
১৮ মে বিশ্বের বহুল প্রচারিত দুটো ইংরেজি কাগজের দুটো নিবন্ধের কথা দিয়ে শুরু করতে চাই। একটি হচ্ছে ব্রিটেনের দ্য গার্ডিয়ান, যার প্রতিবেদনটি ছিল ইউরোপের একটি দেশ পর্তুগালকে নিয়ে। শিরোনাম ‘পর্তুগাল রানস ফোর ডেজ স্ট্রেট অন রিনিউবেল অ্যানার্জি অ্যালোন’। আর দ্বিতীয় পত্রিকাটি ভারতের টাইমস অব ইন্ডিয়া এবং প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে ‘শ্রীলঙ্কা টু ক্যানসেল ইন্ডিয়ান কোল প্ল্যান্ট ডিল, প্রোপোজেস এলএনজি ইনস্টেড’। দুটো শিরোনামেই ইঙ্গিত মেলে যে বিশ্ব এখন তার জ্বালানি চাহিদা মেটাতে পরিবেশদূষণের পথ এড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানির ওপরই ভবিষ্যৎ নির্মাণ করতে চাইছে।
গার্ডিয়ান-এর প্রতিবেদনে দেখা যাচ্ছে, শনিবার ৭ মে থেকে বুধবার ১১ মে পর্যন্ত টানা ১০৭ ঘণ্টা পর্তুগাল যতটা বিদ্যুৎ ব্যবহার করেছে, তার পুরোটাই এসেছে সৌর, বায়ু এবং পানিবিদ্যুৎ থেকে। পর্তুগাল অবশ্য জনসংখ্যা ও অর্থনীতির আকার বিবেচনায় ইউরোপের ছোট্ট একটি দেশ (আয়তন ৯২ হাজার বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১ কোটির কিছু বেশি)। সুতরাং, সেই বিবেচনায় ওই দেশটির এই অভাবিত সাফল্যকে অনেকেই হয়তো তেমন একটা গুরুত্ব না–ও দিতে পারেন। তবে তাঁদের জন্য দুঃসংবাদটি প্রকাশ করেছে ব্লুমবার্গ। বিশ্বের চতুর্থ প্রধান অর্থনীতি, জার্মানি ১৫ মে রোববার প্রথমবারের মতো তার জ্বালানি চাহিদার প্রায় পুরোটাই মিটিয়েছে পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সেই রোববার জার্মানির মোট বিদ্যুতের চাহিদা ছিল ৪৫ দশমিক ৮ গিগাওয়াট। আর নবায়নযোগ্য উৎস থেকে সেদিন বিদ্যুৎ পাওয়া গেছে ৪৫ দশমিক ৫ গিগাওয়াট। জার্মানির ম্যার্কেল সরকার দেশটিতে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও তেলনির্ভরতার পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার নীতি নিয়েছে। ২০১১ সালের নভেম্বরে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা দাইচির পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়ের কথা নিশ্চয়ই কারও সহজে ভোলার কথা নয়। ওই সুনামিতে ২০ হাজার লোকের মৃত্যু হয় এবং পারমাণবিক তেজস্ক্রিয়তার জন্য ১ লাখ ৫০ হাজার লোককে সরিয়ে নিতে হয়। জাপানের মোট চাহিদার ৩০ শতাংশ আসে পরমাণু বিদ্যুৎ উৎস থেকে। জাপানের দুর্ঘটনার পরই বিশ্বে পরমাণু বিদ্যুতের বিষয়ে চিন্তায় পরিবর্তন ঘটে এবং জার্মানি প্রথম সিদ্ধান্ত নেয় যে তারা তাদের পারমাণবিক কেন্দ্রগুলোর মেয়াদ শেষ হলে সেগুলো আর নবায়ন না করে বন্ধ করে দেবে। ইউরোপ সামগ্রিকভাবে আশা করছে যে, ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এমন মাত্রায় নিয়ে যাবে, যা পুরো মহাদেশের চাহিদার অন্তত ২০ শতাংশ মেটাতে পারবে। তবে একাধিক ইউরোপীয় দেশ তার আগেই প্রায় শতভাগ নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবস্থা করতে সক্ষম হবে বলেই ইঙ্গিত মিলছে। পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানি উৎসের এই নাটকীয় বিকাশে উৎফুল্ল পরিবেশবাদীরা।
