বিজ্ঞান ও প্রযুক্তি বদলে দিচ্ছে জীবনধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলে আমরা সমস্যায় পড়েছিলাম। দুবাই নেমে সব সময় মোবাইলে মেসেজ আসত ‘ওয়েলকাম... ইওর বিজনেস সলিউশন ইজ অ্যাকটিভেটেড...।’ কিন্তু এবার কোনো কারণে সেই বার্তা পেলাম না। ফোনও করতে পারছি না।

আমাদের ইতস্তত ভাব দেখে সেই তরুণী বলল, দেখি তোমাদের মোবাইল। বছর কয়েক ধরে দুবাই এয়ারপোর্ট পুরোটাই ওয়াই-ফাই। একদম ফ্রি। বলেই সে মোবাইলের সেটিংসে গিয়ে দেখিয়ে দিল ওয়াই-ফাই কোনটা। সব ঠিক করে দিল। আমরাও সঙ্গে সঙ্গে ঢাকা ও ডালাসে ভাইবারে কথা বললাম। এরপর আমরা নিশ্চিন্ত। দুবাই এয়ারপোর্ট দিঘে-পাশে অন্তত দুই-তিন মাইল হবে। এত বড় এয়ারপোর্ট পুরোটা ওয়াই-ফাইয়ের আওতায় নিয়ে আসা কম কথা নয়।

আমরা ভাবছিলাম, খবরটা জানানোর জন্য সেই কর্মীকে শুধু ধন্যবাদ কেন, আরও কিছু দেওয়া যায় কি না। সঙ্গের হ্যান্ডব্যাগেজে কিছু উপহারসামগ্রী ছিল। বাংলাদেশের লোকশিল্প পণ্য। এর আগেই সে আমাদের ফোনটা নিয়ে একটা ওয়েবসাইট খুলে ধরল আমাদের সামনে। বলল, আমাদের রেস্টুরেন্টের সার্ভিসের রেইটিং করো। আমরা তো মহা আনন্দে সব খাতে এ-প্লাস দিয়ে দিলাম।

আরও বড় বিস্ময় অপেক্ষা করছিল ডালাস এয়ারপোর্টে। ইমিগ্রেশনে মেশিনে ভিসা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মেশিন। একসঙ্গে অন্তত ১০-১৫ জনের ভিসা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। মাত্র বছর দু-এক আগেও আমরা এসেছি। তখনো ইমিগ্রেশন কাউন্টারেই সব পরীক্ষা-নিরীক্ষা করা হতো। এবার মেশিনে। নিজের ভিসা পরীক্ষা নিজেকেই করতে হবে। মেশিনের নিয়মকানুন কিছুই জানি না। এয়ারপোর্টের একজন কর্মী ঘুরে ঘুরে দেখছে, আমরা ঠিকভাবে পরীক্ষার কাজটা করছি কি না। তাঁকে জিজ্ঞেস করলাম কীভাবে কী করতে হবে। তাঁর সংক্ষিপ্ত উত্তর, মেশিনের লেন্সের নিচে তোমার ভিসার পাতাটা খুলে ধরো। এর বেশি কিছু বলতে সে রাজি নয়। মুহূর্তের মধ্যে উধাও। কিন্তু আমরা দেখলাম, পাসপোর্টে শুধু ভিসার পাতাটা খুলে ধরতেই সামনের মনিটরে ভেসে উঠল বিভিন্ন নির্দেশনা। এরপর কী, তারপর কী, সব সেখানেই বলা আছে। আঙুলের ছাপ দিলাম। সঙ্গে সঙ্গে চেক করে নিল। দুই মিনিটেই কাজ শেষ। এরপর অবশ্য ইমিগ্রেশনে আরও কিছু তথ্য দিতে হলো। আগের চেয়ে ইমিগ্রেশনে ঝামেলা কমে গেছে।

ডালাস এয়ারপোর্টে নেমে ভাইবারে একটা পরীক্ষামূলক কল দিলাম। আমার ছেলে অয়নের গলা ভেসে এল। বুঝলাম, সেই এয়ারপোর্টেও ওয়াই-ফাই। প্রযুক্তির কল্যাণে যোগাযোগ এত সহজ হয়ে গেছে।

অয়নের গাড়িতে চলেছি। মিনিট বিশেকের রাস্তা। গাড়ির একটা পকেটে আইফোনের কর্ড লাগিয়ে বাসার ঠিকানা লিখে দিতেই সুরেলা কণ্ঠ শোনা গেল। ১০০ ফুট সামনে গিয়ে বাঁয়ে ঘুরবে...। রাস্তার মোড়ে মোড়ে লেখা, কত ফুট সামনে, ডানে, বাঁয়ে, সামনে কোন রাস্তা, কোন এলাকা। সবকিছু। কয়েক বছর আগেও দেখেছি গাড়িতে আলাদা জিপিআরএস যন্ত্র। কোথায় যেতে কোন পথে বাঁক নিতে হবে, তা সেই যন্ত্রই বলে দিত। এখন অধিকাংশ গাড়িতেই অনলাইনে ব্যবস্থা রয়েছে। আপনাকে কিছু চিনতে হবে না। গাড়িই আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাবে!

