বিচারকদের বেতন-ভাতা গোলকধাঁধায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আর বিলম্ব না করে ৩০ লাখ মামলার বোঝা নিয়ে ধুঁকতে থাকা বিচারকদের বেতনকাঠামোর মীমাংসা হওয়া উচিত। যথারীতি খাস পাবলিক সার্ভেন্টদের বেতন হার চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু বিচারকদেরটা আটকে আছে। এ নিয়ে আমাদের চিন্তা আরও বাড়িয়েছে বিভক্তির খবর। জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশে সচিবদের বেতন-ভাতার সঙ্গে মিল রেখে জেলা জজদের বেতন-ভাতা বৃদ্ধি করা নিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ পুনরায় বিভক্ত হয়ে পড়েছে। মনে হচ্ছে, এই বিভাজনরেখা গভীর থেকে গভীরতর হচ্ছে। এই সমস্যার একটা স্থায়ী সুরাহা দরকার।
গত ১ মার্চ জুডিশিয়াল পে-কমিশনের চেয়ারম্যান বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন পে-কমিশন রিপোর্ট দিয়েছিল। ওই সময়ে সচিবদের বেতন হার ৪০ হাজার থেকে বাড়িয়ে ৮৪ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব বিবেচনাধীন ছিল, যা এখন ৭৮ হাজার টাকা হয়েছে। ওই প্রস্তাবের সঙ্গে সংগতি রেখে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জ্যেষ্ঠ জেলা জজের বেতন ৭৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল নাজমুন আরা কমিশন। কিন্তু অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব এবং বাংলাদেশ মহা-হিসাব নিরীক্ষক ভিন্নমত দিয়েছিলেন। নাজমুন আরা কমিশনের সদস্য হিসেবে তাঁরা অভিমত দিয়েছিলেন যে, ‘জেলা জজের বেতন সচিবদের মতো হওয়া উচিত নয়।’ অথচ এবারের কমিশনের আগে সচিব ও জেলা জজরা ৪০ হাজার টাকা করেই পাচ্ছিলেন। এটা আগে যে বাস্তবতা ও বিচারবুদ্ধি থেকে করা হয়েছিল, তারপর তো সরকারের পরিবর্তন ঘটেনি। সরকার বদলে গেলে না হয় বলতাম, সরকার বদলেছে বলে নীতি বদলেছে। সুতরাং ওই জ্যেষ্ঠ সচিবদের দৃষ্টিভঙ্গি একেবারেই গ্রহণযোগ্য নয়।
তাঁদের ওই অবস্থানের ফলে সচিব-জেলা জজের পদমর্যাদা ও বেতনকাঠামোর দ্বন্দ্ব নতুন করে তীব্রতা পেতে পারে। নতুন বেতন কমিশন নিয়ে একধরনের অসন্তোষ বিরাজ করছে। এর ওপরে জেলা জজ-সচিব টানাপোড়েন কাম্য নয়। আমরা লক্ষ করছি, মাসদার হোসেন মামলার চেতনাকে নানামুখী উপায়ে ম্লান করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মনে হচ্ছে, একটি স্তম্ভ আরেকটি স্তম্ভের ওপরে যথেষ্ট খড়্গহস্ত হয়ে পড়ছে। আপিল বিভাগের পৌনঃপুনিক নির্দেশনার ভিত্তিতেই ইতিহাসে প্রথমবারের মতো সচিব এবং জ্যেষ্ঠ জেলা জজের বেতনে সমতা আনা হয়েছিল। এখন সচিবদের যেহেতু ৭৮ হাজার টাকা করা হয়েছে, তাই জ্যেষ্ঠ জেলা জজেরও তাই হওয়া উচিত। ইতিমধ্যে জ্যেষ্ঠ সচিব ৮২ হাজার টাকা এবং কেবিনেট ও মুখ্য সচিবের ৮৬ হাজার টাকা করা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের বেতন হার এই ধারার সঙ্গে সংগতিপূর্ণ হওয়া উচিত।
বেতন ছাড়া বিভিন্ন ধরনের ভাতা প্রশ্নে পাবলিক সার্ভেন্টদের সঙ্গে বিচারকদের বৈষম্য চলছে। এর রাশ টানা উচিত। সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে প্রায় সাড়ে ছয় শ জজ এক থেকে দুই লাখ টাকা করে ভাতা তুলে নিয়েছিলেন। এই আক্রার বাজারে এখন তাঁদের তা সরকারি কোষাগারে জমাদানের হুকুম জারি করা হয়েছে। এমন আজগুবি আদেশের কথা কে কবে শুনেছে? আপিল বিভাগের আদেশের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় ভেবেচিন্তে এই ভাতা-বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছিল। যদি ভাতার টাকা একান্তই ফেরত দিতে হয়, তাহলে তো অ্যাটর্নি জেনারেলকে তা আপিল বিভাগের কাছে পেশ করতে হবে। যুক্তিসংগত কারণ দেখাতে হবে এবং কোনো লুকোচুরির আশ্রয় না নিয়ে আদেশ সংশোধন করে নিতে হবে। কিন্তু তা না করে জনপ্রশাসন একটি লজ্জাজনক পথ অনুসরণ করছে। ক্ষুব্ধ বিচারকেরা আপিল বিভাগের কাছে এর প্রতিকার চেয়ে দরখাস্ত করেছেন। তার সুরাহা হয়নি। অথচ এই ভাতা ফেরত না দেওয়ার কারণে কারও কারও বেতন বন্ধ পর্যন্ত করে দেওয়া হচ্ছে। একটানা চার মাস বেতন বন্ধ রাখার খবরও আমাদের কাছে আছে, আবার ভাতা ফেরত না দিলেও তাঁর বেতন পুনরায় চালু হয়েছে। এর নাম কি আর্থিক শৃঙ্খলা? আবার ওই একই সময়ে প্রশাসন ক্যাডারের সদস্যদের তুলে নেওয়া ভাতা ফেরত দিতে কোনো নির্দেশনা জারি করা হয়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশন ১ নম্বর গ্রেডের সচিবদের বেতন ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৮৪ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছিল। জেলা জজ প্রশ্নে প্রশাসন ক্যাডারের অনেকেরই দৃষ্টিভঙ্গি হলো, মর্যাদা ও বেতনে সচিবদের অবশ্যই জেলা জজদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকতে হবে। আমাদের যুক্তি হলো, অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশের বিচারকদের যেভাবে আর্থিক স্বাচ্ছন্দ্যে রাখা হয়, সেভাবে আমাদেরও রাখতে হবে। জনপ্রশাসনের তুলনায় বিচার প্রশাসনের আর্থিক সুবিধাদির বিষয়ে নীতিগত অবস্থানটা পরিষ্কার করতে হবে। মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার প্রশ্ন ভিন্ন প্রসঙ্গ। ধারণা করা যায়, জেলা জজ তথা বিচারপতিদের বেতন-ভাতা বর্তমানের চেয়ে যুক্তিসংগত হারে বাড়ানো না হলে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় অর্থপূর্ণ প্রতিযোগিতা আনা কঠিন থেকে যাবে। বেতন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একজন সাবেক জ্যেষ্ঠ সচিব এক প্রশ্নের জবাবে যুক্তি দিয়েছেন, ‘জেলা জজরা জেলা পর্যায়ের কর্মকর্তা, কাজেই প্রজাতন্ত্রের বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ পদধারীদের বেতনের সঙ্গে তাঁদের বেতন সমান করা যুক্তিসংগত হবে না। প্রশাসনে তাহলে সমস্যা দেখা দেবে।’ বিনয়ের সঙ্গে তাঁর সঙ্গে ভিন্নমত পোষণ করে বলতে চাই, প্রশাসন চালানোর সঙ্গে জজিয়তির এমন তুলনা চলে না। দু-চারটি মন্ত্রণালয় নির্বাহী আদেশ দিয়ে যখন তখন বিলুপ্ত করা চলে, আদালতের কোনো অংশ বিলুপ্ত করা যায় না। বিচারকেরা সংবিধানের প্রত্যক্ষ সৃষ্টি। তাঁরা সংবিধানের অধীনে সার্বভৌম বিচারিক এখতিয়ার অনুশীলন করেন।
বিচারপতি নাজমুন আরা সুলতানা অবশ্য উল্লিখিত ধরনের যুক্তি খণ্ডন করে কমিশন সভাতেই যথার্থ যুক্তি দিয়েছিলেন যে, ‘জেলা বিচারকেরা রাষ্ট্রের সার্বভৌম বিচারিক ক্ষমতা প্রয়োগ করেন, তাই তাঁদের সঙ্গে অন্যান্য সার্ভিসের বেতনের সমতা বা তুলনা হতে পারে না।’
