ষোড়শ সংশোধনী বাতিলের রায়কেন্দ্রিক বিতর্ক যেন থামছেই না। নজিরবিহীন যে সংবিধানচর্চা এত দিনে থেমে যাওয়ার কথা, তা
এখন উল্টো আরও ধূমায়িত হচ্ছে। ক্ষমতাসীন দলের অস্থির প্রতিক্রিয়ায় জনমনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। কিন্তু রহস্য দূর হচ্ছে না। উচ্চ আদালতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা বেশ কয়েকবারই কিছুটা অস্বস্তিকর অবস্থায় পড়েছে। তবে এবার তা
এক নতুন মাত্রা পেয়েছে। ৮৬ বছর আগে রবীন্দ্রনাথ তাঁর ‘প্রশ্ন’ কবিতায় লিখেছিলেন, ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’। বেঁচে থাকলে হয়তো এখন তাঁকে লিখতে হতো, ‘বিচারের বাণী সরবে প্রকাশ্যে কাঁদে’।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সুপ্রিম কোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল রাজনৈতিক বিবেচনায় (রাজনৈতিক বিবেচনায় বিচারপতি নিয়োগ পেয়েছিলেন সিনহা, ১৯ আগস্ট ২০১৭, আমাদের সময় ডটকম)। কামরুল ইসলাম আওয়ামী লীগের আগের মেয়াদে আইন প্রতিমন্ত্রী ছিলেন। আদালতের সঙ্গে সরকারের যোগসূত্রটা রক্ষা করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সুতরাং, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথার একটা আলাদা গুরুত্ব আছে। প্রথমে বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি পদে এস কে সিনহা যখন নিয়োগ পেয়েছিলেন, তখন অবশ্য কামরুল ইসলাম ওই মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন না। কিন্তু ওই মন্ত্রণালয়ে মধ্যবর্তী এক মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের কারণে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের প্রক্রিয়া তাঁর না জানার কথা নয়। সুতরাং, রাজনৈতিক বিবেচনায় বিচারপতি নিয়োগের দাবিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।
রাজনৈতিক বিবেচনায় বিচারপতি নিয়োগ যে সব সময় সুখকর হয় না, সেই অভিজ্ঞতা আওয়ামী লীগের নতুন নয়। এ রকম নিয়োগ পাওয়া আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি সাংসদদের এবং তৎকালীন স্পিকার (বর্তমান রাষ্ট্রপতি) সম্পর্কে আদালতে যে চরম অবমাননাকর মন্তব্য করেছিলেন, সেই অভিজ্ঞতার কথা এখানে স্মরণ করা যায়। সংসদে ওই বিচারপতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উঠলেও তখন অবশ্য সরকারের পক্ষ থেকে এর রাশ টেনে ধরা হয়েছিল। প্রধান বিচারপতির ক্ষেত্রে অবশ্য তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং, তাঁর ক্ষেত্রে উল্টোটাই ঘটছে। আর তাতে আপিল বিভাগের সেই সাবেক বিচারপতিরও বেশ উৎসাহী ভূমিকা লক্ষণীয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের কোনো আইন বা বিধিমালা যেহেতু তৈরি হয়নি, সেহেতু রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ প্রক্রিয়া আশা করা অর্থহীন। এই রাজনৈতিক বিবেচনার বিষয়টি শুধু আওয়ামী লীগ সরকারের বিষয় নয়, তা বিএনপি আমলেও হয়েছে। আর রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে বসানোর জন্য বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে যে তুলকালাম ঘটে গেছে, সে কথা সহজে ভোলার নয়। ওই অপচেষ্টার পরিণতিতে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থারই বিলোপ ঘটিয়েছে আওয়ামী লীগ।
এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কেন প্রধান বিচারপতিকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ার খোঁটা দিচ্ছে? দলটির কী রাজনৈতিক স্বার্থহানি ঘটল যে তারা প্রকাশ্যে এ রকম অভিযোগ আনছে? এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন যে তাঁরা যেহেতু তাঁদের চাকরি দেন এবং বেতন দেন, সেহেতু তাঁদের অপসারণের ক্ষমতাও সাংসদদের কাছে থাকতে হবে। অর্থমন্ত্রীর কথা থেকে খাদ্যমন্ত্রীর কথা সম্পূর্ণ আলাদা। পরেরজনের কথায় মনে হয় কোনো একটা বোঝাপড়া ছিল এবং সেটি ভেঙে গেছে।
তবে খাদ্যমন্ত্রীর চেয়েও গুরুতর মন্তব্য করেছেন দলের তরুণ এক সাংসদ, যিনি নিজেও পেশায় আইনজীবী। তিনি প্রথমে বলেছেন, রায়টি কোনো একটি ইংরেজি পত্রিকার সম্পাদক লিখে দিয়েছেন এবং পরে বলেছেন যে পেনড্রাইভে করে লেখা রায় প্রধান বিচারপতির কাছে এসেছে। তাঁদের এসব কথা বিশ্বাস করতে হলে প্রশ্ন এসে যায়, তাঁরা কি তাঁদের অভিজ্ঞতা থেকে এ কথা বলছেন? আগে একই পদ্ধতি অনুশীলন না হয়ে থাকলে তো কারও মাথায় এ রকম চিন্তার উদ্রেক হতে পারে না। এখন যদি প্রশ্ন ওঠে, এভাবে আর কোন মামলার রায় বাইরে থেকে এসেছে? ওই ধরনের রায়ে কেউ কি অন্যায়ভাবে খালাস পেয়েছেন, নাকি সাজা পেয়েছেন?
