বিএনপির সম্মেলনে প্রত্যাশিত আলোচনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির ষষ্ঠ কাউন্সিল অধিবেশন দেশের রাজনীতিতে একটি আলোচিত ঘটনা। এ উপলক্ষে বিএনপির রাজনীতি, কর্মসূচি, সংগঠন ইত্যাদি নিয়ে আবার পর্যালোচনার সুযোগ এসেছে। যদিও বিএনপি সম্পর্কে যা কিছু লেখা হোক না কেন, তার সিংহভাগ পুনরাবৃত্তি হতে বাধ্য। কারণ ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি নিজেদের এতটুকু পরিবর্তন করেনি। কাজেই পুরোনো সমালোচনা করা ছাড়া লেখকের উপায় নেই।
বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দমননীতি, নির্যাতন, মামলা, হুলিয়া, গ্রেপ্তার ও নানা অভিযোগে করা মামলায় পর্যুদস্ত বিএনপি যে ঢাকা শহরে শেষ পর্যন্ত কাউন্সিল অধিবেশন করতে পেরেছে, এটা কম কথা নয়। আওয়ামী লীগ সরকার হয়তো ভেবেছিল তারা বিএনপির মেরুদণ্ড এমনভাবে ভেঙে দিয়েছে যে বিএনপি আর কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবে তা হয়নি। এতে প্রমাণিত হয় যে বিএনপির গণভিত্তি খুব মজবুত। কিন্তু দলটির দুর্ভাগ্য, তারা এই মজবুত গণভিত্তিকে রাজনীতির কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। সরকারও বিএনপির এই গণভিত্তির কথা জানে। বিএনপি যত কাউন্সিল করুক আর ‘ভিশন ২০৩০’ ঘোষণা করুক, ক্ষমতায় যেতে হলে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে ‘সুষ্ঠু’ নির্বাচনের প্রত্যাশা করা অবশ্য কঠিন হয়ে পড়েছে।
তবে দেশে এখন সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বলে আর কোনো দিনই হবে না, তা বলা যায় না। কাজেই একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে তৈরি হতে হবে নির্বাচনের জন্য। কিন্তু কাউন্সিল অধিবেশন দেখে তো মনে হলো না বিএনপি সেভাবে তৈরি হচ্ছে। বেগম খালেদা জিয়া যে তিনটি (সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও গণভোট) নতুন কথা বলেছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। পুরো কাউন্সিলের এটাই সারকথা। তিনি ও বিএনপি উপলব্ধি করতে পেরেছে, আমাদের রাজনীতি, সংসদ, সরকারকাঠামো ইত্যাদি যুগোপযোগী নয়। এগুলোর ব্যাপক সংস্কার করা প্রয়োজন। এই তিনটি বিষয় নিয়ে পরে বিস্তারিত আলোচনা করতে হবে।
দলের কাউন্সিলের প্রথম বড় ভুল হলো: কাউন্সিল দুই দিনব্যাপী হওয়া উচিত ছিল। অনেক সাংগঠনিক এজেন্ডা থাকা উচিত ছিল। অনেক বিতর্ক হওয়া উচিত ছিল। সবার অংশগ্রহণে না হলেও প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণে রুদ্ধদ্বার কক্ষে একটি পুরো দিন আলোচনা ও বিতর্ক হওয়া উচিত ছিল। অনেকে এসেছিলেন দূর-দূরান্ত থেকে। কাউন্সিল অধিবেশন ‘জনসভা’ নয়। মনে হয় বিএনপি আলোচনা ও তর্কে বিশ্বাস করে না। মাতা-পুত্র যা বলবেন, দল তা মেনে নেবে—এটাই দলের বহুদিনের প্র্যাকটিস। এবারও তার ব্যত্যয় হয়নি।
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারপারসন নিয়ে যে ‘নির্বাচন’ হয়েছে, তা একপ্রকার প্রহসন ছাড়া কিছু নয়। যা গ্রহণযোগ্য হতে পারত তা হলো, ১৫ জনের একটি নীতিনির্ধারণী কমিটি (চেয়ারম্যান, মহাসচিবসহ) কাউন্সিলরদের ভোটে নির্বাচন করা। তাহলে বোঝা যেত দলের ভেতরে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ‘প্রাইমারি’ দেখেও আমরা কোনো শিক্ষা নিতে পারছি না।
