বিজ্ঞানী ও জ্ঞানসাধক আবদুল কালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ পি জে আবদুল কালাম (১৯৩১–২০১৫)
এ পি জে আবদুল কালাম (১৯৩১–২০১৫)

এই বিজ্ঞানী দারিদ্র্যের জন্য বর্তমান বিশ্বনেতাদের সমালোচনা করলেন এবং সমস্যার সমাধানের জন্য সর্বস্তরে সঠিক নেতৃত্বের ওপর সবচেয়ে বেশি জোর দিলেন। তিনি বললেন, রাজনৈতিক দ্বন্দ্ব বা বিরোধ মেটানোর জন্য যেকোনো একটি বড় দেশের থাকতে
হবে চারটি গুণ—১, স্বপ্ন বা ভিশন ২, ঔদার্য বা জেনেরোসিটি ৩. সমবেদনা বা কমপ্যাশন ৪. জিত জিত বা উইন উইন মনোভাব।

আবদুল কালাম আরও বললেন, সারা বিশ্বকে অভিন্ন দৃষ্টিতে দেখতে হবে। এই আধুনিক প্রযুক্তির যুগে উন্নয়নের ধারাকে আলাদাভাবে দেখার আর অবকাশ নেই। অর্থাৎ উন্নয়নের সুবিধা পেতে হবে সবাইকে সঙ্গে নিয়ে। ৭৫ বছর বয়সী সহজ সরল এই মানুষটিকে দেখতে অতি সাধারণ মনে হলেও তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিদীপ্ত। আবদুল কালাম যে একজন মহান ও সজ্জন ব্যক্তি ছিলেন, সে বিষয়ে কারোরই সন্দেহ নেই।

এক ঘণ্টাব্যাপী প্রশ্ন-উত্তরের সময় তাঁর প্রখর চিন্তাশক্তির পরিচয় পাই। তিনি wits and humours দিয়ে সব প্রশ্নের জুতসই জবাব দিলেন।

অধ্যাপক তরুণ খান্না আমার জন্য মূল সভাকক্ষে একটি সংরক্ষিত আসন রেখেছিলেন। অনুষ্ঠানের পর প্রায় ৭০ জনের এক জাঁকজমক নৈশভোজে আমার জন্য আসন রাখা হয়েছিল আবদুল কালামের পাশেই। এই সম্মান দেখানোর জন্য গৌরববোধ করলাম; নিজের জন্য নয়, দেশের জন্য।

রাষ্ট্রপতি কালাম বাংলাদেশ সম্পর্কে অনেক কথা জিজ্ঞেস করলেন। এর আগে ২০০৯ সালের জুলাই মাসে তিনি বাংলাদেশে এসেছিলেন। দুই দেশের সম্পর্ককে কীভাবে আরও ভালো করা যায়, আমি তাঁকে সেটা জানালাম। বললাম, তিনি বক্তৃতায় যে চারটি শর্তের কথা বলেছেন, ভারত সরকার যদি সেগুলো অনুসরণ করে, তাহলে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া একটি সমৃদ্ধিশালী অঞ্চলে পরিণত হতে পারে।

আমার স্ত্রী হাসনা মওদুদ জসীমউদ্‌দীন তখন দক্ষিণ কোরিয়ার IUCN-এর সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। আবদুল কালাম যখন শুনলেন হাসনা একজন পরিবেশবিদ এবং সুন্দরবন নিয়ে কাজ করেন, সঙ্গে সঙ্গে একটা কাগজে নিজের হাতে তাঁর ওয়েবসাইটের ঠিকানা দিলেন, আর বললেন, হাসনা যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে হাসনা তাঁর সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছিলেন এবং তিনিও জবাব দিয়েছিলেন। এরপরেও আবদুল কালাম বাংলাদেশে এসেছেন। বিভিন্ন সমাবেশে বক্তৃতা দিয়েছেন। কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি। তবে তাঁর স্মৃতি সদা জাগরূক আছে।

আবদুল কালাম বেঁচে থাকলে তাঁর চিন্তাধারা পৃথিবীকে আরও উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যেত। আমি তাঁকে কেবল ভারতীয় বিজ্ঞানী হিসেবে দেখি না; দেখি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানসাধক হিসেবে। তাঁর বক্তৃতা বা গবেষণাধর্মী বইগুলো সমগ্র মানব সম্প্রদায়ের অমূল্য সম্পদ।

তিনি তরুণদের অত্যন্ত ভালোবাসতেন। এই তরুণদের সমাবেশে বক্তৃতা দিতে দিতেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করলেন। এটিকে বলা যায় ডিভাইন অর্ডার বা ঐশ্বরিক নির্দেশ।

বাংলাদেশের সঙ্গে এই বিজ্ঞানীর একটি গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। বাংলাদেশের মানুষ তাঁকে গভীরভাবে ভালোবেসেছে ও সম্মান জানিয়েছে।

তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

মওদুদ আহমদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য।