বিচার করবে আইন, চাপাতি বা বন্দুক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখন তিন ধরনের বিচারব্যবস্থা চলছে। আদালতের মাধ্যমে আইনের বিচার এবং গুপ্তহত্যার বনাম ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের বিচার। আদালতের বিচার দেখা যায়, মানা যায়। বাকি দুই বিচার দেখা গেলেও মানা যায় না। একের পর এক গুপ্তহত্যা একধরনের বিচার, যা করছে অদৃশ্য কোনো শক্তি। তাদের ভাষায়, চাপাতি-গুলিতে তারা শাস্তি দিচ্ছে তাদের শত্রুদের। তারা ইসলামের নামে হুমকি দিচ্ছে এবং সেসব হুমকিতে বলা ‘শাস্তি’ কার্যকরও করছে। আরেক দিকে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের পথে সন্দেহভাজন অপরাধীদের প্রাণহরণের ঘটনাও একটানা ঘটে যাচ্ছে। চাপাতি ও ক্রসফায়ার যখন পাল্লা দিয়ে চলছে, তখন আইনের বাণীর আর নীরবে-নিভৃতে কাঁদবার উপায় নেই, প্রকাশ্যেই তার আহাজারি শোনা যাচ্ছে। 

এ এমন এক দেশ, যেখানে নাস্তিক বলে কাউকে ‘কতল’ করার সমর্থকের অভাব হয় না। এ এমন এক ব্যবস্থা, যেখানে অপরাধীকে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার বদলে ক্রসফায়ারে দিয়ে দেওয়াকে উত্তম ভাবা হয়। তবে এখনো কতল ও ক্রসফায়ারবাদীদের চেয়ে বিচারের পক্ষের মানুষ বেশি বলেই আশা আছে। খেয়াল করেন, হত্যার শিকার তনুর মা আদরের কন্যার খুনিদের ক্রসফায়ার চাননি, বিচার চেয়েছেন। চাপাতি ও গুলিতে নিহত ব্যক্তিদের কারও স্বজনই প্রতিহিংসাপরায়ণতা দেখিয়ে ঘাতকদের বিচারবহির্ভূতভাবে হত্যা করার পক্ষে নন। লেখক অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় কিংবা প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক কিংবা স্ত্রীকে হারানো পুলিশ সুপার বাবুল আক্তারও সুষ্ঠু তদন্ত করে বিচারের পক্ষেই কথা বলেছেন। যখন ভুক্তভোগীরা বিচার চায়, তখন সরকার কেন নির্বিচার ক্রসফায়ার, বন্দুকযুদ্ধের গল্প সাজায়? এ তাদের কিসের বাধ্যতা? আইনের প্রতি যদি আইনের মালিকদেরই আস্থা না থাকে, তাহলে জনগণের অবস্থা কী দাঁড়াবে? আমাদের সমাজ ও রাজনীতি যে দিনকে দিন সহিংস ও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে, তা কি এমনি এমনি? নির্বিচার হত্যা কি মানুষকে আইনে আস্থা রাখার শিক্ষা দিচ্ছে, নাকি উল্টোটা করছে?
আইনের মাধ্যমে বিচারের অস্ত্র কখনোই চাপাতি বা বন্দুক নয়। আইনের বিচারের প্রধান অস্ত্র হলো ন্যায়। সেই ন্যায়কে সত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়। সত্য প্রতিষ্ঠার জন্য দরকার পড়ে যুক্তি ও তথ্যপ্রমাণ। এ কারণেই আইনের বিচারের লক্ষ্য হলো অপরাধীর কাছেও তার অপরাধের শাস্তিযোগ্যতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। আইনের মূর্তির চোখ এ কারণেই অন্ধ যে তা আপন-পর মানে না। এ কারণেই বলা হয় অন্ধভাবে আইন অনুসরণ করার কথা। অর্থাৎ আইন সবার প্রতি সমান বিবেচনা দেখাবে। কারও দিকে এক চোখে আর কারও দিকে পূর্ণ চোখে তাকাবে না।
বাংলাদেশে এই প্রক্রিয়া দুর্বল বলেই আইনের জায়গা নিয়ে নিচ্ছে চাপাতি ও বন্দুক। ন্যায়ের বদলে হিংসার জয় দেখা যাচ্ছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিতে দেখা যাচ্ছে আলো-আঁধারির জটিলতা। তাদের ভূমিকা হয়ে দাঁড়াচ্ছে স্কটিশ ঔপন্যাসিক রবার্ট লুই স্টিভেনসনের বিখ্যাত উপন্যাস ‘স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড’-এর মতো। চিকিৎসক হেনরি জেকিল সদাশয় পরোপকারী মানুষ। কিন্তু নিজেরই তৈরি করা জাদুকরি সিরাপ তাকে বদলে আরেক মানুষে পরিণত করে। দিনের বেলার ভালো মানুষ ডক্টর জেকিল রাতের বেলা হয়ে যান পাশবিক খুনি মিস্টার হাইড। ব্যাপারটা একসময়ে আর তার নিয়ন্ত্রণে থাকে না। ধীরে ধীরে ডক্টর জেকিলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিস্টার হাইড। একই ব্যক্তির মধ্যকার শুভচেতনা হেরে যায় তারই মনের ভেতরের অশুভ প্রবৃত্তির কাছে।
যাঁরা দিনের বেলার আইনের প্রহরী, রাতের অন্ধকারে তাঁদের জিম্মায় থাকা সন্দেহভাজন আসামিরা নিয়মিতভাবে মারা পড়তে থাকেন কীভাবে? কোন ক্ষমতার বিষ পানের ফলে এমন হয়? সেই বিষ কি তাঁরা নিজেরাই পান করেছেন, নাকি রাজনীতির নেতারা তাঁদের সেই গরল পানে বাধ্য করেছেন?
অশুভ ক্ষমতার অধিকারী হয়েও ডক্টর জেকিল নিজেকে রক্ষা করতে পারেননি। পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়। পরিহাস এই যে পুলিশ গুলি করেছিল মিস্টার হাইডকে। কিন্তু মৃত্যুর মধ্যে দিয়ে তার শরীরে ওই বিষাক্ত তরলের প্রভাব চলে যায়। তখন দেখা যায়, যিনি নিথর পড়ে আছেন, তিনি আসলে ভালো মানুষ ডক্টর জেকিল। আমাদের এই বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে অশুভের বিনাশ হবে না, তা শেষ পর্যন্ত দেশ থেকে শুভ শক্তিরই বিনাশ ঘটাবে। এই লক্ষণ হলো, আইনের রক্ষকের প্রতি ভয় বাড়ছে, আর তাদের হাতে নিহত সন্দেহভাজন অপরাধীকে বলতে হচ্ছে বিনা বিচারে হত্যার শিকার! অপরাধীদের ভিকটিম বানানো কি আইনেরই নৈতিক ও বাস্তব পরাজয় নয়?