বিএনপির এবারের কাউন্সিল কয়েকটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ ছিল। ৫ জানুয়ারির নির্বাচন, নির্বাচনের পটভূমি, প্রধানমন্ত্রীর সংলাপে আমন্ত্রণ, নানা মন্ত্রিত্বের অফার, অফার প্রত্যাখ্যান, নির্বাচন বয়কট, আন্দোলন, আন্দোলনের যবনিকা, নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আন্দোলনের চেষ্টা, অবরোধ, সরকারের দমননীতি, নির্যাতন, গুলশান অফিস কাহিনি, পেট্রলবোমা–সন্ত্রাস, ব্যাপক গ্রেপ্তার, আন্দোলনের ব্যর্থতা ইত্যাদির পটভূমিতে যে কাউন্সিল হয়েছে, তা শুধু ‘ভিশন ২০৩০’ দিয়ে শেষ হওয়ার নয়। এই কাউন্সিল অধিবেশনে যে পর্যালোচনা প্রত্যাশিত ছিল তা হলো:
১) গত দুই বছরের ঘটনাবলি পর্যালোচনা, আত্মসমালোচনা, ভুল ও সঠিক সিদ্ধান্তসমূহ চিহ্নিত করা, আন্দোলনের ব্যর্থতার কারণ চিহ্নিত করা, পেট্রলবোমা–সন্ত্রাসের তদন্ত করা, প্রকৃত সন্ত্রাসীদের শাস্তি দাবি করা, গুলশান অফিসে যা হয়েছিল তা পর্যালোচনা করা, ‘অবরোধ’ কর্মসূচির সিদ্ধান্ত কীভাবে হয়েছিল, কেন তা ব্যর্থ হলো তা পর্যালোচনা করা, দোষী নেতাদের চিহ্নিত করা (তাঁদের আর গুরুত্বপূর্ণ বা নতুন কোনো পদ না দেওয়া) ইত্যাদি।
২) স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দলের সন্ত্রাস বিএনপি প্রতিহত করতে পারছে না কেন, সব ভোটকেন্দ্রে এজেন্ট দিতে পারছে না কেন, স্থানীয় পর্যায়ে প্রহসনের ভোট হলে বিএনপির করণীয় কী, স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন পদ্ধতি ইত্যাদি পর্যালোচনা।
৩) সরকারের অব্যাহত মামলা, হামলা, গ্রেপ্তার, হুলিয়া, পুলিশের চাঁদাবাজি (অজ্ঞাতনামা ১০০ অভিযুক্ত ব্যক্তি!) ইত্যাদি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে দলের করণীয়।
৪) সরকারের নানা ভুল পদক্ষেপ, ভুল নীতি, দুর্নীতি, ভুল প্রকল্প, নির্বাচন কমিশন ও দুদকের সরকারঘেঁষা নীতি ও বিচার বিভাগ ইত্যাদি সম্পর্কে গবেষণালব্ধ, তথ্যবহুল সমালোচনা বিএনপি করতে পারে না কেন? এই অদক্ষতার কারণ কী? কিসের অভাব? কাউন্সিলে তা আলোচনা হতে পারত।
৫) বাংলাদেশের রাজনীতিতে ‘জঙ্গিবাদ ও মৌলবাদ’ এখন বহুল আলোচিত বিষয়। এ ব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট করার সুযোগ ছিল। ‘জঙ্গিবাদ ও মৌলবাদ’ মোকাবিলায় বিএনপি কী কী পদক্ষেপ নিতে পারে, তা-ও বলা উচিত ছিল। বিএনপি যদি মনে করে দেশে ‘জঙ্গিবাদ ও মৌলবাদ’ নেই; তা-ও তথ্য, যুক্তি, প্রমাণসহ বলা উচিত ছিল।
৬) জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক পর্যালোচনা এবং ভবিষ্যতে এই সম্পর্ক কী রকম হবে বা হতে পারে,
তা আলোচনা হতে পারত। বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে দলের নেতা ও কর্মীদের প্রায় প্রতিদিনই
নানা সমালোচনা শুনতে হয়। এর একটা বিহিত হওয়া দরকার ছিল।
৭) মুক্তিযুদ্ধ, জাতির পিতা, স্বাধীনতার ঘোষণা, ভারতের সহযোগিতা, যুদ্ধাপরাধীদের ভূমিকা, বিচার, দণ্ড ইত্যাদি নিয়ে পর্যালোচনা করে বিএনপির অবস্থান স্পষ্ট ভাষায় ঘোষণা করা উচিত ছিল। বিএনপি এসব ব্যাপারে পরিষ্কার অবস্থান গ্রহণ করেনি কোনো দিন। এসব বিষয়ে পরিষ্কার অবস্থান না দিলে বোঝা যায় না বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল না বিপক্ষের দল। সবচেয়ে ভালো হতো বিএনপি যদি ‘মুক্তিযুদ্ধের ইতিহাস: বিএনপির দৃষ্টিতে’ নামে একটি ছোট পুস্তিকা কাউন্সিলে পর্যালোচনা করে পাস করিয়ে নিতে পারত। তাহলে দলের কোনো নেতা তাঁর ইচ্ছামাফিক বক্তব্য বিএনপির ওপর চাপিয়ে দিতে পারতেন না। মুক্তিযুদ্ধ সম্পর্কে আবদুল মান্নান ভূঁইয়া ও সাকা চৌধুরীর (এখন তাঁদের অনুসারীদের) বক্তব্য নিশ্চয় এক হবে না। কিন্তু দলের একটিই বক্তব্য হওয়া উচিত।
