বিদ্যুৎ-তেল-গ্যাস: ত্রিমুখী সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিগত কয়েক দশক ধরে তার জ্বালানি চাহিদা প্রায় এককভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে মিটিয়ে এসেছে। অন্য কোনো জ্বালানির বিশেষ প্রয়োজন নেই ভেবে অতীতে যেমন দেশের নীতিনির্ধারক মহল বিকল্প জ্বালানির ব্যাপারে উদাসীন ছিল, জনগণও প্রাকৃতিক গ্যাসের আশীর্বাদ যে বাংলাদেশকে কীভাবে সুরক্ষিত করে রেখেছে তা খেয়ালে আনেনি। কিন্তু সেই সুদিন আর নেই। দেশের ক্রমবর্ধমান গ্যাসসংকট জ্বালানির বাজারকে চরম সংকটে ফেলে দিয়েছে। এর ফলে বহুসংখ্যক ভাড়াভিত্তিক তেলচালিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন করে সাময়িকভাবে বিদ্যুৎসংকট কমানোর চেষ্টা চলছে। বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা তেলের ওপর নির্ভরশীলতা তেল আমদানির খরচ বিপুলভাবে বাড়িয়ে তুলেছে, যা কিনা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।২০০০ থেকে ২০০৯ সালে দেশে তেল আমদানির জন্য প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা খরচ হয়। কিন্তু ২০১০-১১ অর্থবছরে দেশের নতুন তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে তেলের অতিরিক্ত চাহিদা মেটাতে বাড়তি তেল আমদানি করতে হয়, যার ফলে খরচ ২১ হাজার কোটি টাকায় পৌঁছায়। আর বিপিসি সূত্রমতে, বিদ্যুৎ উৎপাদনে তেলের এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বর্তমান আর্থিক বছরে (২০১১-১২) তেল আমদানির খরচ বেড়ে দাঁড়াবে ৪০ হাজার কোটি টাকার বেশিতে। অর্থাৎ কেবল দুই বছরের ব্যবধানে তেল আমদানি খরচের এহেন বিশাল বৃদ্ধি তুলনাবিহীন। আর এই তেল যে মূল্যে বিদেশ থেকে কেনা হয়, তা দেশের ভেতর বিক্রয় করা হয় তার চেয়ে কম মূল্যে এবং এ ক্ষতিটি মেটাতে সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার বলছে, ২০১০-১১ অর্থবছরে তেলের জন্য ভর্তুকি দিতে হয়েছে আট হাজার কোটি টাকা, আর এ অর্থবছরে দিতে হবে ২৬ হাজার কোটি টাকা। এই দায় থেকে রক্ষা পেতে সরকার বারবার তেলের মূল্য বৃদ্ধির যে পথটি বেছে নিয়েছে, তার আঘাতটা সরাসরি জনগণের ঘাড়ে এসে পড়ছে। প্রতিবার তেলের মূল্যবৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির দুর্বিষহ পরিস্থিতি এখন জনগণের নিত্যসহচর।আশঙ্কার কথা হলো, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চরম বিদ্যুৎ-সমস্যা লাঘবে সাময়িক ব্যবস্থা হিসেবে স্থাপিত হলেও, অদূরভবিষ্যতে এসবের বদলে স্বল্পতর ব্যয়ের গ্যাস বা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনন্দ্রে চালু করার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি মোটেই আশানুরূপ নয়। একদিকে যেমন পরিকল্পিত সময়ের মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎ বৃদ্ধির জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ বৃদ্ধির ব্যবস্থাপনা দৃশ্যমান নয়, আবার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা কাগজে ও আলাপে হয়ে থাকলেও এসব বাস্তবায়নে প্রকৃত আগ্রগতি নেহাতই অল্প। সরকার ২০১৫ সালের মধ্যে চার হাজার ৫০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার যে ইচ্ছা পোষণ করে, তা অবাস্তব বলেই মনে হয়। এর জন্য না আছে কয়লা, না হচ্ছে প্রয়োজনীয় অবকাঠামো। দেশের কয়লা খনন পরিকল্পায় স্থবিরতা ও কয়লা আমদানি করার জন্য উৎস-দেশ খুঁজে পাওয়ার অনিশ্চয়তা সরকারকে মূলত এ ব্যাপারে শূন্যে ঝুলিয়ে রেখেছে। এর ফলে যদি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিকল্পিত সাময়িক সময় পার করে অতিরিক্ত সময় চালু রাখতে হয়, তবে দেশের কোষাগারে যে চাপ পড়বে তার চূড়ান্ত খেসারত মধ্যবিত্ত ও দরিদ্র জনগণকেই দিতে হবে। ঘুরে দাঁড়ানো বাপেক্সকানাডার ক্যালগারি শহরে এক তেল কোম্পানির বাঙালি কর্মী আজিম আহমেদ স্মৃতিচারণা করে বললেন, সেই আশির দশকের কথা যখন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানির কর্মী হিসেবে গর্ব বোধ করতেন। তাঁরা ছিলেন একটি উদীয়মান, দক্ষ ও বুদ্ধিদীপ্ত তরুণ ভূতাত্ত্বিক-কারিগর দল যাঁদের দলগত ও প্রতিষ্ঠানগত সম্ভাবনা ছিল অনেক, যা কিনা গড়ে উঠতে পারত ভারতের জাতীয় তেল কোম্পানি ওএনজিসি বা মালয়েশিয়ার পেট্রোনাসের সমতুল্য হয়ে। কিন্তু পরে সরকারি নকশা ও একটি মহলের চক্রান্তে বাপেক্সকে নিষ্ক্রিয় করে তোলা হয়। ধীরে ধীরে বাপেক্স পরিণত হয় একটি কর্মহীন প্রতিষ্ঠানে যার সমালোচনায় সরকারি মন্ত্রী থেকে চক্রান্তকারী মহল সোচ্চার থাকে। আর এ সময়ই বিদেশি কোম্পানি একে একে বাংলাদেশের মোক্ষম গ্যাস এলাকা পিএসসি চুক্তির মাধ্যমে আসতে থাকে। কেবল ক্যালগারির আজিম সাহেবই নন, সে সময় বাপেক্সের দক্ষ অনেক তরুণ কর্মীই প্রতিষ্ঠানটি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান। অনেকেই আজিম সাহেবের মতো দেশ ছেড়ে বিদেশে তেল কোম্পানিতে যোগ দেন। বাপেক্স পরিণত হয় একটি হাড্ডিসার নির্জীব প্রতিষ্ঠানে। বাপেক্সের অনুসন্ধান কূপ খননের সংখ্যা থেকে চিত্রটি ফুটে ওঠে। ১৯৮০ থেকে ’৮৯ সালে জাতীয় অনুসন্ধানী কোম্পানি কর্তৃক খননকৃত অনুসন্ধান কূপের সংখ্যা ছিল নয় (অর্থাৎ গড়ে বছরে প্রায় একটি), ১৯৯০-৯৯-এ তা কমে হয় চার এবং ২০০০-০৯-এ মাত্র এক। কোনো জাতীয় তেল-গ্যাস অনুসন্ধানী কোম্পানির কার্যক্রমে ১০ বছরে একটি অনুসন্ধান কূপ খনন নেহাতই হাস্যকর। অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম পলিসিতে দেশে বাপেক্স কর্তৃক প্রতিবছর অন্তত তিনটি অনুসন্ধানী কূপ খননের সুপারিশ করা হয়েছে। একইভাবে গ্যাস উৎপাদনের ক্ষেত্রেও জাতীয় গ্যাস উৎপাদন কোম্পানিগুলোর অংশ ধীরে ধীরে কমতে থাকে এবং তার স্থানে বিদেশি তেল কোম্পানির উৎপাদিত গ্যাস বাড়তে থাকে। বর্তমানে দেশ গ্যাস উৎপাদন ও সরবরাহের জন্য বিদেশি তেল কোম্পানির ওপর অধিকতর নির্ভরশীল (বিদেশি কোম্পানি ৫৩ শতাংশ, জাতীয় কোম্পানি ৪৭ শতাংশ)। জাতীয় গ্যাস অনুসন্ধানী কোম্পানি বাপেক্সকে নিষ্ক্রিয় করে রাখা যে একটি আত্মঘাতী ব্যবস্থাপনা এ কথাটি যে সরকার বোঝেনি তা নয়, কিন্তু এ ব্যাপারে সরকারি মনোভাব পরিবর্তন করতে দেশের বিশেষজ্ঞ দল, নাগরিক সমাজ ও সর্বোপরি জনগণের সোচ্চার আন্দোলন করতে হয়েছে। এটি আশ্বস্ত হওয়ার কথা যে পরিশেষে সরকারি মহল জনগণের এ দাবিকে মেনে নিয়ে বাপেক্সকে কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে উদ্যোগী হয়। গত এক বছরে বাপেক্স পুনরায় প্রমাণ করেছে যে তার কর্মীদলের দক্ষতা ও একাগ্রতা একটি আন্তর্জাতিক মানের ভূতাত্ত্বিক-ভূপদার্থিক জরিপ সম্পন্ন করতে পারে। সম্প্রতি রশিদপুর গ্যাসক্ষেত্রে তিনটি বা ত্রিমাত্রিক সিসমিক জরিপের মাধ্যমে নতুন গ্যাসস্তরের সন্ধানলাভ তারই সাক্ষ্য বহন করে। কেবল তাই নয়, যে সময় বিদেশি কোম্পানি শেভরন বা সান্তোস তাদের সর্বশেষ অনুসন্ধান কূপসমূহকে শুষ্ক ও ব্যর্থ বলে ঘোষণা দিয়েছে, সে সময় বাপেক্স তার নতুন গ্যাসক্ষেত্র সুন্দলপুর আবিষ্কার করে তার দক্ষতাকে প্রকাশ করেছে। বাপেক্স বর্তমানে একটি গতিশীল কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথে রয়েছে। আগামী বছরে অন্তত তিনটি অনুসন্ধান কূপ খনন করে তিনটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের আশা করছে। এ কথা বলার সময় এসেছে যে বাপেক্স আবার ঘুরে দাঁড়াবে। প্রয়োজন শুধু সরকারি পৃষ্ঠপোষকতা ও চক্রান্তকারীদের কালো হাত থেকে প্রতিষ্ঠানটিকে দূরে রাখা।গ্যাস রক্ষায় লংমার্চএমন একটি সময় ছিল যে দেশের তেল-গ্যাস চুক্তিসমূহ নিয়ে জনগণকে সচেতন করার বা তা নিয়ে আন্দোলন করার কার্যক্রম বিশেষ দেখা যেত না। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে, যেমন হরিপুর তেলক্ষেত্র সিমিটারকে দিয়ে এরশাদ সরকারের পতন। তবে জালালাবাদ গ্যাসক্ষেত্র বা ছাতক গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া কিংবা ১২, ১৩ ও ১৪ নম্বর সম্ভাবনাময় গ্যাস ব্লক বিদেশিদের দিয়ে দেওয়া যেন নীরবেই সম্পন্ন হয়। তবে বর্তমানে সে চিত্র বদলে গেছে, জনগণ তার সম্পদ নিয়ে ভাবতে শিখেছে, দাবি তুলতে শিখেছে। আর এই সচেতনতাকে সঠিক পথে চালিত করাই নেতৃত্বের কাজ।সম্প্রতি সুনেত্র গ্যাসক্ষেত্র বিদেশিদের দিয়ে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে জনগণের ঢাকা-সুনেত্র লংমার্চ লক্ষ করা যায় (প্রথম আলো ৩০ অক্টোবর)। কিন্তু সুনেত্র একটি আবিষ্কৃত গ্যাসক্ষেত্র নয়, বরং এখানে একটি ভূতাত্ত্বিক কাঠামো পাওয়া গেছে যেখানে জাতীয় কোম্পানি বাপেক্স অনুসন্ধান কূপ খনন করে সাম্ভাব্য গ্যাসস্তর আবিষ্কারের চেষ্টা করবে। আবিষ্কার-সম্ভাবনা ভালো হলেও এ ধরনের কাঠামোতে যে গ্যাস থাকবেই তা কূপ খনন করার আগে নিশ্চিত করে বলার কোনো বৈজ্ঞানিক উপায় নেই। সুনেত্র নিয়ে বর্তমান প্রবন্ধের লেখকের আগ্রহ তাকে এ বিষয়ে ভাবিয়ে তোলে। সেই পরিপ্রেক্ষিতে এই লেখক সরাসরি পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে টেলিফোন করে জানতে চান। উভয়ই জানান যে বর্তমানে সুনেত্র গ্যাসক্ষেত্র বলে কোনো গ্যাসক্ষেত্র বাংলাদেশে নেই। সুনেত্র নামে যে ভূতাত্ত্বিক কাঠামো চিহ্নিত করা হয়েছে, সেখানে বাপেক্স আগামী কয়েক মাসের মধ্যে কূপ খনন করে গ্যাস আবিষ্কারের উদ্যোগ নেবে। সুনেত্রে কোনো বিদেশি কোম্পানিকে কূপ খনন করতে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। দেশের জনগণ আশা করে যে কেবল সুনেত্রই নয়, বাপেক্স ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে অন্যান্য ভূতাত্ত্বিক কাঠামো যেমন শ্রীকাইল, কাপাসিয়া ইত্যাদি ক্ষেত্রে অনুসন্ধান কূপ খননের মাধ্যমে নতুন গ্যাস আবিষ্কার চেষ্টা সার্থক হবে এবং তা বাপেক্সকে আরও শক্তিশালী করে তুলবে।বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।