বিএনপিতে হচ্ছেটা কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি দেশের অন্যতম বড় দল। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর দলটি তিন পর্বে ক্ষমতায় ছিল ১৩ বছরের বেশি সময়। ২০০৬ সালের অক্টোবর থেকে ক্ষমতার বাইরে। এ অবস্থায় দলটি সংগঠিত ও সুশৃঙ্খল রাখার জন্য যে বিচক্ষণ নেতৃত্ব দরকার, বিএনপিতে তার প্রচণ্ড ঘাটতি আছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ এবং সরকারের নির্বাহী আদেশে মুক্ত হয়ে বাসায় আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকেন। সেখানে বসেই তিনি স্কাইপে দল পরিচালনা করছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্কাইপে সেমিনার করা যায়। দল চালানো যায় না।
নানা মত ও পথের লোক নিয়ে গঠিত বিএনপিতে নেতৃত্বের টানাপোড়েন সব সময়ই ছিল। খালেদা জিয়ার কারাবাসের পর সেটি আরও বেড়েছে। দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরাও অনেক বিষয়ে একমত হতে পারেন না।
নির্বাচন নিয়েও দলটির অবস্থান পরিষ্কার নয়। ২০১৪ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। কিন্তু তারা ১৯৬৬ এর ১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচন ঠেকাতে পারেনি। ২০১৫ সালের লাগাতার অবরোধ কর্মসূচিও সফল হয়নি। এরপর দলটি সিদ্ধান্ত নেয় কোনো নির্বাচন তারা বর্জন করবে না। সেই প্রেক্ষাপটে ২০১৮ সালে আরও বেশি বৈরী পরিবেশে জাতীয় নির্বাচন করেছে। বর্তমানে উপনির্বাচনগুলোতেও অংশ নিচ্ছে তারা।

ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ রিকশাযোগে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। একজন কনিষ্ঠ পুলিশ কর্মকর্তা তাঁকে বাধা দিয়ে তাঁর মোবাইল ফোনটি সালাহউদ্দিন আহমদের হাতে দিয়ে বলেন, ‘স্যারের’ সঙ্গে কথা বলেন। ‘স্যার’ কী বলেছেন আমরা জানি না। এরপর সালাহউদ্দিন সাহেব দলীয় নেতা-কর্মীদের প্রচার বন্ধ রাখতে বললেন। সরকারি দলের প্রার্থী প্রচার চালালে ওই পুলিশ কর্মকর্তা কি একই কাজ করতেন?

ইতিমধ্যে আমাদের নির্বাচনী ব্যবস্থায় শেষ পেরেকটি ঠুকে দিয়েছে কে এম নূরুল হুদা কমিশন। নির্বাচন কমিশন, প্রশাসন ও সরকারি দল একাকার হয়ে গেছে। বিরোধী দলের প্রার্থীরা প্রচারে নামলেই পুলিশ ও সরকারি দলের লোকজন বাধা দেন। মিছিল বের করলে ব্যানার ছিঁড়ে ফেলেন। টিভির খবরে দেখলাম, ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ রিকশাযোগে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। একজন কনিষ্ঠ পুলিশ কর্মকর্তা তাঁকে বাধা দিয়ে তাঁর মোবাইল ফোনটি সালাহউদ্দিন আহমদের হাতে দিয়ে বলেন, ‘স্যারের’ সঙ্গে কথা বলেন।
‘স্যার’ কী বলেছেন আমরা জানি না। এরপর সালাহউদ্দিন সাহেব দলীয় নেতা-কর্মীদের প্রচার বন্ধ রাখতে বললেন। সরকারি দলের প্রার্থী প্রচার চালালে ওই পুলিশ কর্মকর্তা কি একই কাজ করতেন? এই হলো নিরপেক্ষ নির্বাচনের নমুনা।
এর আগে পাবনার উপনির্বাচনে সরকারি দলের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট। বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট। মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২। হাবিব নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রলীগের সভাপতি ছিলেন। নূরুজ্জামান বিশ্বাসের সে রকম উজ্জ্বল অতীত নেই।
তারপরও ভোটের আকাশ-পাতাল ব্যবধান। উপনির্বাচনে আওয়ামী লীগের বাক্সে এত ভোট এল কীভাবে? পাবনার সাংবাদিকদের সঙ্গে কথা বলে জেনেছি, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। অনেক কেন্দ্র ফাঁকা ছিল। তারপরও সরকারি দলের প্রার্থীর পক্ষে তিন লাখের কাছাকাছি ভোট পড়া স্বাভাবিক নয়। অনেকের মতে, এটি গায়েবি ভোট। গায়েবি মামলার সঙ্গে গায়েবি ভোটের প্রাদুর্ভাব ঘটেছে ২০১৪ সাল থেকে। ২০০৮ সালে সেটি আনুষ্ঠানিক রূপ নিয়েছে।

