসে আশ্রয় নেয়। এ বছর নির্বাচন সামনে রেখে ভারমন্টের সমাজতন্ত্রী সিনেটর বার্নি স্যান্ডার্স তাদের ঘাড় ধরে কিছুটা নাড়া দিতে চেয়েছিলেন বটে, কিন্তু হিলারি তত দিনে ওবামার ঝান্ডা নিজের হাতে তুলে নিয়েছেন। তাঁদের দুজনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা বার্নির বা দলের প্রগতিশীল অংশের কখনোই ছিল না। তা ছাড়া তাঁরা ধরেই নিয়েছিলেন হিলারি জিতবেন, তাহলে আর অকারণে বাগড়া দেওয়া কেন!
সমস্যা হলো, বামেরা স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা মেনে নিলেও ডান মহলে তত দিনে এক সম্পূর্ণ ভিন্ন আন্দোলন গড়ে উঠেছে। ‘আগে নিজের ঘর সামলাতে হবে’, এই যুক্তি দেখিয়ে তারা নতুন এক ‘পপুলিস্ট’ রাজনীতি খাড়া করে ফেলেছে। এই পপুলিজমের মোদ্দা কথা হলো, নিজের ঘরের দরজা আগে ভালো করে সাঁটো, অন্য কারও আসা ঠেকাও। সস্তা শ্রমিক বা সস্তা মাল—কোনোটারই দরকার নেই। নিজেরা যা পারি উৎপাদন করব, তাতে নিজের বেকার শ্রমিকদের চাকরির ব্যবস্থা হবে। সব বহুপক্ষীয় বাণিজ্য চুক্তি ঝেঁটিয়ে বিদায় করব, বিদেশি মাল ঠেকাতে উচ্চ হারে শুল্ক বসাব। এতে বিশ্বায়নের যদি বারোটা বাজে, তো বাজুক।
এত দিন পুঁজিবাদের গায়ে-গতরে চর্বি লেগেছে পুঁজির আন্তর্জাতিকীকরণের মাধ্যমে। কিন্তু এই নতুন ডানপন্থীরা সাম্রাজ্যবাদী পুঁজিবাদকে একেবারে চ্যাংদোলা করে তার মাথার ওপর ঠায় বসিয়ে দিলেন। পরিহাসের বিষয় হলো, আমেরিকায় এ কাজে নেতৃত্ব দিতে এগিয়ে এলেন এমন একজন, যিনি শুধু ওই ওয়ান পার্সেন্টের একজন তা-ই নন; গত ৩০ বছর তিনি এই ব্যবস্থা নিজের প্রয়োজনে যথেচ্ছ ব্যবহার করে আঙুল ফুলে তরতরিয়ে কলাগাছ হয়েছেন।
ডানমুখী এই পপুলিজম শুধু আমেরিকায় নয়, পশ্চিম ইউরোপের অনেক দেশেই এখন ঝড় তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের প্রস্থান—তথাকথিত ব্রেক্সিট—এই পপুলিজমের প্রকাশ। জার্মানি, অস্ট্রিয়া ও পূর্ব ইউরোপের অধিকাংশ দেশেই সে ঝড়ের আভাস মিলেছে। শোনা যাচ্ছে, সমাজতন্ত্রী ফ্রান্সে অতি উগ্রবাদী ন্যাশনাল ফ্রন্টের প্রধান মারিন লা পেন আগামী নির্বাচনে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। এমনকি অতি সুশীল কানাডার কনজারভেটিভ পার্টিতেও উগ্রবাদীদের গলা উঁচু করার লক্ষণ দেখা যাচ্ছে।
এই অবস্থায় রাজনৈতিক বামের কি কোনো ভবিষ্যৎ আছে?
