আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরসহ ওই এলাকার যত্রতত্র প্রার্থীদের ছবিসংবলিত পোস্টার, ব্যানার ইত্যাদি দেখে আমি বিস্মিত হয়েছি। চিকিৎসক পেশার মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে এটা সংগতিপূর্ণ নয়।
একটি পেশাজীবী সংগঠনের নির্বাচন কেমন হওয়া উচিত, প্রার্থীরা ব্যক্তি পর্যায়ে কতখানি ব্যয় করতে পারবেন, ব্যানারের আকৃতি কী রকম হওয়া উচিত—এসবের দিকনির্দেশনা নির্বাচন কমিশনারের পক্ষ থেকে দেওয়া বাঞ্ছনীয়। চিকিৎসকদের সংগঠনের নির্বাচনে প্রার্থীদের নির্বাচিত করবেন চিকিৎসক সমাজ। তাঁরা উচ্চশিক্ষিত এবং যথেষ্ট সমাজসচেতন। তাঁদের ভোট চাইতে এত অর্থ ব্যয় করে এত আড়ম্বরপূর্ণ প্রচারণা ও সময় ব্যয় কি দৃষ্টিকটু নয়? ডিজিটাল বাংলাদেশে সর্বোচ্চ সম্মানিত পেশার প্রার্থীরা এ কেমন নির্বাচন উপহার দিচ্ছেন!
বিএমএ আমাদের দেশের চিকিৎসকদের সর্বজনীন সংগঠন। চিকিৎসকদের মান-মর্যাদা সংরক্ষণ, পেশাগত উৎকর্ষ সাধন এবং গণমুখী স্বাস্থ্যসেবা প্রবর্তন এর লক্ষ্য। চিকিৎসকদের পেশাগত উন্নয়নে বিএমএ গৌরবময় ভূমিকা পালন করেছে। এই সংগঠনের নেতৃত্বে চিকিৎসকেরা সামাজিক ও রাজনৈতিক অধিকার রক্ষার আন্দোলনেও অংশ নিয়েছেন।
কিন্তু ১৯৯০ সালের পর থেকে বিএমএর নেতৃত্বে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেতে থাকে। এর নেতৃত্ব হয়ে পড়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্বার্থ সংরক্ষণকারী উচ্চাভিলাষী চিকিৎসকদের সংঘ পরিবার। তাঁরা সাধারণ চিকিৎসকদের থেকে আলাদা একটা গ্রুপ, যঁাদের প্রধান কাজ সরকারি চিকিৎসকদের পদায়ন, বদলি ও পদোন্নতি নিয়ন্ত্রণ। স্বাচিপ ও ড্যাবের প্রতিযোগিতা ও পাল্টাপাল্টি কর্মকাণ্ডের রঙ্গমঞ্চ হয়ে পড়ছে বিএমএর কার্যালয়। সংকীর্ণ দলীয়করণের কারণে বিএমএ এখন আর সাধারণ চিকিৎসকদের আকর্ষণ করছে না। প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলো চিকিৎসকদের এই সর্বজনীন সংগঠনকে সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করে এসেছে।
প্রতিবছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস প্রায় ১০ হাজার চিকিৎসক বেরিয়ে আসছেন, তাঁদের জন্য না আছে কর্মপরিকল্পনা, না আছে কর্মক্ষেত্র। নবীন চিকিৎসকদের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরির দায়িত্ব পালনে বিএমএ ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। তা ছাড়া, বাংলাদেশের চিকিৎসকেরা আজ বহুবিধ সংকটে নিমজ্জিত। কর্মক্ষেত্রে নিরাপত্তা এর মধ্যে একটি। চিকিৎসককে জেলহাজতে পাঠানো একটা প্রবণতায় পরিণত হয়েছে। বিএমএ কর্তৃপক্ষ এখানেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছে না। বিএমএ মেডিকেল শিক্ষার মান রক্ষায়ও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
তাই পেশাজীবী সংগঠন বিএমএতে যোগ্য নেতৃত্ব চাই, যে নেতৃত্ব সাধারণ চিকিৎসকদের সম্মান, যোগ্যতা ও নিরাপত্তার জন্য সংগ্রাম করবেন। সে নেতৃত্ব চিকিৎসক সমাজের মর্যাদা ও অধিকার আদায় এবং জনস্বাস্থ্য সংকট নিরসনের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন।
অধ্যাপক আফসানা করিম
চিকিৎসক, ঢাকা।