কেউ কেউ অবশ্য বলতে পারেন যে রাজনীতিকেরা যা বলেন, তা যে সব সময়ই তথ্যভিত্তিক বা সঠিক হবে, এমন দিব্যি কে দিয়েছে? এগুলো সব কথার কথা। মাঠের বক্তৃতা। তাহলে প্রশ্ন ওঠে, আর কোন কোন কথা মাঠের বক্তৃতা? রায়ের পর্যবেক্ষণ সম্পর্কে তাঁরা যত অভিযোগ এনেছেন, সবই কি তাহলে মাঠের বক্তৃতা? অর্থাৎ ভিত্তিহীন? রায়টি যাঁরা পড়েছেন, তাঁরা কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে খাটো করার মতো কোনো বাক্যের অস্তিত্ব খুঁজে পাননি বলে সম্মত হয়েছেন। সংসদ বা সাংসদদের ‘অপরিপক্ব’ অভিহিত করা কোনো বাক্যও তাতে নেই। এই বাস্তবতায় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কেন প্রধান বিচারপতিকে বিতর্কিত করছে? তাদের রাজনৈতিক লক্ষ্য কী?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদের বাইরের বিরোধী দল এবং তাঁদের আসল প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন যে তারা ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনীতি করছে। ক্ষমতাসীন দলের কেউ কেউ অবশ্য আরও একটু আগ বাড়িয়ে বলছেন, বিএনপি এই রায় নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির ষড়যন্ত্রের সম্ভাব্য লক্ষ্য কী হতে পারে? সরকারের পতন ঘটানো? পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের অপরিবর্তনীয় কাঠামোতে যেসব বিষয় যুক্ত হয়েছে, তাতে নির্বাচন ছাড়া আর কোনো উপায়ে সরকারের পতন ঘটানোর পথ নেই। তাহলে ভয় কিসের? বিচারপতিরা রাতারাতি সব বিএনপিপন্থী হয়ে যাবেন এমন তত্ত্ব যদি কেউ উদ্ভাবন করে থাকেন, তবে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
এই রায় নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ এবং নানা ধরনের মেঠো বক্তৃতার কারণ বোঝার চেষ্টায় দলটির কিছু কিছু নেতার মন্তব্য বিশেষ গুরুত্বের দাবি রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মন্তব্য, ‘আমরা সংক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত। এমনকি বিরোধী দলও আমাদের এতটা ক্ষতি করতে পারেনি।’ দলটির আরেকজন সদস্য আব্দুর রাজ্জাক ইনডিপেনডেন্ট টিভির এক অনুষ্ঠানে বলেই ফেলেছেন যে ‘আমিত্বের’ কথা বলে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করা হয়েছে। এসব মন্তব্য থেকে বোঝা যায় রায়ের পর্যবেক্ষণে গণতন্ত্রের যে দৈন্যদশার বিবরণ আছে, তা বিএনপির সরকারবিরোধী প্রচারণায় হাতিয়ার হয়ে উঠবে। সুতরাং, সেই হাতিয়ার ধারালো
এবং গভীর ক্ষত তৈরি করার আগেই তাকে বিতর্কিত করা আওয়ামী লীগের জন্য বিশেষভাবে জরুরি। সুতরাং, সেই বিবেচনাতেই
খণ্ডিত, আংশিক বা বিকৃত ব্যাখ্যা দিয়ে হলেও রায়ের সমালোচনা জোরদার করাই এখন দলটির প্রধান কাজ। তবে দুঃখজনক
হলেও সত্য যে দলটির নেতারা এই রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে গিয়ে যে ভাষায় প্রধান বিচারপতির সমালোচনা করেছেন,
তা এতই অবমাননাকর যে এর মাধ্যমে সামগ্রিক বিচারব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কে অবশ্য নতুন একটি মাত্রা যোগ করেছেন আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক। নজিরবিহীনভাবে তিনি দুটি সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতির বিরুদ্ধে সমালোচনার গতিমুখ ঠিক করে দিয়েছেন। তাঁর ভূমিকাটি অনেকটা সূত্রধরের মতো। প্রথমবার তিনি সংবাদ সম্মেলন করেছেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার আগেই এবং প্রধান বিচারপতির পর্যবেক্ষণকে অপ্রাসঙ্গিক ও অনাকাঙ্ক্ষিত অভিহিত করে তা স্বতঃপ্রণোদিত হয়ে সংশোধনের কথা বলেছেন। তিনি আমিত্বের