বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সমাজেই বিভিন্ন ধরনের অপরাধ ঘটে। সরকার যদি অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিও নেয়, তা-ও কিছু অপরাধী সব সমাজেই কোনো না কোনো ফাঁকফোকরে এক-আধবার পার পেয়েও যেতে পারে। তবে সেই সংখ্যা হবে খুবই কম। অধিকাংশই আইনের আওতায় এসে সাজা পাবে। ফলে সব সমাজে অপরাধপ্রবণতা থাকবে সীমিত। পক্ষান্তরে সরকার যদি এ ব্যাপারে শৈথিল্য দেখায়, সেই সমাজে অপরাধপ্রবণতা বাড়তেই থাকবে। আর দুর্ভাগ্যক্রমে সরকারের কোনো কোনো মহল যদি কিছুসংখ্যক অপরাধীকে প্রশ্রয় দেয়, সেই সমাজে অপরাধ বৃদ্ধির হার হবে আশঙ্কাজনক।উল্লেখ করা আবশ্যক, আমাদের দেশে গুরুত্বপূর্ণ প্রায় সব ফৌজদারি মামলায় সরকারই বাদী। মামলা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সরকারের যে কাঠামো আছে, তা যথেষ্ট সবল না হলেও দুর্বল বলা যাবে না। তবে এখানেও আসামির প্রভাব-প্রতিপত্তি, অর্থবিত্ত আর ক্ষমতাবলয়ের সঙ্গে তার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ তদন্ত, আদালতে হাজির হয়ে সাক্ষীদের নির্ভয়ে সাক্ষ্যদানের প্রতিকূল পরিবেশ আর আদালতের সরকারপক্ষের দুর্বল উপস্থাপনার বিপরীতে প্রতিপক্ষের সবল প্রতিরোধ স্বাভাবিকভাবে মামলার ফল সরকারের বিপক্ষে যাচ্ছে। তাই বলদর্পীরা আমাদের সমাজে অপরাধ করতে কুণ্ঠিত নয়। বরং তারাই জোর গলায় অন্যদের উপদেশ দেয় বিভিন্ন বিষয়ে।ইদানীং আমাদের আর্থিক খাতে বেশ কিছু বড় ধরনের অপরাধ ঘটে গেছে। যেমন পুঁজিবাজারে ধস, ডেসটিনি, ইউনিপেটুইউর মতো কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কার্যক্রম আর সর্বশেষ হলমার্ক নামের একটি গ্রুপের ব্যাংক থেকে প্রতারণামূলকভাবে ঋণ নেওয়া ইত্যাদি। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগেও বিশ্বব্যাংক অটল অবস্থানে আছে। এখানেই শুরু বা শেষ নয়, বিভিন্ন সরকারের সময়ই ভিন্ন ভিন্ন আকৃতি ও প্রকৃতির আর্থিক অপরাধ ঘটেছে ও ঘটছে। তবে হলমার্ককে যে প্রক্রিয়ায় যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছে, তা নিয়ে বড় রকম বিতর্কের ঝড় উঠেছে। এর সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাসহ অন্য সবাইকে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে দেশের শিল্প ও বাণিজ্য-সংক্রান্ত সমিতিগুলোর সর্বোচ্চ সংস্থা এফবিসিসিআইসহ সব মহল। জাতীয় সংসদে পর পর দুই দিন প্রবীণ সদস্যরাও এ দাবি জানিয়েছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে বিভিন্ন মহল বেশ কিছু পরামর্শ রাখছে।