বিদ্যুতের ভবিষ্যৎ সূর্যে, কয়লায় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরবিদ্যুৎ
সৌরবিদ্যুৎ

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্যমতে, ২০১৬ সালে বিশ্বের বায়ুমণ্ডলে যে পরিমাণে কার্বন ডাই-অক্সাইড জমা হয়েছে, তা বিগত আট লাখ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মূল কারণ কয়লাসহ অন্যান্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং এল নিনোর মতো প্রাকৃতিক কারণ। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বৈশ্বিক প্রচেষ্টা হুমকির মুখে পড়বে।

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আলোচনায় বাংলাদেশের নাম তিনটি কারণে বেশি আলোচিত। এক. বাংলাদেশ অন্যতম ঝুঁকিগ্রস্ত দেশ, দুই. জলবায়ু পরিবর্তনের প্রভাব বা দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য এবং তিন. পৃথিবীর সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী দেশ বাংলাদেশ। সৌরবিদ্যুৎ বাংলাদেশে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ এর ফলে বিদ্যুতের সুবিধা পাচ্ছে। সৌরবিদ্যুতের ফলে শুধু যে আলোহীন মানুষের আলোর দিশা হয়েছে তা-ই নয়, দারিদ্র্য, সামাজিক নিরাপত্তা ও শিক্ষাক্ষেত্রেও এর অবদান অনস্বীকার্য।

বাংলাদেশের যেসব স্থানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেখানেও বিদ্যুতের স্বাদ এনে দিয়েছে সৌরবিদ্যুৎ। এ ছাড়া যারা বিদ্যুৎ গ্রিডের আওতায় আছে, তাদেরও নিয়মিত বিদ্যুৎ প্রদান সম্ভব হয় না। বাংলাদেশে আবহাওয়ার ওপর নির্ভর করে লোডশেডিং এবং এর মাত্রা। তুলনামূলকভাবে তাপমাত্রা বাড়লেই বিদ্যুতের চাহিদা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়।

ইডকলের (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড) হিসাব অনুযায়ী, আগে প্রতিবছর সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের কেরোসিনের বাতি জ্বালাতে ২৪২ টন কেরোসিন লাগত। সেই সব মানুষ এখন সৌরবিদ্যুৎ দিয়ে তাদের আলোর চাহিদা মেটাচ্ছে। বাংলাদেশের গ্রামাঞ্চলে টিনের চালে ও বাড়িঘরের ছাদে এখন শোভা পায় সৌরবিদ্যুতের প্যানেল। সৌরবিদ্যুৎকে উৎসাহিত করতে এবং এখান থেকে উৎপাদিত জ্বালানি দক্ষতার সঙ্গে কাজে লাগাতে কমিউনিটি গ্রিড চালু করার বিষয়ে জোরেশোরে ভাবনা শুরু করা প্রয়োজন। সরকারি নীতি অনুযায়ী, শহরে নতুন বিদ্যুৎসংযোগ পেতে কোনো গ্রাহকের ২০ শতাংশ সৌরবিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। পুরোনো সংযোগ যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও সৌরবিদ্যুতের জোগান বৃদ্ধির নীতি তৈরি করা উচিত। এ ক্ষেত্রে বাড়ির ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করার নীতি তৈরি করা উচিত।

বর্তমানে দেশের ৫৯ দশমিক ৬ শতাংশ মানুষ বিদ্যুৎ-সুবিধা পায়। কিন্তু জনসংখ্যার বড় অংশ থাকে গ্রামে। সেখানে মাত্র ৪২ শতাংশ মানুষের বিদ্যুৎ-সুবিধা আছে। বর্তমানে যাদের বিদ্যুৎসংযোগ রয়েছে, তাদেরই বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় না। তাই বিদ্যুৎহীন বিপুল জনগোষ্ঠীকে বিদ্যুৎ-সুবিধার আওতায় আনতে সৌরবিদ্যুতের বিকল্প নেই। জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের খরচ ঊর্ধ্বমুখী এবং পরিবেশের জন্যও বিপজ্জনক। কিন্তু সৌরবিদ্যুতের প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে এর খরচ কমবে। আবার জ্বালানি হিসেবেও পরিবেশবান্ধব।

সৌরবিদ্যুৎ আলোহীন মানুষকে নিরবচ্ছিন্ন ও পরিচ্ছন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য যেমন জরুরি, তেমনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে পর্যুদস্ত একটি দেশ। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ৮৫৯ জনের প্রাণহানিসহ আর্থিক ক্ষতি হয়েছে ২ লাখ ৩১ হাজার কোটি ডলার। সুতরাং বাংলাদেশই যদি কার্বন ডাই-অক্সাইডমুক্ত পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার না করে, তাহলে অন্যদের দোষারোপ করার নৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়ে।