যে ধরনের ব্যাখ্যা দিলেন, দেখা গেল আওয়ামী লীগ তার ওপরই বেশি জোর দিচ্ছে। তিনি তাঁর দ্বিতীয় সংবাদ সম্মেলনে ইঙ্গিত করলেন যে প্রধান বিচারপতি সরকারের প্রতি বিরাগের বশবর্তী হয়ে এই রায় দিয়েছেন এবং সে কারণে তাঁর শপথ ভঙ্গের কারণ ঘটে থাকতে পারে। এখন আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা প্রধান বিচারপতির শপথ ভঙ্গ হয়েছে দাবি করে তাঁকে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছেন। তবে মজার ব্যাপার হলো, আইন কমিশনের চেয়ারম্যান সাবেক এই প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরির সমালোচনা করতে গিয়ে অজ্ঞাতসারে নিজের সম্পর্কে প্রযোজ্য এক কঠিন সত্য বলে ফেলেছেন। তিনি জানিয়েছেন যে আইন পেশায় যোগদানের সময় তাঁর জ্যেষ্ঠ আইনজীবী তাঁকে বলেছিলেন, ‘যে দেবতা যে মন্ত্রে তুষ্ট, সেই দেবতাকে সেই মন্ত্রেই সুধাবা।’ তিনি যে সেই শিক্ষাটি ভালোভাবেই রপ্ত করেছেন, তা তাঁর ভূমিকাতেই স্পষ্ট হয়ে গেছে।
আদালতের স্বাধীনতার প্রশ্নে সম্প্রতি দক্ষিণ এশিয়াজুড়েই চলছে একধরনের অস্থিরতা। মাত্র মাস তিনেক আগে নেপালের প্রধান বিচারপতি সুশিলা কার্কি, যিনি ঘটনাচক্রে ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি, তাঁকে অপসারণের জন্য পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব এনেছিল ক্ষমতাসীন জোটের প্রধান দুই শরিক। পুলিশপ্রধান পদে সরকারের নিয়োগকে অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় তাঁকে অপসারণের ওই তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু প্রতিবাদে ক্ষমতাসীন জোটের ক্ষুদ্র এক শরিক উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টও অভিশংসন প্রস্তাবের কার্যকারিতা স্থগিত করে দেন। সেই স্থগিতাদেশ নিষ্পত্তি হওয়ার আগেই গত জুন মাসে সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কির অবসরে যাওয়ার সময় হয়ে যায়। ফলে সেখানে বিরোধটি বেশি দূর যেতে পারেনি।
এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কায় প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকেকে বেআইনিভাবে অপসারণ করেন তখনকার প্রেসিডেন্ট রাজাপক্ষে। তবে তার জন্য তাঁকে চরম রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। কয়েকটি মামলায় সরকারের বিরুদ্ধে রায় দেওয়ায় তাঁকে অপসারণ করে তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে তিনি ওই পদে নিয়োগ দেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তা নিয়ে সৃষ্টি হয় তুমুল প্রতিক্রিয়া। আইনজীবীরা আদালত বয়কট করেন এবং অন্য বিচারপতিরাও নতুন প্রধান বিচারপতির সঙ্গে কোনো বেঞ্চে বসতে অস্বীকৃতি জানান। তবে ইতিমধ্যে নির্বাচনে রাজাপক্ষে পরাজিত হলে মাত্র ১৫ দিনের মধ্যেই প্রেসিডেন্ট সিরিসেনা বিচারপতি শিরানি বন্দরানায়েকেকে অভিশংসনের সিদ্ধান্ত বেআইনি বলে বাতিল করেন। একই সঙ্গে, তাঁর জায়গায় যাঁকে বসানো হয়েছিল, তাঁর নিয়োগও বাতিল করেন সিরিসেনা। শিরানি বন্দরনায়েকে প্রধান বিচারপতির পদে ফিরে এক দিন পরই সেই দায়িত্ব ছেড়ে দেন।
আদালতের স্বাধীনতার প্রশ্নে সরকারের সঙ্গে বিরোধকে তাই অস্বাভাবিক ভাবার কারণ নেই। কিন্তু সেই বিরোধের একটা যৌক্তিক ও গ্রহণযোগ্য সীমারেখা টানা দরকার। আপাতত সে রকম কোনো আভাস যে আমরা দেখছি না, সেটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। কেননা, ইত্যবসরে বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়লে আইনের শাসন বলে বিশ্বাসযোগ্য কোনো কিছুর অস্তিত্ব আর থাকবে না।
কামাল আহমেদ: সাংবাদিক।