
অনাদিকাল থেকে বছরের প্রতিটি দিনের সূর্যোদয়ই সৌরজগতের নিখুঁত নিয়মে একইভাবে ঘটে থাকে। কিন্তু বছরের প্রথম দিনটির মূল্য সমাজ ও রাষ্ট্রের নাগরিকদের কাছে অন্য রকম। আজ খ্রিষ্টীয় পঞ্জিকার শুভ নববর্ষ। মানুষ অশুভ ও অমঙ্গলকে ভয় পায়। সব মানুষেরই মঙ্গলের জন্য সহজাত আকাঙ্ক্ষা। কিন্তু এই পার্থিব জগৎ শুভ-অশুভ ও মঙ্গল-অমঙ্গলের মিশেল। নতুন বছরটি সবার জন্যই মঙ্গলকর হোক—আজ সকালে সেটাই আমাদের কামনা।
বন্য প্রাণীবেষ্টিত আরণ্যজীবনের কথা আলাদা। কিন্তু যখন থেকে মানুষ সুগঠিত রাষ্ট্রে বাস করছে, তখন থেকে সে রাজনৈতিক প্রাণী। যদিও একটি রাষ্ট্রে রাজনীতিই সব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় বহু বিষয় জীবনের সঙ্গে যুক্ত। কিন্তু আধুনিক রাষ্ট্রে সবকিছুকে ছাপিয়ে আধিপত্য বিস্তার করে থাকে রাজনীতি। রাজনীতি করতে করতেই আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছিলাম। রাজনীতি করেই আমরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমাদের জনগণের রাজনীতির মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, যেখানে জনগণের ইচ্ছায় সরকার গঠিত হবে এবং সরকার পরিবর্তিত হবে। গত ৪৩ বছরে সেই লক্ষ্যের কতটা অর্জিত হয়েছে তা অবশ্যই জনগণকে ভাবায়। রাষ্ট্র যদি দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত না হয়, তাহলে আর্থসামাজিক-সাংস্কৃতিক জীবনে তার বিরূপ প্রভাব পড়ে।
অসাংবিধানিক সামরিক সরকার অন্য জিনিস। নির্বাচিত সরকারের সময়ও সরকার ও বিরোধী দলের মধ্যে কখনোই কোনো রকম সহযোগিতা ও সদ্ভাব ছিল না। সংসদীয় গণতন্ত্র সরকারি দল ও বিরোধী দলের সম্মিলিত শাসনব্যবস্থা। সংসদীয় কমিটিগুলোতে দুপক্ষের লোকই থাকেন এবং ভালো গণতন্ত্রে কমিটির সভাপতি করা হয় বিরোধী দলের কোনো সাংসদকে। বহু দেশে দেখা যায়, শুধু সংখ্যাগরিষ্ঠ দল নয়, সংখ্যালঘু দল ও অন্যান্য দলের সহায়তায় সরকার গঠন করা হয়। অনেক বড় দল নীতিগত কারণে সরকারে না গিয়েও বাইরে থেকে সমর্থন দিয়ে জাতীয় স্বার্থে সরকারকে টিকিয়ে রাখে।
২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশে যা ঘটে, তা গণতন্ত্রের কোনো সংজ্ঞার সঙ্গে সংগতিপূর্ণ নয়। অর্থমন্ত্রীর ভাষায়, এটা নাকি নির্বাচনই না। সরকারের নেতারা বারবার বলছিলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন’, ‘নিয়ম রক্ষার নির্বাচন’। যাহোক ওই নির্বাচনেই জাতীয় সংসদ গঠিত হয়েছে। ১২ জানুয়ারি গঠিত হয় সরকার।
যে রকম সরকারই হোক, সরকার ছাড়া রাষ্ট্র চলে না। ৫ জানুয়ারি নিয়ম রক্ষার নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়, তা একটি সাংবিধানিক সরকার এবং তা শুধু আওয়ামী লীগই গঠন করতে পারত। জাতীয় পার্টির রওশন এরশাদ তাঁর সদস্যদের নিয়ে সরকারকে সহযোগিতা দিতে পারতেন। তাতে সংসদীয় গণতন্ত্রের একটা মুখোশ থাকত। দেশের অন্যতর প্রধান দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, যে কারণেই না করুক সেটা তাদের সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা তাদের আছে। গণমাধ্যমে যা এসেছে, ভারতের চাপে যদি রওশন এরশাদের জাতীয় পার্টির অংশটি নির্বাচন করে থাকে কিন্তু মন্ত্রিত্ব গ্রহণ করার লোভ সংবরণ করলে বাইরের জগতে বাংলাদেশের সুনাম নষ্ট হতো না।
সরকারে না গিয়ে বিরোধী দলের ভূমিকায় অভিনয় করেও যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা নেওয়া যায়। আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কী বলল সেটা খুব বড় ব্যাপার নয়। তাদের সব কথা আমরা শুনবই বা কেন। কিন্তু সংসদে বিরোধী দলের নেতার পদটির দাবিদার বেগম রওশনের ভূমিকায় গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে খেলো হয়ে যায়। যদিও দুটি আন্তর্জাতিক কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।
