বিক্ষোভকারীরা যেখানে একমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ ও অন্যান্য জায়গা থেকে আসা কয়েক হাজার বিক্ষোভকারী গত শনিবার আর্ক দে ট্রিয়োম্ফে মিলিত হয়েছিলেন, তঁারা কপ–২১ জলবায়ু সম্মেলনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করতে সেখানে জড়ো হয়েছিলেন। নভেম্বর মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার পর গণজমায়েতের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এই সমাবেশের মধ্য দিয়ে তা একপ্রকার লঙ্ঘন করা হলো।
একদিকে সম্মেলনকক্ষে অংশগ্রহণকারীরা এক গুরুত্বপূর্ণ চুক্তি করতে সম্মত হয়ে আপন অর্জনের গরিমায় আপ্লুত হচ্ছেন, অন্যদিকে রাস্তায় জড়ো হওয়া মানুষেরা এটা বুঝিয়ে দিচ্ছেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের রাশ টানতে হলে আরও অনেক কিছু করতে হবে। ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ নামক একটি সংগঠনের কর্মী ও ফিলিপাইন থেকে আসা জোসেফ পুরুগানান বলেন, ‘কপ–২১ আমাদের পছন্দ হয়নি। আমরা এই খবর দিতে এসেছি যে আসল সমাধান জনগণের তরফ থেকেই আসবে। কপের বয়স তো ২০ বছর হলো, কিন্তু দেখুন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি।’
পুরুগানান বলে চলেন, ‘২১০০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাটা যথেষ্ট নয়, এই চুক্তিতে তো এই লক্ষ্যই নির্ধারিত হয়েছে। চেয়ে দেখুন, এখন ফিলিপাইনে রেকর্ড পরিমাণ টাইফুন হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার জেলেরা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। ওদিকে টরন্টো থেকে আসা ৩৩ বছর বয়সী স্টুয়ার্ট ব্যাসডেনের কণ্ঠ আরও হতাশ মনে হলো। তিনি বলেন, ‘আমরা জানি এটা ব্যর্থ হবে। তারা শুধু এই সিদ্ধান্তই নিয়েছে যে আমরা কবে বিলুপ্ত হব।’
সম্মেলন চলার সময় প্লেস দে লা রিপাবলিকায় একটি প্রতিবাদ সমাবেশ সহিংস হয়ে উঠলেও আর্ক দে ট্রিয়োম্ফের পরিবেশ মনোরম ছিল, এমনকি সেখানে উৎসব উৎসব ভাবও ছিল। প্রায় সবার হাতেই টিউলিপ ফুল ছিল, এমনকি তাঁরা ব্যানার ও পতাকা নিয়ে এসেছিলেন, সেই পতাকা তাঁরা নাড়িয়েছেনও। একদল ডেনমার্ক নিবাসী মেরু ভালুকের পোশাক পরে এসেছিলেন, কিছুক্ষণ পরপর তাঁরা মাথার টুপি খুলে চাঁদিতে হাওয়া লাগিয়েছেন। ওদিকে পেরুর একদল মানুষ পতাকা নাড়িয়েছেন, তাঁদের মধ্যে একজন বলেছেন, ‘পারমাণবিক বিদ্যুৎ গ্রহণযোগ্য নয়।’
আর্ক দে ট্রিয়োম্ফ ও ক্যাম্প দে মার্সে এই প্রতিবাদকারীরা জড়ো হয়েছিলেন। তাঁরা সেখানে ১০০ মিটার লম্বা লাল ফিতা টানটান করে ধরেছিলেন। বিশ্বের জলবায়ু যে বিপজ্জনক অবস্থায় আছে, লাল রং হলো তার প্রতীক। একই সঙ্গে চুক্তির ব্যাপারে যে তাঁরা সন্দিহান, সেটা বোঝাতেও এই লাল রং ব্যবহার করেছেন। আর্ক দে ট্রিয়োম্ফের সমাবেশ আয়োজন করেছিল ৩৫০.অর্গ, এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। আর ১৬টি জলবায়ু–বিষয়ক গোষ্ঠী ক্যাম্পে ডে মার্সের সমাবেশ আয়োজন করেছিল, এদের সঙ্গে ছিল আবার ফ্রেন্ডস অব দ্য আর্থ অ্যান্ড আটাকের ফ্রান্স শাখা। অনেক অংশগ্রহণকারীই বলেছেন, এই সমাবেশ ও সম্মেলন জলবায়ু পরিবর্তনবিরোধী কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।
শনিবার সকালে আবার আরেকটি অনানুষ্ঠানিক বিক্ষোভও হয়েছে। এই অনুষ্ঠানে প্যারিসের তিন হাজার জলবায়ু পরিবর্তনবিরোধী কর্মী জিও লোকালাইজেশন প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চু্যয়াল মানচিত্রে ‘ক্লাইমেট জাস্টিস পিস’ কথাটি লিখেছিলেন। লন্ডন থেকে এক কর্মী বাইসাইকেল চালিয়ে এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন, তাঁর নাম ড্যানিয়েল স্মিথ, বয়স ২৯। তিনি বললেন, ‘জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলন সারা পৃথিবীতেই জোরদার হচ্ছে, আর জলবায়ু নীতিও এখন মূলধারায় বেশ গুরুত্ব পাচ্ছে। এটা এখন আর সবুজ নেই, লাল হয়ে গেছে।’ তাঁর সাইকেলের পেছনে একটি গ্লোব বাঁধা ছিল।
নেদারল্যান্ডস থেকে একদল কর্মী বাসযোগে প্যারিসে এসেছেন। তাঁদের একজন হচ্ছেন ১৯ বছর বয়সী কলেজছাত্রী উইলেমিন ক্যাডিক, তিনি ভবিষ্যতে একজন পরিবেশ আইনজীবী হতে চান। তিনি বললেন, ‘অনেকেই হয়তো আমাদের বিক্ষোভ নিয়ে তেমন একটা মাথা ঘামাবেন না, কিন্তু এই সমাবেশগুলো সম্মেলনের পাল্টা কর্মসূচি হিসেবে কাজ করে। মানুষ হয়তো মনে করতে পারে, এখানে আসার মানে হয় না। কিন্তু সবাই যদি এভাবে চিন্তা করে, তাহলে কিছুই বদলাবে না। আমাদের মতো গোষ্ঠীগুলোই এই পরিবর্তন বয়ে আনবে।’
সেখানে অনেক ফরাসি বিক্ষোভকারীও ছিলেন। কোরিন লেফর্ট হচ্ছেন তাঁদের মধ্যে একজন। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল। মার্সেই শহর থেকে তিনি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে এসেছেন, তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘জলবায়ু রক্ষা করুন’। তিনি বলেন, ‘পরিস্থিতির আরও দ্রুত পরিবর্তন হওয়া দরকার। আমরা আসলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর সে কারণেই চাপ দিতে চাই। এটা জরুরি, এটা সত্যিই মানবতার বিরুদ্ধে অপরাধ।’
কোরিন লেফর্ট আরও বললেন, ভূমধ্যসাগরের উপকূলে পানির কাছাকাছি থাকা মানুষ সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণে ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে যেতে শুরু করেছে। ‘এটা ভবিষ্যতের বিষয় নয়, ভবিষ্যৎ এখানে হাজির হয়েছে।’
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া
অ্যালিসা জে রুবিন: মার্কিন সাংবাদিক।
ইলিয়ান পেলটিয়ার: ফ্রিল্যান্স স্প্যানিশ সাংবাদিক।