জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে বলে সরকারের মন্ত্রী মহোদয়েরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ফোরামে বলে আসছেন। তবে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে পুরোপুরি মিলিয়ে সে দাম কমানো হচ্ছে না, সেটিও স্পষ্ট করেই বলা হয়েছে। তেলের দাম পুনর্নির্ধারণ হলেও সরকার রাখঢাক না করেই বলছে, জ্বালানি তেলের আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান রাখা হবে। কেননা, এটা আয়ের একটা বড় জায়গা হয়েছে। তেল বিপণনের ব্যবসা সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির মাধ্যমে বহাল রাখতে চায়। ২০১৪ সালের জুন মাসের পর থেকে ক্রমাগত দরপতন হতে হতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ব্যারেলপ্রতি মূল্য ৩০ ডলারের নিচে নেমে গেলেও সরকার স্থানীয় বাজারে জ্বালানি তেলের আগের নির্ধারিত উচ্চ বিক্রয়মূল্য অব্যাহত রাখে।
অতীতে বিপিসি বেশি দামে জ্বালানি তেল কিনে অপেক্ষাকৃত কম দামে স্থানীয় বাজারে বিক্রি করায় বিপিসির যে লোকসান হয়েছে, এবার সুযোগ আসায় সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জ্বালানি তেলের বেশি দাম বহাল রাখাকে সরকার যুক্তিযুক্ত বলছে। অবশ্য বিপিসি দাবি করেছে, তারা গত দেড় বছরে যত মুনাফা করেছে, তা দিয়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পরও বিপুল লাভের মজুত গড়েছে। তবে সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, বিপিসি ব্যাংকের দায় শোধ করলেও সরকারের কাছে পাওয়া ঋণ এখনো পরিশোধ করেনি এবং সে অঙ্কটি বিশাল।
এত দিন সরকারের দায়িত্ববান ব্যক্তিরা তেল বিপণনে ভর্তুকি দেওয়ার কথা বলে এলেও এখন বলছেন যে দুঃসময়ে বিপিসিকে ধার দেওয়া হয়েছিল। বিপিসি সেই ঋণের বদৌলতে বিশ্ববাজার থেকে বেশি দামে তেল কিনে দেশের বাজারে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করার লোকসানি ব্যবসা পরিচালনা করেছে। আগে সরকারের নির্দেশে সরকারি সংস্থা বিপিসি বেশি দামে তেল আমদানি করে কম দামে বিক্রির লোকসানি ব্যবসা করেছে; এখন সরকারি নির্দেশে কম দামে জ্বালানি তেল কিনে বেশি দামে বিক্রির দায়িত্ব পালন করছে। বিপিসির ব্যবসার ধরনটি সরকার জনগণকে জানানোর জন্য অবশ্যই সাধুবাদ পাবে।
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন ব্যারেলপ্রতি ৪০ ডলারের ওপরে। দ্রুত তা ঊর্ধ্বমুখী হবে—এমন আভাস কেউ দেয়নি। জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারে একই সমান্তরালে ওঠানামা করার ব্যবস্থা চালু করার মতো পরিপক্ব বাজার আমাদের এখনো গড়ে ওঠেনি। তাই আপাতত সরকার–নির্ধারিত মূল্যেই জ্বালানি তেলের বাজারমূল্য চালু থাকছে।
>স্বল্পমূল্যে অধিক দক্ষতায় যে বিদ্যুৎকেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদনে সমর্থ, সেগুলো বেশি চালিয়ে বিদ্যুতের গড় উৎপাদনমূল্য নিয়ন্ত্রণে রাখার সুযোগ আছে
গত ৩১ মার্চ থেকে প্রধানত বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা কমানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বিপিসি। দেশের বেসরকারি ১১টি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি কম দামে ফার্নেস তেল নিজেরা আমদানি করে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ গত বছর থেকে কাজে লাগাচ্ছে। ফলে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ইউনিটপ্রতি ৬ টাকা ২৭ পয়সা থেকে ৫ টাকা ৮০ পয়সায় নেমে এসেছে। তবে বিপিসির কাছ থেকে লিটারপ্রতি ৬০ টাকা দরে অপর ১৫টি বিদ্যুৎকেন্দ্র ফার্নেস তেল কিনে বিদ্যুৎ উৎপাদন করছিল। ফার্নেস তেলের নতুন মূল্য নির্ধারিত হওয়ায় এখন তেল পুড়িয়ে বিদ্যুতের উৎপাদন মূল্য আরও কমে আসার সুযোগ হলো। সরকারের ঘোষণা অনুযায়ী, এবার ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের দামও খানিক কমবে।