গণতন্ত্র সম্পর্কে সামান্যতম ধারণা রয়েছে এমন মানুষের যে কেউই জানেন, ২০১৪ সালের এই কলঙ্ক কোনো দিনই ঘুচবে না। দুঃখজনক যে এই কলঙ্কিত ঘটনাটি ঘটল আওয়ামী লীগের মতো একটি পুরোনো গণতান্ত্রিক দলের হাতে, যে দল দেশের স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ৬৫ বছর যাবৎ যাঁরা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছেন, ভোট দিয়েছেন, তাঁদের জন্য ঘটনাটি খুবই অস্বস্তিকর ও অগৌরবের। দলটির অতীত ভূমিকাকে ম্লান করে দিয়েছে ৫ জানুয়ারির নির্বাচন। সবচেয়ে ভালো হতো, একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হতো, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দলের নেতাদের নিয়ে বসে একটি মোটামুটি গ্রহণযোগ্য ও গণতন্ত্রসম্মত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করতেন। বেশির ভাগ মানুষ ও রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করে শুধু আমলাদের দিয়ে সরকার চালানোতে গৌরব নেই।
বিএনপি একটি বড় দল। বিপুল তার নেতা-কর্মী ও সমর্থক। নির্বাচনের মাধ্যমে কয়েকবার সরকার গঠন করেছে এবং পুরো মেয়াদ ক্ষমতায় ছিল। তাদের নেতাদের উচ্চশিক্ষা রয়েছে। কিন্তু তাঁদের রাজনৈতিক আচরণে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়নি। একধরনের সেকেলে মুসলিম লীগি ধ্যানধারণা আঁকড়ে ধরে আছেন। যখন তাঁরা ক্ষমতায় ছিলেন, সুশাসন দিতে ব্যর্থ হয়েছেন। তাঁদের অতীত কলঙ্কমুক্ত নয়। কী তাঁদের নীতি-আদর্শ তা বোঝার সাধ্য আমাদের মতো মানুষের নেই। তাতে তাঁদের কিছু যায়-আসে না। কারণ, তাঁদেরও যে বিপুল জনসমর্থন আছে তা স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যায়। বিগত বছরে তাঁদের নেতা-কর্মীরা মামলা-মোকদ্দমায় বিপর্যস্ত হয়েছেন। কিন্তু তাঁদের ভুলে যাওয়ার কথা নয় যে তাঁদের সরকারও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলা-মোকদ্দমায় জড়িয়েছে। ৫ জানুয়ারির রাজনৈতিক দুর্ঘটনার পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা বিএনপির রাখা উচিত ছিল, তা না রেখে সংবাদ ব্রিফিংয়ের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে। ‘সরকার পতন’ কথাটি তাদের প্রাত্যহিক বোল।
গত ছয় বছরের মধ্যে ২০১৪ ছিল সরকারের জন্য সবচেয়ে স্বস্তির। কিন্তু বিস্ময়কর হলো, ক্ষমতায় থাকা অবস্থায়ই আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সাংগঠনিকভাবে সবচেয়ে বেশি দুর্বল। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ভাবমূর্তিই দলটির একমাত্র ভরসা। বরং সরকারি জোটের ছোট কয়েকটি শরিক স্বপ্নেও যা কোনো দিন ভাবেনি, তা-ই পেয়েছে। তারা তাদের জীবনদেবতা ও পার্থিব প্রধানমন্ত্রীর উদ্দেশে গাইছেন—প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে/²আরও আরও আরও দাও স্থান/²আরও আরও আরও করো দান।
মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে জামায়াতে ইসলামী বেকায়দায় রয়েছে। ২০১৩ সালে তাদের ভীষণ উগ্র মূর্তি ছিল। ২০১৪-তে তারা রণকৌশল পাল্টেছে। তাদের আত্মীয়তা বিএনপির সঙ্গে কত পারসেন্ট আর আওয়ামী লীগের সঙ্গে কত পারসেন্ট তা বলতে পারে সংশ্লিষ্ট তিন পক্ষ এবং স্বয়ং বিধাতা। হতে পারে সিক্সটি ফাইভ থার্টি ফাইভ। উত্তাল সমুদ্রে কীভাবে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, সে কৌশল উপমহাদেশের আর কোনো দল তাদের চেয়ে ভালো জানে না।
