বিচার বিভাগীয় সম্মেলনের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচার বিভাগীয় সম্মেলনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
বিচার বিভাগীয় সম্মেলনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বিচার বিভাগীয় সম্মেলনে নিরপেক্ষ বিচারকার্যের ওপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং দায়িত্বরত প্রধান বিচারপতি এম এ ওয়াহ্‌হাব মিয়া যথার্থই সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। রাষ্ট্রপতি বলেছেন, আদালত জনগণের সর্বশেষ ভরসাস্থল। এটা প্রত্যাশিত যে বিচারকেরা নিরপেক্ষভাবে বিচার করবেন। দায়িত্বরত প্রধান বিচারপতি ওয়াহ্‌হাব মিয়া ভারতের সাবেক প্রধান বিচারপতি আর এম লোধার কথার প্রতিধ্বনি করেন। রীতি অনুযায়ী ভারতের সাবেক প্রধান বিচারপতি সত্যশিবম অবসরে যাওয়ার আগে কর্মে প্রবীণতম হিসেবে লোধাকেই প্রধান বিচারপতি করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলেন। ভারতের রাষ্ট্রপতি তা বিনা বাক্য ব্যয়ে মেনে নেন।

আমাদের দায়িত্বরত প্রধান বিচারপতি ওয়াহ্‌হাব মিয়া বিচারপতি লোধার বরাতে উল্লেখ করেন যে, ‘সামাজিক অবক্ষয়ের দোহাই দিয়ে এই অজুহাত খাড়া করা যাবে না যে বিচারকেরা তো একই সমাজ থেকে এসেছেন। সে কারণে তাঁদের কাছে উচ্চ মান ও নৈতিক দৃঢ়তা আশা করা যাবে না। বিচারব্যবস্থার গ্রহণযোগ্যতা বিচারকদের ওপরই নির্ভর করে। গণতন্ত্র ও আইনের শাসন টেকাতে বিচারব্যবস্থা ও বিচার-প্রক্রিয়া শক্তিশালী হতেই হবে। প্রত্যেক বিচারককেই সততা, নিরপেক্ষতা ও বুদ্ধিবৃত্তিক সততা দ্বারা চালিত হতে হবে।’

উল্লিখিত বক্তব্য কালোত্তীর্ণ এবং তা নিম্ন ও উচ্চ আদালতের বিচারক–নির্বিশেষে প্রযোজ্য হলেও আমরা এখানে স্মরণ করতে পারি যে বিচারপতি লোধা ওই অভিমত কী প্রেক্ষাপটে দিয়েছিলেন। লোধা তখনো প্রধান বিচারপতি হননি। ২০১২ সালে তাঁর নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চ মধ্যপ্রদেশ থেকে আসা একটি মামলার রায় দেন। জেলা জজ আর সি চান্দেলের ১৯৯৩-৯৪ সালের বার্ষিক গোপনীয় অনুবেদনে নেতিবাচক মন্তব্য ছিল। ওই মন্তব্য অপসারণে তিনি একজন সাংসদকে দিয়ে আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখিয়েছিলেন। এটা অসদাচরণ গণ্যে হাইকোর্টের সম্মতিতে ওই জেলা জজকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সেটা তিনি রিটে চ্যালেঞ্জ করেছিলেন, লোধার বেঞ্চ তাঁকে প্রতিকার দেননি।