দেশের বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প-কারখানার প্রধান জ্বালানি হিসেবে এখনো প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা প্রকট। দেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর মজুত দ্রুত নিঃশেষিত হয়ে আসছে বলে সরকার তরলীকৃত জ্বালানি গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে। ২০১০ সাল থেকে এলএনজি আমদানির আলাপ অব্যাহত রয়েছে। আমদানি করা তরল গ্যাস জাহাজ থেকে নামিয়ে সংরক্ষণ ও তা পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানি গ্যাসে রূপান্তর করে পাইপলাইনে সঞ্চালনের অবকাঠামো (এলএনজি টার্মিনাল) না থাকায় সে আলোচনা কার্যকর হয়নি। গত ৩১ মার্চ পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে।
ঘোষণা অনুযায়ী, ২০১৮ সালে এলএনজি টার্মিনাল নির্মাণ সম্পূর্ণ হলে কাতার থেকে প্রতিদিন ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ঘনফুট গ্যাস আমদানি করে দেশের গ্রাহকদের সরবরাহ করা হবে। সরকার দেশে আরও কয়েকটি এলএনজি টার্মিনাল স্থাপন ও এলএনজি আমদানির উদ্যোগকে উৎসাহিত করছে। তবে আমদানি করা গ্যাস দেশে উৎপাদিত গ্যাসের চেয়ে অনেক বেশি দামে কিনতে হবে। ফলে গ্যাসের দাম সমন্বয় প্রায় অবশ্যম্ভাবী। গত ৩০ মার্চ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের বড় অঙ্কের ‘ভর্তুকি’র বোঝা কমাতে গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যুৎ খাতে সরকারকে বছরে পাঁচ থেকে সাত হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এবং সরকারকে এ ভর্তুকি তিন থেকে পাঁচ বছরে সমন্বয় করতে হবে।
ইতিমধ্যে সরকারের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে জমা দিয়েছে। বিইআরসি কোম্পানিগুলোর উত্থাপিত বিদ্যুতের দাম বাড়ানোর দাবির যৌক্তিকতা পরীক্ষা করছে। দাম বাড়ানোর দাবি পুরো কার্যকর হলে খুচরা গ্রাহক পর্যায়ে তা প্রায় ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জ্বালানি তেলের দাম কমায় গড়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমার কথা। তা ছাড়া বড় বড় কয়েকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ইতিমধ্যে চালু হয়েছে। সেগুলোর বিদ্যুৎ উৎপাদন খরচ কম এবং দক্ষতা তুলনামূলক বেশি।
সুতরাং স্বল্পমূল্যে অধিক দক্ষতায় যে বিদ্যুৎকেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদনে সমর্থ, সেগুলো বেশি চালিয়ে বিদ্যুতের গড় উৎপাদনমূল্য নিয়ন্ত্রণে রাখার সুযোগ আছে। আদৌ বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলোর চাহিদা অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানো হবে; নাকি পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয় করে খুচরা গ্রাহকের জন্য বিদ্যুতের সরবরাহ মূল্য অপরিবর্তিত রাখা হবে, সেটি দেখার বিষয়। তবে ব্যবসার স্বচ্ছতার স্বার্থে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের দাম নির্ধারণের সূচকগুলো গ্রাহকের কাছে স্পষ্ট করতে পারে।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশ-বিষয়ক লেখক।