বাড়াবাড়ি রকমের গণতন্ত্র বনাম সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ কান্ত

ক্ষমতায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাথমিক কাজগুলোর অন্যতম ছিল যোজনা আয়োগ বা ‘প্ল্যানিং কমিশন’ তুলে দিয়ে ‘নীতি আয়োগ’ গঠন। প্রধানমন্ত্রী নিজেই এই ‘থিংকট্যাংকের’ চেয়ারম্যান। এই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিতাভ কান্ত সম্প্রতি মন্তব্য করেছেন, ভারতে গণতন্ত্র বাড়াবাড়ি ধরনের; এই গণতন্ত্রের ফলে প্রয়োজনীয় কঠোর কাঠামোগত সংস্কার করা যায় না। এভাবে চীনকে মোকাবিলা করা সম্ভব নয়।

তিনি এক ভার্চ্যুয়াল আলাপচারিতায় ভারতীয় অর্থনৈতিক সংস্কার সম্পর্কে এই মন্তব্য করেন ৮ ডিসেম্বর, তার পরদিনই শুরু হয় ‘বড্ড বেশি গণতন্ত্র’ নিয়ে তর্ক–বিতর্কের ঝড়। অমিতাভ কান্ত নিজেকে বিরূপ সমালোচনা থেকে বাঁচাতে এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে দীর্ঘ নিবন্ধ লেখেন। কিন্তু তাতে বিতর্ক থামেনি। সত্যিই ভারতীয় গণতন্ত্র ‘বড্ড বেশি বেশি’ কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ‘বাড়াবাড়ি রকমের’ গণতন্ত্র সর্বস্তরে ভারতের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কি না, বিতর্ক চলছে তা নিয়েও। বিশেষ করে বিরোধী মহলে।

অমিতাভ কান্ত ঠিক কী বলেছিলেন, তা জানা জরুরি। অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তাঁর অভিমত ছিল, ‘…আমাদের দেশের গণতন্ত্র বড্ড বাড়াবাড়ি রকমের। তাই আমরা সবাইকে সমর্থন করে চলি। এই প্রথম একটা সরকার বলতে পারল, আমরা এমন পাঁচটা কোম্পানিকে সাহায্য করব, যারা বিশ্বে প্রথম সারির বলে গণ্য হবে। গ্লোবাল চ্যাম্পিয়ন হবে। অতীতে এই সাহস কেউ দেখায়নি। এমন কথা বলার রাজনৈতিক সদিচ্ছাও কারও ছিল না। সবাই বলে এসেছে, আমরা সবাইকে সাহায্য করব। কারণ, সবার ভোট প্রয়োজন। এই প্রথম কেউ একজন (নরেন্দ্র মোদি) সাহসী হয়ে বলতে পারলেন এমন পাঁচ সংস্থাকে সহায়তা করব, যারা অচিরে গ্লোবাল চ্যাম্পিয়ন হয়ে উঠবে। এটা এই সরকারের কৃতিত্ব।’

এরপরই অমিতাভের ব্যাখ্যা, কড়া সংস্কার করতে পারা ভারতে খুবই কঠিন। কারণ, ওই বাড়াবাড়ি রকমের গণতন্ত্র। প্রধানমন্ত্রী তা করতে পারছেন। খনি, কয়লার মতো ক্ষেত্রে কাঠামোগত সংস্কার তিনি আনতে পেরেছেন। কড়া সংস্কারের রাজনৈতিক ইচ্ছা ও দূরদৃষ্টি প্রধানমন্ত্রী দেখাতে পেরেছেন। নীতি আয়োগের সিইওর আশা, এভাবেই ভারত ‘আত্মনির্ভর’ হয়ে উঠবে। ‘আত্মনির্ভর ভারত’ নরেন্দ্র মোদির নবতম স্লোগান।

অমিতাভ কান্তর এই মন্তব্য এমন এক সময়ে, যখন কৃষিক্ষেত্রে সংস্কারকে কেন্দ্র করে হুলুস্থুল বেধে গেছে। এই প্রথম সরকার পড়েছে প্রবল এক প্রতিরোধের মুখে। অমিতাভের মন্তব্যের পক্ষে কিংবা বিপক্ষে শাসক দলের একজনকেও কিন্তু মুখ খুলতে দেখা যায়নি। সরকারেরও মুখে কুলুপ। তবে ওই মন্তব্যের ঠিক দুই দিনের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতীয় গণতন্ত্রের প্রশংসায় মুখর হন। একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে তাঁরই অনুগত ও অনুগামী অমিতাভ কান্তর মন্তব্যের কোনটি ঠিক, কোনটা ভুল, এই মুহূর্তের ভারতীয় গণতন্ত্রের চর্চায় তা নতুন মাত্রা যোগ করেছে।