রাজনৈতিক অস্থিরতা বিশেষ না থাকায় অবকাঠামো উন্নয়নমূলক সরকারি কর্মকাণ্ড ২০১৪-এ অব্যাহত ছিল। স্থিতিশীল পরিবেশে অর্থনীতি চাঙা হতে পারত কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কায় তা হয়নি। কর্মসংস্থান ও আয় বাড়েনি। খুচরা ও পাইকারি ব্যবসা-বাণিজ্য প্রাণবন্ত নয়। উৎপাদনক্ষমতা বাড়েনি। আড়াই লাখ কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছে। কোনো ক্ষেত্রে দক্ষতার ছাপ নেই। ব্যাংকিং খাত বিপর্যস্ত। খেলাপি ঋণ ৫৭ হাজার কোটি টাকা। দুর্নীতির কারণে বড় বাজেট থেকে জাতি যে উপকৃত হবে, সে ভরসা কম।
চাল উৎপাদন বেড়েছে। শ্রীলঙ্কায় ২৫ হাজার টন চাল রপ্তানির কথা ফলাও করে প্রচার করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বছর শেষ হওয়ার এক দিন আগে বললেন, ভারতেও চাল রপ্তানি করা হবে। অথচ পত্রিকায়ই পড়ছি, ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে। কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না। একটা গেঁাজামিল সর্বত্র। বর্তমান কৃষিনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। চালই শুধু মানুষের একমাত্র খাদ্য নয়। অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন কমেছে। পেঁয়াজ, রসুন, মসুর, খেসারি, অড়হর, ছোলা, মুগডাল, মাষকলাই, মটর, সয়াবিন প্রভৃতির উৎপাদন কমছে। আমদানি করা সয়াবিন তেলের পাত্রে ভরে গেছে দোকান। কোথায় আমাদের সরিষা, তিল, কুসুমফুল, তিসি প্রভৃতি§ খাদ্যদ্রব্যে আমরা আমদানিনির্ভর জাতিতে পরিণত হয়েছি।
দুর্নীতি কোনো নতুন জিনিস নয়। সেটা ২০১৪-তে বেড়েছে কি কমেছে তা পরিমাপের কোনো বাটখারা নেই। তবে আদৌ যে কমেছে—সে কথা কেউ হলফ করে বলতে পারবে না। গণতন্ত্র হলো জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। সরকারি দলের নেতাদের এবং কর্মকর্তাদের যদি জবাবদিহি থাকে, আইনের যদি নিরপেক্ষ প্রয়োগ হয়, তাহলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। সে লক্ষণ দৃষ্টিগ্রাহ্য নয়। দুদকের ওপর মানুষের আস্থা নেই।
বিগত বছরে মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। কথিত ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, অপহরণ, গুম অব্যাহত ছিল। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নারায়ণগঞ্জ ও আরও কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে। তবে ইসলামি মৌলবাদীদের দমনে সরকার সফল। ব্যর্থ সরকারি ছাত্রসংগঠনের নেতাদের সন্ত্রাস দমনে।
সম্পদ সীমিত ঘনবসতিপূর্ণ একটি দেশ পরিচালনা করা কঠিন। সব স্তরের জনপ্রতিনিধির মধ্যেই অসাধুর সংখ্যা বেশি। বিভিন্ন সরকারের সময় স্বজনপ্রীতি ও দলীয়করণের ফলে প্রশাসন অদক্ষ ও দুর্নীতিপরায়ণ। যদিও এখনো কিছু সৎ ও দক্ষ কর্মকর্তা কোণঠাসা হয়ে টিকে আছেন। বেতনকাঠামো ঘোষণা করা হয়েছে। দ্রব্যমূল্যের সঙ্গে তা সংগতিপূর্ণ। তবে শুধু বেতন বাড়িয়ে সৎ ও দক্ষ প্রশাসন পাওয়া যাবে না। বেতন-ভাতা বাড়লে নৈতিকতা বাড়ে না।
অতীতকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নেই। দীর্ঘদিনের সঞ্চিত পাপ। শুধু সরকারি দল নয়, আমরা সবাই দায়ী। কবি-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-বুদ্ধিজীবীরা দলীয় ক্যাডারে পরিণত হয়েছেন। নাগরিক সমাজের নেতারাও নানা কারণে বিভক্ত। সরকারকে সুপরামর্শ দেন এমন মানুষের বড়ই অভাব। এ রকম বাস্তবতায় নতুন বছর ভিন্ন কিছু উপহার দেবে, সে আশা দুরাশাই বটে। শুধু আশা করব শুভবুদ্ধিসম্পন্ন নেতারা বিগত বছরের ভুলগুলো সংশোধনের উদ্যোগ নেবেন।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