এদিকে দক্ষিণ এশিয়ায় সম্ভবত শ্রীলঙ্কাই প্রথম স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের আন্দোলনের মুখে একটি দ্বিপক্ষীয় চুক্তি বাতিল করার মতো পদক্ষেপ নিল। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় বন্দর, ত্রিঙ্কোমালির কাছে নির্মিতব্য ৫০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার সরকার। শ্রীলঙ্কার পেট্রোলিয়াম-বিষয়ক মন্ত্রী চন্ডিমা ভিরাক্কোডি জানিয়েছেন, ১৫ মে প্রেসিডেন্ট সিরিসেনা দিল্লি সফরের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভিরাক্কোডি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা ভারতের ক্ষতি করতে চাই না। সুতরাং, প্রেসিডেন্ট সিরিসেনা তাঁর সফরের সময় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বদলে এলএনজি-নির্ভর বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং মতৈক্য হয়েছে।’ শ্রীলঙ্কা বর্তমানে বিদ্যুৎ–সংকটের মুখোমুখি এবং সম্প্রতি তারা যে জাতীয়ভিত্তিক ব্ল্যাকআউটের মুখে পড়েছিল, সেটিকে কুড়ি বছরের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয় হিসেবে অভিহিত করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে শ্রীলঙ্কার জ্বালানিসচিব বিএমএস বাটাগোডাকে উদ্ধৃত করে বলা হয়, ত্রিঙ্কোমালির কাছে প্রস্তাবিত প্রকল্পের এলাকা সামপুর গ্রামের বাসিন্দারা ১০ বছর ধরে ওই প্রকল্পের বিরোধিতা করে আসছেন এবং সেই পটভূমিতেই এই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত।
>ত্রিঙ্কোমালির কাছে নির্মিতব্য ৫০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার সরকার। শ্রীলঙ্কার পেট্রোলিয়াম-বিষয়ক মন্ত্রী চন্ডিমা ভিরাক্কোডি জানিয়েছেন, ১৫ মে প্রেসিডেন্ট সিরিসেনা দিল্লি সফরের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন
শ্রীলঙ্কায় অবশ্য একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে, যার উৎপাদনক্ষমতা ৯০০ মেগাওয়াট। ১৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীনা ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি শুরু থেকেই নানা ধরনের সমস্যার মুখে পড়ছে এবং প্রায়ই তার নানা যন্ত্রপাতির মেরামত প্রয়োজন হয়ে পড়ে। শ্রীলঙ্কায় ভারত ও চীন উভয় দেশই নানা ধরনের অবকাঠামো প্রকল্পের অর্থায়নে আগ্রহ প্রকাশ করে আসছে, যার পেছনে আছে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আমরা চার দিক থেকে যে আওয়াজ শুনছি, তা হলো টেকসই উন্নয়ন বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট। জাতিসংঘ বলছে টেকসই উন্নয়ন লক্ষ্যর (এসডিজি) কথা, সরকারগুলো বলছে, বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো বলছে, নাগরিক সমাজ বলছে, বেসরকারি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরাও একই মন্ত্র জপে চলেছে। এই টেকসই উন্নয়ন মন্ত্রের ভিত্তি হচ্ছে, উন্নয়ন যাদের জন্য তাদের উন্নয়নের পরিকল্পনা তৈরি থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সব পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা। যার মানে হচ্ছে, যে জনগোষ্ঠীর জন্য উন্নয়ন, সেই জনগোষ্ঠীর সম্মতি ছাড়া উন্নয়ন প্রকল্পের জন্য কাউকে বাস্তুচ্যুত করা যাবে না। বিশ্বজুড়েই এখন উন্নয়ন-ভাবনায় একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে জনগোষ্ঠীর সব অংশের অংশগ্রহণ বা ইনক্লুসিভিটি। কোনো প্রান্তিক গোষ্ঠীও যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করা।