প্রধানমন্ত্রীর কণ্ঠে গণতন্ত্রের জয়গান দূরদর্শনের কল্যাণে গোটা দেশ সেদিন শুনল। তিনি বললেন, ‘গণতন্ত্র ভারতের সুমহান ঐতিহ্য। গণতন্ত্র এ দেশের জীবনতত্ত্ব, জীবনতন্ত্র, জীবনমন্ত্র। ভিন্ন ধারণা ও মতাদর্শের অস্তিত্ব স্বীকার করেই এই গণতন্ত্রের পথচলা। মতপার্থক্য ও মতানৈক্যের অবসানে গণতান্ত্রিক পদ্ধতিই মুশকিল আসান।...গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকবেই। কিন্তু সংলাপের বিচ্যুতি ঘটানো চলবে না। এটাই ধ্রুব সত্য।’

প্রধানমন্ত্রীর মুখে গণতন্ত্রের এই মাহাত্ম্যবর্ণন সেই অর্থে অমিতাভের মন্তব্যকেই খণ্ডন করছে। কিন্তু কথা ও কাজের মধ্যে যে দুস্তর ব্যবধান, তত্ত্ব ও প্রয়োগের মধ্যে যে পার্থক্য, এই দুই পরস্পরবিরোধী বক্তব্য সেই বিতর্ককে জোরদার করে তুলেছে। বিরোধী মহল সরাসরি প্রশ্ন তুলেছে সরকারের ব্যবহারিক নিদর্শন নিয়ে। এই প্রশ্নমালায় সর্বশেষ সংযোজন সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করে দেওয়া। বিক্ষোভরত কৃষকদের সম্মিলিত দাবি সংসদের জরুরি অধিবেশন ডেকে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করা হোক। বিরোধীদের দাবিও তাই। অথচ সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করে দেওয়া হলো। সংসদীয় মন্ত্রী এই সিদ্ধান্ত সর্বসম্মত দাবি করলেও বিরোধীরা তা খণ্ডন করছে। সে যা-ই হোক, এই সিদ্ধান্ত কিন্তু পরোক্ষে নীতি আয়োগের অন্যতম শীর্ষ কর্তার অভিমতকেই মান্যতা দিচ্ছে। যদিও কারণ হিসেবে খাড়া করা হয়েছে করোনাকে।

গণতন্ত্রের তত্ত্বের সঙ্গে তার প্রয়োগের এই ফারাকই বিরোধীদের সরকার-সমালোচনার বড় অস্ত্র। যেমন তাদের প্রশ্ন, প্রথমবার সংসদ ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সিঁড়িতে মাথা ঠেকিয়েছিলেন। সংসদের সেন্ট্রাল হলে জোটের প্রথম বৈঠকে ভারতীয় সংবিধানকে প্রণাম করেছিলেন। অথচ গণতান্ত্রিক মূল্যবোধ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কপিল সিবাল বলেছেন, ‘গত ছয় বছরে একটিবারের জন্যও সংসদের কোনো কক্ষে তাঁকে প্রশ্ন করার সুযোগ কোনো সাংসদকে প্রধানমন্ত্রী দেননি।’ বিরোধীদের অভিযোগ, সরকারের জরুরি ও গুরুত্বপূর্ণ প্রতিটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিরোধীদের অন্ধকারে রেখে। তা সে নোট বাতিল হোক, মধ্যরাতের মাহেন্দ্রক্ষণে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু হোক, নাগরিকত্ব সংশোধন আইন প্রণয়ন হোক, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ হোক অথবা করোনার মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্ত। সরকার কোনো ক্ষেত্রে একটিবারের জন্যও বিরোধীদের অভিমত জানা অথবা সর্বদলীয় বৈঠক ডাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেনি। বিরোধী মহলের অভিযোগ, বহুত্ববাদী ভারতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে ঐকমত্যে পৌঁছানোর যে রীতি দীর্ঘদিন ধরে পালিত হয়ে এসেছে, ইদানীং তা লুপ্তপ্রায়। সংলাপ হয়ে গেছে গুরুত্বহীন। ভেঙে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো।

নীতি আয়োগের শীর্ষস্থানীয় কর্তা তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যাখ্যা ভুল হলে তা অবশ্যই কাঙ্ক্ষিত নয়। কৃষি সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর বক্তব্য, দীর্ঘ দুই দশক ধরে বিভিন্ন পর্যায়ে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। আজ যে আইন প্রণীত, তা হুট করে নয়। কৃষকদের তো বটেই, অর্থনৈতিক কারণেও এই সংস্কার জরুরি। এখানেও চলে আসছে সেই তত্ত্ব বনাম ব্যবহারিক প্রয়োগের চিরন্তন দ্বন্দ্ব। প্রশ্ন উঠছে, এই সংস্কার যদি কৃষকস্বার্থেই হয়ে থাকে, কৃষক সংগঠন তাহলে একজোট হয়ে বিরোধিতার পথে কেন? কেনই-বা তারা ‘কৃষকদের অন্ধকারে রেখে’ সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারকে অভিযুক্ত করছে? তবে কি ধরে নিতে হবে, ভারতের মতো দেশে ‘বাড়াবাড়ি রকমের গণতন্ত্র’ সত্যিই উন্নয়নের অন্তরায়?

বহুত্ববাদী গণতন্ত্রী ভারতে এই সংস্কৃতি বিতর্কের এক নতুন দরজা হাট করে খুলে দিল।

সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি