
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার মুসলমানবিরোধী বিষদাঁত লুকাতে পারছে না। রাষ্ট্রপতি পদের জন্য হামিদ আনসারির প্রার্থিতার পক্ষে ঐকমত্য গড়ে তোলার পরিবর্তে দলটি তিনজন শীর্ষস্থানীয় নেতাকে নিয়ে একটা কমিটি গঠন করেছে, যে কমিটির দায়িত্ব হলো এমন একজন প্রার্থী খুঁজে বের করা, যাঁর পক্ষে অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থন মিলবে।
আমি বুঝতে পারছি না রাষ্ট্রপতি পদের জন্য উপরাষ্ট্রপতি হামিদ আনসারির ঘাটতি কোথায়। তিনি অত্যন্ত সুচারুভাবে রাজ্যসভার কাজ চালিয়েছেন; তার আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের সময় তিনি বিশ্ববিদ্যালয়টিকে প্রকৃতই একটি প্রাণবন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিয়েছেন। তাঁর পাণ্ডিত্য সন্দেহাতীত এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রতি তাঁর অঙ্গীকারে কোনো খাদ নেই।
বিজেপি জোটের বাইরের দলগুলো উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করতে ঐক্যবদ্ধ হয়েছে, তিনি সব দলের কাছেই গ্রহণযোগ্য। তাঁর সামনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করালে সেটা দেশের উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর জন্য বিব্রতকর হবে। সাবেক রাষ্ট্রপতি ড. আবদুল কালামকেও বিদায় নেওয়ার আগে একই রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তাঁর প্রাপ্তি বলতে শুধু এটুকুই যে আওরঙ্গজেব রোডের নামকরণ করা হয়েছে ড. আবদুল কালাম রোড।
বিজেপি শেষ পর্যন্ত আরএসএসের পছন্দই কার্যকর করতে যাচ্ছে। সংগঠনটি ইঙ্গিত দিয়েছে যে ভারতের অসাম্প্রদায়িক মূল্যবোধ তারা মাথায় রাখবে। কিন্তু তাদের এই কথার কোনো গুরুত্বই নেই। কারণ, যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য কাউকে মনোনীত করার প্রশ্ন আসে, তখন আরএসএস কোনো মুসলমানের কথা ভাবতেই পারে না।
বিষয়টি চূড়ান্ত অর্থে নির্ভর করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর; তিনিই তাঁর দলকে গুঁতিয়ে তাঁর পছন্দের কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করাবেন। আর বিজেপির সভাপতি অমিত শাহর বিভিন্ন বক্তৃতায় পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এভাবে যে ব্যক্তিকে বেছে নেওয়া হবে, তিনি আর যা-ই হোন মুসলমান হবেন না। তিনি দক্ষিণের রাজ্যগুলোসহ দেশের বিভিন্ন অংশ সফর করে বলে বেড়াচ্ছেন যে রাষ্ট্রপতি পদের প্রার্থিতার জন্য এমন একজনকে বেছে নিতে হবে, যিনি ক্ষমতাসীন দলের কাছে গ্রহণযোগ্য।
ভারতীয় সংসদের দুই কক্ষ ও রাজ্য বিধানসভাগুলো, যাঁরা মিলে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, তাঁরা মনে করছেন, বিজেপি তার নিজের পথেই এগোবে। প্রার্থী মনোনয়নের জন্য বিজেপি যে তিন সদস্যের কমিটি গঠন করেছে, তাঁরা হলেন রাজনাথ সিং, অরুণ জেটলি ও ভেঙ্কাইয়া নাইডু; তাঁরা মোদির মন্ত্রিসভার সদস্যও বটে। দলের এই শীর্ষ নেতারাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন, রাষ্ট্রপতি ভবনে কে বসবেন।
স্পিকার সুমিত্রা মহাজনকে ক্ষমতাসীন দল প্রথমে সমর্থন করেছিল, তাঁকে বাদ দেওয়া হয়েছে। ডিএমকে বা এআইএডিএমকে—এ দুটি দলের কোনোটাই তাঁর কথা ভাবছে না। বোঝাই যাচ্ছে, পছন্দের ব্যক্তিকে অন্ধ্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার মতো দক্ষিণি রাজ্যগুলোর কাছে গ্রহণযোগ্য হতে হবে।
এমনকি এটাও মনে হচ্ছিল যে এলকে আদভানি হয়তো বিজেপির প্রার্থী। কিন্তু সম্ভবত বাবরি মসজিদ ধ্বংসের মামলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ থাকায় বিজেপি বাধ্য হয়েছে তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে খুঁজতে।
পেছনে ফিরে তাকালে দেখা যাবে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে বিতর্ক বিরল নয়। সাবেক সাতজন রাষ্ট্রপতির মধ্যে ড. জাকির হোসেন ও ফখরুদ্দিন আলী আহমেদই শুধু কোনো প্রকাশ্য বিরোধ ছাড়া বিদায় নিয়েছেন। জাকির হোসেন মারা গেছেন মেয়াদ শেষ করার আগেই; তিনি যত দিন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, তত দিন নিজেকে পড়াশোনার মধ্যেই ব্যস্ত রেখেছিলেন। আর ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন ভারতের রাষ্ট্রপতিদের মধ্যে সবচেয়ে নমনীয় মানুষ। তাঁর আমলেই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল; তিনি জরুরি অবস্থা ঘোষণার আদেশে সই করেছিলেন, তাতে মন্ত্রিসভার অনুমোদন আছে কি না, তা যাচাই না করেই।