আমাদের উন্নয়ন মন্ত্র অবশ্য এসব নীতি অনুসরণের ধার ধারে বলে মনে হয় না। কেননা, গেল সপ্তাহেই খবর আসে যে বাঁশখালীর প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পের যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের ধরপাকড়ে সেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। আন্দোলনে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের পরিবারগুলোর অনেকেই এখন আতঙ্কতাড়িত হয়ে এলাকাছাড়া হয়েছেন। ক্ষমতাসীন ব্যক্তিদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ভর করে স্থানীয় বাসিন্দাদের আন্দোলনকে দলীয় বিভাজনে বিভাজিত করার চেষ্টায় শতভাগ সাফল্য না আসায় নিপীড়ন-নিবর্তনের পথই অধিকতর কার্যকর বলে ধরে নেওয়া হয়েছে। প্রশাসন এবং উদ্যোক্তারা এ ক্ষেত্রে এক জোট। সে ক্ষেত্রে কয়লার কোনো বিকল্প আছে কি না কিংবা যে বিদেশি প্রযুক্তি আমদানির কথা ভাবা হচ্ছে, তার ভালো-মন্দ নিয়ে কোনো আলোচনার সুযোগ কোথায়?
একই অভিজ্ঞতা সুন্দরবনের রামপাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে। নাগরিক গোষ্ঠীগুলোর আপত্তি যে পদযাত্রায় সীমাবদ্ধ, সেই মিছিলকে ঠ্যাঙানো গেলেই সব ঝামেলা শেষ বলেই ক্ষমতাসীনদের ধারণা। দেশি-বিদেশি প্রতিবাদকে উপেক্ষা করার এক অদ্ভুত ক্ষমতা অর্জন করেছেন তাঁরা। ফলে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি ধরে রাখতে পারুক না-পারুক, তাতে সরকারের কী আসে যায়! এখানে বড় বিবেচ্য নিশ্চয়ই অন্য কিছু আছে!
বনাঞ্চলের এত কাছে এই প্রকল্পের স্থান নির্বাচন এবং বনাঞ্চলের মধ্য দিয়ে নদীপথে বছরে ৪৭ লাখ টন কয়লা আমদানি করে এই বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার যৌক্তিকতা উদ্যোক্তারা ছাড়া আর কেউই মানছেন না। ভারত ও বাংলাদেশ উভয় দেশের পরিবেশবাদীরা ছাড়াও নাগরিককুল উদ্বিগ্ন। উদ্বিগ্ন বৈশ্বিক বিনিয়োগকারীরাও। যে কারণে নরওয়ে, ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পে অর্থায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানেও সরকারের এক যুক্তি—উন্নয়নবিরোধীরা আমাদের সমৃদ্ধি দেখতে চায় না। প্রকল্পটি ৫০ কিংবা ১০০ মাইল দূরে সরিয়ে নিলে কি উন্নয়ন ঠেকে থাকবে?
বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারের সামনে খুব বেশি পথ খোলা নেই, সে কথা মানলেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা নষ্ট করে এবং সুন্দরবনবিনাশী প্রকল্পকে কোনোভাবেই সমর্থন করা যায় না। ইউরোপের কথা না হয় বাদই দিলাম, আমাদের সাগরপারের প্রতিবেশী শ্রীলঙ্কার দৃষ্টান্ত থেকেও তো আমরা কিছু শিখতে পারি? সবাই যখন পরিচ্ছন্ন বা কম দূষণকারী এবং কম ঝুঁকির জ্বালানি উৎসের দিকে ঝুঁকছে, তখন আমাদের পছন্দ কয়লা নয়তো পারমাণবিক বিদ্যুৎ। উপরন্তু, বন ধ্বংসেও আমাদের কোনো বিকার নেই।
কামাল আহমেদ: সাংবাদিক।