বিএনপি আবার উঠে দাঁড়াতে পারবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের একটি। দলটি কয়েক মেয়াদে প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। লে. জেনারেল (অব.) জিয়াউর রহমান বীর উত্তম, বিচারপতি মো. আবদুস সাত্তার ও বেগম খালেদা জিয়া পর্যায়ক্রমে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপিকে মানুষ পরস্পরের বিকল্প হিসেবে দেখে। আজ ১ সেপ্টেম্বর বিএনপির জন্মদিন। দলটি ৩৭ বছর পেরিয়ে ৩৮-এ পা দিল।
বিএনপির কথা বলতে হলে অবধারিতভাবে এর প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কথা উঠে আসে। পঁচাত্তরের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাপ্রবাহ জিয়াউর রহমানের উত্থানের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। কিন্তু ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে তাঁকে অপেক্ষা করতে হয়েছিল আরও ৮৪ দিন। ৭ নভেম্বরের সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়া সরাসরি ক্ষমতার শীর্ষে পৌঁছে যান। তখন তিনি সেনাপ্রধান।
পঁচাত্তরের ১১ নভেম্বর বেতার ও টেলিভিশনে প্রচারিত ভাষণে জিয়া বলেছিলেন, ‘আমি রাজনীতিবিদ নই। আমি একজন সৈনিক।...রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক।’ কিন্তু ১৯৭৬ সাল থেকে নেওয়া তাঁর পদক্ষেপগুলো প্রমাণ করে, তাঁর অবধারিত গন্তব্য ছিল ‘রাজনীতি’।
জিয়াউর রহমানের শুভাকাঙ্ক্ষীদের একজন ছিলেন তাঁর পিতৃবন্ধু সাবেক সরকারি কর্মকর্তা আকবর কবির (পরবর্তী সময়ে সায়েম-জিয়া সরকারের উপদেষ্টা)। ১৯৭৬ সালের ১১ ফেব্রুয়ারি জিয়াকে লেখা ব্যক্তিগত চিঠিতে তিনি বলেন, ‘...রাজনীতি এবং নির্বাচন শুরুর আগে...কমপক্ষে চার-পাঁচ বছর অপেক্ষা করা দরকার বলে মনে করি। গুটি কয়েক দুর্নীতিবাজ এবং লোভী রাজনৈতিক শকুন ছাড়া সবাই জনগণকে তৈরি করতে এই সময়টুকু মেনে নেবে বলে আমি নিশ্চিত। এটা বলা দরকার, রাষ্ট্রপতি এবং তাঁর বিশেষ সহকারী (বিচারপতি সাত্তার) অনেক বাতিল, দুর্নীতিবাজ, যাঁরা অনেকেই বিদেশি শক্তির দালাল এবং অবাঞ্ছিত তথাকথিত রাজনীতিবিদদের বঙ্গভবনে দাপটের সঙ্গে চলাফেরা করতে দিচ্ছেন। এটা দেখে আমি খুবই হতাশ।’
মার্কিন নথিতে জিয়াউর রহমানের উত্থান এবং এর ধারাবাহিকতায় বিএনপির জন্মের প্রসঙ্গ আছে। ঢাকার মার্কিন দূতাবাসের উপপ্রধান অরভিং চেলস মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো এক বার্তায় (নম্বর ১৯৭৬ ঢাকা এ ০৫৫৪৫) মন্তব্য করেছিলেন, ‘জিয়া এখন অনেক বেশি নিরুদ্বেগ, সংকল্পবদ্ধ, আত্মবিশ্বাসী ও পেশাদার রাজনৈতিক নেতা। এই নতুন লোকটি আর ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে আমি মনে করি না।’ (প্রথম আলো, ১৯-২১ সেপ্টেম্বর ২০১০)
১৯৭৫ সালের ১৫ আগস্ট ক্ষমতা হাতে নিয়ে খন্দকার মোশতাক ১৯৭৭ সালের ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৭ নভেম্বরের পালাবদলের পর ওই দিন সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি বিচারপতি এ এস এম সায়েম এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জিয়া রাষ্ট্রপতি সায়েমকে দিয়ে ২১ নভেম্বর (১৯৭৬) নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এক দিন পরেই জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে সরকারপ্রধানের ক্ষমতা নিজ হাতে নিয়ে নেন। একটা রাজনৈতিক ভিত তৈরির জন্য তাঁর আরও সময়ের প্রয়োজন ছিল।
