
কয়েক দিন আগে বিএনপির জামায়াত ছাড়া না–ছাড়া নিয়ে বিএনপির এক সুহৃদের সঙ্গে কথা হচ্ছিল। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির জয় চাইলেও জামায়াতের ঘোর বিরোধী। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী যখন প্রকাশ্য সভায় বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দিলেন, তখন বিএনপির এই সুহৃদ বেশ আশান্বিত হয়েছিলেন। ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছিলেন, জামায়াতকে রাখলে কী ক্ষতি আর ছাড়লে কী লাভ, সেটি বিএনপিকে বুঝতে হবে। তাঁর মতে, জামায়াত হয়তো বিএনপির পক্ষে কিছু ভোট বাড়াতে পারবে। কিন্তু জামায়াতকে ছাড়লে বিএনপি অধ্যাপক বি. চৌধুরী, ড. কামাল হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান, আ স ম আবদুর রব, কাদের সিদ্দিকীর মতো রাজনীতিককে সঙ্গে পাবে। তাঁদের পক্ষে কত শতাংশ মানুষের সমর্থন আছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো বিএনপির বদনাম ঘোচানো।
সরকারের বিরুদ্ধে আন্দোলনে জয়ী হতে হলে তাকে সরকারের বাইরের সব দলকে সঙ্গে নিতে হবে। যেমনটি আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন ১৯৯৫-৯৬ ও ২০০৬ সালে। প্রথমবার তিনি বিএনপির বাইরের সব দলকে এবং দ্বিতীয়বার বিএনপি-জামায়াত জোটের বাইরে সব দলকে এক কাতারে নিয়ে এসেছিলেন। জামায়াতে ইসলামী সঙ্গে থাকার কারণে ২০১২-১৩ সালে কিংবা ২০১৫ সালে খালেদা জিয়া সেটি পারেননি। এর সঙ্গে যুক্ত হয়েছিল যুদ্ধাপরাধের বিচারের ইস্যু। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেও জামায়াতের লক্ষ্য ছিল বিচার বন্ধ করা। ফলে ক্ষমতাসীন জোটের সমর্থক নয়, অথচ যুদ্ধাপরাধের বিচার চায় এমন জনগোষ্ঠীর সমর্থন লাভে ব্যর্থ হয়েছে দলটি।
বিএনপির জামায়াত ছাড়া না–ছাড়া নিয়ে একজন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি চ্যালেঞ্জের সুরে বললেন, এমাজউদ্দীন আহমদ ও জাফরুল্লাহ চৌধুরীরা যতই সুপরামর্শ দিন না কেন, বিএনপি কখনো জামায়াতকে ছাড়বে না। বর্তমানে বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা ও রাজনৈতিক ধ্যানধারণা, তাতে জামায়াতকে বাদ দিয়ে দলটি চলার কথা ভাবতেই পারে না।
তাঁর এই বক্তব্যের দুদিন পর বিএনপির যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো, তার যোগসূত্র আছে বলেই বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ অনেকে মনে করেন। বর্তমান কমিটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে বিএনপিতে জামায়াতের পক্ষের লবি আরও শক্তিশালী হয়; কোণঠাসা হয়ে পড়ে জামায়াতবিরোধী লবি। বিএনপিতে ডান-বামের দ্বন্দ্ব সব সময়ই ছিল। কিন্তু সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে সংস্কারবাদী হিসেবে বিতাড়িত করার পর সাবেক বামেরা আরও দুর্বল হয়ে পড়েন, ডানদের দৌরাত্ম্য বাড়ে। তাঁরা তিন বছরেরও বেশি সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘ভারপ্রাপ্ত’ করে রাখেন। গত মার্চে তিনি ভারমুক্ত হলেও দলের নীতি–পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখতে পারছেন না বলেই তাঁর অনুসারীরা মনে করেন।
সম্মেলনের সাড়ে চার মাস পর ঘোষিত কমিটি নিয়ে দলে যে বিতর্ক চলছে, দলের চেয়ারপারসন তা কীভাবে সামাল দেন, সেটাই দেখার বিষয়। ইতিমধ্যে দলের চারজন জ্যেষ্ঠ নেতা দেখা করে তাঁকে সাধারণ কর্মীদের মনোভাব জানিয়েছেন। জবাবে তিনি অন্যান্য কমিটি গঠনের সময়ে ক্ষুব্ধ নেতা-কর্মীদের কথা বিবেচনা করার কথা বলেছেন। কিন্তু ঘোষিত কমিটি রদবদলের সম্ভাবনা কম। দলের একাংশ মনে করে, কমিটি হয়েছে লন্ডনের নির্দেশে। তবে একটি পত্রিকা লিখেছে, নতুন কমিটিতে তারেক রহমানও খুশি নন। আসলে সাফল্যের বহু ভাগীদার পাওয়া গেলেও ব্যর্থতার দায় কেউ নিতে চান না।