প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের মধ্যে সাংবিধানিক বিষয়ে অনেক মতপার্থক্য ছিল। আর ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধে ভারতের বিপর্যয়ের পর রাষ্ট্রপতি ড. এস রাধাকৃষ্ণান প্রতিরক্ষামন্ত্রী কৃষ্ণ মেননকে বরখাস্ত করাতে পেরেছিলেন। ১৯৬৭ সালে রাষ্ট্রপতি রাধাকৃষ্ণান রাজস্থানের বিধানসভায় স্বতন্ত্র পার্টির সাংসদদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাষ্ট্রপতি ভবনের ভেতরে প্যারেড করতে দিয়ে ক্ষমতাসীন কংগ্রেস দলকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছিলেন। এমনকি কংগ্রেস সভাপতি ভিভি গিরি, যিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন, ইন্দিরা গান্ধীর সহায়তায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া সত্ত্বেও তিনি শ্রমিক স্বার্থবিরোধী আইন প্রণয়নের ব্যাপারে প্রায়ই নিজের আপত্তি প্রকাশ করতেন। একবার ধর্মঘটি রেলশ্রমিকদের যখন কেন্দ্র সরকার বরখাস্ত করতে চেয়েছিল, তখন তিনি আপত্তি করেছিলেন। সুপ্রিম কোর্টের বিচারকদের জ্যেষ্ঠদের ডিঙিয়ে কনিষ্ঠদের পদোন্নতি দেওয়ার বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেছিলেন।
ভিভি গিরির পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করেছিলেন বি ডি জাট্টি, তিনি ছিলেন আরও দৃঢ়চেতা। জনতা পার্টির সরকার যখন কংগ্রেসশাসিত নয়টি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার অধ্যাদেশে সই করার জন্য তাঁকে অনুরোধ করে, তখন তিনি এই বলে এড়িয়ে যান যে কোনো রাজ্যে যথাযথভাবে নির্বাচিত বিধানসভা যুক্তিসংগত কারণ ছাড়া ভেঙে দেওয়ার ক্ষমতা কেন্দ্র সরকারের নেই। জনতা পার্টি রাষ্ট্রপতি পদে সঞ্জীব রেড্ডিকে বসানোর পরে অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। রাষ্ট্রপতি রেড্ডি ও প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মধ্যে বনিবনা ছিল না; প্রধানমন্ত্রী দেশাই এমনকি রাষ্ট্রপতি রেড্ডির আনুষ্ঠানিক বিদেশ সফরেও বাধা দিতেন। জনতা সরকারের প্রতি রাষ্ট্রপতি রেড্ডি অনুযোগ পুষে রেখেছিলেন। মোরারজি দেশাই যখন লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারান, তখন রাষ্ট্রপতি রেড্ডি কংগ্রেস দলের চরণ সিংকে সরকার গঠন করার আমন্ত্রণ জানিয়ে সাংবিধানিক ইতিহাস সৃষ্টি করেছিলেন। রাষ্ট্রপতি রেড্ডি আরও একটা দৃষ্টান্ত স্থাপন করেন, যখন তিনি এমন একজন প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দেন, যিনি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। রাষ্ট্রপতি জৈল সিংহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পরই রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন, এমনকি রাজীব সংসদীয় দলে নির্বাচিত হওয়ার আগেই। জৈল সিং ও রাজীব গান্ধীর মধ্যে যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকত, তা অন্য ব্যাপার।
প্রণব মুখার্জি যদি জরুরি অবস্থাকালে নেওয়া তাঁর সিদ্ধান্ত মুছে দেওয়ার কাজে রাষ্ট্রপতির মেয়াদকালটা ব্যবহার করতেন তাহলে ভালো হতো। তিনি ছিলেন সঞ্জয় গান্ধীর ডান হাত, সঞ্জয় ছিলেন এক সংবিধানবহির্ভূত হর্তাকর্তা। প্রণব মুখার্জির নাম ইতিহাসে ভালোভাবে লেখা হবে না। তাঁর পূর্বসূরিদের মতো তিনিও বিতর্কিত হয়েছেন, বিশেষত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বই প্রকাশ করার মধ্য দিয়ে। রাষ্ট্রপতি ভবনের অভিজ্ঞতা লিখে প্রকাশ করার জন্য তিনি অবসরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন।
এখন যখন ভারতে হিন্দুত্ববাদ ছড়িয়ে পড়ছে, তখন কেন্দ্র সরকারের ব্যাখ্যা করে বলা উচিত এ দেশে অসাম্প্রদায়িকতার মূল্যবোধ কীভাবে টিকে থাকতে পারে। রাষ্ট্রপতি হিসেবে হামিদ আনসারিকে নির্বাচিত করার মধ্য দিয়ে বিজেপি ভারতের জনগণকে আশ্বস্ত করতে পারত যে ভারত রাষ্ট্রের মূল্যবোধ বিনষ্ট হতে পারে না; এমন কিছুই করা হবে না যা এই রাষ্ট্রের মূল চেতনা, অর্থাৎ গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অনুবাদ: মশিউল আলম।
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।