বিকলাঙ্গ গণতন্ত্র ও জনগণের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র অর্থ জনগণের শাসন। সহজ ভাষায় বলতে গেলে গণতন্ত্র এমন একটি পদ্ধতি, যা জনগণকে দেশ শাসনের সঙ্গে সম্পৃক্ত করে। যার কারণে আশা করা হয়, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সুযোগ-সুবিধা ও অধিকারের বিষয়ে সব শ্রেণীর মানুষের সমতা সমাজে নিশ্চিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যক্তিবিশেষের খেয়াল-খুশিমতো দেশ শাসনের কোনো অবকাশ থাকে না। একনায়কত্ব ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা—এ দুটি বিষয় একসঙ্গে থাকতে পারে না।গণতান্ত্রিক শাসনব্যবস্থার বেশ কয়েকটি ধরন আছে। বাংলাদেশে ১৯৯১ সালের পর থেকে সংবিধানের একটি সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতির নীতিভিত্তিক শাসনব্যবস্থা প্রচলন করা হয়। ঠিক এর আগে একটি গণ-আন্দোলনের মুখে জাতীয় পার্টির সরকার পদত্যাগ করে। ওই সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী শাসনব্যবস্থা, দুর্নীতি ও নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়েছিল। তৎকালীন সব রাজনৈতিক দল পরবর্তী সময়ে দেশ থেকে স্বৈরশাসন, দুর্নীতি ও নির্বাচনে কারচুপির সংস্কৃতি দূর করার বিষয়ে একমত ও অঙ্গীকারবদ্ধ হয়েছিল। কিন্তু তার পরবর্তী সরকারগুলো এসব বাস্তবায়নে কতটুকু আন্তরিক ছিল, সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে।নির্বাচন কমিশনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সেই নির্বাচন কমিশনের কর্মকর্তা ও নির্বাচনী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট যেকোনো পদে নিয়োগের বিষয়ে সর্বদাই ক্ষমতাসীন দল পছন্দের বা দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়েছে। নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ব্যবহার করার লক্ষ্যে এ কাজটি করা হয়েছে। নির্বাচন কমিশন নিয়োগের বিষয়ে কখনোই অন্যান্য রাজনৈতিক দলের মতামত আন্তরিকভাবে গ্রহণ করা হয়নি। যদিও কোনো সময় মতামত নেওয়া হয়েছে, কিন্তু তার ভিত্তিতে নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়নি। অভিযোগ আছে, নির্বাচন কমিশনকে নিজেদের পছন্দমতো সাজাতে ব্যত্যয় হবে, এ কারণে কমিশনের কর্মকর্তা নিয়োগদানের বিষয়ে সংবিধানে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের বিধান থাকা সত্ত্বেও অদ্যাবধি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।দেশের অধিকাংশ মানুষের মতে, নির্বাচনের ফলাফল কালোটাকা, পেশিশক্তি ও ভয়-ভীতি দ্বারা প্রভাবিত হয়। সে কারণে বিজয়ের ক্ষেত্রে গণসমর্থনের চেয়ে পেশিশক্তি ও অর্থবল বেশি গুরুত্ব লাভ করে। নির্বাচন কমিশনের ক্ষমতা অত্যন্ত সীমিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা প্রায় ক্ষেত্রেই প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে সক্ষম হয় না। দেখা যায় নিয়মকানুন ও পদ্ধতির বিষয়ে তারা প্রায়ই অনিয়ম বন্ধে অপারগ হয় এবং অনিয়মের সঙ্গে ইচ্ছায় বা অনিচ্ছায় আপস করতে বাধ্য হয়। লক্ষ করা যাচ্ছে, নির্বাচনে যেসব প্রার্থী প্রতিযোগিতা করেন, তাঁদের মধ্যে যাঁরা দেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্য বা দেশপ্রমিক, তাঁরা নির্বাচনে জয়লাভে ব্যর্থ হন। আবার যাঁদের দেশ পরিচালনায় যোগ্যতার অভাব, কিন্তু সন্ত্রাসী ও দুর্নীতিবাজ, তাঁরা নির্বাচনে ভালো ফলাফল করেন। এ কারণে বর্তমান নির্বাচনপদ্ধতিতে যোগ্য ও দেশপ্রেমিক ব্যক্তিরা ক্রমান্বয়ে কম সংখ্যায় দেশ পরিচালনায় দায়িত্ব লাভে সমর্থ হচ্ছেন বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন।গণতান্ত্রিক চর্চার বৈশিষ্ট্য হলো শাসনকার্য পরিচালনায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সে উদ্দেশ্যে সাধারণ নাগরিকদের দৃষ্টিভঙ্গি ও আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে জানার ও বোঝার এবং একই সঙ্গে সে বিষয়ে মূল্যায়ন ও শাসকশ্রেণীর জবাবদিহি নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো আবশ্যক। সংসদ হলো এমন একটি প্রতিষ্ঠান, যেখানে উপরিউক্ত কাজগুলো সম্পাদিত হওয়ার কথা। সংসদে জনগণের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে এবং পরিস্থিতিতে জনগণের হয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি ও দাবিগুলো তুলে ধরবেন। সরকারের তরফ থেকে সে বিষয়গুলো সম্পর্কে আন্তরিকভাবে শোনা ও সম্ভব হলে বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংসদে বিভিন্ন পদ্ধতিতে ও কমিটির মাধ্যমে সরকারের প্রতিটি কার্যক্রমের চুলচেরা বিশ্লেষণ ও জবাবদিহি নিশ্চিত করা হবে। এভাবেই সংসদীয় গণতন্ত্রে সংসদ গণতান্ত্রিক চর্চার প্রধান স্তম্ভ ও রাষ্ট্রীয় সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে থাকে।১৯৯১ সালের সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থা প্রবর্তনের পর থেকে আজ পর্যন্ত দুটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগ (এএল) কখনো এককভাবে, কখনো অন্য দলের সঙ্গে জোটভুক্ত হয়ে একজনের পর আরেকজন—এভাবে ক্ষমতাসীন ও বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান পাল্টাপাল্টি করেছে। মজার বিষয় হলো, যখন ক্ষমতায় থাকে, তখন তারা সংসদকে কার্যকর করার জন্য বিরোধী দলকে সংসদ বর্জন না করে যোগদানের আহ্বান জানায়। বিরোধী দলগুলো উপরিউক্ত যুক্তি দিয়ে সংসদ অধিবেশন বর্জন অব্যাহত রাখে। পরবর্তী সময়ে ক্ষমতার হাতবদল হলে তৎকালীন বিরোধী দল যখন সরকারি দল হয়, তখন তাদের আহ্বান একই ধরনের হয় এবং সেই আহ্বানের বিরুদ্ধে তৎকালীন সরকারি দল এবং বর্তমান বিরোধী দল একই ভাষায় ওই আহ্বান প্রত্যাখ্যান করে সংসদ বর্জন করতে থাকে। সব দলই মনে করে সংসদ রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে ব্যর্থ একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান মোতাবেক সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক ভোট দিতে ব্যর্থ হলে তাঁদের সংসদ সদস্যপদ বাতিল হয়। এ কারণে দলীয় সংসদ সদস্যরা দলীয় প্রধানের সিদ্ধান্তের বাইরে নিজস্ব কোনো সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন নন। ১৯৯১ সালের বর্ণিত রাজনৈতিক পরিবর্তনের পর থেকে অদ্যাবধি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যবিশিষ্ট যেকোনো একটি রাজনৈতিক দল সরকার গঠন করে আসছে। দলীয় প্রধান একইভাবে সরকারপ্রধান ও সংসদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেখা গেছে, এ কারণে সরকারপ্রধান নিজের সিদ্ধান্তকে দলীয় সিদ্ধান্ত হিসেবে গণ্য করিয়ে নেওয়ার সুযোগ লাভ করছেন এবং একই সঙ্গে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলীয় সংসদ সদস্যদের ওপর তা চাপিয়ে দিয়ে সংসদের অনুমোদন লাভে সমর্থ হচ্ছেন। এ কারণে বাস্তবে সরকারপ্রধান বা প্রধানমন্ত্রীর স্বৈরতান্ত্রিক আচরণ করা ও সংসদে তার বৈধতা দেওয়ার সুযোগ বর্তমান পদ্ধতিতে আছে। নির্বাহী ও বিচার বিভাগ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। নির্বাহী বিভাগের দায়িত্ব হলো, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেভাবে প্রশাসন পরিচালনা করা। এখানে জনগণ বলতে কোনো দলীয় ভিত্তিতে নয়, সাধারণভাবে যত বেশি সংখ্যায় সম্ভব মানুষকে বোঝানো হয়েছে। কিন্তু ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির পুনঃপ্রবর্তনের পর থেকে অদ্যাবধি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ও ব্যক্তিগত স্বার্থ সম্পাদনের উদ্দেশ্যেই সরকারি প্রশাসন পরিচালনা করেছে। সাধারণ জনগণের স্বার্থ প্রায়ই বিবেচনায় আনা হয় না, এ অভিযোগ বিরোধী দল থেকে সর্বদাই শোনা যায়।