বিদেশি বিনিয়োগ ছাড়া স্থবিরতা কাটবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছর জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রগুলো শুধু জ্বালানি তেল এবং বিদ্যুতের মূল্যই বৃদ্ধি করেনি, সামগ্রিক অর্থনীতিতেই একটা নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এই তেলনির্ভর ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত জ্বালানি আমদানি আমাদের বৈদেশিক মুদ্রার মজুদের ওপরও প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। অতিরিক্ত জ্বালানির হিসাব প্রায় ২০-৩০ লাখ টন, যার সিংহভাগই ডিজেল আর ক্রয়মূল্য প্রায় ২৫০-৩০০ কোটি ডলার। পিডিবি দাবি করেছে, সব মিলিয়ে বর্তমান সরকারের সময় দুই হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে, যার মধ্যে ৮৫০ মেগাওয়াট ভাড়াভিত্তিক কেন্দ্রের চুক্তি তত্ত্বাবধায়ক সরকারের সময় সম্পাদিত হয়েছিল। একই সময় প্রায় এক হাজার ৩০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎকেন্দ্র বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি এই ব্যয়সাপেক্ষ পথটি পরিহার করতে পারত? এর সোজাসাপ্টা উত্তর হচ্ছে—না, যদিও প্রথম দিন থেকে খুব জোরালো উদ্যোগ নিলে সম্ভবত কিছু পুরোনো বিদ্যুৎকেন্দ্র পরিবর্তন করে আরও জ্বালানি সাশ্রয়ী কেন্দ্র স্থাপন করে একই গ্যাস দিয়ে অতিরিক্ত আরও অন্তত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। তবে অর্থায়ন থেকে টেন্ডার প্রাক্রিয়ায় এত দ্রুততায় এটা সম্ভব হতো না, যদিও উদ্যোগটি নেওয়া উচিত ছিল। ২০০৯ সালের প্রথম দিকে বিদ্যুতের ঘাটতি ছিল অন্তত দেড় হাজার মেগাওয়াট, যা দ্রুততার সঙ্গে বেড়ে যাচ্ছিল। সরকারের যেহেতু অর্থের অভাব আছে, তেলনির্ভর ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া আর কোনো উপায়ে দ্রুত বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব ছিল না। তা না হলে আজকে বিদ্যুৎ ঘাটতি তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেত। আর অসহ্য লোড শেডিংয়ের যন্ত্রণায় জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়ত। দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পেছনে ধারণা ছিল উচ্চমূল্যে (প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৮-১৫ টাকা) স্বল্পকালীন (৩-৫ বছর), সীমিত (সর্বোচ্চ দুই হাজার মেগাওয়াট) বিদ্যুৎ ক্রয়। প্রশ্ন হচ্ছে, উচ্চমূল্যে এই সময়ের মধ্যে সমান্তরালভাবে কী করা প্রয়োজন ছিল?জ্বালানি নিরাপত্তার তিনটি প্রধান শর্ত হচ্ছে জ্বালানির প্রাপ্যতা, ক্রয় ক্ষমতা ও হাতের নাগালে থাকা। এই তিনটির সঠিক সমন্বয় এবং ভারসাম্যতার ওপরই সরকারের জ্বালানি নিরাপত্তা প্রদানের সাফল্য নির্ভর করে। দীর্ঘদিন সস্তায় গ্যাস সরবরাহ করা হয়েছে দেশের নির্দিষ্ট কিছু জায়গায়, যদিও বিদ্যুতের সরবরাহ আরও সর্বজনীন ছিল। এটার সঙ্গে বর্তমানে গ্যাসের ঘাটতির কারণে ওপরের তিনটি শর্তের সবগুলোই অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে প্রাথমিক জ্বালানির ঘাটতি। ১৯৯৮ সালের পর থেকে গ্যাস অনুসন্ধান একরকম বন্ধই আছে। নীতির ঢাল দিয়ে কয়লা উন্নয়নের কবর রচনা করা হয়েছে। এই প্রাথমিক জ্বালানির ঘাটতি মেটাতেই আমদানি করতে হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল প্রাথমিক জ্বালানি তেল। নিজস্ব জ্বালানি অনুসন্ধান বা উন্নয়ন বাদ দিয়ে আমদানিনির্ভর নীতি গ্রহণ করা হচ্ছে, যা কি না আত্মঘাতী।