কারও দিকে ঢিল মারা খারাপ। তবে কখনো কখনো ভালোও হতে পারে। যেমন, আওয়ামী লীগ এখন জামায়াতের দিকে ঢিল মারছে। থানা-পুলিশ, মামলা, ধরপাকড় করে জামায়াতকে বিএনপির জোট থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। তাই এই ঢিল বিএনপিকেও কিছুটা আঘাত করছে। এখন বিএনপি পাল্টা আওয়ামী লীগের দিকে পাটকেল (ইটের টুকরা) মারুক। আওয়ামী লীগ যেমন জামায়াতের দিকে লক্ষ্যস্থির করেছে, বিএনপি তেমনি এরশাদের জাপার দিকে লক্ষ্য করে পাটকেল মারতে থাকুক। এই ইট-পাটকেল খেলায় যদি জামায়াত ও জাপা উভয়েই দুই জোট থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে পারে। অর্থাৎ একাত্তরের ঘাতক-দালালের দল ও আশির দশকের স্বৈরাচারী এরশাদের দল কার্যকর রাজনীতির বাইরে ছিটকে পড়বে। এর চেয়ে মঙ্গলজনক আর কী হতে পারে!কিন্তু বিএনপি সে পথে না গিয়ে বরং জামায়াতের হরতালের প্রতি ‘নৈতিক’ সমর্থন দিয়েছে। জামায়াতের হরতালের একটা যৌক্তিকতা খুঁজে পেয়েছে। তারা জামায়াতকে হাতছাড়া করতে চায় না। তাই সরাসরি সমর্থন না দিলেও তাদের সঙ্গে থাকার কথা জানিয়ে দিয়েছে। আগে জামায়াত বিএনপির পিছে পিছে থাকত, এখন বিএনপি জামায়াতের পিছে পিছে যাচ্ছে! এটা কি বিএনপির জন্য খুব সম্মানজনক হলো?বিএনপি বলবে, তাদের হাতে তো থানা-পুলিশ-প্রশাসন নেই যে মামলা-হামলা করে এরশাদকে কোণঠাসা করবে। আওয়ামী লীগ ক্ষমতায়। তাই তারা জামায়াতকে দাবড়ানি দিতে পারছে। বিএনপি ক্ষমতায় নেই। তাদের উপায় নেই। তাই জামায়াতকে জোটছাড়া করতে দিলে চলবে কেন। সামনে নির্বাচন।এ অবস্থায় বিএনপি একটা নীতিনিষ্ঠ অবস্থান নিতে পারে। তারা এরশাদের বিরুদ্ধে একাধারে প্রচার চালিয়ে যেতে পারে। বলতে পারে, এবং যেটা ওরা সব সময়ই বলে আসছে যে, আওয়ামী লীগ স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে নষ্ট রাজনীতি করছে। এ কথা যে মিথ্যা নয়, তা সবাই জানে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতনের পর কেউ আশা করেনি যে এই এরশাদ কোনো দিন দেশের রাজনীতিতে এমনভাবে পুনর্বাসিত হবে। এরশাদের পতনের পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতাসীন হয়ে এরশাদের বিরুদ্ধে একের পর এক মামলা করে তাঁকে জেলে ঢোকায়। এরশাদ অনেকটা কাবু হয়ে এসেছিলেন। কিন্তু ১৯৯৬ সালের নির্বাচনের পর সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এরশাদের সঙ্গে আওয়ামী লীগ একটা গোপন সমঝোতা করে। তাঁকে কিছু সুবিধা করে দেয়। তাঁর মামলাগুলো একে একে কমজোরি করে ফেলা হয়। এভাবে আওয়ামী লীগের হাত ধরে রাজনীতিতে এরশাদের পুনর্বাসনের শুরু। এরপর আসে বিএনপির সহযোগিতা। ওরা এরশাদ ও জামায়াতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এরশাদের রাজনৈতিক ও সামাজিক পুনর্বাসনের রাস্তা পাকাপোক্ত হয়। অবশ্য পরবর্তীকালে অনেক উত্থান-পতন গেছে। প্রতিবারই এরশাদ পিছলে গিয়ে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির সঙ্গে হাত মিলিয়ে রাজনীতিতে পরগাছারূপে টিকে থাকতে পারছে। এখন একটা সুযোগ এসেছে এরশাদের বিরুদ্ধে লাগার। এরশাদকে আওয়ামী লীগের মহাজোট থেকে ছুটিয়ে দিতে পারলে আওয়ামী লীগ দুর্বল হবে, তার সুফল পাবে বিএনপি।