নিজস্ব প্রতিবেদক। ২৩ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: কুড়িগ্রামের রৌমারী সীমান্ত ও ঝিনাইদহ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশির একজন দুখু মিয়া (৩০)। বাড়ি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। অপরজন জসিম উদ্দিন মণ্ডল (২৭)। বাড়ি চুয়াডাঙ্গা জেলার বেগমপুর গ্রামে।
মো. নোমান মুন্সি
আর কত? এই কি ভারতের শান্তি ও বন্ধুত্বের আচরণ? অপরাধ করলে তাদের গ্রেপ্তার করে উভয় দেশের প্রচলিত আইনে বিচার করা যেতে পারে। তাই বলে হত্যা? সীমান্তে হত্যা বন্ধে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
আন্দালিব
প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে ভারতে নানা কাজে যায়, তাদের কাউকে তো গুলি খেয়ে মরতে হয় না! বাংলাদেশ ও ভারতের মধ্যে শত কোটি টাকার পণ্যের বাণিজ্য চলে, এ লেনদেন করতে গিয়ে কি কাউকে গুলি খেয়ে মরতে হয়েছে? তাহলে কেন কিছু লোক অবৈধ এ গরু চালান করতে গিয়ে জীবন দিচ্ছে, যেখানে আমরা গরু পালনে স্বয়ংসম্পূর্ণ হতে চাচ্ছি?