বাম তাত্ত্বিকেরা এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করেছেন। তাঁদের কেউ কেউ মনে করেন, ট্রাম্প অথবা ইউরোপীয় ডানপন্থী পপুলিস্টরা এখন যেসব স্লোগান ব্যবহার করছেন, তার অধিকাংশই বামপন্থীদের আবিষ্কার। ট্রাম্প ওয়াল স্ট্রিট-এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, অসমান বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, শ্রমিকের স্বার্থ রক্ষায় নিজের অঙ্গীকার ব্যক্ত করেছেন, একসময় এসবই ছিল বামদের নিজস্ব অ্যাজেন্ডা। তাহলে তাঁরাই বা কেন সেই একই অ্যাজেন্ডা একটি যথার্থ বামপন্থী প্ল্যাটফর্ম থেকে সব কর্মজীবী মানুষের সামনে তুলে ধরবেন না?
জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুরগেন হাবেরমাস ডিজিটাল পত্রিকা সোশ্যাল ইউরোপ-এর সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রস্তাব করেছেন, বাম শক্তিগুলোর উচিত হবে সামাজিক-অর্থনৈতিক অসাম্যের প্রশ্নে একটি পাল্টা আন্তর্জাতিক বিকল্প আন্দোলন গড়ে তোলা। (বিস্তারিত দেখুন: https: //www. socialeurope.eu/about-se/)। এই আন্দোলন অর্থনৈতিক বিশ্বায়নের বিরুদ্ধ পক্ষ হবে না, তাদের লক্ষ্য হবে বিশ্বায়ন যাতে শ্রমিক ও কর্মজীবী মানুষের কল্যাণে আসে, শুধু ওয়ান পার্সেন্টের নয়, তার জন্য লড়াই করা।
এই বিকল্প আন্দোলনের একটি যুক্তিপূর্ণ ভিত্তিভূমি আছে। যে শ্রমিক ও কর্মজীবীদের ভোটে ট্রাম্প বিজয়ী হন, তাঁদের প্রতি পাঁচজনের চারজন মনে করেন, চলতি অর্থনৈতিক ব্যবস্থা শুধু রাঘববোয়ালদের স্বার্থ রক্ষায় নিয়োজিত। রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি উভয় দলের নেতারাই সেই সব রাঘববোয়ালের পকেটে, তাঁদের স্বার্থ রক্ষাই এই দুই দলের প্রধান অ্যাজেন্ডা। হিলারিকে তাঁরা এই বিদ্যমান অবস্থা বা ‘স্ট্যাটাস কো’র পক্ষে এক অতন্দ্র প্রহরী হিসেবেই দেখেছেন। ট্রাম্প, যত স্থূল ও বর্বর হোন না কেন, এই স্ট্যাটাস কোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেটাই তাঁর জয়ের প্রধান কারণ।
কিন্তু ট্রাম্প মুখে যত কথাই বলুন, তিনি সংকটের সমাধান নন। বস্তুত, তিনি এই সংকটের একটি কারণ, এই সংকট থেকে সবচেয়ে বেশি ফায়দাও লুটেছেন তিনি। কোনো সন্দেহ নেই, খুব বেশি সময় লাগবে না তাঁর প্রতিষ্ঠানবিরোধী কথার অন্তঃসারশূন্যতা প্রমাণিত হতে।
সে প্রমাণের অপেক্ষা না করে বাম শক্তিগুলোর উচিত হবে নতুন করে সংগঠিত হতে এগিয়ে আসা। এই নতুন লড়াইয়ের লক্ষ্য হবে দ্বিমুখী—একদিকে মাঠ ও সড়ক পর্যায়ে সংগঠিত হওয়া, অন্যদিকে নির্বাচনী রণকৌশল নির্ধারণ। আমেরিকায় ডেমোক্রেটিক দলের দুই প্রধান প্রগতিশীল প্রতিনিধি—বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন সে কাজে নেতৃত্ব দিলে নতুন এই প্ল্যাটফর্মের প্রতি আস্থা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে। সে কথা মাথায় রেখে বামপন্থী সাপ্তাহিক দ্য নেশন পরামর্শ দিয়েছে, ‘শোক করো, প্রতিরোধ করো, সংগঠিত হও।’
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।