বিক্ষোভকারীদের কথা শুনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের বিরুদ্ধে ইরানি জনগণের এই বিক্ষোভ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের বিরুদ্ধে ইরানি জনগণের এই বিক্ষোভ

ইরানের উত্তর-পশ্চিমে কুর্দি-অধ্যুষিত শহর কেরমানশাহে গত শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজগুলোয় দেখা গেছে, ভালো পোশাক-আশাক পরা তরুণেরা চিৎকার করছেন আর পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন। তবে পুলিশও বসে ছিল না। জলকামান ব্যবহার করে তারা বিক্ষোভকারীদের দিকে পানি ছুড়ছিল। সংখ্যায় তারা খুব বেশি নয়, হয়তো 

কয়েক শ হবে। কিন্তু তাদের প্রতিরোধটা স্পষ্ট বোঝা যাচ্ছিল।

কিন্তু কী কারণে ক্ষুব্ধ কেরমানশাহের বাসিন্দারা? ইরানের জনগণই বা কিসের জন্য বিরক্ত? কেরমানশাহ ছাড়াও ইরানের আরও ২০টি শহরে প্রতিবাদ, বিক্ষোভ হয়েছে। কেন এই বিক্ষোভ?

মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের বিরুদ্ধে ইরানি জনগণের এই বিক্ষোভ। তাদের মূল অভিযোগ হচ্ছে প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। ইরানিরা এখন চায় সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আসুক এবং তাদের দেশ অপেক্ষাকৃত ভালো অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠুক।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে ভিন্নমত প্রকাশ বা প্রতিবাদ করার বিষয়টি নতুন নয়। প্রায়ই ঘটে থাকে। ইরানের নারীরা প্রায়ই ড্রেস কোড লঙ্ঘন করছেন, জনসমাগম হয় এমন স্থানে যাচ্ছেন। সাধারণ নাগরিকেরা বেতন না পেয়ে এবং আমানত হারিয়ে প্রতিবাদ করছেন। কিন্তু সড়কে বিক্ষোভ প্রদর্শন করা ইরানে বলতে গেলে বিরল ঘটনা। এ জন্য ইরানের ভীতসন্ত্রস্ত সরকার বহিরাগতদের দায়ী করছে। অন্যদিকে সুযোগ পেয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা গুজব ছড়াচ্ছে।

কেরমানশাহ প্রদেশের জনগণ মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও ইরানের অর্থনীতির অন্যান্য নেতিবাচক দিক নিয়ে হতাশ। শুধু তা-ই নয়, তাদের মতে, কেরমানশাহ প্রদেশটি রাষ্ট্রীয় অবহেলার শিকার। আর এ জন্য তারা বেশি ক্ষুব্ধ। রাষ্ট্রীয় অবহেলার কারণে তারা অন্যান্য এলাকার বাসিন্দাদের তুলনায় বেশি কষ্ট করছে। সারা দেশের তুলনায় তাদের প্রদেশে জিনিসপত্রের দাম বেশি। তবে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে যে উত্তর-পশ্চিমের সীমান্ত এলাকায় সালাফি জিহাদি গ্রুপগুলোর উত্থানের কারণে কেরমানশাহের জনগণের দুঃখ-দুর্দশা আরও বেড়েছে।

তবে তো শুধু কেরমানশাহের জনগণই নয়, মাশাদের জনগণও তো ক্ষুব্ধ। মূলত উত্তর-পূর্বাঞ্চলের এই শহরটি থেকেই বিক্ষোভের সূত্রপাত। গত বৃহস্পতিবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মাশাদ শহরের বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখায়। তারা প্রেসিডেন্ট হাসান রুহানিকে মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানিয়েছে। ক্রমে ক্রমে তা অন্য শহরগুলোয় ছড়িয়ে পড়ে।