ওই প্রবীণ সচিব অবশ্য উল্লেখ করেন, ‘আমি সবিনয়ে ও দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে, বেতন ও পদমর্যাদা এক বিষয় নয়। জেলা জজের বেতন-ভাতা বেশি হতে পারে, কিন্তু জেলা জজদের একটি জেলায় খণ্ডিতভাবে দায়িত্ব পালনের নিরিখে দেখতে হবে।’ তিনি এও মনে করেন, বেতন-ভাতার বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে জেলা জজদের পদমর্যাদার বিষয়টি নিষ্পত্তি করা অধিকতর সমীচীন। কিন্তু এটা বাস্তবতা নয়। উল্লেখ্য, ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে জেলা জজরা এখন উপসচিবের পদমর্যাদায় আছেন। হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স পাল্টে জেলা জজদের সচিবের মর্যাদার সমান করতে রায় দিয়েছেন। এই বিষয়টি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম গত মার্চে পে-কমিশনের সভায় তথ্য দিয়েছিলেন যে, পাকিস্তানের জেলা জজদের বেতন কেন্দ্রীয় সচিবদের চেয়ে তিন গুণ। জ্যেষ্ঠ সচিবেরা বলেছেন, এই যুক্তি বাংলাদেশে খাটে না। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সচিব ও জেলা জজদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ড. ফরাসউদ্দিন অবশ্য পাকিস্তানকে আদর্শ মানতে রাজি নন। আমরাও তাঁর সঙ্গে একমত। তিনি ভারতের মডেলকে অনুসরণযোগ্য বলে মত দেন। যদি সেটাই সত্য হয়ে থাকে, তাহলে আসুন আমরা ভারতের উদাহরণকেই মেনে নিই। ভারতের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে যেভাবে জেলা জজ ও সচিবদের পদমর্যাদা আছে, সেই আলোকেই বিষয়টির একটা স্থায়ী ফয়সালা হোক।
ছয় মাসের বেশি সময় আগে নাজমুন আরা কমিশনের সভায় জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী জ্যেষ্ঠ জেলা জজদের বেতন ৮০ হাজার টাকা করতে রাজি হয়েছিলেন। সিএজি ৮৪ হাজার টাকা করার প্রস্তাবের সঙ্গে ‘একমত হওয়া কষ্টকর’ বলে মত দেন। অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব জেলা জজদের সবাইকে ১ নম্বর গ্রেড দিলে ‘প্রশাসনিক জটিলতা’ তৈরি হবে মর্মে উল্লেখ করেন, তিনি জ্যেষ্ঠ জেলা জজদের বেতন ১ নম্বর গ্রেডের সমপরিমাণ ৮০ হাজার টাকা সুপারিশ করেন। আমরা তাঁদের এই মনোভাবকে গুরুত্বপূর্ণ বলেই মনে করি। বেতন-ভাতা নিয়ে বিচারকেরা বঞ্চিত হচ্ছেন। ২০০৯ সালের প্রথম পে-কমিশন রিপোর্ট সরকার মানেনি। এরপর ২০১২ সালে তারা জজদের বিশেষ ভাতা বিদ্যমান ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু অবাক ব্যাপার হলো, এরপর তারা তা বাস্তবায়ন করেনি। তাই ২০১৩ সালের ফেব্রুয়ারিতে কেবিনেট সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব এবং দায়িত্বপ্রাপ্ত আইনসচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি হয়। এরপরই কেবল তারা সচিবদের মতো বেতন স্কেল দিতে রাজি হয়।
সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডে এই নীতি স্থির হয় যে বিচারকের বেতন-ভাতা বাড়ানো যাবে, কমানো যাবে না। কমালে বিচারকের স্বাধীনতা খর্ব হয়। কিন্তু আমাদের অর্থ মন্ত্রণালয় এখন বলছে, ওই ৫০ শতাংশ ভুলে যাও। যারা তুলেছিলে তারা টাকা ফেরত দাও; এমনকি আগের ৩০ শতাংশ থেকে আরও ১০ শতাংশ ভাতা কম নাও। এ নিয়ে যে অসন্তোষ ও অচলাবস্থা চলছে, তা দূর হোক।
আচ্ছা ভারতকেই মানুন। ২০০৯ সালে বোম্বে হাইকোর্টের বিচারপতি ই. পদ্মানাভনের নেতৃত্বাধীন পে-কমিশন জেলা জজদের বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি করেছিল। আর সুপ্রিম কোর্টের ২০১০ সালের রায়মতে প্রতিটি রাজ্য ২০০৬ থেকে ভূতাপেক্ষভাবে তা কার্যকর করেছে। তখন জ্যেষ্ঠ জেলা জজের (সুপার টাইম স্কেল) বেতন ২৮ হাজার থেকে ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছিল।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]