জামায়াতের ব্যাপারটাও অনেকটা এ রকমই। একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশে জামায়াত রাজনীতি করবে, এটা তো কল্পনাতীত। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে ধীরে ধীরে জামায়াতকে রাজনীতির সুযোগ করে দেন। বিএনপির জন্মলগ্ন থেকেই জামায়াতের সঙ্গে তাদের রাজনৈতিক মৈত্রীবন্ধন তৈরি হয়। এটা অব্যাহত রাখা যে বিএনপির কর্তব্য, তা স্বীকার করতে তাদের আপত্তি নেই। বিএনপিকে জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের ব্যাপারে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা কি আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে করব? আমরা আমাদের রাজনীতি করি...।’ বিএনপি অকপটে স্বীকার করে নিল যে জামায়াতের সংস্রব তাদের রাজনীতির অঙ্গ! এটা বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়। মাঝে এরশাদবিরোধী আন্দোলনের সময় জামায়াতকে তথাকথিত ‘যুগপৎ’ আন্দোলনের নামে মাঠে নামার সুযোগ করে দেয় বিএনপি ও আওয়ামী লীগ। এ সময় জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের মাখামাখি বাড়ে। ১৯৮৬ সালের নির্বাচনে জামায়াত ও আওয়ামী লীগ নির্বাচনে যায়, অথচ বিএনপি সে সময় এরশাদের অধীনে নির্বাচনে যেতে অস্বীকৃতি জানায়। আওয়ামী লীগের সমর্থনে জামায়াত মাঠের রাজনীতিতে শক্তি অর্জন করতে থাকে। বিএনপিও বসে থাকে না। ১৯৯১ সালের নির্বাচনে প্রায় ৭০টি আসনে জামায়াতের সঙ্গে বিএনপির গোপন সমঝোতা হয়। জামায়াত ১৮ ও সংরক্ষিত আসনে দুটি মিলিয়ে মোট ২০টি আসন পায়। এই প্রথম জামায়াত বড় ধরনের শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারে। কিন্তু ১৯৯৪-১৯৯৬ সালে আওয়ামী লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। অবশ্য এর সুফল জামায়াত পায়নি। ১৯৯৬ সালের নির্বাচনে তারা মাত্র তিনটি আসন পায়। ফলে তারা বুঝতে পারে, বিএনপির আশ্রয়ই তাদের জন্য উত্তম। জামায়াত আবার বিএনপিতে ভিড়ে পড়ে। ঝাঁকের কই ঝাঁকে যায়।এখন জামায়াত বেশ তরতাজা হয়ে উঠেছে। তারা পুলিশ পেটায়। বিজয়ের মাস ডিসেম্বরে হরতাল ডাকে। হরতালে বাসে আগুন দেয়। তারা মাঠে নামিয়েছে একদল যুবক। ওরা জিনস পরে। পিঠে তাদের কলেজের ব্যাগ (ব্যাক-প্যাক)। চোখেমুখে সহিংস উত্তেজনা। পুলিশের রাইফেল কেড়ে নিয়ে সেই রাইফেলের বাঁট দিয়ে তারা যেভাবে পুলিশ পিটিয়েছে, তাতে মনে হয় ওরা বোধ হয় আবার একাত্তর-আগের ‘পূর্ব পাকিস্তানে’ ফিরে গেছে।জামায়াত ও এরশাদ পেন্ডুলামের মতো বিএনপি ও আওয়ামী লীগের দরজায় ঘুরে ঘুরে রাজনীতি করছে। বড় দল দুটি তাদের আশকারা না দিলে এ দেশে রাজনীতি করার কোনো ভিত তাদের থাকার কথা নয়। সুতরাং এখন সময় এসেছে, বড় দুটি দল তাদের বিসর্জন দিয়ে রাজনীতিকে ঘাতক-দালাল ও স্বৈরাচারমুক্ত করুক। এদের দূর করতে পারলে কালোটাকা, কালো রাজনীতি, ঘুষ-দুর্নীতি, খুন-জখম, অরাজকতা দূর করার প্রধান একটি শর্ত সৃষ্টি হবে। দূর করার সহজ উপায় হলো আওয়ামী লীগ ও বিএনপির একটি যৌথ বিবৃতি। তারা একমত হয়ে দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলবে, অনেক ভুল হয়েছে, আর নয়। এখন থেকে তাদের কেউ জামায়াত ও এরশাদকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে না। দুই বড় জোট ও দলের সমর্থনের ছাতাটা তাদের মাথার ওপর থেকে সরিয়ে নিলেই তারা শক্তিহীন হয়ে রাজনীতির আস্তাকুঁড়ে পতিত হবে। দেশের জন্য সেটা হবে সবচেয়ে বড় সুসংবাদ।এখন প্রশ্ন হলো, বিএনপি ও আওয়ামী লীগের এমন সুমতি হবে কি না। আপাতদৃষ্টিতে কেউই প্রস্তুত নয়। তারা যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। এ জন্য নীতিনৈতিকতা, আদর্শ বিসর্জন দিতেও তাদের দ্বিধা নেই। বাংলাদেশের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে?আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ব্যর্থতা আছে। আবার অর্জনও কম নয়। বিশেষভাবে যখন বিশ্বের উন্নত অর্থনীতির দেশ বিলেত-আমেরিকা বিশ্ব অর্থনৈতিক মন্দায় কাবু, তখনো তিন-চার বছর ধরে বাংলাদেশের অর্থনীতি ৬ শতাংশ বা তারও বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে। বিশ্বব্যাংক একে অমীমাংসিত বিস্ময় বলে অভিহিত করেছে। একদিকে যেমন হল-মার্ক কেলেঙ্কারি হচ্ছে, অন্যদিকে তেমনি কেলেঙ্কারির হোতাদের গ্রেপ্তারও করা হচ্ছে। ডেসটিনির প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পদ্মা সেতুতে দুর্নীতি-চেষ্টার অভিযোগ যেমন উঠেছে, তেমনি আবার দুদকের তদন্তে দায়ী ব্যক্তিদের নামধাম প্রকাশ পেতে শুরু করেছে। এগুলো শক্তির দিক। সাফল্য ও ব্যর্থতা নিয়েই সরকার চলেছে। আগামী নির্বাচনে মানুষ এসব দিক বিচার করেই ভোট দেবে। সমস্যা থাকলেও সরকারের সামনে সম্ভাবনা কম নয়।অন্যদিকে বিএনপির সামনে রয়েছে বিরাট সুযোগ। নানা কারণে সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। চালের দাম কমে তো অন্য জিনিসের দাম বাড়ে। জ্বালানি তেল, বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে। খুন-জখম বেড়ে চলেছে। ইলিয়াসের গুমের পর দেশবাসী ফুঁসে উঠেছিল। তার রেশ এখনো মিলিয়ে যায়নি। সরকারি দলের নেতা-কর্মীদের দাপটে অনেক এলাকায় মানুষ অতিষ্ঠ। চলছে নীরব চাঁদাবাজি। সুতরাং আগামী নির্বাচনে মানুষের সমর্থন লাভের সম্ভাবনা বিএনপির আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি। এই সুযোগ তাদের গ্রহণ করতে হবে।নির্বাচনমুখী একটা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। লন্ডনে বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধিরা আলোচনা করেছেন। বিএনপি হয়তো সংসদে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের একটা উপায় বের করা জরুরি। এই অবসরে জামায়াত এবং এরশাদের দল জাতীয় পার্টিকে রাজনীতির পরিসীমার বাইরে ঠেলে দিতে পারলে সেটা হবে সবচেয়ে ফলপ্রসূ ‘মাইনাস টু’। জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগ ঢিল ছুড়ে আর এরশাদের দল জাপার দিকে বিএনপি পাটকেল ছুড়ে তারা একে অপরের প্রতি আক্রোশও মেটাতে পারবে, আবার একই সঙ্গে সম্ভাবনাময় মাইনাস টু কার্যকর করতে পারবে। আগে তো দুই নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছিল। এখন দুই নেত্রী একত্রে বসে নতুন ‘মাইনাস টু’ করে রাজনীতিকে এক ধাপ উঁচুতে ওঠাতে পারেন। এই সদিচ্ছা তাঁদের আছে কি না, সেটাই দেখার বিষয়।আব্দুল কাইয়ুম: সাংবাদিক। [email protected]