সব ধরনের নিয়োগ, পদোন্নতি, ব্যবসা ও সে-সংক্রান্ত চুক্তিগুলো, সম্পত্তি ও জমিজমার ইজারা এমনকি সামাজিক নিরাপত্তাবলয় সুযোগ-সুবিধাগুলো সরকারদলীয় মানুষের মধ্যে প্রশাসনের সহায়তায় প্রয়োজনে অবৈধ বা অনিয়মের মাধ্যমে বিলিবণ্টনের ব্যবস্থা করা হয়। বিরোধীদলীয় জনসমষ্টি তো বটেই, এমনকি সাধারণ জনগণ যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারাও প্রশাসন থেকে তাদের ন্যায্য পাওনা বা সুবিধাদি পায় না বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়।বিচার বিভাগে নিয়োগের বিষয়েও রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে, সরকারে থাকাকালীন বিচার বিভাগীয় কর্মকর্তা ও বিচারক নিয়োগে দলীয় নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়া হয়। উদ্দেশ্য, বিচারিক কার্যক্রমে সরকারদলীয় লোকেরা যাতে তাঁদের পক্ষে পক্ষপাতমূলক আচরণ লাভ করেন। এ কারণে বিচারকার্যের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির ওপর সাধারণ জনগণের আস্থার সংকট বাড়ছে বলে অনেকেই মনে করে। ভবিষ্যতে সরকারের বাইরে থাকলে উপরিউক্ত বিষয়গুলো তাদের সমস্যা সৃষ্টি করবে, এ মনে করে সরকার সমাধানের কার্যকর পদক্ষেপ নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতাসীন অবস্থায় এ উদ্যোগ নেয়নি।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নিরীক্ষায় বাংলাদেশ ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্রমান্বয়ে পাঁচ বছর বিশ্বের সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল। এ মুহূর্তে এ বিষয়ে সেরা অবস্থানে না থাকলেও সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে। পূর্ণাঙ্গ মূল্যায়ন পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থানের খুব একটা উন্নতি হয়নি। অন্য কিছু দেশের দুর্নীতির মাত্রা বেশি হওয়ায় তারা বাংলাদেশকে টপকে শীর্ষ অবস্থানে গেছে।সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থা প্রবর্তনের পর দুটি রাজনৈতিক দল—জাতীয়তাবাদী দল ও আওয়ামী লীগের মধ্যে এককভাবে বা জোটভুক্ত হয়ে পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়েছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আরোহণ বিজয়ী দলকে পাঁচ বছরের জন্য জনগণের হয়ে রাষ্ট্র পরিচালনার বৈধতা দেয়। এখন সরকারি কর্মকাণ্ডে প্রতিদিন ক্রমবর্ধমান জনগণের মধ্যে এ ধরনের ধারণা দানা বাঁধছে যে সরকার পরিচালনার বৈধতা, পক্ষান্তরে এ রাজনৈতিক দলগুলোর কাছে জনগণকে আজ্ঞাবহ প্রজা হিসেবে ব্যবহার করার এবং সরকারি সম্পদ লুট করার লাইসেন্স হিসেবে বিবেচিত হচ্ছে কি না?লক্ষণীয় বিষয় হলো, দুর্নীতি, ক্রমবিকাশমান সন্ত্রাস ও অনিয়ম সুবিধাদির ক্ষেত্রে সব নাগরিকের সমান অধিকারের লঙ্ঘন—সবই ঘটছে গণতন্ত্রের নামে ও গণতন্ত্রের দোহাই দিয়ে। এ কারণে দেশে এখন অ-আপসযোগ্য সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে, যা দেশকে ক্রমান্বয়ে ঠেলে নিয়ে যাচ্ছে চরম অনিশ্চয়তা ও হতাশার সর্বগ্রাসী কালো গহ্বরে। রাজনৈতিক দলগুলোকে যত শিগগির সম্ভব এ দুর্যোগের অবসান ও মুক্তির পথ বের করতে হবে। না হলে জনগণ গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারে। সে পরিপ্রেক্ষিতে বিকল্প পদ্ধতির দিকে আগ্রহ সৃষ্টি হতে পারে, যার উদাহরণ ইতিহাসে আগেও লক্ষ করা গেছে।গোলাম মোহাম্মদ কাদের: সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী।