বিদেশি গণমাধ্যমে 'জ্বলন্ত বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি মিডিয়ায় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট গভীরতর হওয়া নিয়ে কোনো বিস্ময় নেই। তারা বলছে, আগেই যেমনটা পূর্বানুমান করা হচ্ছিল সেভাবেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। তবে সবার মধ্যেই একটা আশার ভাব এখনো রয়ে গেছে যে এত কিছুর পরও তার অর্থনীতির চাকা বন্ধ হবে না। ঢাকায় কর্মরত একটি জার্মান সংস্থার কর্মকর্তা হেনরিক ডয়েচে ভেলেকে বলেন, ছয় ভাগের বেশি প্রবৃদ্ধির ধারা বাংলাদেশ ধরে রেখেছে। তবে বিদেশি বিনিয়োগকারী ও পোশাক ক্রেতারা মুখ ঘুরিয়ে নিতে পারেন। তাঁর এই মন্তব্য গুরুত্বপূর্ণ যে ‘বাংলাদেশ অর্থনীতিতে ভালো করছে। কিন্তু যদি রাজনৈতিক অস্থিরতা না থাকত তাহলে তার এর চেয়ে আরও ভালো করার বিরাট সুযোগ ছিল’। বাংলাদেশের দারিদ্র্যের হার এখনো ২৫ শতাংশের ওপর।
আমরা বার্ন ইউনিটে মানুষের মৃত্যুহার নিয়ে শঙ্কিত। কিন্তু আরও বড় শঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না যে আমাদের ভালো অর্থনীতি, যাকে গতিশীল রাখার বড় কৃতিত্ব জনগণের, সেখানে যদি ধস নামে। হেনরিকের আশঙ্কা তাই আমাদের কাছে বার্ন ইউনিটের বাসিন্দাদের চেয়ে কম নয়। কারণ, একটি পোশাক কারখানা বন্ধ করে দিতে হলে তার প্রভাবে বহু পরিবার পথে বসবে। কষ্টের আগুনে তারা পুড়ে খাক হবে। কেবল সেই দারিদ্র্য ও কষ্টে পোড়া মানুষের ছবিগুলো ছাপা হবে না। হেনরিকের আরেকটি কথাও গুরুত্বপূর্ণ। ২১ জানুয়ারি তিনি বলেছেন, শিগগির যদি সংকট কাটানো সম্ভব হয় তাহলে এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হওয়ার সুযোগ এখনো রয়েছে। তার মানে দাঁড়ায়, আমরা যদি সংকটেই আটকে যাই তাহলে এই সম্ভাবনা বাধাগ্রস্ত হবে।
একটি পত্রিকা ও একজন মানুষ বলা চলে নিবিড়ভাবে বাংলাদেশের ঘটনাবলি পর্যক্ষেণ করে আসছেন। পত্রিকাটি হলো ব্রিটেনের সাপ্তাহিক দি ইকোনমিস্ট এবং মানুষটি হলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। পত্রিকাটি মনে করে, বিরোধী বিএনপি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে এবং এই সময়জুড়ে দেশব্যাপী হরতাল পালনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এটা লক্ষণীয় যে ৬ জানুয়ারি ২০১৫ দি ইকোনমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিটের ‘সামরিক বাহিনীর সমর্থন নিয়ে সরকার একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।’ (Aided by the support of the military, the government is likely to withstand several challenges in the coming year)—এ মন্তব্য করার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাতে আমাদের পত্রপত্রিকায় খবর ছাপা হলো যে প্রধানমন্ত্রী বলেছেন সেনাবাহিনী অশুভ শক্তি প্রতিহত করতে প্রস্তুত। এটা আশার কথা যে ২০১৬ পর্যন্ত অর্থনীতি সতেজ থাকবে বলেও পত্রিকাটি পূর্বাভাস দিয়েছে।
ইকোনমিস্ট-এর বার্তা সঠিক হলে চলমান অবরোধে মানুষের কষ্ট তীব্র থেকে তীব্র হতে থাকলেও রাজনৈতিক দৃশ্যপট একই থাকছে। ইকোনমিস্ট-এর সঙ্গে অনেকেই একমত হবেন যে, ‘সংসদে কোনো আসন না থাকা বিএনপিকে একটি নিঃশেষিত শক্তি বলে মনে হতে পারে কিন্তু ধ্বংসকারী হরতাল করতে তার যে সামর্থ্য, সেটা অনিঃশেষ থেকে যাবে।’
