বিদায় বাউলরত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাউলরত্ন’ নামে পরিচিত। অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা। মালজোড়া ও বাউলগানের শিল্পী হিসেবে সর্বজনবিদিত। জীবদ্দশায় সিলেটবাসীর কাছে পেয়েছেন কিংবদন্তিতুল্য মর্যাদা। তাঁর লেখা ‘আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে/ সে এখন বাস করে অন্যের ঘরে’, ‘বন্ধুয়া বিহনে গো, সহে না পরানে গো/ একেলা ঘরে রইতে পারি না’, ‘আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা’ গানগুলো তো এখনো মানুষের মুখে মুখে ফেরে। ২৩ সেপ্টেম্বর সিলেটের প্রবীণ এই বাউলসাধক কফিলউদ্দিন সরকার চলে গেলেন না-ফেরার দেশে।তখন ঘড়িতে রাত ১১টা পাঁচ মিনিট। রোববার। আকাশ মেঘাচ্ছন্ন। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। অনবরত মেঘের গর্জন। তেমনি এক মুহূর্তে কফিলউদ্দিন সরকার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ৮০ বছর বয়সে নিভে যায় তাঁর জীবনপ্রদীপ। অথচ এক গানে তিনি লিখেছিলেন, ‘যারে সমন যাব না এখন, অনেক কাজ মোর রয়েছে বাকি’। সমন যায়নি, অনেক কাজও বাকি রয়ে গেছে। কিন্তু ঠিকই এই গানের মানুষটি চলে গেলেন। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত ফুসফুস ক্যানসারের কাছে হার মানলেন।গানপাগল এ মানুষটি বাউলগান গাইতে জীবনের শেষ দিনগুলোতেও ছুটে বেড়িয়েছেন দেশের নানা অঞ্চলে। সেই পঞ্চাশের দশক থেকে গান গেয়ে আমৃত্যু গ্রামীণ মানুষকে বিনোদন দিয়েছেন। প্রয়াত বাউলসাধক দুরবিন শাহের অন্যতম প্রধান এই শিষ্য সিলেটের ঐতিহ্যবাহী মালজোড়াগানের একজন প্রখ্যাত শিল্পী ছিলেন। দুরবিন শাহ ছাড়া সিলেটের প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিম, কামালউদ্দিন, নেত্রকোনার আবদুস সাত্তারসহ অনেকের সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন।দীর্ঘ সংগীতজীবনে তিনি কয়েক সহস্রাধিক গান রচনা করেছেন। ১৯৬৭ সালের ৭ নভেম্বর তাঁর লেখা গানের সংকলন রত্নভান্ডার প্রথম খণ্ড এবং রত্নভান্ডার দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। ঢাকার কালিকলম প্রকাশনা থেকে কফিলউদ্দিন সরকারের গান নামে অপর আরেকটি গ্রন্থের কাজ চলছে। শিগগিরই এই গ্রন্থটি বাজারে আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। কফিলউদ্দিন সরকার ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. রিয়াজউদ্দিন, মা করিমুন্নেসা। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বড় দুই ভাই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তাঁর প্রথম স্ত্রী কুলসুমা বিবি। প্রথম স্ত্রীর গর্ভে এক ছেলে ও তিন মেয়ে জন্ম নেয়। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি ১৩৫২ বঙ্গাব্দ থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে বসতি স্থাপন করেন। সেখানে এসে মায়ারুননেছাকে বিয়ে করে বাউলসাধনা চালিয়ে যান।২৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও বাউলেরা তাঁকে শ্রদ্ধা জানান। এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় বাউলের কফিন। রাতে তাঁকে দোয়ারাবাজার উপজেলার আকিলপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর অগণিত ভক্ত-শিষ্য-অনুসারীরা চোখের জলে প্রিয় বাউলকে শেষ বিদায় জানান। বিদায় ‘বাউলরত্ন’ কফিলউদ্দিন সরকার।সুমনকুমার দাশসিলেট প্রতিনিধি