বিদায় মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা
মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা

কেন দলীয় সীমাবদ্ধতার গণ্ডি ছাপিয়ে একটি অঞ্চলের সব মানুষের প্রিয় ও আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি-এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই যে কথা উল্লেখ করতে হবে তা হচ্ছে, তাঁর কর্মে-চিন্তায়, ধ্যানে-জ্ঞানে ছিল শুধু চট্টগ্রাম। এখানকার মানুষের আশা ও আকাঙ্ক্ষা, ক্ষোভ ও বেদনা, হতাশা ও বঞ্চনা তাঁর মতো করে আর কখনো বুঝতে পারেনি কেউ। আর কেউ এভাবে শনাক্ত করতে পারেনি সমস্যার জায়গাগুলো। দুর্যোগে-দুর্ঘটনায়, বিপদ-আপদে পাশে দাঁড়ানোর মতো দীর্ঘকাল তাঁর মতো একজনকে বন্ধু পায়নি চট্টগ্রামের মানুষ। আর কখনো পাবে কি না, এই প্রশ্ন গভীর দীর্ঘশ্বাসের মতো তাই অনুচ্চারিত থেকে যাচ্ছে।

সব ধরনের সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে স্থান করে নিতে চাননি তিনি। দলের কেন্দ্রীয় কমিটিতে পদ-পদবিও চাননি কোনো দিন। চট্টগ্রামে আওয়ামী লীগের কমিটিতে সদস্য থেকে সভাপতি পর্যন্ত হয়েছেন। তিন-তিনবার নির্বাচিত হয়ে ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন এই নগরের। এর মধ্যে এমন দুটি নির্বাচনে জয়ী হয়েছেন, যখন তাঁর দল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধী দলে। আবার হেরেছেনও। কিন্তু সেই পরাজয়ের গ্লানি নিয়ে জনবিমুখ হয়ে পড়েননি। মানুষের পাশে থেকে তাঁদের অব্যক্ত কথাকে ভাষা দিয়েছেন তিনি। একদিক থেকে বিবেচনা করলে ‘আঞ্চলিক নেতা’ই তো তিনি। কিন্তু তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক যদি তাঁর নিজের শহরের মানুষকে ভালোবেসে, তাঁর এলাকায় মানুষের জীবন, প্রকৃতি, সমাজ ও পরিবেশকে প্রকৃত অর্থে সুন্দর ও বসবাসযোগ্য করে তোলাকে নিজের অভীষ্ট লক্ষ্যে পরিণত করেন, সেই সাফল্যকে ‘আঞ্চলিকতাদুষ্ট’ বলা যাবে না। এ তো এক অর্থে দেশেরই উন্নয়ন।

ভেবে দেখুন, মার্কিন প্রতিষ্ঠান স্টিভিডোর সার্ভিসেস অব আমেরিকার (এসএসএ) হাতে চট্টগ্রাম বন্দরের প্রাইভেট টার্মিনাল তুলে দেওয়ার চুক্তির বিরুদ্ধে তাঁর আন্দোলনের বিষয়টি। এসএসএর প্রস্তাব অনুযায়ী প্রথম দফায় ৯৯ বছর এবং পরে নবায়ন সাপেক্ষে আরও ৯৯ বছর মোট প্রায় ২০০ বছরের জন্য চুক্তিটি করতে যাচ্ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারেরই একটি মহল। এই দীর্ঘ সময়কালের জন্য ইজারা না দিলে এসএসএর পক্ষে এই বিনিয়োগ সাশ্রয়ী নয় বলেও প্রচারণা চালানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু সে সময় মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে শ্রমিক-জনতার প্রতিরোধের মুখে নবায়নের শর্তটি বাদ দিয়েই ৯৯ থেকে সুরসুর করে ৩০ বছরে নেমে এসেছিল এসএসএ। এই যে দেশের সম্পদ বাড়তি ১৬০ বছর ভোগ-দখলের সুযোগ করে দেওয়ার অপচেষ্টা, এটা তো রুখে দিয়েছিলেন মহিউদ্দিন। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং চুক্তিটিই বাতিল করতে হয়েছিল আদালতের রায়ে। এই সবকিছুই হয়েছিল মহিউদ্দিনের কারণে। নিজের দল ক্ষমতায় থাকার সময় দেশের স্বার্থে নীতিনির্ধারকদের বিরুদ্ধে এভাবে সোচ্চার হওয়ার ইতিহাস আমাদের দেশে বিরল ঘটনাই বলতে হবে। এইভাবে আঞ্চলিকতাকে ছাপিয়ে রাজনীতিতেও ভূমিকা রেখেছিলেন তিনি।