সেটা যে কত ভয়ংকর মাত্রায় আছে, জাতি তা প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এরপর তারা যেটা বলছে, তা ক্ষমতাসীন দল ও তার মিত্রদের ‘আত্মবিশ্বাস’ আরও বাড়িয়ে দিতে পারে। কিন্তু শান্তিপ্রিয় জনগণ, বিশেষ করে শ্রমজীবী ও ব্যবসায়ী সম্প্রদায়, যারা মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই অর্থনীতির প্রবৃদ্ধি ছয় ভাগের বেশি রাখার কৃতিত্বের দাবিদার, তাদের কান্না চেপে রাখা কঠিন হতে পারে। কারণ, ইকোনমিস্ট কোনো আপসরফা কিংবা মধ্যবর্তী নির্বাচনের কোনো ইঙ্গিত দেয়নি। বরং তারা বলেছে, ‘আওয়ামী লীগের কাছ থেকে জবরদস্তি ক্ষমতা নিতে বিএনপি ২০১৮ সাল পর্যন্ত ধ্বংসকারী ধর্মঘটি কৌশল প্রয়োগ করতে পারে।’
তবে আওয়ামী লীগ সম্পর্কে উইলিয়াম বি মাইলাম, যিনি আমার সঙ্গে ওয়াশিংটন ডিসির উড্রো উইলসন সেন্টারের কফিশালায় তত্ত্বাবধায়ক সরকার বিলোপের জন্য বিরাট আক্ষেপ করেছিলেন, তিনি লাহোরের ফ্রাইডে টাইমস-এ লেখা এক নিবন্ধে স্মরণ করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সংকট আলাপ-আলোচনায় গতি না পেলে অন্যতম সুরাহা হিসেবে সামরিক বাহিনীর ক্ষমতা দখলে গিয়ে গড়ায়। এ কথা অবশ্য উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের অনেক দেশের জন্যই প্রাসঙ্গিক বলে গবেষকদের অনেকে মানেন। বিএনপির ক্ষমতায় থাকার রেকর্ড যে খারাপ ছিল, মাইলাম তা চিহ্নিত করেছেন। আবার এও লিখেছেন, উভয় দল খারাপভাবে শাসিত হয়েছে। তবে তাঁর একটি আশঙ্কা হলো আওয়ামী লীগ আর একদলীয় সরকারে সন্তুষ্ট থাকতে পারছে না। দলটি এখন একদলীয় সরকারকে একদলীয় রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা করছে।
এটা সত্যি হলে এই রূপান্তরকরণের লাগাম শান্তিপূর্ণভাবে কী করে টেনে ধরা সম্ভব, সেটা আমাদের আরও বিলম্ব হওয়ার আগেই ভাবতে হবে। কারণ, ২০১৯ সালে নির্বাচন হওয়া গণতন্ত্রের জন্য বড় হুমকি কি না, তা নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু একদলীয় রাষ্ট্রে রূপান্তরকরণ প্রয়াস যে গণতন্ত্রের জন্য বিরাট ঝুঁকিপূর্ণ, তা নিয়ে কারও মতভেদ থাকতে পারে না। মাইলাম মনে করেন, স্বৈরতান্ত্রিক মানসিকতাসম্পন্ন কোনো দলের এজেন্ডাই থাকে বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া। আর আওয়ামী লীগ তাই করছে। তাঁর নিবন্ধ পড়ে মনে হয়েছে তিনি শেখ হাসিনার ভূমিকাকে ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ হিসেবে চিত্রিত করেছেন। কারণ, তিনি বলেছেন, ‘একদিকে তিনি বিরোধী দলকে শায়েস্তা অন্যদিকে জনগণের চোখে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আঁকতে চাইছেন।’ তবে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল ব্যতিরেকে সহিংসতা আরও মারাত্মক রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ায় পর পর দুদিন দুটি খবর পেলাম। প্রথমটিতে বলা হলো বিএনপি ‘গণতন্ত্র পুনরুজ্জীবনে’ ভারতের সহায়তা চেয়েছে। এই খবর বিএনপি নাকচ করেনি। ভারত কী প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা জানা যায়নি। তবে এটা লক্ষণীয় যে উত্তর-পূর্ব ভারতের জঙ্গিদের সাহায্য-সহযোগিতা প্রদান প্রশ্নে বিএনপির সঙ্গে ভারতের যে অবিশ্বাস দানা বেঁধেছিল, সে বিষয়ে বিএনপির প্রকাশ্য অবস্থান এখনো পরিষ্কার বলা যায় না। এবং সে বিষয়ে ভারতের মন থেকে সন্দেহ-সংশয় মুছে দিতে বিএনপি নেতাদের খুব আন্তরিক বা তাকে কোনো রকম উতলা বলেও অন্তত প্রকাশ্যে প্রতীয়মান হয় না।
৭ জানুয়ারি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের সংকট নিরসনে বিএনপি ভারতের হস্তক্ষেপ চেয়েছে’। ইতিহাসের সত্যি এ এক নিষ্ঠুর পরিহাস। পঁচাত্তরের ১৫ আগস্টের পরে এবং জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের দিনগুলোতে বাংলাদেশ সরকারের একমাত্র ও বেপরোয়া কূটনীতি ছিল যুক্তরাষ্ট্র, চীনসহ বিদেশি রাষ্ট্রগুলোকে এটাই বলা যে তারা ভারতের সম্ভাব্য ‘হস্তক্ষেপে’ শঙ্কিত। ভারতকে থামাতে আপনাদের সাহায্য চাই। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সাবেক অধিনায়ক জ্যাক জ্যাকব আমাকে বলেছিলেন, কলকাতার মার্কিন কন্সাল হার্ব গর্ডন অহর্নিশ জানতে চাইতেন, আমরা বাংলাদেশে ‘হস্তক্ষেপ’ করছি কি না।
৪০ বছর পর এখন জিয়াপত্নীর বিশেষ সহকারী শিমুল বিশ্বাস টেলিফোনে ভারতীয় সাংবাদিককে বলছেন, ‘আমরা ৭০ জন অবরুদ্ধ। এটা নির্জলা স্বৈরতন্ত্র।’ বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলছেন, ভারতের নাম ব্যবহার করে তারা এসব করছে। আগের ইউপিএর মতো বর্তমান এনডিএ সরকারও নাকি তাদের পেছনে আছে। তাঁর কথায়, ‘আশা করি, ভারত বাংলাদেশের মানুষের অনুভূতি বুঝবে এবং সেভাবে কাজ করবে।’
এটা চোখ এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব হয়ে গেছে। মাইলাম পাশ্চাত্যের দুর্বলতা, অপারগতা বা সীমাবদ্ধতা প্রকারান্তরে স্বীকার করেন এই বলে যে, বাংলাদেশ পরিস্থিতিতে ‘আমরা আমাদের ভাবলেশহীনতার জন্য অনুশোচনা করতে পারি।’ বিএনপির নেতারা নিজেদের দুঃখ-কষ্ট ভারতীয় মিডিয়ায় বলতে উদগ্রীব হচ্ছেন। এটা শাসকমার্গীয় সুলক্ষণ বটে। ৮ জানুয়ারি টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক রুদ্রনীল ঘোষ একটি নিবন্ধ লিখলেন। কিন্তু সেটা মূল পত্রিকায় ছাপা হলো না। ছাপা হলো পত্রিকাটির ব্লগে। সেখানে রুদ্রনীল বিএনপির নির্বাচন বর্জনকে ‘শিশুসুলভ’ আর ‘রাজনৈতিক শুচিবাইগ্রস্ততা ঘুচিয়ে’ সংলাপে যেতে ক্ষমতাসীন দলের প্রতি সুপারিশ রেখেছেন।
আনন্দবাজার পত্রিকা ৯ জানুয়ারি বলেছে, ‘গণতন্ত্র মানে শাসকের অভিপ্রায় নয়, বিরোধীদেরও তাতে প্রতিবাদের পূর্ণাঙ্গ অধিকার স্বীকৃত।...পরিস্থিতি শাসক দলের জন্যও শেষ বিচারে বিপজ্জনক।’ আনন্দবাজার-এর পরে ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনও মৌলবাদীদের উত্থানের আশঙ্কা ব্যক্ত করেছে। অনেক দেশের রাজনৈতিক পালাবদলও কিন্তু সেই সম্ভাবনাকে নির্দেশ করে। ক্ষমতাসীন দলকে মানতে হবে, বিএনপিকে ‘সন্ত্রাসী ও মৌলবাদী শক্তি’ হিসেবে মোকাবিলা করার প্রচেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যম একেবারেই সমর্থন করছে না।
রুদ্রনীল ঘোষ লিখেছিলেন, ‘বিএনপি জনগণের উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগ এটা এড়াতে পারে না।’ রুদ্রনীলের এই মন্তব্য যে কতটা সত্যি সেটা কোকোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর ছুটে যাওয়া নিয়ে যত নাটকীয়তা বা বাদানুবাদই হোক, সেটাই আসলে প্রমাণিত ও স্বীকৃত হয়েছে। বিএনপিকে জঙ্গি চরিত্রে উপস্থাপন করার মাধ্যমে বিদেশি রাষ্ট্রগুলোর সহানুভূতি আদায়ের কৌশল বুমেরাং হতে বাধ্য। কোকোর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসনের কাছে প্রধানমন্ত্রীর ছুটে যাওয়ার কারণে বিএনপিকে সন্ত্রাসবাদী দল হিসেবে চিত্রিত করার পদক্ষেপ আরও কঠিন হয়ে গেছে।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]