এবারে বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি লেখকদের লেখা কয়েকটি আলোচিত বই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। আজ ছাপা হচ্ছে ফারুক আজিজ খানের লেখা স্প্রিং ১৯৭১ গ্রন্থের একটি নির্বাচিত অংশ, যেখানে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর চূড়ান্ত যুদ্ধতৎপরতা ও ভারত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি-সহযোগিতার বিবরণ রয়েছে। ফারুক আজিজ খান ১৯৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একান্ত সচিব ছিলেন।

সত্যি কথা বলতে কি, অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম দিকেই সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যায়। ওই সময়টাতেই ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী (বাংলাদেশ সেনাবাহিনীসহ) বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালায় এবং বহু এলাকা মুক্ত করে। দুই পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাঁর স্মৃতিকথায় লিখেছেন, ‘তিনি [ইন্দিরা গান্ধী] ৪ নভেম্বর আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে...।’ ৩ ডিসেম্বর সন্ধ্যায় ভারত আক্রমণের মধ্য দিয়ে ইয়াহিয়া খান যুদ্ধকে আনুষ্ঠানিক রূপ দেন।
ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী সমন্বিতভাবে উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব—এই তিন দিক থেকে আক্রমণ রচনা করে। তবে দুর্গম অঞ্চল হওয়ায় গোটা পার্বত্য চট্টগ্রাম এলাকা বাদ রাখা হয়। আর ভারতীয় বাহিনীর মূল কৌশল ছিল, যত দূর সম্ভব পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে দ্রুত সময়ে ঢাকা দখল করে নেওয়া। তবে যশোরে প্রচণ্ড সংঘর্ষের আশঙ্কা ছিল। কেননা, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ যশোর ক্যান্টনমেন্ট ‘নিয়াজির দুর্গ’ হিসেবে পরিচিত ছিল। পাকিস্তানি ব্রিগেড এখানে ভারতীয় আক্রমণ প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ৭ ডিসেম্বর যখন যশোর সেনানিবাসের পতন ঘটল, তখন তেমন কোনো প্রতিরোধই তৈরি করা হয়নি। এই অভিযানে অংশ নেওয়া একজন মুক্তিযোদ্ধা আমাকে বলেছিলেন, ‘পাকিস্তানি সেনারা একটা গুলিও ছোড়েনি।’ বরং তারা নিরাপদ অবস্থানে সরে যায়। আসলে তারা বুঝতে পেরেছিল যে বাধা দিয়ে কোনো লাভ নেই, কেবল ক্ষয়ক্ষতিই বাড়বে। কোনোভাবেই জয়লাভ করা যাবে না। এ ঘটনার পর গভর্নরের সঙ্গে বৈঠকে নিয়াজি নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন। বয়োবৃদ্ধ গভর্নর মালিক তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমি জানি জেনারেল সাহেব, একজন সেনাপতির জীবনে কঠিন সময় আসে। তবে সাহস হারাবেন না। খোদা আমাদের সঙ্গে আছেন।’ শক্তিশালী ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে পাকিস্তানি বিমানবাহিনী কার্যত কোনো যুদ্ধই করতে পারেনি। যশোর সেনানিবাস পতনের আগের দিন ৬ ডিসেম্বর পাকিস্তানি বিমানবাহিনীকে পুরোপুরি মাটিতে বসিয়ে দেওয়া হয়। ঢাকা বিমানবন্দরের রানওয়েতে বোমাবর্ষণ করে তা অকেজো করে দেয় ভারতীয় বিমানবাহিনী।
উত্তর রণাঙ্গনে ভারতীয় ও বাংলাদেশি বাহিনী পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের পর শেরপুর পর্যন্ত অগ্রসর হয়। ৭ ডিসেম্বর জেনারেল অরোরা উড়ে আসেন শেরপুরে পরিস্থিতি দেখতে।
আমরা অবশ্য ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম। কেননা, তিন দিন পেরিয়ে গেলেও ভারতের দিক থেকে স্বীকৃতি দেওয়ার কোনো আভাস মিলছিল না। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৪ ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে চিঠি লিখে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান। শেষ পর্যন্ত ৬ ডিসেম্বর ভারত সরকার বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। বহুপ্রতীক্ষিত এই সংবাদ আসার পর সবাই উল্লাসে ফেটে পড়েন। প্রধানমন্ত্রীর তথ্য কর্মকর্তা আলী তারেক আরও কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ছুটে গিয়ে ৮ থিয়েটার রোডের মূল ভবনের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেন। প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পতাকাটি যখন পতপত করে উড়ছিল, তখন আশপাশে সবাই উল্লসিত জয়ধ্বনিতে চারপাশ প্রকম্পিত করে তোলেন। ওই সময় বাংলাদেশ কার্যালয় প্রাঙ্গণে ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কর্নেল ওসমানী। আমরা এই ঐতিহাসিক মুহূর্তটিতে তাঁকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিলাম। উপস্থিত লোকজনের মধ্যে আমি তখন বয়োজ্যেষ্ঠ। আমাকেই বলা হলো কর্নেল ওসমানী ও তাঁর এডিসি লেফটেন্যান্ট শেখ কামালকে মালা প্রদান করতে। আর শেখ কামালকে (বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত) বলা হলো তাঁর ঊর্ধ্বতনকে ফুলের তোড়া প্রদান করতে। অফিসের একজন আলোকচিত্রী কয়েকটি ছবিও তুলেছিলেন।