জিয়া এগোচ্ছিলেন ধাপে ধাপে। ১৯৭৮ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’ (জাগদল) তৈরি করেন। তিনি নিজে দলটির দায়িত্বে না থেকে উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে এর চেয়ারম্যান নিযুক্ত করেন। তিনি ‘সমমনা’দের নিয়ে একটা বৃহত্তর রাজনৈতিক বলয় তৈরি করার লক্ষ্যে ১ মে (১৯৭৮) প্রতিষ্ঠা করলেন ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’। তিনি ফ্রন্টের চেয়ারম্যান হলেন। ৩ জুনের (১৯৭৮) রাষ্ট্রপতি নির্বাচনে ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক ঐক্যজোটের’ প্রার্থী জেনারেল (অব.) ওসমানীকে হারিয়ে ‘নির্বাচিত রাষ্ট্রপতি’ হলেন।
রাজনৈতিক দল হিসেবে ’৭৮-এর ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করলেও বিএনপি সরকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি ২০৭টি আসন পায়। আওয়ামী লীগ ৩৯ আসন পেয়ে স্বাধীন বাংলাদেশে ‘প্রথম সংসদীয় বিরোধী দল’ হিসেবে আত্মপ্রকাশ করে।
আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল রাষ্ট্রীয় চার নীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। জিয়া এর বিপরীতে দাঁড় করালেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদের’ দর্শন। এ প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা ছিল এ রকম: জাতীয়তাবাদ কী?...বিশ্বে
বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে, ‘রেসিয়াল’ বা জাতিভিত্তিক জাতীয়তাবাদের কথা এ প্রসঙ্গে সর্বপ্রথম
এসে যায়।...এরপর আসে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের কথা। বাঙালি জাতীয়তাবাদের স্লোগান এ ধ্যানধারণা থেকেই উৎসারিত। এ কারণেই আওয়ামী লীগাররা বাঙালি জাতীয়তাবাদের স্বপ্নে এখনো বিভোর রয়েছে। আবার মুসলিম লীগ, আইডিএল এবং জামায়াতিরা বলে যাকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কথা। ...পাকিস্তান প্রতিষ্ঠার পর এ ধর্মভিত্তিক জাতীয়তাবাদ কায়েম করতে গিয়ে বাংলাদেশকে শোষণ ও শাসন চালানো হলো। কিন্তু ধর্মভিত্তিক জাতীয়তাবাদের নামে ‘পলিটিকস অব এক্সপ্লয়েটেশন’ পাকিস্তানকে এক রাখতে পারল না। প্রতিষ্ঠিত হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটি অঞ্চলকে ভিত্তি করেও রাজনীতি চলতে পারে, গড়ে উঠতে পারে নতুন এক জাতীয়তাবাদ।...তাই আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সার্বিক জাতীয়তাবাদ। .....আমাদের আছে জাতিগত গৌরব, রয়েছে সমৃদ্ধিশালী ভাষা এবং আছে ধর্মীয় ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান হিসেবে আমরা এক গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দা। বাংলাদেশি জাতীয়তাবাদ একদিকে যেমন ধর্মভিত্তিক নয়, তেমনি আবার ধর্মবিমুখও নয়। (বাংলাদেশি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান, www.bnpbd.org)।
‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ নিয়ে আলোচনা-সমালোচনা আছে। কিন্তু এটা সত্য যে দেশের একটা বড় জনগোষ্ঠীর কাছে এই দর্শন গ্রহণযোগ্যতা পেয়েছে। এটাই হলো বিএনপির ‘কনস্টিটুয়েন্সি’। পরে হুসেইন মুহম্মদ এরশাদও বাংলাদশী জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণ করেন।
জিয়া খুব অল্প সময় পেয়েছিলেন। ১৯৮১ সালের ৩০ মে একটা ব্যর্থ অভ্যুত্থানে তিনি যখন নিহত হন, তাঁর বয়স তখন ৫০-ও হয়নি। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান লে. জেনারেল এরশাদ যখন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন, বিএনপি তখন সংকটে পড়ে যায়। দলের অনেক শীর্ষ নেতাকে এরশাদ নানা সুযোগ-সুবিধা ও পদ-পদবি দিয়ে কিনে নেন। দলটি একাধিকবার ভাঙনের মুখে পড়ে। তারপরও বিএনপি টিকে আছে; ১৯৮৪ সাল থেকে দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে দেশে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার সরকার গঠন করে।