প্রথম আলোর খবর অনুযায়ী ৫৯২ সদস্যের যে ‘ঢাউস’ কমিটি গঠন করা হয়েছে, তা দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙা না করে হতাশ ও ক্ষুব্ধ করেছে। অনেক প্রবীণ ও অভিজ্ঞ নেতার অবদান মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে অনেক নতুন মুখ এলেও কী যোগ্যতায় এসেছেন, তা পরিষ্কার নয়। রাজনীতিতে সক্রিয় না থাকলেও কেন্দ্রীয় নেতাদের স্ত্রী-সন্তানেরা কমিটিতে ঠাঁই পেয়েছেন।
স্থায়ী কমিটির নতুন সদস্য হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ। খসরু গত কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা ও সালাহ উদ্দিন (অনুপ্রবেশের দায়ে শিলংয়ে আটক) যুগ্ম মহাসচিব ছিলেন। চট্টগ্রামের রাজনীতিতে নোমান-খসরুর বিরোধ বহু পুরোনো। দুই নেতার অনুসারীদের মধ্যে বহুবার মারামারি-লাঠালাঠি হয়েছে। জামায়াতের বিষয়ে নোমানের সমালোচনা আছে। অন্যদিকে খসরু ও সালাহ উদ্দিন দলে জামায়াতকে জোটে রাখার পক্ষপাতী বলে জানা গেছে।
মহাসচিব মির্জা ফখরুল নতুন কমিটিকে ‘অত্যন্ত ভাইব্র্যান্ট ও ডায়নামিক’ বলে অভিহিত করলেও বিএনপির নেতা-কর্মীরা তার বিপরীত ধারণাই দিচ্ছেন। অনেকে প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। কেউ কেউ দল ছাড়ার কথাও ভাবছেন। দলের সাবেক সহপ্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘গুডবাই বিএনপি’। মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপির নতুন কমিটি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’ কিন্তু দেশের রাজনীতি দূরে থাক, নতুন কমিটি দলের রাজনীতিতে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে, সেই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্যসংখ্যা ৫০২। বিএনপি অনেক ক্ষেত্রেই রেকর্ড গড়েছে। নির্বাহী কমিটির সদস্যসংখ্যাও একটি রেকর্ড বটে। কিন্তু এই রেকর্ড দলকে গতিশীল করতে পারবে বলে মনে হয় না। কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নতুন ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী। নতুন কমিটির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এবার তাঁকে প্রচার সম্পাদক করা হয়েছে। এতে তিনি বিরক্ত ও হতাশ। ছাত্রদলের যে কমিটিতে তিনি সভাপতি ছিলেন, সেখানে সাধারণ সম্পাদক ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। নতুন কমিটিতে তিনি যুগ্ম মহাসচিব। আগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন কাজী মাজহারুল ইসলাম। এবার তাঁকে নির্বাহী কমিটির সদস্যপদে রাখা হয়েছে। নতুন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক করা হয়েছে ফাওয়াজ হোসেনকে।
গত কমিটির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও মসিউর রহমান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুককে নির্বাহী কমিটি থেকে সরিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তাঁরা এটাকে পদাবনতি বলেই মনে করেন। আগের কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম কমিটি থেকেই বাদ পড়েছেন। কিন্তু কিসের ভিত্তিতে এসব পদাবনতি, উন্নতি বা বাদ পড়া, তার ব্যাখ্যা নেই।