ইন্দিরা গান্ধী লোকসভায় (ভারতীয় সংসদের নিম্নকক্ষ) ৬ ডিসেম্বর দিনের প্রথম ভাগে এক বিবৃতি দেন। তাতে তিনি বলেন, ‘প্রবল প্রতিকূলতার মুখেও বাংলাদেশের মানুষের যে বীরত্বপূর্ণ লড়াই, তা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত করেছে। ইস্ট পাকিস্তান রাইফেলস ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মিলে মুক্তিবাহিনী গঠন করা হয়েছে, যেখানে আরও যোগ দিয়েছে পূর্ব বাংলার হাজার হাজার তরুণ, যারা স্বাধীনতার জন্য ও দেশের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে দৃঢ়প্রতিজ্ঞ। যে ঐক্য, প্রত্যয় ও সাহস নিয়ে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী লড়াই করেছে, দুনিয়াজোড়া গণমাধ্যমে তা উঠে এসেছে।’
ওই দিন ভারতের লোকসভায় উপস্থিত ছিলেন দিল্লিতে বাংলাদেশ মিশনের কূটনীতিক এইচ [হুমায়ুন] রশিদ চৌধুরী। পাকিস্তান ভেঙে যাচ্ছে, এটা নিশ্চিত হয়ে তিনি সেপ্টেম্বর মাসের শেষ দিকে পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করেন। তাঁকে লোকসভায় মাল্যভূষিত করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি সুন্দরভাবে ইন্দিরা গান্ধীর প্রশংসা করেন এবং বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু ভারতের নেত্রী নন, আপনি বিশ্বেরও একজন নেত্রী।’ তাঁর বক্তৃতার জন্য তিনি উচ্ছ্বসিত সংবর্ধনাও পান।
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্যও কিছু ফুল এনে অফিসে রাখা হয়। তিনি যেখানেই থাকুন না কেন, অফিসে ফিরবেন তা আমরা জানতাম। বিকেল চারটার দিকে কালো রঙের একটি অ্যাম্বাসেডর গাড়িতে থিয়েটার রোড কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। পেছনে ছিল প্রহরা গাড়ি। জলপাই সবুজ রঙের সাফারি স্যুট পরা তাজউদ্দীন গাড়ি থেকে নামলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় ইন্দিরা গান্ধী’ স্লোগানে মুখর হয়ে উঠল গোটা প্রাঙ্গণ। উপস্থিত জনতা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করল দুই নেতাকে। আমরা সেই মুহূর্তটিকে সারা জীবন মনে রাখব।...
যশোর সেনানিবাসের পতন হওয়ার পরও পাকিস্তান রেডিওর খবর শুনে কলকাতার মুসলমানরা পাকিস্তানের জয় উদ্যাপন করেছিল মিষ্টি বিলিয়ে। জুমার নামাজে পাকিস্তানের জয়ের জন্য প্রকাশ্যে প্রার্থনা করা হয়।
পরদিন ৭ ডিসেম্বর বেলা তিনটার দিকে কলকাতায় গোয়েন্দা বিভাগের প্রধান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পি এন ব্যানার্জি প্রধানমন্ত্রীর [তাজউদ্দীন আহমদ] সঙ্গে দেখা করতে আসেন। ভবনের আঙিনামুখী সিঁড়িতে বসে আমি স্বচ্ছ নীল আকাশ দেখছিলাম। লোকজন তেমন ছিল না। আমাকে দেখে ব্যানার্জি বাবু জানতে চাইলেন প্রধানমন্ত্রী আছেন কি না। ‘জি আছেন, আপনি ভেতরে যান।’ বললাম আমি। কয়েক মিনিট পর তিনি বেরিয়ে এলেন এবং ইশারায় বিদায় জানালেন। এক সেকেন্ডের মধ্যে প্রধানমন্ত্রী তাঁর দপ্তর থেকে বেরিয়ে এলেন। আমার কাছে এসে আমাকে একটি চিঠি দিয়ে বললেন, ‘পড়ুন।’ চশমা আনতে ভুলে গিয়েছিলাম। তাই চিঠি চোখের কাছে এনে পড়ার চেষ্টা করলাম। প্রধানমন্ত্রী এ সময় তাঁর নিজের চশমাটা এগিয়ে দিয়ে বললেন, ‘এটা দিয়ে চেষ্টা করুন।’ আমি তাঁর চশমাটা চোখে এঁটে চিঠিটি পড়তে লাগলাম। ‘খুব চমৎকার চিঠি,’ তিনি বললেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী চিঠিটি লিখেছেন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর নিবেদিত নেতৃত্বের জন্য। পরদিন ৮ ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। খবরটি ছড়িয়ে পড়লে সবাই উল্লসিত হয়ে ওঠেন।
স্প্রিং ১৯৭১, ফারুক আজিজ খান। প্রকাশকাল ১৯৯৩, প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বসন্ত ১৯৭১ নামে বইটির বঙ্গানুবাদ প্রথমা প্রকাশন থেকে প্রকাশিতব্য।