১৯৯১ সাল থেকে দেশে দ্বি–দলীয় রাজনীতি মোটামুটি দাঁড়িয়ে গেছে। পালা করে বিএনপি ও আওয়ামী লীগ দেশ শাসন করছে। এ দুই বড় দলের সঙ্গে উপগ্রহের মতো ঘুরছে অনেক ছোট দল। কিন্তু সাধারণ মানুষ বিএনপি ও আওয়ামী লীগকেই একে অন্যের বিকল্প হিসেবে দেখে।
দল দুটির মধ্যে রয়েছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। তাদের কথাবার্তা অনেক সময় ভব্যতার সীমা ছাড়িয়ে যায়। অসুস্থ বাদানুবাদ ও কাদা-ছোড়াছুড়ি লেগেই আছে। তারপরও নিয়ম করে দুই দলের দুই শীর্ষ নেতা ঈদ-পার্বণে শুভেচ্ছা বিনিময় করেন, যখন তাঁদের লাঠিয়াল বাহিনী একে অপরকে ঘায়েল করতে ব্যস্ত থাকে।
বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের প্রধান অভিযোগ হলো, ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিলেন। এটা ঠিক যে রাষ্ট্রপতি সায়েম পঁচাত্তরের ৮ নভেম্বর যে সামরিক ফরমান জারি করেছিলেন, তার সূত্র হিসেবে খন্দকার মোশতাকের ২০ আগস্টের ফরমানের উল্লেখ আছে। অর্থাৎ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া ২০ আগস্টের ফরমানের ধারাবাহিকতায় ৮ নভেম্বরের ফরমানটি গ্রহণ করে জিয়া ১৫ আগস্ট অভ্যুত্থানের কুশীলবদের পক্ষে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। এটা বিএনপির জন্য একটা কালো দাগ মনে হলেও প্রকৃতপক্ষে এটাকেই বিএনপি তাদের শক্তির উৎস বলে মনে করে। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধারণাগত মূল পার্থক্য। এই পার্থক্যকে কেন্দ্র করেই দেশে দুটি রাজনৈতিক ধারা চলে আসছে।
বিএনপি নতুন করে সংকটে পড়ে ২০০৬ সালের শেষ দিকে। সাধারণ নির্বাচনের জন্য তাদের তৈরি ‘সাজানো বাগান’ এক-এগারোর সামরিক হস্তক্ষেপে তছনছ হয়ে যায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কুশলী নেতৃত্বে তাঁর দলের ‘শত্রু’ কমে যায় এবং অনেক ‘শত্রুকে’ তিনি তাঁর জোটে নিয়ে এবং সরকারের অংশীদার করে তাঁদের নির্বিষ করে দিতে সক্ষম হন। অন্যদিকে বিএনপি অত্যন্ত রক্ষণশীল ও ডানপন্থী কয়েকটি দলকে জোটে রেখে ক্রমাগত বিচ্ছিন্নতার দিকে চলে গেছে এবং জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের সামগ্রিক দর্শনকে ছেঁটে দিয়ে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের দিকে অতিমাত্রায় ঝুঁকে পড়েছে। ভোটের হিসাবে অবশ্য বিএনপির তেমন ক্ষতি হয়নি।
২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি গভীর সংকটে পড়ে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থেকে শেষমেশ
দলটি নির্বাচন বর্জন করে। ওই সময় রাজনীতি ছিল সহিংসতায় ঠাসা। কিন্তু নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েও তা না করতে পেরে আওয়ামী লীগকে তারা রীতিমতো ওয়াকওভার দিয়ে দেয়। আগামী নির্বাচনে বিএনপি কী কৌশল নেবে, তার ওপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ।
ক্ষমতার ভরকেন্দ্র থেকে ছিটকে পড়ে বিএনপি রীতিমতো বিপর্যস্ত। দলের অনেক নেতার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক নেতা-কর্মী অজস্র মামলায় জড়িয়ে পড়েছেন। অন্যরা নিষ্ক্রিয়। ক্ষমতায় যেতে হলে বিএনপির সামনে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের বড় সুবিধা হলো, তারা ক্ষমতায় থেকেই নির্বাচন করবে। এখন কোটি টাকার প্রশ্ন হলো, বিএনপি ঘর গুছিয়ে আবার উঠে দাঁড়াতে পারবে কি না।
মহিউদ্দিন আহমদ: লেখক-গবেষক
[email protected]