
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পর কিছুদিন আন্দোলনে ভাটা চলছিল। আসলে সবাই বুঝে গিয়েছিল যে আইয়ুবের দিন শেষ। তাহলে আর রাস্তায় নামার দরকার কী? এই ছিল মানুষের মনোভাব। কিন্তু ফরহাদ ভাই তো মানবেন না। তিনি ছিলেন যেন ‘পারমানেন্ট রেভল্যুশনের’ (বিরতিহীন বিপ্লব) নেতা।
তখন মোহাম্মদ ফরহাদ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সবচেয়ে তরুণ। পার্টি বেআইনি। কমরেড মিণ সিংহ মূল নেতা। কিন্তু ছাত্রদের মধ্যে মূল দায়িত্ব পালন করতেন মোহাম্মদ ফরহাদ। পাকিস্তান সরকারের হুলিয়া মাথায় নিয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতেন। প্রকৃতপক্ষে সে সময় পূর্ব পাকিস্তান (পূর্ব বাংলা) ছাত্র ইউনিয়ন যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছিল, তার পেছনে মূল চালিকাশক্তি ছিলেন ফরহাদ ভাই।
১৯৭০ সালের ২ বা ৩ এপ্রিল। একদিন ভোরে ফরহাদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে আমার রুমে চলে এলেন। ছাত্র ইউনিয়নের নেতৃস্থানীয় কয়েকজন বন্ধুও সেখানে ছিলেন। ফরহাদ ভাই বললেন, ইয়াহিয়া খান যে নির্বাচনের লিগ্যাল ফ্রেম ওয়ার্ক (এলএফও) ঘোষণা দিয়েছেন, সেটা শর্ত সাপেক্ষে মেনে নিয়ে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা বিবৃতি দিতে হবে। আমরা তো অবাক। আসলে আইয়ুবের মতো ইয়াহিয়া খানকেও ফেলে দেওয়ার জন্য আমরা আরেকটা গণ-অভ্যুত্থানের কথা ভাবছিলাম।
ফরহাদ ভাই বোঝালেন, আইয়ুব পড়ে গেছে। বিপ্লবের প্রথম পর্ব সফল হয়েছে। এখন চলমান বিপ্লবের ধারাকে নিয়ে যেতে হবে নির্বাচনের মাধ্যমে নতুন পর্যায়ে। তিনি বললেন, দেশে চলছে একধরনের ‘ডুয়েল পাওয়ার’। একদিকে ইয়াহিয়া খানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, আরেক দিকে পূর্ব বাংলায় গণমানুষের ক্ষমতা। নির্বাচনের মাধ্যমে গণবিপ্লব সাধন করতে হবে। ক্ষমতা ইয়াহিয়া খানের কাছ থেকে জনগণের হাতে নিয়ে আসতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব তখন বাংলা ও বাঙালির প্রাণের নেতা। তিনিও ঘোষণা দিয়েছেন, ইয়াহিয়ার এলএফওতে যা-ই থাকুক না কেন, নির্বাচন হবে। নির্ধারিত তারিখেই নির্বাচন হতে হবে। এক দিনও পেছানো যাবে না। সারা বাংলাদেশ উত্তাল। আমরা নির্বাচনে নেমে পড়লাম। এর পরের কাহিনি তো সবাই জানি।
বলছিলাম ফরহাদ ভাইয়ের ক্যারিশমাটিক নেতৃত্বের কথা। আমরা চিন্তা করতাম কাল কী হতে যাচ্ছে। আর ফরহাদ ভাই চিন্তা করতেন পরবর্তী পাঁচ-দশ বছরে আমাদের কোথায় পৌঁছাতে হবে। এবং সে অনুযায়ী ব্যাক ক্যালকুলেশন করে ভাবতেন কাল কী করতে হবে।
রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে ফরহাদ ভাইয়ের জুড়ি ছিল না। যখন রাজনীতিতে সংকট দেখা দিত, আমরা সবাই ধরে নিতাম ফরহাদ ভাই অবশ্যই একটা পথ বের করবেন। ‘ডুয়েল পাওয়ার’ ফর্মুলার কথা বললাম। ফরহাদ ভাইয়ের এ রকম আরেকটি বহুল প্রচারিত ও প্রশংসিত ফর্মুলা ছিল ‘ফিফটি-ফিফটি’, যা পরে ‘সিপিবি ফর্মুলা’ নামে পরিচিতি পেয়েছিল। আশির দশকের মাঝামাঝি সময়। এরশাদবিরোধী আন্দোলন তুঙ্গে। কিন্তু কিছুতেই তাঁকে ক্ষমতাচ্যুত করা যাচ্ছে না। এরশাদের উপজেলা নির্বাচন আমরা আগেই ছুড়ে ফেলে দিয়েছি। তাজুল, সেলিম-দেলোয়ারসহ অগণিত তরুণ শহীদ হলেন। আমরা বললাম, সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। এরশাদ তাতেই রাজি। কিন্তু আমরা বুঝলাম, এরশাদের হাতে সব ক্ষমতা যেহেতু কেন্দ্রীভূত, তাই নির্বাচনে ভোট ডাকাতি করে সব আসন তিনি নিয়ে নেবেন। সবাই দ্বিধাদ্বন্দ্বে। এরশাদের অধীনে সামরিক শাসনের মধ্যে নির্বাচনে গিয়ে কী লাভ হবে? আর যদি নির্বাচন না করি, তাহলে তো এরশাদ বলবেন, ওরা সর্বাগ্রে সংসদ নির্বাচন চেয়েছে, আমি দিলাম, কিন্তু ওরা নির্বাচন করল না।