শুধু রাজনীতি তো নয়, যেকোনো প্রয়োজনের মুহূর্তে অসহায় মানুষের পাশে থাকার এমন নজির অন্তত এ অঞ্চলে দ্বিতীয়টি নেই। ১৯৯১-এর প্রলয়ংকর ঘূর্ণিঝড়ের পর বহু বেওয়ারিশ লাশ নিজ কাঁধে বহন করে দাফন ও সৎকার করেছেন। অস্থায়ী হাসপাতাল গড়ে তুলে চিকিৎসকদের জড়ো করেছিলেন, প্রাণ রক্ষা করেছিলেন শত শত ডায়রিয়ায় আক্রান্ত রোগীর। কালুরঘাটে গার্মেন্টসে আগুনে পুড়ে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু বা বন্দরটিলায় নৌবাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহত ব্যক্তিদের দাফন-কাফন, সৎকারে সবার আগে এগিয়ে এসেছিলেন মহিউদ্দিনই।

মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকায় সময়টাকে অনেকে নগর চট্টগ্রামের স্বর্ণযুগ বলে অভিহিত করতে চান। এই পরিচ্ছন্ন নগরকে তখন রোলমডেল বিবেচনা করা হতো। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের তিনি ‘সেবক’ নাম দিয়েছিলেন। ঝুপড়িঘরে বসবাসকারী ধাঙর সম্প্রদায়ের এই সেবকদের জন্য তৈরি করে দিয়েছিলেন আবাসিক ভবন। তাঁদের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

এ কথা অস্বীকার করার উপায় নেই যে মহিউদ্দিনের আমলে চট্টগ্রামের যত অর্থবহ উন্নয়ন হয়েছে, তা ইতিপূর্বে আর হয়নি কখনো। অবশ্য ধারাবাহিকভাবে দীর্ঘ সময় মেয়র পদে আসীন থাকার ফলেই এটা তাঁর পক্ষে সম্ভব হয়েছে। জাতীয় বাজেটে চট্টগ্রামের জন্য বরাদ্দের সামান্য অর্থ দিয়ে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা সম্ভব ছিল না। করপোরেশনের নিজস্ব আয়ের মাধ্যমেই এটা সম্ভব করেছেন তিনি। মহিউদ্দিন সরকারের উদ্দেশে বলতেন, ‘অনুদান চাই না, অনুমোদন চাই।’

অন্যান্য অবকাঠামোর কথা বাদ দিলেও তাঁর সময়ে শিক্ষা ও চিকিৎসা খাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাফল্য ছিল বিস্ময়কর। করপোরেশনভুক্ত স্কুল-মাদ্রাসা-মক্তবের মান বৃদ্ধির পাশাপাশি অনেকগুলো স্কুলকে কলেজ পর্যায়ে উন্নীত করে, সর্বোপরি এর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করে নিজেকে নূর আহমদ চেয়ারম্যানের সার্থক উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তাঁর সময় করপোরেশন পরিচালিত হাসপাতাল ও মাতৃসদনগুলোর সেবার মান ও পরিচ্ছন্নতা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের কাছেও হয়ে উঠেছিল ঈর্ষণীয়। কিন্তু তাঁর মেয়াদের পর সিটি করপোরেশন চিকিৎসাসেবার এই মান আর ধরে রাখতে পারেনি।

চট্টগ্রামের দ্বিতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়টি গড়ে তুলেছিলেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল বিত্তবান পরিবারের সন্তানদের ঠিকানা-এই ধারণা বদলে দিয়েছিল সিটি করপোরেশন পরিচালিত ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়’। আমৃত্যু এই প্রতিষ্ঠানের ট্রাস্টি ছিলেন মহিউদ্দিন চৌধুরী। এখনো সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় কাছাকাছি ব্যয়ে এখানে শিক্ষা লাভ করছে কয়েক হাজার শিক্ষার্থী।

সংস্কৃতিকর্মীদের জন্য থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন নির্মাণ, চট্টগ্রামে সর্বপ্রথম ও সর্ববৃহৎ সিএনজি স্টেশন স্থাপন, লাশ পরিবহনের জন্য শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা, গণশৌচাগার নির্মাণ ইত্যাদি ছিল তাঁর সময়োপযোগী জনকল্যাণমূলক কাজের নমুনা। অবৈধ স্থাপনা ভেঙে নগরে রাস্তাঘাট নির্মাণের সাহসী উদ্যোগ তিনি নিয়েছিলেন বলেই আগ্রাবাদ অ্যাক্সেস রোড, ও আর নিজাম রোড, পাহাড়তলীসহ অনেক রাস্তাঘাট ক্রমবর্ধমান যান ও জনচলাচলের উপযোগী হয়েছে।