ডালাসের পথে পথে এখন বড়দিনের সাজসজ্জা। আলোকসজ্জা। আমাদের রিচার্ডসন এলাকাটা মূল শহর ডালাস থেকে ২০-২৫ মিনিট দূরে। তাই মহানগরীর হইচই, চাঞ্চল্য নেই। ছিমছাম শহর। শহরের একটা বড় অংশে বাস সার্ভিস নেই। সবার নিজের গাড়ি। কোনো কোনো পরিবারে দুটি গাড়ি। ইউনিভার্সিটি, কলেজ, স্কুল—সবই আছে। বেশির ভাগই দোতলা বাড়ি। কিছু আছে সেই পুরোনো আমলের একতলা কটেজ। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর।

ট্রাফিক ব্যবস্থা চমৎকার। সিগন্যাল বাতি মেনে সবাই চলে। এটা অবশ্য নতুন কিছু নয়। আমেরিকা-ইউরোপের সবখানেই ট্রাফিক নিয়ম মেনে চলার চমৎকার সংস্কৃতি রয়েছে। প্রতিটি মোড়ে গাড়িগুলো প্রথমে গতি একটু কমায়। ডানে-বাঁয়ে তাকায়। কোনো গাড়ি থাকলে তাকে যাওয়ার সুযোগ দেয়। তারপর নিজে যায়। সিগন্যাল বাতি লাল থাকলে অবশ্যই থামবে। সবুজ জ্বলার পর চলবে। সাধারণ নিয়ম। কিন্তু সবাই যখন অক্ষরে অক্ষরে মেনে চলে, সত্যিই অবাক হতে হয়।

পার্কে গিয়েছি। একপাশে অপ্রশস্ত লেক। বেশ কিছু রাজহাঁস, বালিহাঁস ভেসে বেড়াচ্ছে। বাচ্চারা পার্কে খেলছে। মা-বাবারা ধৈর্য ধরে তাদের সঙ্গ দিচ্ছে। এখানে শিশুদের প্রতি অভিভাবক ও নগর ব্যবস্থাপনার এত বেশি মনোযোগ যে কল্পনাই করা যায় না। রিচার্ডসন লাইব্রেরিতে গেলেই সেটা চোখে পড়ে। বিশাল ভবনের নিচতলার পুরোটাই শুধু শিশুদের জন্য। অজস্র বই, ভিডিও। বসবাসরত যেকোনো নাগরিক লাইব্রেরি থেকে পড়ার জন্য বই বাসায় নিতে পারে। নিজেরাই কাউন্টারে কম্পিউটারে ইস্যু করে নেয়। লাইব্রেরি কর্তৃপক্ষÿ হিসাব রাখে, কোন শিশু কোন বইটি নিল। লাইব্রেরি হলে একটা ডিসপ্লে বোর্ডে সুন্দর করে নাম লিখে রাখে, কে ২০, ৩০, ৫০ বা ১০০টা বই নিল, সবাই তা জানতে পারে। বেশি বই পড়লে এভাবে শিশুদের সম্মানিত করার পদ্ধতিটি অসাধারণ।

রোববার সন্ধ্যায় লাইব্রেরি চত্বরে গেলাম ক্রিস্টমাস উপলক্ষে দেখতে। অবাক হলাম, সবাই এসেছে তাদের বাচ্চাদের নিয়ে। সারা চত্বর কেবল মা-বাবা আর তাদের শিশু। সবাই ১০-১২ বছরের নিচে। একটি স্টেজে শিশুদের গান ও নাচের আয়োজন করা হয়েছে। মা-বাবারা কোলেপিঠে তঁাদের বাচ্চাদের নিয়ে উপভোগ করছে সেই অনুষ্ঠান।

একজনকে জিজ্ঞেস করলাম, শুধু বাচ্চারা কেন? তরুণেরা কোথায়? সে বলল, ওরা তো ইউনিভার্সিটি অথবা বন্ধুদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে রয়েছে। কিন্তু আমরা আছি শিশুদের নিয়ে। শিশুদের ভালোভাবে গড়ে তুলতে পারলে আর চিন্তা নেই। ওদের উপযুক্ত করে তারুণ্যের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের কাজ। প্রতিভার স্ফুরণ ঘটবে তারুণ্যে। কিন্তু তার পূর্বশর্ত তো সৃষ্টি করতে হবে আমাদেরই।

আমেরিকায় শৈশব খুব আনন্দময়। কোনো বকাঝকা সইতে হয় না। পদে পদে ‘না’ শব্দটি শুনতে হয় না। শৈশবেই গড়ে ওঠে তাদের ব্যক্তিত্ব। ওরা বলে, শিশুদের জন্য বিনিয়োগ করো, সময় দাও, ধৈর্য ধরো, তাহলে তোমরা পাবে শক্তি ও সম্ভাবনাময় তরুণ।

আব্দুল কাইয়ুম: সাংবাদিক।