বৈষু, বিজু, সাংগ্রাই উৎসবের আয়োজন চলছে পাহাড়ে। ঢাকা থেকে অনেক পাহাড়ি তরুণ-তরুণী চলে গেছেন বাড়িতে। তাঁদের অনেককে বলেছি, উৎসব আনন্দময় হোক। অনেক দিন পর প্রিয়জনের সঙ্গে তাঁদের দেখা হবে। কত আনন্দ। তাই আজ বেদনার কথা লিখব না। কোনো দাবিদাওয়া নেই কারও কাছে। কোনো অনুযোগ-অভিযোগ নেই। আজ পুরোনো সব ধুয়েমুছে যাবে, সব মলিনতা, কালিমা, গ্লানি দূর হয়ে যাবে, নতুনের আশায় ভরে উঠবে আগামী দিন। পাহাড়ে মানুষ আবার নতুন স্বপ্ন রচনা করবে সুন্দর সম্ভাবনাময় ভবিষ্যতের।
আজ জুমের দেশে ফুল ফুটবে, পাখি গান গাইবে। মেয়েরা ফুল ভাসিয়ে দেবে নদীর জলে। মঙ্গল হোক আজ, মঙ্গল সবার ঘরে। বৈষু, বিজু, সাংগ্রাই সবার প্রাণে নতুন আশার সঞ্চার করুক। পাহাড়ে আজ নতুন সূর্যের ভোর হোক। আমরা বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষেরা সব সময় আশায় দিন গুনেছি, আগামীকাল হবে আরও সুন্দর। উই নেভার নো, হোয়াট টুমরো ব্রিংস। আমাদের অনেক দুঃখ-কষ্টের মধ্যেও স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয়। স্বপ্ন মরে গেলে মানুষ বাঁচবে কী করে? স্বপ্ন ও বেঁচে থাকা নিয়ে তাই মানুষ কবিতা লেখে, গান গায়। পাহাড়ের মানুষেরাও স্বপ্ন দেখে। এই স্বপ্ন হলো শোষণ-বঞ্চনা-বৈষম্যহীন সমাজের স্বপ্ন। মর্যাদাপূর্ণ জীবনের স্বপ্ন। তাই তো আজও বনে ফুল ফোটে, পাখি গান গায়, শিল্পী ছবি আঁকে। আশায় নতুন বসতি গড়ে মানুষ। এখানে বারবার বসন্ত ফিরে ফিরে আসে।
আজ এই উৎসবের দিনে আমি কালো মানুষদের শুধু নয়, মানবতার নেতা মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিতে চাই। তাঁর একটি বিখ্যাত বক্তৃতা পৃথিবীকে বদলে দিয়েছিল। বক্তৃতার শিরোনাম, আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ অা ড্রিম। ১৯৬৩ সালের ২৮ আগস্ট এই বক্তব্য তিনি দিয়েছিলেন। মার্টিন লুথার কিং বলেছেন, ‘আমার একটি স্বপ্ন আছে, একদিন ওই পাহাড় উপত্যকায় মানুষের জয় হবে, সমগ্র অরণ্য মুখরিত হবে, কঠিন পাহাড় চূড়ার দূরত্ব কমে যাবে, দুর্গম উঁচু–নিচু আঁকাবাঁকা পথ সমান হবে, হাতে হাত ধরে মানুষ গেয়ে উঠবে জীবনের জয়গান।’ তিনি যেন কবিতা শোনাচ্ছেন, ‘আমার একটি স্বপ্ন আছে, একদিন ছোট্ট একটি কালো বালক ও বালিকা হাত ধরে দাঁড়াবে ছোট্ট একটি সাদা বালক ও বালিকার।’ আশায় আছি, আমাদের প্রিয় জন্মভূমিতেও এমন হবে। একদিন পাহাড়ি মানুষের বেদনায় চোখের জলে ভাসবে বাঙালি বন্ধু। একটি নৃগোষ্ঠীর শিশুর হাহাকার ছুঁয়ে যাবে সবার হৃদয়। আমরা গাইব, ‘আজকে জীবন সমর্পণের গান গাব নীরব অবসরে, তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে, আমায় শুধু ক্ষণেক তরে।’ ভিন্ন নৃগোষ্ঠীর মানুষদের দূরে সরিয়ে দেবে না কেউ। তারা স্থান পাবে। আমরা কেউ তো একা পথ হাঁটতে পারি না। আমাদের পথ চলতে হয় সামনের দিকে। কিং বলছেন, মার্চ করতে হয় সম্মুখপানে।
প্রতিবছর বিজু, বৈষু, সাংগ্রাই, সংক্রান্ত আসে। নব আশা, নবচেতনায় আমরা নববর্ষ উদ্যাপন করি। কিন্তু দিন যত যায়, অনিশ্চয়তা অন্ধকার আমাদের পিছু ছাড়ে না। নারী নির্যাতন, শিশু নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন উদ্বেগজনক হারে বাড়ছে। চারদিক অন্ধকার। তাই আজ আলো চাই। নববর্ষে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গান উৎসর্গ করছি সবার জন্য।
নতুন সূর্য আলো দাও আলো দাও
আঁধার মনের দিগন্তে আজ আলো দেখাও।
স্বার্থের লোভে মিথ্যারে যেন করি নাকো আশ্রয়
সত্যের পথ হোক না দুঃখময়,
সত্য থাক মিথ্যা যাক, আলো দেখাও
সত্যের পথ, মঙ্গল পথ তাই শেখাও।
মানুষেরে যেন বঞ্চনা করে
নিজেরে করি না হীন
অন্যায় যেন হার মানে চিরদিন,
অন্ধ রাত করো প্রভাত আলো দেখাও
মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও।
কে যেন বলেছিলেন, আমি রাত্রিকে ভালোবাসি। কেননা রাতের আঁধার ছাড়া নক্ষত্র দেখা যায় না। আই লাইক দ্য নাইট, উইদাউট দ্য ডার্ক, উই উড নেভার সি দ্য স্টারস। আজ বলি, সত্যের পথ যত দুঃখময় হোক, আমরা যেন তা শিখি এবং অন্যকে শেখাই। স্কুল-কলেজে সবখানে এই গান শেখানো হোক, নতুন সূর্য আলো দাও। আমাদের সমাজের সব কলুষতা দূর হোক। আজ থেকে আমাদের নেতৃত্ব কাউকে যেন দুঃখ না দেয়, বরং দুঃখকে যেন ভাগাভাগি করে, শেয়ার করে। এই অন্ধকার রাত কেটে আলো ফুটুক।
সঞ্জীব দ্রং: কলাম লেখক ও সংস্কৃতিকর্মী।