হাসান রুহানির বিরোধী বলে পরিচিত দুজনের একজনের ক্ষমতার ঘাঁটি হচ্ছে মাশাদ শহর। তিনি গত শুক্রবার জুমার নামাজের পর প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। অদ্ভুতভাবে একই কাজ করেছে কট্টরপন্থী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো। গত বৃহস্পতিবার থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে রুহানির বিরোধীরা তাঁর অর্থনৈতিক পরিকল্পনাকে বানচাল করে দেওয়ার চেষ্টা করছে এবং এমনকি তাঁকে রাজনৈতিকভাবে অযোগ্য করারও চেষ্টা চলছে।

হাসান রুহানি গত বছরের মে মাসে বিপুল ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই হিসেবে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভ প্রত্যাশিত ছিল না। দেশের অর্থনীতি পুনরুদ্ধার ছিল তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু কাজ করতে গিয়ে দেখলেন প্রতিটি ক্ষেত্রে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। জেসিপিওএ পরমাণু চুক্তিতে স্বাক্ষরের বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অত্যাসন্ন নয় এবং ব্যাংকিং ব্যবস্থাকে সংস্কার করার যে পরিকল্পনা নিয়েছিলেন রুহানি, তা ইতিমধ্যে বিরোধীদের বাধার মুখে পড়েছে। বিরোধীরা ভাইস প্রেসিডেন্টের ভাইকে আটক করেছে, রুহানির ভাইকেও হুমকি দিয়েছে এবং
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস চুক্তির পথও নস্যাৎ করে দিয়েছে। এসব বাধার কারণে প্রেসিডেন্ট রুহানি ছোট ছোট পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। যেমন ভ্রমণের ওপর কর বাড়ানো, অবকাঠামোগত পরিবর্তনের পরিবর্তে মধ্যবিত্তের দিকে নজর দেওয়া ইত্যাদি।

জনগণ তো বিক্ষোভ করছে। কিন্তু যেখানে নির্বাহী ক্ষমতা ধর্মীয় নেতা ও সামরিক প্রতিষ্ঠানগুলোর দ্বারা এবং কখনো কখনো বিরোধীদের কারণে নিয়মিতই কর্তিত হচ্ছে, সেখানে কীভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী সব হবে?

আমরা এ রকম একটি ইরান সম্পর্কে কী ধারণা করব, যখন দেশটি কিনা বিক্ষোভে উত্তাল? এ ব্যাপারে কি আস্থার সঙ্গে কোনো মতামত দেওয়া যাবে? ইরানের শহরগুলোয় এখন উচ্চারিত হচ্ছে ‘একনায়কের মৃত্যু চাই’, কিন্তু ইরানি জনগণ ৪০ বছর ধরেই কিছু না কিছুর মৃত্যু চেয়েছে, যখন তারা ক্ষুব্ধ হয়েছে। এটার অর্থ এই হতে পারে যে ‘দয়া করে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাও’ বা ‘দয়া করে এই সুনির্দিষ্ট নেতার হাত থেকে আমাদের মুক্ত করো, যিনি কিনা আমাদের জীবনে দুঃখ এনেছেন।’ অর্থাৎ এভাবেও বলা যায়। আসলে মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান সংস্কৃতিতে পরিণত হয়, যখন বৈধ দাবি করার পরিসর বা সুযোগ সীমিত হয়ে আসে।

প্রেসিডেন্ট রুহানি গত রোববার বলেছেন, জনগণ যেকোনো ধরনের সমালোচনা করতে পারে, এমনকি বিক্ষোভও দেখাতে পারে। তবে তিনি যেকোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। রুহানির কথায় যুক্তি আছে, কিন্তু সমালোচনার দরজা খোলা রাখার জন্য তাঁকে তাঁর সংস্কারপ্রক্রিয়াকে রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং সেসব মানুষের দুঃখকে বুঝতে হবে, যারা মনে করে যে তাদের এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নেই। বিক্ষোভকারীদের কথা শুনতে হবে। তা না হলে বিক্ষোভ প্রশমন করা যাবে না।

দ্য গার্ডিয়ান থেকে অনুবাদ: রোকেয়া রহমান।

আজাদেহ মোয়েভানি: ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ও টাইম সাময়িকীর সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি।