বিজয়ী হয়েছেন প্রতিবাদী আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন প্রতিবাদী হিসেবেই নির্বাচনে জয়ী হয়েছেন আইভী
একজন প্রতিবাদী হিসেবেই নির্বাচনে জয়ী হয়েছেন আইভী

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন বিপুল ভোট পেয়ে। এর আগেরবারও তিনিই জিতেছিলেন। আরও আগে দুই দফায় পৌরসভার চেয়ারম্যান ও মেয়র ছিলেন। তবে ২০১১ সালে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এবং এবারের নির্বাচন তাঁর জন্য ছিল বড় ধরনের চ্যালেঞ্জ। প্রতিবারই তিনি প্রমাণ করেছেন, জনগণ তাঁর সঙ্গে আছে। তাঁকে অভিনন্দন। কামনা করছি তাঁর সাফল্য। তেমনি দেশের নির্বাচনব্যবস্থার আকাল এবার দূর হলো মনে হচ্ছে।
সংসদের বাইরের বিরোধী দল প্রার্থী দিয়ে জোরালো প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি করেছে। তাদের প্রার্থীও প্রমাণিত হয়েছেন সজ্জন বলে। পেয়েছেন অনেক ভোট। তাঁর প্রতিও রইল শুভেচ্ছা। আশা করব ভবিষ্যতের নির্বাচনগুলোতেও সে দলটি বর্জনের রাজনীতি ত্যাগ করবে। এ রাজনীতি তাদের জন্য কল্যাণকর হয়নি, এটা তারা যত দ্রুত বুঝবে, ততই মঙ্গল হবে। আর জোরদার হবে নির্বাচনব্যবস্থা। তবে নির্বাচন-পরবর্তী ফলাফল নিয়ে পরাজিত দল প্রত্যাখ্যানের সংস্কৃতি ছাড়তে পারেনি এবারও। কিন্তু নবনির্বাচিত মেয়র সৌজন্য সাক্ষাতে প্রধান প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গেলে সমাদৃত হন। আশ্বাস পান সহযোগিতার। উভয়ের ভূমিকা প্রশংসনীয়, ব্যতিক্রম। একটি অংশগ্রহণমূলক নির্বাচন যথাযথভাবে পরিচালনার সক্ষমতার জন্য নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই প্রশংসার দাবি রাখে। প্রশংসা পাওয়ার কথা সরকারেরও। এটাও প্রমাণিত হলো যে ইচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন করা যায়। আশা করব বজায় থাকবে এ ধারাবাহিকতা। নির্বাচনের মরা গাঙে আবার বান ডাকবে।

এখন দেখা দরকার কী কারণে এমন বিপুল ভোট পেয়ে আইভী মেয়র নির্বাচিত হলেন। উল্লেখ্য, এখন মেয়রসহ স্থানীয় সরকারের আরও কিছু পদে দলীয় মনোনয়নের বিধান করা হয়েছে। তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রতীক ছিল ধানের শীষ। তাহলে কি আমরা ধরব যে এ বিজয় শুধু নৌকার। কিছুটা তো বটেই। তবে বহুলাংশে তাঁর নিজস্ব, এরূপ বলা আধিক্য হবে না। আমরা ২০১১ সালের নির্বাচনের চিত্রটি পর্যালোচনা করলেই তা দেখতে পাই। তখন তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের স্থানীয় একজন ডাকসাইটে নেতা। ওই পরিবারের বর্তমান প্রজন্ম অনেক বিতর্ক সৃষ্টি করেছে নারায়ণগঞ্জে। তবে তাদের পূর্বপুরুষেরা আওয়ামী লীগের নিষ্ঠাবান সংগঠক এবং পাশাপাশি স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন। এরই ধারাবাহিকতায় তাঁদের একটি ভোটব্যাংকও আছে। সে নির্বাচনে দলীয় মনোনয়নের বিধান না থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বের একটি অংশ তাঁকে প্রকাশ্যে সমর্থন দেয়। দলের স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন দ্বিধাবিভক্ত। ধনসম্পদও তেমন কিছু নেই আইভীর। তবে নারায়ণগঞ্জের সুশীল সমাজসহ সাধারণ জনগণ ছিল তাঁর পক্ষে। তিনি জিতেছিলেন এক লাখ ভোটের ব্যবধানে।