সামনে ঢাকার দুটি আসনে উপনির্বাচন—ঢাকা-১৮ ও ঢাকা-৫। এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের চেয়ে বিএনপির মধ্যেই চাপান-উতোর বেশি লক্ষ করা যাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে কোনো সমস্যা হয়নি। দলীয় সিদ্ধান্ত নেতা-কর্মীরা মেনে নিয়েছেন। কিন্তু ঢাকা-১৮-এর মনোনয়ন নিয়ে বিএনপির বিরোধ-সংঘর্ষের জেরে মহাসচিবের বাড়িতেও হামলা হয়েছে।
পত্রিকার খবর থেকে জানা যায়, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণার জের ধরে উত্তরায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন মনোনয়নবঞ্চিত এক প্রার্থীর সমর্থকেরা। গত শনিবার শতাধিক নেতা-কর্মী এস এম জাহাঙ্গীরের মনোনয়ন বাতিলের দাবিতে উত্তরা ৪ নম্বরের সেক্টরের ১৭ নম্বর সড়কে মির্জা ফখরুলের বাসার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে কিছু কর্মী বিএনপি মহাসচিবের বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। এ সময় বাসা লক্ষ্য করে ডিমও ছুড়ে মারা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয় গত শুক্রবার। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদসহ নয়জন এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের দিনও সেখানে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছিলেন।
প্রথমে বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছিল, সরকারের এজেন্টরাই এ কাজ করেছে। কিন্তু দুদিন পর বিএনপির হাইকমান্ড দলের ১৬ জন স্থানীয় নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। মানুষ কোনটি বিশ্বাস করবে? সরকার ও সরকারি দলের সমালোচনা করার হাজারটা বিষয় আছে। এর মধ্যে ‘এজেন্ট তত্ত্ব’ হাজির করার কোনো প্রয়োজন ছিল না। এজেন্ট তত্ত্ব আওয়ামী লীগের মধ্যেও আছে। দলের কোনো নেতা বা কর্মী কোনো অপকর্মের দায়ে ধরা পড়লে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেন তাঁরা। এসবের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্ব নিজেদের খেলো করেন। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চান।

বিএনপির নেতৃত্ব থেকে বলা হয়, এই সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে না জেনেও তাঁরা চ্যালেঞ্জ হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে দল নিজেদের মধ্যে মারামারিতেই বেশি ব্যস্ত। আমাদের রাজনৈতিক দলগুলো অন্যকে গণতন্ত্রের তালিম দেয়, কিন্তু নিজেরা সেটি মানে না।
বিএনপির এই প্রকাশ্য সংঘাত-সংঘর্ষের পাশাপাশি অন্দরমহলের যেসব খবর আসছে, তা মোটেই সুখকর নয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে বিএনপির তিনজন ভাইস চেয়ারম্যান যেসব কথাবার্তা বলেছেন, তা শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করার শামিল। তাঁরা হলেন শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ব্যারিস্টার শাহজাহান ওমর। তাঁরা বলছেন, খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। আর খালেদা জিয়া দলের নেতৃত্বে না থাকলে তাঁরাও বিএনপিতে থাকবেন না। এর মধ্যে অন্তত দুজন তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘খালেদা জিয়া কিসের আপসহীন। আপস না করলে উনি জেল থেকে বেরোলেন ক্যামনে?’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার আপসহীন চরিত্র যদি ক্ষুণ্ন হয়ে থাকে, সেটি হয়েছে শাহ মোয়াজ্জেমের মতো লোকদের বিএনপিতে জায়গা দিয়ে। শাহ মোয়াজ্জেম স্বাধীনতার পর জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। পরে খোন্দকার মোশতাকের সঙ্গে ডেমোক্রেটিক লীগ করেন। এরশাদ ক্ষমতায় এলে দলের জাতীয় পার্টির মহাসচিব ও উপপ্রধানমন্ত্রী হন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, নির্বাচনের পর থেকেই এই তিন নেতা নিষ্ক্রিয়। এ রকম নিষ্ক্রিয় নেতা বিএনপিতে আরও অনেকে আছেন; কেউ সরকারের চাপে, কেউ দলের হাইকমান্ডের প্রতি আস্থা রাখতে না পেরে।

সোহরাব হাসান: কবি ও সাংবাদিক