অর্থমন্ত্রী প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও পরে ভুল স্বীকার করে এটা গুরুতর অপরাধ বলে আখ্যায়িত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংককে মামলা করার নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত তা করা হয়নি। দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। এতে কিছুটা সময় লাগবেই। তবে অভিজ্ঞতার আলোকে অনেকে ধরে নিচ্ছেন যে সময়ান্তরে এ বিষয়টিও ধামাচাপা পড়ে যেতে পারে। কেননা, পত্রিকান্তরের খবরে জানা যায়, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট শাখার প্রধান কর্মকর্তা এই শাখায় থাকা স্বাভাবিক সময়সীমা তিন বছরের অধিক আরও দুই বছর রইলেন। আর ওএসডি হওয়া ডিএমডি-দ্বয়ের একজন বিলুপ্ত ট্রুথ কমিশনে নিজের দুর্নীতি স্বীকার করে জরিমানা দিয়ে কীভাবে পদোন্নতি এবং দেশের সর্ববৃহৎ ব্যাংকটিতে পদায়িত হলেন, এসব দেখে অপরাধ উন্মোচনে সরকারের সদিচ্ছা ও সামর্থ্য সম্পর্কে কেউ সংশয়বাদী হলে দোষ দেওয়া যাবে না। যাই হোক, সোনালী ব্যাংক তার টাকা আদায়ের কৌশল হিসেবে ঋণগ্রহীতার কাছ থেকে কিছু সম্পদ জামানত রাখার প্রচেষ্টা হয়তো বা চালাচ্ছে। কিন্তু সেই জামানত যদি স্থাবর সম্পত্তি হয়, তার নিষ্কণ্টক মালিকানা ও যথাযথ মূল্য নির্ধারণে তারা যদি রক্ষণশীল না হয়, তবে সেই জামানত থেকে আর যাই হোক, এই টাকার ক্ষুদ্র অংশও আদায় হওয়ার সম্ভাবনা থাকবে না। জামানত নেওয়ার প্রচেষ্টার পাশাপাশি মামলা দায়ের ও আসামি গ্রেপ্তারে সরকারের জোরালো অবস্থান অধিক ফলপ্রসূ হতে পারে। এখন পর্যন্ত সে রকম কার্যক্রম লক্ষণীয় হচ্ছে না; শুধু কয়েকজন কর্মকর্তাকে সাসপেন্ড এবং আর কয়েকজনকে ওএসডি করা ছাড়া। উল্টো দেখা যাচ্ছে, হলমার্ক গ্রুপকে অকারণে হয়রানি করা হচ্ছে বলে কোথাও কোথাও সড়ক অবরোধের মতো কর্মসূচি আসছে।অপরাধ দমনের ক্ষেত্রে সরকারপরম্পরা তাদের ভূমিকায় আমরা আশাহত হই। খুন, ডাকাতি, ধর্ষণ, চুরি, রাহাজানিসহ বেশ কিছু বিষয় তদন্ত পর্যায়েই অনুদ্ঘাটিত থেকে যায়। যেগুলোতে অভিযোগপত্র দেওয়া হয়, তারও বিশাল অংশ প্রমাণের অভাবে আসামি খালাস পায়। সরকার দৃঢ়প্রত্যয়ী হলে প্রকৃত অপরাধীর সাজা হবেই, এটা এক রকম নিশ্চিত। যেমনটা আমরা বর্তমান সরকারের বিগত ও বর্তমান মেয়াদে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের ১৫ আগস্ট হত্যা মামলার সময়ে দেখেছি। তাদের গত মেয়াদে আরও দেখেছি, সরকারের দৃঢ় ভূমিকার জন্য এরশাদ শিকদারের মতো ঘৃণ্য অপরাধী আদালত কর্তৃক প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছে। পক্ষান্তরে তাদের মধ্যে এ ধরনের দৃঢ়তার বিন্দুমাত্র ছাপ দেখা যায়নি তাদের উভয় মেয়াদের শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের ব্যবস্থা করতে। ঠিক তেমনি চারদলীয় জোট সরকার প্রশংসনীয় দৃঢ়তার সঙ্গে বাংলা ভাইসহ বেশ কিছু কুখ্যাত জঙ্গিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। অপর দিকে তাদেরই অনীহা বা কারসাজিতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হত্যা