প্রসঙ্গক্রমে বলি, অধস্তন আদালতের শৃঙ্খলাসংক্রান্ত বহুল আলোচিত গেজেট চলতি সপ্তাহে প্রকাশিত হবে বলে আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন। বিচার বিভাগের সঙ্গে একটা সমঝোতা হলে তা ভালো খবর হবে বটে। কিন্তু আমরা মনে রাখব, ওই চান্দেল বাবু যে অপসারিত হলেন, তার প্রক্রিয়াটা মধ্যপ্রদেশ হাইকোর্টের তদারকিতে হয়েছে। এখানে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের আইন মন্ত্রণালয় শুধু পোস্ট বক্স হিসেবে কাজ করেছে। বাংলাদেশের আইন মন্ত্রণালয় নিছক পোস্ট বক্স হিসেবে নিজেকে দেখতে রাজি নয়। আমাদের সংকট হলো নিম্ন আদালতের নিয়ন্ত্রণ প্রশ্নে সরকার ও সুপ্রিম কোর্ট একটি দ্বৈত শাসন মেনে নিয়েছেন। গেজেটে কী দেখতে হয়, তা অনুমান করতে পারি না। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে রাখবেন, ১১৬ অনুচ্ছেদ সংশোধন করে বাহাত্তরের সংবিধানে ফিরিয়ে না নেওয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে সর্বময় এখতিয়ার না দেওয়া পর্যন্ত এ সমস্যা মিটবে না। তবে আমরা বুঝতে পারি, নিকট ভবিষ্যতে কেউ তা আমাদের দেবে না।

এখন যেটা হতে পারে সেটা হলো বিচারকদের বদলি, কর্মস্থল নির্ধারণ ও পদোন্নতি বিষয়ে একটি নীতিমালা হতে পারে। দায়িত্বরত প্রধান বিচারপতির কথায় আমরা নতুন করে আশ্বস্ত হতে চাই। তিনি ওই সম্মেলনে বলেছেন, ‘এটি অত্যন্ত আশাব্যঞ্জক যে সরকারের উদ্যোগে নতুন বিচারক নিয়োগসহ নানা বিষয়ে অধস্তন বিচার বিভাগে একটি উন্নততর কর্মপরিবেশ তৈরি হচ্ছে।’ আমরা মনে করি, অধস্তন আদালতের উন্নততর পরিবেশ উচ্চ আদালতের উন্নত পরিবেশ থেকে আলাদা করা চলে না। কারণ, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও তদারকির ভার নির্দিষ্টভাবে হাইকোর্টের ওপর ন্যস্ত করা হয়েছে। আর হাইকোর্টের উন্নততর পরিবেশকে নিয়োগের মান থেকে বিচ্ছিন্ন করা যাবে না।  আপাতত উন্নত কর্মপরিবেশ বলতে আমরা এটুকু বুঝতে চাইব যে কোনো লিখিত নীতিমালা ছাড়াই বদলি ও পদোন্নতি যেভাবে চলে আসছে, সেখানে একটা পরিবর্তন আনা হবে।

গত শনিবার দীর্ঘ সময় কথা বলেছি সদ্য অবসরে আসা হাইকোর্টের বিচারক কামরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে। তিনি জেলা জজ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হয়ে হাইকোর্টে এসেছেন। তিনি স্মৃতিচারণা করেন যে তিনি যখন রেজিস্ট্রার ছিলেন, তখন প্রধান বিচারপতি ছিলেন মাহমুদুল আমিন চৌধুরী এবং আইন ও বিচারমন্ত্রী ছিলেন আবদুল মতিন খসরু। বিচারপতি সিদ্দিকী বলেন, একবার আইন মন্ত্রণালয় ২২ জন বিচারককে বদলির প্রস্তাব দিল। এর মধ্যে সুপ্রিম কোর্ট ১৭ জনের বিষয়েই একমত হতে পারেননি। কারণ, অধিকাংশের কর্মস্থলে তিন বছরের মেয়াদ পূরণ হয়নি। এবং কেন বদলি করা হবে, তার কারণ ব্যাখ্যা করা হয়নি। তাঁর দাবি, ওই সময়ে বিরল ব্যতিক্রম ছাড়া তিন বছরের আগে কর্মস্থল পরিবর্তন না করার নীতির বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল। এর আগে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এবং আবদুল মতিন খসরুর কাছ থেকে আমরা এমনটাই জেনেছি। এ কারণে চলমান দ্বৈত শাসনের মধ্যে থেকেই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়ার পর আমরা ব্যাপক বদলি লক্ষ করি। বর্তমান দায়িত্বরত প্রধান বিচারপতির সময়ে ১৫ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সময়ে প্রায় ২০০ বিচারকের বদলি বা কর্মস্থল পরিবর্তন ঘটেছে। তঁাদের মেয়াদ পূরণ হবে কি?

