কিছু তারিখ ইতিহাসে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সেগুলো ভোলা যায় না। তেমনই একটি তারিখ ২৫ জুন। ইতিহাসের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গণতন্ত্রের ‘সুইচ অফ’ করে দিয়েছিলেন। নির্বাচনী অনিয়মের মামলার একটি রায়ে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর তিনি পদত্যাগ না করে উল্টো সংবিধান স্থগিত করে দিয়ে জঘন্য রকম বাড়াবাড়ি করেছিলেন। রাতারাতি লাখখানেক লোককে বিচার ছাড়াই গারদে পুরে ফেলেছিলেন। তাঁর বহু সমালোচককে মেরে ফেলা হয়েছিল। ইন্দিরা ব্যক্তিস্বাধীনতা হরণ ও সংবাদমাধ্যমের টুঁটি টিপে ধরার যে আইন জারি করেছিলেন, তার জন্য কংগ্রেস পার্টিকে অনেক বিলম্বে হলেও অনুশোচনা করতে হয়েছে। তবে জাতির কাছে এর জন্য এখনো দলটি ক্ষমা চায়নি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৪৩ বছর আগে ঘটে যাওয়া ক্ষতি হয়তো পুষিয়ে দিতে পারবেন না; কিন্তু নিদেনপক্ষে এটুকু তো জাতিকে বলতে পারেন যে তাঁর দাদি ও তাঁর দল কিছু মারাত্মক ভুল করেছিল।
মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি ক্ষমতায় আসার পর ইন্দিরার জারি করা জরুরি অবস্থার সময় কী কী আইন লঙ্ঘন করা হয়েছিল এবং এর জন্য কারা কারা দায়ী ছিল, তা খতিয়ে দেখতে সাবেক প্রধান বিচারপতি জে সি শাহকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক প্রতিপক্ষের ওপর জরুরি অবস্থার সময় উৎপীড়ন চালানো হয়েছিল। এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দলিল হলো শাহ কমিশনের প্রতিবেদন। ২১ মাসের এই জরুরি অবস্থার সময় জাতিকে কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা স্কুল-কলেজের পাঠ্যবইয়ের অংশ হওয়া উচিত বলে মনে করি।
সংবিধান এখনো এ দেশে একটি পবিত্র নথি হিসেবে বিবেচিত হয়। আমার ভয় হচ্ছে, ২০১৯ সালের নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বসতে পারে, আর সত্যি সত্যি যদি তারা তা পেয়ে যায়, তাহলে তারা সংবিধান পরিবর্তন করে বসতে পারে। সেটা হলে জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ এবং সংখ্যালঘুদের রক্ষার ধারা-উপধারাকে বিজেপি টার্গেট করবে। উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের আদর্শপুষ্ট দল বিজেপি নতুন মেয়াদে এলে ধর্মনিরপেক্ষতার ধারণাকে হয়তো পুরোপুরি মুছে ফেলতে পারবে না, কিন্তু সেই ধারণাকে ম্লান করে ফেলতে পারবে, এটি নিশ্চিত।
জরুরি অবস্থার সময় চালানো নির্যাতন-নিপীড়ন নিয়ে শাহ কমিশন তিনটি ভাগে তাদের প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জরুরি অবস্থার সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে অনিয়ম ঢুকে গেছে, তা দীর্ঘ মেয়াদে দেশের জন্য বড় ক্ষতি বয়ে আনবে। ইন্দিরা গান্ধী ১৯৮০ সালে আবার ক্ষমতায় আসার পর শাহ কমিশনের রিপোর্ট সব জায়গা থেকে প্রত্যাহার করার চেষ্টা করেছিলেন। তা না পেরে পরে রিপোর্টটিকে তিনি নিষিদ্ধ করেন।
ডিএমকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও তৎকালীন এমপি ইরা সেজিহান এই প্রতিবেদনগুলো আবার এক করে একটি বই আকারে ছেপেছিলেন। বইটির নাম শাহ কমিশন রিপোর্ট: লস্ট অ্যান্ড রিগেইন্ড। বইটিতে তিনি যথার্থই বলেছেন, ‘এটি একটি তদন্ত প্রতিবেদনের চেয়েও দামি কিছু। এটি এমন এক ঐতিহাসিক নথি, যা ভবিষ্যতের সরকারগুলোকে সংবিধানের মৌলিক বিষয়ে হস্তক্ষেপ করার আগে ভাবাবে। যেকোনো মুক্তিসংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে এই প্রতিবেদন।’
কিন্তু জরুরি অবস্থার কারণে সবচেয়ে যে দলটি ক্ষতির শিকার হয়েছে, সেই বিজেপি এটি থেকে কোনো শিক্ষা গ্রহণ করেছে বলে মনে হচ্ছে না। ইন্দিরা গান্ধী এক ব্যক্তির শাসনে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েছিলেন। মনে হচ্ছে আরএসএসের নির্দেশে মোদিও সেই একই ঘোড়ায় সওয়ার হয়েছেন এবং জাতির মৌলিক চেতনাজাত বহুত্ববাদ সরিয়ে তিনি ভারতকে একটি হিন্দুরাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করছেন।
ইন্দিরা গান্ধীর আমলের মতো মোদির এই আমলে বেশির ভাগ সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল ক্ষমতাসীন সরকারের পক্ষের হয়ে সংবাদ পরিবেশন করছে। বিজেপির প্রবীণ রাজনীতিক এল কে আদভানি কিছুদিন আগেও বলেছিলেন, জরুরি অবস্থার পুনরাবৃত্তি উড়িয়ে দেওয়া যায় না। ঘটনাক্রমে আদভানি জরুরি অবস্থা জারির বিরুদ্ধে কথা বলে ১৮ মাস জেল খেটেছিলেন। ইন্দিরার জরুরি অবস্থার সময় কারাবরণকারী নেতাদের সম্প্রতি বিজেপি সংবর্ধনা দিয়েছে। আদভানি দলের নেতাদের সমালোচনা করায় তারা আদভানিকে আমন্ত্রণ জানায়নি।
অনেক বিশেষজ্ঞই মনে করছেন, আগামী লোকসভা নির্বাচনে একটি দলের হাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চলে যাবে। কিন্তু বিষয়টি এখনই ওপর থেকে চোখে পড়ছে না। ঘটনা এমনভাবে ঘটতে পারে, যা কেউ কল্পনাই করতে পারছে না। সে কারণে ভারতের সংবিধানের বহুত্ববাদী চেতনায় যাঁরা উদ্দীপ্ত, তাঁদের এখনই সতর্ক হতে হবে।
ইংরেজি থেকে অনূদিত
কুলদীপ নায়ার ভারতের প্রবীণ সাংবাদিক