মামলাটি ভুল পথে চালনা করা হয়। তারাই তাদের আগের সরকারের সময়ে ঘটে যাওয়া শেয়ারবাজার কেলেঙ্কারির মামলাটি ক্ষমতায় গিয়ে সম্পূর্ণ উপেক্ষা করে। এ উপেক্ষা একেবারেই নির্দোষ এমন ভাবার কারণ নেই। আইনি জটিলতা থাকলেও সরকার উদ্যোগ নিলে সর্বোচ্চ আদালতেও ন্যায়সংগত প্রতিকার পাওয়া যায়, এটা আমরা বারবার দেখেছি। আর্থিক বা অন্য কোনো অপরাধী যত বড়ই হোক, সরকারের ন্যায়সংগত জোরালো উদ্যোগের সামনে সফল হতে পারে না।আগে থেকেই সীমিত আকারে আরেকটি অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা চলে আসছিল। তা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা প্রয়োগে নিজেদের স্বার্থে বিচারাধীন মামলা প্রত্যাহার। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে তাদের দলীয় নেতা-কর্মী বলে কথিত ব্যক্তিদের বিরুদ্ধে কয়েক হাজার মামলা প্রত্যাহার করে নেয়। আর বর্তমান মহাজোট সরকারও তাদের সঙ্গে অন্য অনেক বিষয়ে প্রবল ভিন্নমত পোষণ করলেও ক্ষমতায় এসে দ্বিগুণ উৎসাহে এ কাজটি করে চলেছে। উভয় পক্ষই যুক্তি দেখায়, মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়েছিল। এই বক্তব্যের কিছু সত্য, কিছু অর্ধসত্য আর অনেকগুলোই অসত্য। এসব সুবিধাভোগীর কেউ কেউ তাদের দলের লোকই নয়। রং বদল ও ভিন্ন দাওয়াই প্রয়োগ করে তারা ফায়দা নিয়েছে এবং অনেক অপরাধ রাজনৈতিক প্রকৃতিরও ছিল না। অনেক জঘন্য অপরাধী পার পেয়ে যায় এ পথ অবলম্বন করে। তেমনি খুনের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রবাসী এক ব্যক্তি চারদলীয় জোট সরকারের সময়ে অতিথির মতো দেশে এসে মাত্র কয়েকটি দিন নিয়ম রক্ষার কারাবাসের পর সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রয়োগে রাষ্ট্রপতির ক্ষমার আওতায় নিষ্কৃতি পায়। অথচ একই মামলায় দণ্ডিত তার সহযোগী আসামির মৃত্যুদণ্ড অনেক আগেই কার্যকর করা হয়েছিল। তেমনি হত্যাজনিত কারণে নাটোরের একটি মামলায় ১৮ জন আসামি (যাদের আপিল সর্বোচ্চ আদালতে বিচারাধীন ছিল) এবং লক্ষ্মীপুরের বহুল আলোচিত একজন আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও সংবিধানের একই বিধান প্রয়োগে মহাজোট সরকারের সময়ে নিষ্কৃতি পায়। দুটি বৃহৎ দলের এসব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি অপরাধজগতে প্রভাব ফেলতে বাধ্য। আজ দেশে যে আর্থিক সন্ত্রাস ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে, তা এই বিচারহীনতার সংস্কৃতির কারণে। মনে হয়, দেশটা ক্রমান্বয়ে অপরাধীদের অভয়ারণ্য হয়ে যাচ্ছে।