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির চেয়ে কয়লাভিত্তিক জ্বালানিকেই বেশি প্রাধান্য দেয়। দেশের জ্বালানি চাহিদা বিবেচনায় এটা অস্বাভাবিক নয়। কিন্তু সোলারকে নিরুৎসাহিত করা কোনোভাবেই আমাদের জ্বালানি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, যার ১০ শতাংশ বা তিন হাজার মেগাওয়াট হবে নবায়নযোগ্য উৎস থেকে।

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের নীতি সহায়তার বড় ভূমিকা রয়েছে। বেসরকারি খাতের এগিয়ে আসা, ব্যাংকঋণ এবং দুর্গম এলাকায় সৌরবিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার ফলে এই বিস্তার সম্ভব হয়েছে। সুতরাং সঠিক নীতি সহায়তার মাধ্যমে দেশের মোট বিদ্যুতের চাহিদায় সৌরবিদ্যুতের অংশ বৃদ্ধি করাও সম্ভব।

বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরেই। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি সম্পাদনের সময়ে ভারতের নেতৃত্বে ১২০টি দেশের একটি জোট গঠিত হয়েছিল। সারা বিশ্বে সৌরবিদ্যুতের বিস্তার ঘটাতে এই জোট সাহায্য করবে—এমনটাই ছিল আশা। এই খাতে বিশ্বের সবচেয়ে বেশি বিনিয়োগ আবার চীনের। সব মিলিয়ে সৌরবিদ্যুৎকে ঘিরে নতুন এক অর্থনৈতিক দিগন্ত উন্মোচিত হয়েছে।

বিশ্বের অর্থনৈতিক শক্তির ভরকেন্দ্র এখন এশিয়ায়। এখানকার বড় অর্থনীতির দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। কয়লার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ। এসব কারণে বৈশ্বিক কয়লা-বাণিজ্য কমে যাচ্ছে। ২০১২ সালেও কয়লা-বাণিজ্য ছিল ১৩১ দশমিক ৬ বিলিয়ন ডলার। কিন্তু ২০১৬ সালের হিসাব অনুযায়ী তা কমে হয়েছে ৭৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো কয়লা প্রাধান্য বিস্তার করছে। এর কারণ জাপানি বিনিয়োগ।

বর্তমানে কয়লায় সবচেয়ে বড় বিনিয়োগকারী জাপান। পারমাণবিক শক্তিধর হওয়ার নেশায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাপান কয়লায় বিনিয়োগ করে যাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়াতেও জাপান বিনিয়োগ করে যাচ্ছে। কিন্তু ক্রমাগত নবায়নযোগ্য জ্বালানির খরচ কমে যাচ্ছে। ফলে কয়লা বেশি দিন প্রাধান্য বিস্তার করতে পারবে না বলেই বিশেষজ্ঞরা মনে করেন।

ব্ল্যাকরক অবকাঠামো বিনিয়োগ গোষ্ঠীর বৈশ্বিক প্রধান জিম ব্যারি মনে করেন, কয়লার দিন শেষ। এর মানে এই নয় যে দু-এক বছরের মধ্যেই সব কয়লাভিত্তিক জ্বালানি উৎপাদনকেন্দ্র বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি কেউ আগামী ১০ বছরের কথা মাথায় রাখে, তাহলে শুধু কয়লার ওপর নির্ভর করা জুয়া খেলার সমান। তাই জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির অংশ এমনভাবে বাড়াতে হবে যেন তা ভারসাম্যপূর্ণ হয়।

চীন ও ভারতের মতো দক্ষিণ-পূর্ব এশিয়াও কয়লা ছেড়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোবে—এমন ভবিষ্যদ্বাণী অনেক বিশেষজ্ঞের। এর মানে দাঁড়ায়, বৈশ্বিক অর্থনীতির ভরকেন্দ্র এশিয়া তার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল নয়।

বাংলাদেশের সামনে রয়েছে বিরাট সম্ভাবনা। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় বড় অর্থনীতির দেশ হতে হলে শুধু কয়লার ওপর বেশি দিন নির্ভর করা বাস্তবসম্মত হবে না। ছোট অর্থনীতির দেশ হওয়ায় বাংলাদেশের কয়লা ব্যবহার আন্তর্জাতিক মহলে তেমন সাড়া ফেলে না। কিন্তু বিভিন্ন বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসে বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সুতরাং কয়লা, নাকি নবায়নযোগ্য জ্বালানিকে আমরা প্রাধান্য দেব, তা নির্ধারণ করে সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার এখনই সময়।

খলিলউল্লাহ্‌: সহকারী সম্পাদক, প্রতিচিন্তা
ই-মেইল: [email protected]