মেয়র পদে গত মেয়াদে তিনি উন্নয়ন–প্রচেষ্টা চালিয়েছিলেন ব্যাপকভাবে। সফলও হয়েছেন অনেক ক্ষেত্রে, তবে তাঁর
অনেক কাজে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেন তাঁর দলেরই স্থানীয় কতিপয় নেতা। সুতরাং ঈপ্সিত সাফল্য তেমনভাবে আসেনি। তবে এ ব্যর্থতা যে তাঁর নয়, এটা জনগণ সুস্পষ্টভাবে উপলব্ধি করেছে। এরই ফলে এবারের নির্বাচন। মানুষ তাঁকে বিশ্বাস ও সম্মান করে। তারা ভাবে, নিজ দলের একটি প্রভাবশালী অংশের প্রবল বিরোধিতার মধ্যেও তিনি মাথা নত করেননি; বরং তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যেই ছিলেন প্রতিবাদী। দলের মৌলিক আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেও যে এরূপ করা সম্ভব, তার একটি বিরল নজির তিনি স্থাপন করেছেন। নারায়ণগঞ্জের গডফাদার বলে যারা পরিচিত, দলমত–নির্বিশেষে তিনি সবার বিরুদ্ধেই ছিলেন আপসহীন। দলীয় মনোনয়নের সময়ে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত সভায়ও তিনি সে ধরনের বক্তব্যই দিয়েছেন। নির্বাচনী প্রচারণায়ও তিনি দলীয় ভোট কমার আশঙ্কা আমলে না নিয়ে মূল আদর্শই ধারণ করে বক্তব্য দিয়েছেন। নারায়ণগঞ্জের প্রধান সমস্যা হিসেবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিষয়টি গুরুত্ব পেয়েছে তাঁর বক্তব্যে। সুশীল সমাজের একজন প্রগতিশীল নেতা তাঁর দল না করলেও কারও কারও প্রবল বিরোধিতার মুখেও একে অপরকে ছাড়েননি। এতে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা তাঁর প্রতি বাড়তেই থাকে।

২০১১-এর নির্বাচনের কিছুদিন পর তাঁর সে শুভাকাঙ্ক্ষী প্রগতিশীল নেতার কিশোর ছেলে ত্বকী খুন হয়। সেই হত্যাকারীদের বিচারের আওতায় আনতে তিনি সম্ভাব্য সব প্রচেষ্টা নেন। এখনো সফল হয়নি সে প্রচেষ্টা। তবে কখনো হবে না, এমনটাও নয়। নারায়ণগঞ্জে এক দিনে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা শুধু স্থানীয়ভাবে নয়, দেশব্যাপী প্রবল আলোড়ন তুলেছিল। সে খুনিদের বিচারের আওতায় আনতে তিনি সব প্রচেষ্টা চালিয়েছেন। মেয়র পদে থেকে আইভীর একটি আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সরব প্রতিবাদ করা কম সাহসের নয়। অবশ্য সে সময়ে তাঁর এবারের প্রতিদ্বন্দ্বীর ভূমিকাও ছিল প্রশংসনীয়। আমাদের রাজনীতি অনেকাংশে কলুষিত হয়ে গেছে। রাজনীতিকে বাণিজ্য হিসেবে ধরে নিচ্ছে অনেকেই। আর সেটা ওপরের দিকে যেমন আছে, তেমনি আছে নিচে। পাশাপাশি স্থানীয় সরকার সংস্থাগুলোতে দুর্বৃত্তায়নের দৃশ্যও লক্ষণীয়। এমনই একটি সংস্থার নেতৃত্ব দিয়ে নিজেকে কার্যকর কোনো বিতর্কের ঊর্ধ্বে রাখা সহজসাধ্য নয়। তবে নারায়ণগঞ্জে তা করতে পেরেছেন আইভী। একটি প্রভাবশালী মহল কর্তৃক তাঁর প্রতি কাদা নিক্ষেপের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্ভব হয়নি জনগণের আস্থায় চিড় ধরানোও।

এবারের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনটি দেশবাসী শ্বাসরুদ্ধকরভাবে পর্যবেক্ষণ করছিল। নির্বাচনব্যবস্থা কলুষমুক্ত হোক, এটা চায় দেশবাসী। নারায়ণগঞ্জে তা হতে দেখে কিছুটা আস্থার ভাবও সৃষ্টি হয়। ক্ষমতাসীন দল এখানে বিজয়ের গৌরব অবশ্যই নিতে পারে। তবে এ থেকে শিক্ষাও নিতে পারে। ব্যবস্থা নিতে পারে বিভিন্ন স্থানে এ ধরনের সজ্জন ও সক্রিয় ব্যক্তিদের দলে টেনে নেতৃত্বে আনতে। তাঁরা যেকোনো নির্বাচনে দলের কর্মসূচির পাশাপাশি নিজেদের ভাবমূর্তির সমন্বয় ঘটিয়ে অংশগ্রহণমূলক প্রভাবমুক্ত পরিবেশেও জয়লাভ করতে পারেন। এমনটা করতে পারে অন্য রাজনৈতিক দলগুলোও। গডফাদারেরা সাময়িকভাবে কোথাও ঝিলিক তুললেও তা স্থায়ী হয় না। জনগণ তাদের ভয় করে। সম্মান করে না। ভালোবাসে না। রাজনীতিকে পুঁজি করে তারা গড়ে সম্পদের পাহাড়। আর সে সাম্রাজ্য টিকিয়ে রাখতে খুনসহ সব অপকর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট হয়। সেলিনা হায়াৎ আইভীর মতো ব্যক্তি তো দেশের অনেক স্থানেই আছেন। তাঁদের খুঁজে বের করে রাজনীতির সামনের কাতারে আনাটাই বড় কাজ, তা করা হয় না। বরং অনেক ক্ষেত্রে নিজ দলেই দমিয়ে দেওয়া হয় তাঁদের। তাঁরা ন্যায়-অন্যায়কে কোনো ক্ষেত্রেই এক করে ফেলেন না। জি হুজুরেরা দলের দায়, সম্পদ নয়। সংকটকালে তারা পালিয়ে যায় বা রং বদলায়। নিজ দলে দীর্ঘদিন আইভীর প্রবল প্রতিদ্বন্দ্বী ২০০১-০৮ পর্যন্ত সময়কালে দেশেই ছিলেন না। আইভী তো সে বৈরী সময়েই পৌরসভার চেয়ারম্যান হয়েছেন। করেছেন আওয়ামী লীগের রাজনীতি।

মানুষ অনেক কিছু বিচার-বিশ্লেষণ করে ভোট দেন। আমাদের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষেরাও কিন্তু ভোট দিতে জানেন। কার ওপর আস্থা স্থাপন করা যাবে, তা তাঁরা নিজেরাই ঠিক করেন। আর এটা নির্ধারণ করতে বিবেচনায় নেন কে বা কারা তঁাদের সমস্যা সমাধানে সহায়ক হবে। বিপদে পাশে দাঁড়াবে। নারায়ণগঞ্জের উন্নয়ন অতি গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। তবে সে উন্নয়নের বড় প্রতিবন্ধকতা সেখানকার স্থানীয় রাজনীতি। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সমস্যাটি সঠিকভাবে চিহ্নিত করেছেন সেলিনা হায়াৎ আইভী। মেয়র হিসেবে যথাসম্ভব উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। পাশাপাশি সরব প্রতিবাদ করেছেন মূল সমস্যার বিষয়ে। এ ব্যাপারে ছাড় দেননি কাউকেই। এমনকি নির্বাচনী প্রচারণার সময়েও নয়। সিটি করপোরেশনের কার্যক্রমে তিনি কোনো দলবাজিকে বিবেচনায় নেননি। এতে দলের একটি অংশের ক্ষোভ তাঁর প্রতি বরাবরই ছিল। কিন্তু জনগণ এ প্রতিবাদী আইভীকেই এবারও নির্বাচিত করেছেন তঁাদের মেয়র হিসেবে।

আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।