এই সময় ফরহাদ ভাই সবাইকে চমকে দিয়ে তাঁর সেই বিখ্যাত ৫০-৫০ ফর্মুলা দিলেন। সংবাদ সম্মেলনে বললেন, আমরা অবশ্যই নির্বাচন করব। শেখ হাসিনা ১৫০টি আসনে ও খালেদা জিয়া ১৫০টি আসনে দাঁড়াবেন।
এই ঘোষণা বিদ্যুৎগতিতে সর্বত্র ছড়িয়ে পড়ল। তখন নিয়ম ছিল, যেকোনো ব্যক্তি যত খুশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এরশাদ দেখলেন নির্বাচনে তাঁর ক্ষমতায় থাকা কঠিন হবে। তাই তিনি দ্রুত আইন বদলে নতুন আইন করলেন যে একজন প্রার্থী পাঁচটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
অবশ্য সে সময় আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে এই ফর্মুলা নিয়ে প্রশ্ন উঠল। কেউ বললেন, শক্তিশালী দল হিসেবে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা অন্তত ১৮০ বা ২০০ আসনে দাঁড়াবেন। বিএনপিও আপত্তি তুলল। ফলে ফরহাদ ভাইয়ের ফর্মুলা গণ-আন্দোলনে জোয়ার সৃষ্টি করলেও পরিণতি লাভ করেনি।
কিন্তু একটা নাড়া দিয়ে গেলেন ফরহাদ ভাই। রাজনীতির অচলায়তন ভাঙতে তাঁর রণকৌশল সত্যিই অভাবনীয়।
ফরহাদ ভাই ছিলেন একজন বাস্তববাদী বিপ্লবী নেতা। তিনি শুধু চলতি রাজনীতির মধ্যেই নিজেকে আটকে রাখেননি; বিপ্লবের জন্য দলকে প্রস্তুত করার জন্যও সাংঘাতিক শ্রম দিতেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি একটানা কাজ করতেন। কেন্দ্র থেকে জেলা, এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত সিপিবির কোথায় কী হচ্ছে, কোন কমরেডের কী সমস্যা, কোন কমরেডকে নতুন কোন দায়িত্বে নিয়ে আসতে হবে—এসব বিষয় ছিল তাঁর নখদর্পণে।
ফরহাদ ভাই-ই প্রথম সিপিবিকে একটি সত্যিকার অর্থে গণভিত্তিক বিপ্লবী পার্টিতে রূপান্তরিত করেছিলেন। এ জন্য সংগঠনকে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত ভিত্তির ওপর দাঁড় করান। সাংগঠনিক কাঠামো দাঁড় করানো, সংগঠনের সর্বস্তরে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা, ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের অনুশীলন, পার্টির সদস্য ও কর্মীদের মার্ক্সবাদী দর্শন অধ্যয়নের জন্য পার্টির পরিচালনায় মার্ক্সবাদ-লেিননবাদ প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে প্রধানত তাঁর উদ্যোগই ছিল প্রধান।
ফরহাদ ভাইয়ের বড় গুণ ছিল কাজের প্রতি একাগ্রতা। তিনি যেটা চিন্তা করতেন, সেটা করেই ছাড়তেন। সিপিবিকে সংসদে যেতে হবে। কারণ, বিপ্লবের জন্য সংসদে নেতৃত্ব দিতে হবে। সংসদের ভেতরে-বাইরে সংগ্রামের প্রতি তিনি খুব জোর দিতেন। শেষ পর্যন্ত সিপিবি জাতীয় সংসদে ছয়টি আসনে বিজয়ী হয়। সিপিবির সংসদীয় দলের নেতা মোহাম্মদ ফরহাদ যেদিন সংসদে ভাষণ দিতেন, সারা দেশের কমরেডরাই শুধু নন, শ্রমিক-কৃষক খেটে খাওয়া মানুষও সেই বক্তৃতা শোনার জন্য উন্মুখ হয়ে থাকতেন।
বিপ্লব করতে হবে, মেহনতি মানুষকে ক্ষমতায় যেতে হবে; এ জন্য যা কিছু করা দরকার, করতে হবে। এই ছিল ফরহাদ ভাইয়ের ব্রত। আজ তিনি নেই। কিন্তু বারবার ফিরে যেতে হয় তাঁর কাছেই; তাঁর রণকৌশলের জন্য। মৃত্যুদিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]