মহিউদ্দিন চৌধুরীর অনেক কাজ সমালোচিতও হয়েছে। প্রবর্তক মোড়ে একটি বড় নালার মুখে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ, সিটি করপোরেশনের আয় বৃদ্ধির জন্য যত্রতত্র বহুতল বিপণিকেন্দ্র নির্মাণ ইত্যাদির বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের আপত্তিকে আমলে নেননি তিনি। আবার এই নাগরিকদের আপত্তির মুখে প্রবর্তকের মোড়ে পশুশালার জমি অধিগ্রহণ, লালদীঘিতে সুইমিংপুল, অপর্নাচরণ স্কুল প্রাঙ্গণে বহুতল ভবন বা কর্ণফুলীসংলগ্ন মেরিনার্স রোডে দোকানপাট নির্মাণের উদ্যোগ থেকে তিনি সরেও এসেছিলেন। এ কথা সত্য বিপুল কর্মযজ্ঞের মধ্যে তাঁর সব উদ্যোগকে সাদরে গ্রহণ করতে পারেনি নাগরিক সমাজ। আবার স্বীকার করতেই হবে তাঁর ভালো-মন্দ সব ধরনের কাজই ছিল প্রকাশ্যে, জনসমক্ষে। বিশেষ গোষ্ঠী বা মহলের স্বার্থসিদ্ধির জন্য রেখে-ঢেকে গোপনে কখনো কিছু করেননি তিনি। ফলে তাঁর কাজের মূল্যায়নও মানুষ করেছে প্রকাশ্যে, খোলাখুলিভাবে। পত্রপত্রিকায় বা সংবাদমাধ্যমে নানা সময়ে তাঁর কাজের সমালোচনা হয়েছে। কিন্তু এর জন্য কোনো সংবাদকর্মীকে হেনস্তা হতে হয়েছে, এমন নজির নেই। বরং সমালোচনা সহ্য করতেন সহজভাবে, সাংবাদিকদের নানা সময়ে খোঁচা মারতেন, দুকথা শুনিয়ে দিতে ছাড়তেন না, তাতে স্নেহ-প্রীতির সুর থাকত বলে সেটা আঘাত হয়ে আসত না।

মহিউদ্দিন উঠে এসেছিলেন তৃণমূল থেকে। সিটি কলেজে পড়ার সময় ছাত্ররাজনীতির সঙ্গে জড়ান। ছাত্রলীগের নেতৃত্বে এসেছিলেন। পরে যুক্ত হন শ্রমিক রাজনীতির সঙ্গে। রাজনৈতিক জীবনে কারাভোগ করেছেন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন বারবার। মুক্তিযুদ্ধের শুরুর সময়টাতেই পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। অমানুষিক নির্যাতনের পর প্রায় মরণাপন্ন অবস্থায় ছাড়া পেয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। অংশ নেন মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আরও একবার দেশান্তরি হতে হয়েছিল তাঁকে। এরশাদ শাসনামলের শেষ দিকে একবার গ্রেপ্তার হয়েছিলেন মহিউদ্দিন। সেই গ্রেপ্তারের কী প্রতিক্রিয়া হয়েছিল, তা-ও হয়তো স্মৃতিতে আছে অনেকের। পুরো চট্টগ্রাম অচল হয়ে পড়েছিল। মিছিল-বিক্ষোভ-ভাঙচুরে প্রায় লন্ডভন্ড হয়ে পড়েছিল শহরটি। পরদিন স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম ছিল মহিউদ্দিনের গ্রেপ্তারের সংবাদ। মনে পড়ে দৈনিক ইত্তেফাক-এর লাল রঙে ব্যানার হেডিং ছিল ‘চট্টগ্রাম জ্বলছে’। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আরও একবার গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। কারাগারে আটক থাকার কারণে ক্যানসারে আক্রান্ত কন্যার সঙ্গে মৃত্যুর আগে শেষ দেখাটিও হয়নি তাঁর।

রাজনৈতিক জীবনে ভুল-শুদ্ধ যা করেছেন, রাজপথে থেকেই করেছেন। ভালো কাজের জন্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। ভুল উদ্যোগের খেসারতও হাতেনাতে পেয়েছেন নির্বাচনে হেরে। কিন্তু রাজপথ ছাড়েননি কখনো। সম্প্রতি বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান এক অনুষ্ঠানে বলেছেন, ‘রাজনীতি এখন ব্যবসার সম্প্রসারিত অংশ হয়ে গেছে...রাজনীতি ধনীদের খেলায় পরিণত হয়েছে।’ এই বাস্তবতায় ব্যতিক্রমের উদাহরণ মহিউদ্দিন। তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিকেরা আজ বিরল প্রজাতি। মহিউদ্দিনের মৃত্যু এই শূন্যতাকে আরও বিস্তৃত করল।

বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
bishwabd@yahoo. com