একটি বদলি নীতিমালা এমন হতে পারে যে প্রতিটি বদলির প্রস্তাবের কারণসংবলিত বিবৃতি থাকতেই হবে। একটি মুদ্রিত ফরম ব্যবহার করা বাঞ্ছনীয়। যেমন কোনো বিচারকের নিয়োগ থেকে মোট কতবার কোথায় তিনি কাজ করেছেন এবং এসিআরের তথ্যের সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে উল্লিখিত থাকবে। প্রতিদিন সাড়ে চারজন বিচারককে বদলির প্রয়োজন যাতে না পড়ে, সেটার জন্য দরকার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা। আগেও যেভাবে বিচারক বদলি ও পদোন্নতি ঘটেছে, সেভাবেই সবকিছু যাতে না চলে, সেই ভরসা আমরা চাই। সম্মেলনে এক তরুণ বিচারক আক্ষেপ করে বলেছেন, যথা পদোন্নতির আগেই পদোন্নতি পাই। কিন্তু বেতন পাই আগের মতো। অথচ জনপ্রশাসনের সদস্যরা এ রকম অবস্থায় ৩০ ভাগ বেশি ভাতা নেন। এই বৈষম্য নিশ্চয় অপনোদন করতে হবে। কিন্তু আমরা মনে করি সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলে বিচার বিভাগে কোনো ধরনের পদোন্নতিজট হওয়ার কথা নয়। যুক্তি যা-ই থাক, লোকবল থাকতেও সিদ্ধান্তহীনতার কারণে ডজন ডজন বিচারকের পদোন্নতি না হওয়া কিংবা ডজন ডজন বিচারিক পদ মাসের পর মাস শূন্য থাকা বিচার বিভাগের সুস্বাস্থ্য নির্দেশক নয়।

আমাদের রাষ্ট্রপতি ও দায়িত্বরত প্রধান বিচারপতি তাঁদের বক্তৃতায় মামলার অনুপাতে বিচারক সংখ্যা স্থির করা এবং প্রকারান্তরে বিলম্বিত বিচার বিচার প্রত্যাখ্যানের নামান্তর কথাটিও স্বীকার করেছেন। কিন্তু আশ্চর্যের কথা হলো রাষ্ট্রপতির ভাষণের যে বিবরণ বাসসের খবরে প্রকাশ পেয়েছে, তাতে সমস্যা চিহ্নিত হয়েছে কিন্তু তা থেকে উত্তরণের কোনো পরিষ্কার অঙ্গীকার নেই। এ বিষয়ে বর্তমান সরকারের আমলেই গঠিত আইন কমিশনের সুপারিশ সরকার যেভাবে অগ্রাহ্য করে চলছে, তাতে অদূর ভবিষ্যতে বিচারক ও মামলার অনুপাতে ভারসাম্য আসার লক্ষণ দেখি না। ৩০ লাখ মামলা বিচারাধীন থাকতে ২০১২ সালে আইন কমিশন বলেছিল, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে, তার প্রধান কারণ হচ্ছে বিচারকার্য ও নিষ্পত্তিতে অস্বাভাবিক দীর্ঘসূত্রতা এবং এর ফলে অপরাধীরা অপরাধ করা হতে নিরুৎসাহিত তো হয়ই না, বরং উৎসাহিত হয়। আইন কমিশন খণ্ডিতভাবে বলেছিল, অধস্তন বিচারকের সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ ৩ হাজার করতে। কিন্তু গত পাঁচ বছরে তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