বিএনপির নতুন কমিটিতে পরিবারতন্ত্র আরও পোক্ত হয়েছে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন (সদস্য), তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম (সহসাংগঠনিক), গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় (সহসম্পাদক), মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস (মহিলাবিষয়ক সহসম্পাদক), রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক (উপদেষ্টা), মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আলীম (সদস্য), ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল (সদস্য), নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (উপদেষ্টা), নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আখতার (সদস্য), ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় নতুন কমিটিতে পদ পেয়েছেন। এঁদের কেউ কেউ রাজনীতিতে সক্রিয় থাকলেও অন্যরা নিষ্ক্রিয়। কেন্দ্রীয় কমিটিতে এনে তাঁদের সক্রিয় করা হচ্ছে। অথচ যাঁরা আগে থেকে সক্রিয় আছেন, তাঁদের অনেকে কমিটিতে জায়গাই পাননি।
তবে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রয়াত আবদুল আলীমের ছেলে ফয়সাল আলীমকে বিএনপির কমিটিতে রাখায়। দুজনকেই নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি এখন দুই যুদ্ধাপরাধীর উত্তরাধিকারীদের ধারণ করছে! এ ছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আবদুস সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবরকেও কমিটিতে রাখা হয়েছে। বিএনপির শাসনামলে ঘটা নানা অপকর্মের সঙ্গেই বাবরের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একাধিক মামলায় তিনি নিম্ন আদালতের রায়ে দণ্ডিত। সেই বাবরকে নির্বাহী কমিটির সদস্য করার অর্থ তাঁর অপকর্মের দায় দলের কাঁধে নেওয়া। একই কথা প্রযোজ্য আবদুস সালাম পিন্টুর বেলায়। তাঁকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। একুশে আগস্ট হামলার অন্যতম হোতা ও পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন তাঁর ভাই। বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলছে। কিন্তু মাওলানা তাজউদ্দিনের মতো চিহ্নিত জঙ্গির ভাই ও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আছে এমন একজনকে তো দলের নেতৃত্ব থেকে বাদ দিতে পারছে না। কথা ও কাজে কত অমিল।
কমিটি ঘোষণার পর দলের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, ‘কমিটি নিয়ে অনেক অভিযোগ, ক্ষোভ, উষ্মা, অপ্রাপ্তি আছে। অনেক অযোগ্য লোককে কমিটিতে আনা হয়েছে। আবার অনেক যোগ্য লোককে বাদ দেওয়া হয়েছে বা প্রত্যাশিত পদ দেওয়া হয়নি। অনেকে অসম্মানিত বোধ করেছেন। (প্রথম আলো, ৬ আগস্ট, ২০১৬)।
গতকাল প্রথম আলোর খবরে বলা হয়, দু-এক দিনের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন আবদুল্লাহ আল নোমান। এমনকি বিএনপির রাজনীতি থেকেও তিনি সরে দাঁড়ানোর কথা ভাবছেন। নোমান এবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হতে আগ্রহী ছিলেন। তাঁর অনুসারীরা জানিয়ে দিয়েছেন, নোমানকে স্থায়ী কমিটিতে নেওয়া না হলেও তাঁরা গণপদত্যাগ করবেন। নোমানও আর ভাইস চেয়ারম্যান পদে আর থাকতে চাইছেন না।
নতুন কমিটি নিয়ে কেবল আবদুল্লাহ আল নোমানই ক্ষুব্ধ নন। ক্ষুব্ধ দলের দুঃসময়ে মাঠে থাকা অনেক নেতা–কর্মী। কেউ কেউ এটিকে বিএনপির ‘জামায়াতি’ কমিটি বলে আখ্যায়িত করেছেন। কেউ বলেছেন, ‘নারাজি কমিটি’। মামলার চার্জশিট দেওয়ার পর বাদী তার সঙ্গে একমত না হলে নারাজি পিটিশন দেন। বিএনপির কমিটি ঘোষণার পর তাদের একাংশ সাফ জানিয়ে দিয়েছে, ‘আমরা ওটা মানি না।’
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]