৮) বিএনপির গঠনতন্ত্র দৃষ্টিকটুভাবে চেয়ারম্যানকেন্দ্রিক। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও গণতান্ত্রিক নয়। বিএনপি দলটি পরিচালিত হয় অনেকটা পারিবারিক ব্যবসা কোম্পানির মতো। দলের চেয়ারপারসনও কোম্পানির চেয়ারপারসনের মতো আচরণ করেন। তৃণমূল দূরে থাক, ঢাকার কেন্দ্রীয় নেতা, এমনকি সাবেক মন্ত্রীরও চেয়ারপারসনের সাক্ষাৎ পাওয়া কঠিন। এটা রাজনৈতিক দলের সংস্কৃতি নয়। দলের গঠনতন্ত্রের পূর্ণ গণতন্ত্রায়ণ, চেয়ারপারসনের অফিসের পরিবেশ ও চরিত্র, নয়াপল্টনের অফিস ইত্যাদি নিয়ে পর্যালোচনা হতে পারত।
৯) বিএনপির অঙ্গসংগঠন ‘ছাত্রদল’ একসময় শক্তিশালী সংগঠন ছিল। এখন তাদের ‘কমিটি গঠন’ ছাড়া অন্য কোনো কর্মসূচি দেখা যায় না। এর কারণ কী? বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তারা বিতাড়িত কেন? তাদের কী সমস্যা? ‘ছাত্রদল’ বলে কোনো সংগঠন কি আদৌ আছে? বিগত আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভূমিকা কী ছিল? ‘ছাত্রদল’ কি বিএনপির সম্পদ, না বোঝা? কাউন্সিলে এই প্রসঙ্গ আলোচনা হতে পারত।
১০) দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে গঠনতন্ত্রে একটা অনুচ্ছেদ থাকা উচিত। এর বাইরে কোনো সিদ্ধান্ত বা কর্মসূচি গ্রহণ করা হলে তা দলের সিদ্ধান্ত বা কর্মসূচি বলে বিবেচিত হওয়া উচিত নয়। বিগত সময়ে ‘অবরোধ’ কর্মসূচি, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ও বর্ষপূর্তির কর্মসূচি কীভাবে হয়েছে, দলের হাইকমান্ডের অনেকে তা জানতেন না। এটা কোনো রাজনৈতিক দলের কাজের পদ্ধতি হতে পারে না। এ ব্যাপারে কাউন্সিলে আলোচনা হতে পারত।
১১) ২০১৯ সালের সংসদ নির্বাচন সম্পর্কে বিএনপির চিন্তা কী, তা নিয়ে আলোচনা হতে পারত। দল কি শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে যাবে? গেলে কী লাভ হবে? না গেলে কী ক্ষতি হবে? আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুদ্ধার করা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে নির্বাচনের সময় কোন কোন ক্ষেত্রে বিএনপি ছাড় দিতে পারে? নাকি বিএনপি এবারও নির্বাচন বর্জন করবে? আমাদের মনে হয় না বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী। বর্তমান সরকার নির্বাচনের একটা ‘মডেল’ দিয়ে দিয়েছে। এখন বিএনপির চয়েস। সরকার হঠাৎ মধ্যবর্তী নির্বাচনও দিতে পারে। তাই এই কাউন্সিলে এটা আলোচনা হওয়া উচিত ছিল।
বিএনপি একটি বড় দল। এই দলে অনেক নেতা ও উপদেষ্টা রয়েছেন। তাঁরা ভালো জানেন কাউন্সিলে কী কী আলোচনা ও বিতর্ক হওয়া উচিত। হয়তো তাঁদের মতো করেই তাঁরা দলের কাউন্সিল সম্পন্ন করেছেন। কিন্তু এই দলের হাইকমান্ড ও উপদেষ্টারা দলটিকে যে ভালোভাবে চালাতে পারেননি, তা দেশের মানুষ দেখেছে। চালাতে পারেননি বলেই তো আজ বিএনপির এই দুরবস্থা। আওয়ামী লীগ নিশ্চয়ই বিএনপিকে পরিচালনা করে না। বিএনপি পরিচালিত হয় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, অন্যান্য কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টামণ্ডলী দ্বারা। তাঁদের সম্মিলিত মেধার যোগফল আজকের ভঙ্গুর ও নড়বড়ে বিএনপি। এ কথা কি দলের কেউ অস্বীকার করবেন? দলের নেতৃত্বে ও উপদেষ্টামণ্ডলীতে ব্যাপক ও অর্থবহ পরিবর্তন না আনলে বিএনপি তার বিশাল গণভিত্তি সত্ত্বেও একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না, সন্দেহ রয়েছে। দলের কাউন্সিল এই লক্ষ্যে কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দিয়েছিল, কিন্তু বিএনপি তা গ্রহণ করেনি। আমাদের আশঙ্কা, বিএনপি একটি পারিবারিক কোম্পানি হিসেবেই থাকতে চায়, গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে চায় না।
মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।