দায়িত্বরত প্রধান বিচারপতি যখন বলছেন, আমেরিকায় ১০ লাখে ১০৭, কানাডায় ৭৫, ইংল্যান্ডে ৫১, অস্ট্রেলিয়ায় ৪১, ভারতে ১৮; তখন বাংলাদেশে ১০ লাখের জন্য ১০ জন বিচারক আছেন। আইন কমিশন বলেছিল, ১ লাখ ৪৩ হাজারের জন্য ১ জন বিচারক আছেন। হাইকোর্টে আড়াই বছরের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ। দায়িত্বরত প্রধান বিচারপতি বলেছেন, সংগত কারণে দেশের জনগণ ও বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় দেশের সব আদালতে ক্রমান্বয়ে বিচারকের সংখ্যা বৃদ্ধি করা হলে বিচার নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধি পাবে এবং বিচারকদের প্রতি জনগণের আস্থা আরও সুসংহত হবে। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে ১০ মাসের বেশি সময় দায়িত্ব পালনকালে কোনো বিচারক নিয়োগ হয়নি। এর অন্যতম কারণ, সম্ভবত তিনি শপথ পড়াতে পারতেন না। কারণ, প্রধান বিচারপতি হিসেবে তাঁর নিজেরই শপথ ছিল না। এবারও দেখছি সেই প্রশ্ন। আইনমন্ত্রী বলেছিলেন, এক বছরও ঝুলতে পারে। তাহলে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারকস্বল্পতা চলতেই থাকবে?

বিচারপতি লোধার কথায় আসি। মধ্যপ্রদেশের ওই জেলা জজের মামলার রায়ে সেই বহুল উচ্চারিত পুরোনো কথাও স্মরণ করেছিলেন তিনি। তিনি লিখেছেন, ‘সিজারের স্ত্রীকে অবশ্যই সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে।’ আর এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়বে যে, টিআইবি সাম্প্রতিক বছরগুলোতে বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে জাতীয় খানা জরিপের ফলাফল প্রকাশ করে যাচ্ছে। আর এতে যে চিত্রটি ফুটে উঠছে তা উদ্বেগজনক। সর্বশেষ জরিপে তারা বলেছে, ২০ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিচ্ছেন বিচারপ্রার্থীরা। দায়িত্বরত প্রধান বিচারপতি বলেছেন, জন-আস্থাই স্বাধীন বিচারব্যবস্থার অন্তর্নিহিত শক্তির উৎস। তাহলে সেই আস্থার বর্তমান ভিত্তি কী?

আমরা আশা করি, রাষ্ট্রপতি যুক্তিসংগত সময়ে রায় প্রকাশে এবং দায়িত্বরত প্রধান বিচারপতির প্রস্তাবিত ই-জুডিশিয়ারির পরিকল্পনা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন হোক। সুপ্রিম কোর্ট নিজস্ব বাজেটে অন্তত উচ্চ আদালতের সব কক্ষে সিসিটিভি বসানোর একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করে উদাহরণ তৈরি করতে পারেন। এতে খরচ কম। একবার এটা বসানোর কাজ শুরুর পর তা খুলে নেওয়া হয়। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি নিজেদের প্রতিটি এজলাসে এবং নিম্ন আদালতে সিসিটিভি বসাতে নির্দেশ দিয়েছেন। বলেছেন, বিচারকক্ষে বিচারকের কাজে কোনো প্রাইভেসি নেই।

শেষ করি লোধার কথায়। ২০ অক্টোবর ২০১৫, লোধা সাবেক প্রধান বিচারপতি পরিচয়ে দ্য হিন্দুতে এক নিবন্ধ লিখেছিলেন। তখন বিচারক নিয়োগসংক্রান্ত ৯৯তম সংশোধনী বাতিলের রায়ের কারণে মোদি সরকার গরম। মন্ত্রীরা বেশ হম্বিতম্বি করছেন। লোধা সুপ্রিম কোর্টকে পরামর্শ দিলেন, এমন অবস্থা অবশ্যই ‘সতর্কতা ও সুপটুভাবে’ সামলাতে হবে। তাঁর নিবন্ধের মূল সুর ছিল: অবশ্যই মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে হবে। তাঁর শেষ বাক্যটি আমাদের জন্যও প্রযোজ্য, ‘অ্যাপয়েন্ট গুড জাজ, রেস্ট উইল ফলো।’ এবার হলো না, আগামীর বিচার বিভাগীয় সম্মেলনের এই হোক মূলমন্ত্র।

মিজানুর রহমান খান: সাংবাদিক৷