বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম প্রয়াত হয়েছেন ৫০ বছর (১৩ অক্টোবর ১৯৬৬)। তাঁকে দেখিনি, শুধু লোকমুখে শুনেছি এবং তাঁর ওপর লেখা বই পড়ে জেনেছি। তাঁর ছাত্রজীবন ও কর্মজীবন ছিল বর্ণাঢ্য।
মোহাম্মদ ইব্রাহিমের জন্ম ফরিদপুরে, লেখাপড়া মূলত বরিশালে। ১৯১৪ সালে তিনটি স্বর্ণপদকসহ ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে বৃত্তিসহ উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে ভর্তি হন। এখান থেকে তিনি ১৯১৬ সালে আইএসসি পরীক্ষায় প্রথম বিভাগে বৃত্তি নিয়ে উত্তীর্ণ হন। ১৯১৮ সালে ইংরেজিতে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা আইন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এ বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
মোহাম্মদ ইব্রাহিমের পেশাগত জীবন শুরু হয় ফরিদপুরে আইন ব্যবসার মাধ্যমে। ১৯২৪ সালে তিনি ঢাকা বারে যোগদান করেন। ১৯২৪ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খণ্ডকালীন লেকচারার ছিলেন এবং একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষার পরীক্ষক নিযুক্ত হন। ১৯৩৯ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন এবং ১৯৪৩ সাল থেকে জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত অবস্থায় ১৯৪৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। অবসর গ্রহণের পর ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন এবং ১৯৫৮ সাল পর্যন্ত এই পদ থেকে তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী হিসেবে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানের মন্ত্রিসভায় যোগ দেন। এই হচ্ছে তাঁর ছাত্রজীবন থেকে পেশাগত জীবনের চালচিত্র। তাঁর সামগ্রিক জীবনের সামাজিক এবং পেশাগত জীবন বিশ্লেষণ করলে তাঁর জীবনের বৈচিত্র্য প্রকাশ পায়।
বিচারপতি মোহাম্মদ ইব্রাহিমের পূর্বপুরুষেরা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তাঁর বাবা থেকে শুরু করে পঞ্চম পূর্বপুরুষ সবাই হজ পালন করেছিলেন। পঞ্চম পূর্বপুরুষ পর্যন্ত ক্রমান্বয়ে হজ করা সাধারণত দেখা যায় না।
প্রায় শতবর্ষ আগে বা ৯৮ বছর আগে তিনি যখন কৃতিত্বের সঙ্গে তিনটি স্বর্ণপদক নিয়ে ম্যাট্রিক পাস করেন, তখন পূর্ববঙ্গে বাঙালি মুসলমানদের মধ্যে বলতে গেলে হাতে গোনা কিছু বাঙালি মুসলমান লেখাপড়া করত। উল্লেখ্য, সে সময় বাঙালি মুসলমান যাঁরা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন, তাঁদের বেশির ভাগ আরবি, ফারসিতে স্নাতকোত্তর বা শুধু স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। বিচারপতি ইব্রাহিম ইংরেজিতে অনার্সসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন।
আইনের পেশায় যোগ দিয়ে নিজ যোগ্যতায় এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি জেলা ও দায়রা জজ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। উল্লেখ্য, বিচারপতি ইব্রাহিম তাঁর কর্মনিষ্ঠা, একাগ্রতা ও সততার মূল্য হিসেবে বিচারক থেকে বিচারপতি হিসেবে উত্তরণ ঘটিয়েছিলেন। বিচারপতি হিসেবে অবসর গ্রহণের পর তিনি ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন। উপাচার্য থাকাকালে তিনি বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছিলেন। তার মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিল স্থাপন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও মিলনায়তন প্রতিষ্ঠাসহ প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে রেজিস্ট্রার দপ্তরকে তিনটি প্রশাসনিক ইউনিটে ভাগ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে ১৯৫৭ সালের জুলাই মাসে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা পায়। উপাচার্য হওয়া ছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে দীর্ঘকাল খণ্ডকালীন হিসেবে শিক্ষকতা করেছিলেন (১৯২৪-১৯৪৩)।
১৯৫৮ সালের ২৭ অক্টোবরে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। তখন আইয়ুব খান নিজের প্রয়োজনেই বিচারপতি ইব্রাহিমকে তাঁর মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আইনমন্ত্রী হিসেবে তিনি বেশ কিছু জনকল্যাণমূলক কাজ করেছিলেন। এর মধ্যে কঠোর হাতে দুর্নীতি দমন, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ নিয়েছিলেন। সেই সময়ে কিছুকাল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছিল। তাঁরই উদ্যোগে ১৯৬১ সালে বৈপ্লবিক ‘মুসলিম পারিবারিক আইন’ প্রণয়ন করা হয় এবং তাঁর প্রস্তাবে ঢাকায় দ্বিতীয় রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বর্তমান খিলগাঁও আবাসিক এলাকা প্রকল্প তাঁর অবদান।
জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও পূর্ব পাকিস্তানের উন্নয়নে অবহেলা করার বিষয়ে তাঁর বক্তব্য পাকিস্তানের অবাঙালি শাসকদের অখুশি ওÿক্ষিপ্ত করেছিল।
বিচারপতি ইব্রাহিম মন্ত্রী থাকাকালে যত গঠনমূলক কাজ করেছিলেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সংবিধান প্রণয়ন। তিনি সংবিধান-সম্পর্কিত ‘ক্যাবিনেট সাব-কমিটির’ সভায় প্রস্তাব রেখেছিলেন যে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, বিনিময় মুদ্রা এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যোগাযোগব্যবস্থা থাকবে কেন্দ্রের কাছে এবং অন্য সব দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারের কাছে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পার্লামেন্টারি গণতন্ত্র প্রবর্তনের সুপারিশ ও প্রাদেশিক গভর্নর নির্বাচন করাসহ গভর্নরকে পর্যায়ক্রমে একই প্রদেশের নির্বাচন অধিবাসী হতে হবে। এ ছাড়া উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুই প্রদেশের মধ্যে করতে হবে। স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট আইয়ুব খান বিচারপতি ইব্রাহিমের ধর্মনিরপেক্ষ ফেডারেল। গণতান্ত্রিক সংবিধান ও পূর্ব পাকিস্তানের অধিকার সংরক্ষণের দাবি এবং সর্বজনীন ভোটের ব্যবস্থায় রাজি হননি এবং হওয়ার কথাও নয়। রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে মতবিরোধ হওয়ার ফলে তিনি সংবিধানে সম্মতি স্বাক্ষর দেননি। ১৯৬১ সালের নভেম্বর মাসে তিনি মন্ত্রিসভার শেষ বৈঠকে যোগ দেওয়ার পরে ঢাকায় ফিরে আসেন এবং আর রাওয়ালপিন্ডি ফিরে যাননি। বেশ কিছু মাস তাঁকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে অনুরোধ করার পরও তিনি অবিচল ছিলেন। অবশেষে পাকিস্তান সরকার ১৯৬২ সালের এপ্রিল মাসে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে।
বিচারপতি ইব্রাহিম ঢাকায় আসার পরে বিভিন্ন বাঙালি রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি সবাইকে বাঙালির স্বাধিকার আন্দোলন জোরদার করার জন্য পরামর্শ দিয়েছিলেন। এখানে উল্লেখ্য, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রয়াত হওয়ার পর সে সময়ে (বঙ্গবন্ধু) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পুনরুজ্জীবিত আওয়ামী লীগের প্রথম সম্মেলন বিচারপতি ইব্রাহিমের গ্রিন রোডের আমবাগানে (বর্তমানে গ্রিন সুপার মার্কেট) অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিচারপতি ইব্রাহিমকে আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন; কিন্তু বিচারপতি ইব্রাহিম প্রত্যক্ষ রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য সম্মতি দেননি। এখানে উল্লেখ্য করা অপ্রাসঙ্গিক হবে না যে তিনি সংবিধান প্রণয়নে যেসব প্রস্তাব দিয়েছিলেন, তা পূর্ব পাকিস্তানের ও জনগণের স্বায়ত্তশাসনের জন্য।
বিচারপতি ইব্রাহিম ছিলেন একজন প্রখর আত্মমর্যাদাসম্পন্ন, গুরুগম্ভীর, ধীরস্থির, স্বল্প-স্নিগ্ধভাষী ও স্পষ্টভাষী ব্যক্তিত্ব। আমাদের সমাজে সর্বত্রই চাটুকার ও তোষামোদকারীদের প্রভাব দেখা যায়। সরকারের প্রভাবশালীদের ‘মাননীয়’ বলতে বলতে মুখে এবং লেখনীতে বন্যা বইয়ে দেয়। এখনকার তুলনায় তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পত্রে প্রেসিডেন্ট আইয়ুব খানকে ‘ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেছিলেন। এখনকার কোনো মন্ত্রী কি তা পারবেন? এতেই বোঝা যায় যে তিনি কত দৃঢ়চেতা ও আত্মমর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি ছিলেন।
বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম মনেপ্রাণে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এবং ছিলেন আপাদমস্তক বাঙালি জাতীয়তাবাদের অনুরক্ত। বর্তমানে সমাজে যে অবক্ষয় চলছে, তাতে তাঁর মতো মানুষের অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে। এখনো যাঁরা দেশ-সমাজ-প্রগতি নিয়ে ভাবেন, তাঁর প্রজ্ঞা, জ্ঞান, সততা, দূরদর্শিতা ও দেশপ্রেম নিঃসন্দেহে তাঁদের অনুপ্রাণিত করে।
ড. নেহাল করিম, অধ্যাপক ও চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।