বায়ুদূষণ ও অর্থবছরের মেয়াদ
প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে, প্রতিদিন হাতির ঝিল হয়ে অফিসে আসতে হয়। যাতায়াত বাইসাইকেলে। হাতির ঝিলের মসৃণ রাস্তায় বেশ স্বাচ্ছন্দ্যে সাইকেল চালানো যায়, কিন্তু এফডিসি-কারওয়ান বাজার সড়কে ওঠামাত্র শুরু হয় রাজ্যের সমস্যা। ভাঙা রাস্তায় একদিকে যেমন সাইকেল চালানো কঠিন, তেমনি ধুলার কারণে চোখ-নাক খোলা রাখাও দায়। পুরো মগবাজার উড়ালসড়ক প্রকল্প এলাকার একই অবস্থা।
উড়ালসড়কের নির্মাণকাজের জন্য চারদিক থাকে ধুলায় ধূসরিত। ফলে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, তাদের জন্য এই এলাকা নরকতুল্য। আর যাদের তা নেই, এসব রাস্তায় চলাচল করলে তারাও কিছুদিনের মধ্যে শ্বাসকষ্টে ভুগতে শুরু করবে, নিঃসন্দেহে।
শুকনো মৌসুমে ঢাকা নগরের বায়ুতে ধুলার উপস্থিতি মারাত্মক আকার ধারণ করে। কথা হচ্ছে, আমাদের দেশ পলিমাটিতে গড়ে উঠেছে বলে এখানে এমনিতেই ধুলাবালু বেশি। কিন্তু আমাদের ভুল ব্যবস্থাপনা ও অসচেতনতার জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। ঢাকা নগরের বেশির ভাগ রাস্তাই ভাঙাচোরা, যার কারণে বাতাসে ধুলার পরিমাণ বেড়ে যায়। আর এই শুকনো মৌসুমেই শুরু হয় সড়ক সংস্কারের কাজ, আর তার সঙ্গে সারা বছরই তো নানা রকম খোঁড়াখুঁড়ি চলেই। আবার আছে বিভিন্ন নির্মাণকাজ। যদিও দেশের পরিবেশ আইন অনুযায়ী নির্মাণস্থল থেকে যাতে ধুলাবালু না ওড়ে, সে জন্য নির্মাতাদের বালু-খোয়া প্রভৃতি নির্মাণ উপকরণ ঢেকে রাখা এবং সেখানে পানি ছিটিয়ে ধুলা ওড়া বন্ধ করার কথা। কিন্তু এই দেশে কে আইন মানে! আমজনতা থেকে শুরু করে দেশের মন্ত্রী—কেউই আইনের ধার ধারেন না। ফলে এ মৌসুমে বাতাসে ধুলাবালুর পরিমাণ মারাত্মক বেড়ে যায়। আবার বর্ষা মৌসুমে পরিমিত বৃষ্টিপাত হলে এই বায়ুদূষণের পরিমাণ কমে যায়।
শুকনো মৌসুমে ধুলাবালুর পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে আমাদের অর্থবছরের মেয়াদের সম্পর্ক আছে। আমাদের অর্থবছরের মেয়াদ হচ্ছে জুলাই থেকে জুন মাস পর্যন্ত। অর্থাৎ, জুন মাসে বাজেট পাস হওয়ার পর ১ জুলাই থেকে অর্থবছর শুরু হয়। অর্থবছর শুরু হয় একদম ঘোর শ্রাবণ মাসে, শেষও হয় আষাঢ় মাসে। এতে অর্থবছরের একদম প্রথমেই উন্নয়নকাজ করা শুরু করা যায় না। আর আমাদের জাতিগত বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু শেষ মুহূর্তে শুরু করা। দেখা যায়, ফেব্রুয়ারি-মার্চ মাসে আমাদের বোধোদয় হয়, উন্নয়ন বাজেটের অনেক টাকা পড়ে আছে। কিন্তু অর্থবছরের মেয়াদ যদি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হতো, তাহলে এই সমস্যা এতটা তীব্র হতো না। তখন অর্থবছরের শেষের দিকে কাজ শুরু হলেও বর্ষার পরপর, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ হতো। আবার চাইলে জানুয়ারিতেও পুরোদমে কাজ করা যেত।
ফেব্রুয়ারি-মার্চ মাসে শুরু হয় তড়িঘড়ি, তখন নানা জায়গায় শুরু হয়ে যায় সংস্কার ও নির্মাণকাজ। ব্যতিক্রমহীনভাবে প্রতিবছরই এমনটা হয়। ফলে একদম ঘোর শুকনো মৌসুমে রাস্তা ও ড্রেনের সংস্কারকাজ শুরু হয়। তথ্যমতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ মুহূর্তে মোট ৫৭টি ওয়ার্ডে ১৭৫ কিলোমিটার সড়ক, ১৯২ কিলোমিটার ড্রেন, ২৫ কিলোমিটার ফুটপাতসহ নানা কাজ করছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এ অর্থবছরের মধ্যেই ১৮ কিলোমিটার সড়ক, ৪৬ কিলোমিটার ড্রেন সংস্কার করবে, যার কাজ তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। শুকনো মৌসুমে এমনিতেই বাতাসে ধুলাবালু বেশি থাকে, আর তার সঙ্গে এই উন্নয়নকাজ শুরু হওয়ায় পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। এ সময়টা শ্বাসকষ্টের রোগীদের জন্য মারাত্মক। অথচ এই শ্বাসকষ্টের রোগীরা যদি ঢাকা ছেড়ে ইউরোপের কোনো শহরে যায়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায়, তারা এই শ্বাসকষ্টের যন্ত্রণা থেকে মুক্তি পাবে।
আমরা যে চাইলেই পারি তার উদাহরণ হচ্ছে হাতির ঝিল প্রকল্প। যখন এর কাজ চলছিল, তখন সেখানে ধুলাবালুর কারণে যাওয়াই ছিল দায়, আর এখন সেখানে সাইকেল চালানোর সময় ধুলাবালুর কারণে কষ্ট হয়—সে রকম বোধ করি না। সেখানে ধুলাবালু নেই তা নিশ্চয়ই নয়, তবে কম। অর্থাৎ, আমাদের কাজের পরিকল্পনা ও প্রক্রিয়াতে একটু পরিবর্তন আনলেই বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তার সঙ্গে পরিবেশ আইনের কঠোর প্রয়োগ করতে হবে। কারণ, মানুষের ক্ষতি করে আর যা-ই হোক, উন্নয়ন হয় না।