বাংলাদেশের বর্তমান অর্থনীতি কোনো অবস্থাতেই যে কোনো আমদানিনির্ভর জ্বালানির ভার সইতে অক্ষম। তরলীকৃত গ্যাসের প্ল্যাটফরম তৈরি করতে প্রয়োজন অন্তত ১৫০ কোটি ডলার আর প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘটফুট গ্যাস আমদানির বার্ষিক খরচ হবে অন্তত ২৫০ কোটি ডলার। এক হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে খরচ হবে ১৪০ কোটি ডলার। এর জন্য বছরে প্রয়োজন হবে ৩০ লাখ টন কয়লা। বড়পুকুরিয়ায় গুণগত মানসম্পন্ন কয়লার আমদানি খরচ হবে অন্তত টনপ্রতি ১৬০ ডলার। বর্তমানে চরম ডলার-সংকট এবং বিদেশি সাহায্যের অপ্রতুলতায় সাত মাস আগে স্বাক্ষরিত গ্যাসনির্ভর একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য মাত্র ৩৩ কোটি ডলারের অর্থায়ন এখনো সম্পন্ন হয়নি।বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ ছাড়া এক পা-ও এগোনো যাবে না এবং তা করতে হবে দেশীয় জ্বালানি উন্নয়নে। বাপেক্স নিয়ে অনেক উচ্চবাক্য হলেও হিসাব নিলেই দেখা যাবে, গত এক দশকে তাদের নতুন গ্যাস আবিষ্কার মাত্র শূন্য দশমিক ২৫ মিলিয়ন ঘনফুট। পুরোনো ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বৃদ্ধি করে বর্তমান সংকটের সাময়িক সমাধান হলেও সেটা মজুদ ফুরানোর অবধারিত নিয়তিকে আরও এগিয়ে আনবে। তা ছাড়া গ্যাস অনুসন্ধানের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সরকারের কষ্টার্জিত ডলার খরচ করার ক্ষমতা সীমিত। অর্থায়নের ঝুঁকিমুক্ত পিএসসির বিডিংয়ের মাধ্যমেই বিদেশি বিনিয়োগ আনতে হবে। একই সঙ্গে বাপেক্সের ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনে আন্তর্জাতিক মানের কোম্পানির মতো পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদেশি বিনিয়োগ ছাড়া কয়লা উন্নয়নও সম্ভব হবে না—সেটা লাইসেন্স, যৌথ উদ্যোগ, ঋণ বা অনুদান যেভাবেই হোক। বর্তমান পরিস্থিতি দেশীয় কয়লার উন্নয়নকে অবধারিত করে দিয়েছে। এটা এখন শুধু সময়ের ব্যাপার। তবে বর্তমানের তুলনামূলক শক্ত অবস্থান থেকে আমাদের স্বার্থেই চুক্তি না করলে ভবিষ্যতের চরম দুর্দিনে বিদেশির সব শর্ত মেনে কয়লাকে হাত ছাড়া করতে হতে পারে। তখন দেশপ্রেমীদের শত চিৎকারও কাজে আসবে না।উচ্চমূল্যে কেনার সময় (গত তিন বছর) বর্তমান সরকার কিছু সাশ্রয়ী বিদ্যুতের মধ্য বা দীর্ঘমেয়াদি চুক্তি করেছে, যেটা সঠিক পদক্ষেপ। এর মধ্যে দুটি গ্যাসভিত্তিক এবং তিনটি আমদানিকৃত কয়লাভিত্তিক কেন্দ্র (মোট এক হাজার ৭৫০ মেগাওয়াট), যদিও কাজ শুরু হয়নি। প্রতিটি প্রকল্পের সম্পূর্ণ অর্থায়নের পর বিদ্যুৎ আসতে অন্তত তিন বছর সময় লেগে যাবে। অর্থাৎ এই সরকারের বর্তমান মেয়াদে এগুলো আসছে না। ভারতের সঙ্গে ১৫০ মেগাওয়াট আমদানির চুক্তিও দীর্ঘমেয়াদি সাশ্রয়ী বিদ্যুতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এটিও আটকে আছে দুই দেশের বিক্রয় চুক্তির মতানৈক্যের কারণে। কয়লা উন্নয়ন ও গ্যাস অনুসন্ধানে এই সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি, যেটি মধ্য মেয়াদেই দেশের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।বিপুল তেলের আমদানিনির্ভরতা বছরের দ্বিতীয় আলোচিত বিষয়টি সামনে নিয়ে এসেছে। সেটা হচ্ছে, জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি। বিদ্যুতের চেয়েও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সাধারণ জনগণের জীবনযাত্রায় অনেক বেশি প্রভাব ফেলে। এর মূল কারণ যাত্রী ও মালামাল পরিবহনের ভাড়া জ্বালানি মূল্য বৃদ্ধির তুলনায় অনেক বেশি বৃদ্ধি করা হয়। এ ব্যাপারে কোনো সরকারেরই কখনো কোনো নিয়ন্ত্রণ দেখা যায়নি। অন্যদিকে তেলের মূল্য কমলে জনগণ কখনই তার সুফল পায় না। এই বাস্তবতায় তেলের মূল্য একবার বৃদ্ধি করলে অর্থনীতিতে যে সামঞ্জস্য আসে, সেখান থেকে মূল্য হ্রাস করাটা একটা সম্পূর্ণ ভুল নীতি, বিশেষ করে যদি বর্ধিত মূল্যেও ভর্তুকি থেকে থাকে। বর্তমানে শুধু কৃষি ও যাতায়াত খাতেই সরকারের তেলের ভর্তুকি সরাসরি জনগণ উপভোগ করছে, কিন্তু দুই তৃতীয়াংশ তেল সরকার নিজেই ব্যবহার করছে এবং বর্ধিত মূল্যে সেখান থেকে কোষাগারে কোনো রাজস্ব যোগ হচ্ছে না। বিপিসির কেনা উচ্চমূল্যের তেলের মূল গ্রাহক পিডিবি, সুতরাং বিদ্যুতের ভর্তুকিই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেলভিত্তিক বিদ্যুৎ এখন দেশের ২৫ শতাংশ চাহিদার জোগান দিচ্ছে, যার উৎপাদন খরচ প্রতি কিলোওয়াট-ঘণ্টা ১৫ টাকা। এর বিপরীত গ্যাসভিত্তিক বিদ্যুতের উৎপাদনখরচ প্রতি কিলোওয়াট-ঘণ্টা দুই টাকা। মাত্র এক বছরের ব্যবধানে গড় উপাদন খরচ এক টাকা বেড়ে প্রতি কিলোওয়াট-ঘণ্টা পাঁচ টাকায় পৌঁছেছে। অথচ গড় বিক্রয়মূল্য প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৩ দশমিক ৯০ টাকা। গত বছর বিদ্যুতে সরকারের ভর্তুকি ছিল পাঁচ হাজার কোটি টাকা। সরকারি পরিকল্পনা অনুযায়ী সাশ্রয়ী কেন্দ্রগুলো বাস্তবায়িত না হয়ে যদি শুধু তেলভিত্তিক উন্নয়ন হয়, তাহলে গড় উৎপাদন খরচ নয় টাকায় গিয়ে ঠেকবে। গড় বিক্রয়মূল্য পাঁচ টাকার বেশি নিয়ে গেলেই তা বহু গ্রাহকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এতে যে শুধু জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে তা-ই নয়, সামগ্রিক অর্থনীতিও মুখ থুবড়ে পড়বে।এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে নিজস্ব জ্বালানি উন্নয়ন ছাড়া আর কোনো গতি নেই। সীমিত বৈদেশিক মুদ্রা নিয়ে দীর্ঘমেয়াদি আমদানিনির্ভর জ্বালানির ওপর ভর করে সমাধানের চিন্তাটা উচ্চাভিলাষী। শুধু বিদেশি বিনিয়োগের মাধ্যমেই বর্তমানের স্থবির অবস্থার অবসান হতে পারে। ব্যাপকভাবে গ্যাসের অনুসন্ধান এবং নিজস্ব কয়লার উন্নয়ন ঘটালে স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। সিদ্ধান্ত নিতে আরও বিলম্ব হলে দেশ জ্বালানি ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই ভয়ানক বিপদে পড়ে যাবে।ম. তামিম: অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।