সংবিধান ও ফৌজদারি কার্যবিধির এই বিধানগুলো জনস্বার্থে কালেভদ্রে প্রয়োগের উদ্দেশেই করা হয়েছিল, এটা আইনশাস্ত্রে বিশেষজ্ঞ না হয়েও বলা যায়। যেমন পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার পর এসব বিধান প্রয়োগের আবশ্যকতা দেখা দিয়েছিল একটি অশান্ত অঞ্চলকে শান্ত করার শুভ উদ্দেশ্যে। কোনো কোনো আবেগতাড়িত অপরাধ, যেমন ছাত্ররা অশান্ত হয়ে কোথাও কিছু ভাঙচুর করে ফেললে মামলা হয়। এই বিধান প্রয়োগে সময়ান্তরে তা প্রত্যাহারও করে নেওয়া যায়। কিন্তু চিহ্নিত অপরাধীদের বেশুমারভাবে ক্ষমা করার সংস্কৃতিকে বিচারহীনতার সংস্কৃতিই বলতে হবে। ভারতে রাজীব গান্ধী হত্যা মামলায় প্রাণদণ্ডে দণ্ডিত আসামি নলিনীর দণ্ড রাজীবপত্নী সোনিয়া গান্ধীর অনুরোধে রাষ্ট্রপতি হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সোনিয়া গান্ধীর এ অনুরোধের পেছনের কারণটি ছিল নলিনীর সদ্যোজাত শিশুসন্তানকে মাতৃহীন না করা। এটা অনেক বড় মানবিক একটি দিক। আর এখানে যাদের ক্ষমা করা হচ্ছে, তার যুক্তি কী, তা জনগণকে জানানো হয় কি? আমরা নাগরিক, প্রজা নই—এ কথাটা শাসকেরা হয়তো বা ভুলে যান। কিন্তু জানার অধিকার জনগণের আছে। আমাদের স্বাধীন দেশকে শাসনকাজে যে রাজনৈতিক নেতৃত্ব আছেন বা ছিলেন বা আসবেন, তাঁদের কাছে প্রশ্ন থাকবে—দেশটিতে অপরাধীদের উপযুক্ত বিচার যাতে হয় তার কোনো কার্যকর, স্থায়ী ও ফলপ্রসূ উদ্যোগ কি তাঁরা নেবেন না? তা হলে কে নেবেন? ধারণা করা হয়, কেবল তাঁরাই তা নিতে পারেন। কেননা, আমাদের স্বাধীনতার অন্যতম চেতনা ছিল গণতান্ত্রিক শাসনব্যবস্থা। আর গণতান্ত্রিক শাসনব্যবস্থা পরিচালিত হয় রাজনীতিকদের দিয়েই। সময়ে সময়ে তাঁদের অনেক কার্যকলাপ দেশবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। ফলে নেমে এসেছে বিপর্যয়। দেশবাসী আবার সময়ান্তরে নতুন আশায় বুক বেঁধে তাঁদেরই ক্ষমতার মসনদে আসীন করে। কেননা, আমরা বিশ্বাস করতে পছন্দ করি যে তাঁদের অধিকাংশই দেশপ্রেমিক। অভিজ্ঞতার আলোকে ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছেন, হলমার্ক যা কিছুই করুক; কারও কিছু হবে না। এমনকি সরকার পরিবর্তন হলেও তারা ধরাছোঁয়ার বাইরেই থাকবে। আর্থিক সন্ত্রাস বিষয়ে প্রধান দুটি রাজনৈতিক দলের ক্ষমতায় থাকাকালীন দৃষ্টিভঙ্গির বিবেচনায় এ সংশয়কে অমূলক বলা যায় না। কিছু অরাজনৈতিক স্বার্থপর ও লোভী ব্যক্তির প্রভাবে কিছু রাজনীতিকের যোগসাজশ আজ তাঁদের সব সাফল্যকে ম্লান করে ফেলছে। এটা উপলব্ধি করে একবারের জন্যও কি তাঁরা বুক বেঁধে দাঁড়াবেন না? জনগণের অর্থ নিয়ে যাঁরা ছিনিমিনি খেলছেন, তাঁদের কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে আইনের আওতায় আনলে অপরাধজগতের হোতারা সতর্কসংকেত পাবেন। আর সরকার এর বিপরীত মেরুর অবস্থানে থাকলে ভবিষ্যতে আরও বড় আর্থিক সন্ত্রাস বা কেলেঙ্কারির খবর পাওয়ার জন্যই তৈরি থাকতে হবে আমাদের। এর অন্যথা হওয়ার কারণ নেই।আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।