বিদ্যুৎ নিয়ে সুসংবাদ ও দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

প্রথম আলোর গত ২৮ ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত একটি কলামে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী ডিপিডিসির বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়সংক্রান্ত স্পেশাল টাস্কফোর্স প্রধানের তিন মাসের অভিজ্ঞতা নানা তথ্য-উপাত্তসহকারে বর্ণনা করেছেন। জনাব মুনীর চৌধুরী এ দেশের অত্যন্ত বিরলপ্রজ আমলাদের একজন, যাঁর সততা, কর্তব্যনিষ্ঠা ও সাহসী কর্মস্পৃহার জন্য সারা দেশের জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র। তাঁর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমি তাঁর গুণমুগ্ধ ভক্ত। কারণ, এ দেশের আমলাতন্ত্রে উপরে উল্লিখিত গুণগুলো ক্রমেই দুর্লভ হয়ে ওঠায় দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনে নিমজ্জিত আমলাদের দৌরাত্ম্যে সাধারণ জনগণের জীবন ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে।
এর বিপরীতে জনাব মুনীর চৌধুরীর মতো দু-চারজন প্রশাসনিক কর্মকর্তা যখন জীবন বাজি রেখে তাঁদের কর্মস্থলে যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে প্রাণপণ রুখে দাঁড়াচ্ছেন, তখন তাঁদের অভিনন্দন জানাতেই হবে। চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর সাহসী ভূমিকা সারা দেশে প্রশংসিত। তেমনি মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর স্বল্পকালীন নেতৃত্ব ওই ডুবন্ত প্রতিষ্ঠানটিকে প্রায় লাভজনক পর্যায়ে উন্নীত করে ফেলেছিল। দেশের মানুষের দুর্ভাগ্য যে কায়েমি স্বার্থবাদী মহলের চাপে তাঁকে ওই পদ থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে।
কিন্তু জনাব মুনীরকে তাঁর সততা ও সাহসের জন্য সরকারি সমর্থন প্রদান ও পুরস্কৃত করার পরিবর্তে এ ধরনের ‘তিরস্কার’ যে হতোদ্যম করতে পারেনি, সেটা বোঝা গেল ডিপিডিসিতে তাঁর তিন মাসের কার্যক্রমের বর্ণনায়। এই মূল্যবান অভিজ্ঞতা বিনিময়ের জন্য তাঁকে ধন্যবাদ। বিদ্যুতের ‘সিস্টেম লসের’ সিংহভাগই যে স্রেফ বিদ্যুৎ চুরি, সেটা জনাব মুনীরের কলামে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আর এই চুরির সঙ্গে যে বেশির ভাগ ক্ষেত্রে বিদ্যুতের গ্রাহক এবং বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বখরা-ভাগাভাগির গোপন যোগসাজশ ওতপ্রোতভাবে জড়িত, সেটাও সবারই জানা রয়েছে।
এটাও ওপেন সিক্রেট যে কর্মকর্তা-কর্মচারীদের অগোচরে শহরাঞ্চলে বিদ্যুৎ চুরি হয় না বললেই চলে; যদিও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাঁশের সাহায্যে প্রতিষ্ঠানের অগোচরে বিদ্যুৎ অবৈধভাবে লোপাট হচ্ছে। দেশের মিল-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটা উল্লেখযোগ্য অংশ যে বখরা চুক্তিতে বিদ্যুৎ চুরি করছে, তার ইঙ্গিত মিলছে জনাব মুনীরের লেখায়। অনেক নজিরের মাধ্যমে জনাব মুনীর বিদ্যুৎ চুরিতে কিছু এলিট চোরের ন্যক্কারজনক নানা অপতৎপরতা বর্ণনা করেছেন। তবু তাঁর উল্লিখিত সুখবরগুলো প্রথমেই গুরুত্বের সঙ্গে জানাতে চাই: ডিপিডিসির সিস্টেম লস ২০০৭-০৮ অর্থবছরের ২০ দশমিক ০৬ শতাংশ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৮ দশমিক ৯৭ শতাংশে কমে এসেছে। সাম্প্রতিককালে ডিজিটাল মিটার, প্রি-পেইড মিটার ও এক্সপ্রেস ফিডার প্রবর্তনের ফলে দুর্নীতি কমছে। তাঁর ঘোষণা, শতভাগ ডিজিটাল ব্যবস্থায় অদূর ভবিষ্যতে পৌঁছে যাবে ডিপিডিসি।
আমাদের জন্য দুঃসংবাদ হলো, দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রামে ওপরে উল্লিখিত আধুনিক প্রযুক্তিগুলো প্রবর্তনের প্রক্রিয়াকে হয় বন্ধ করে দেওয়া হয়েছে, নয়তো ইচ্ছাকৃতভাবে শ্লথ করে দেওয়া হয়েছে। দুর্নীতিতে নিমজ্জিত কর্মকর্তা-কর্মচারীরাই যে এ ধরনের ডিজিটাল প্রযুক্তির প্রচলন বাধাগ্রস্ত করছেন, তা না বোঝার কারণ নেই। ডিজিটাল মিটার প্রতিস্থাপনের কাজটি তবু কিছুটা এগিয়েছে। কিন্তু পুরোনো অ্যানালগ মিটারগুলো পিডিবি মুফতে জব্দ করার পর এগুলো কোথায় যাচ্ছে? ডিজিটাল মিটার প্রতিস্থাপন বিনা বকশিশে কেউ কি করাতে পেরেছেন? প্রি-পেইড মিটার বসানোর কাজ চট্টগ্রামে হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণ কী?
চট্টগ্রামের সাধারণ গ্রাহক হিসেবে আমরা এখনো সুসংবাদ পাওয়ার সৌভাগ্যের অধিকারী হতে পারিনি। তার মানে, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরের বাসিন্দারাই যদি এখনো এ ধরনের ইতিবাচক পরিবর্তনের সুবিধা না পেয়ে থাকি, তাহলে দেশের অন্যান্য ছোটখাটো শহর এবং ৮৬ হাজার গ্রামের জনগণকে জনাব মুনীরের বর্ণিত সিস্টেম লসের উন্নতির ফায়দা পেতে আর কত দিন অপেক্ষা করতে হবে?
এখনো আমাদের মিটার রিডিং নিতে আসছে পিডিবির মিটার রিডার কর্তৃক নিযুক্ত অবৈধ ব্যক্তি। এখনো আমাদের বিদ্যুৎবিভ্রাট ঘটলে পিডিবিতে টেলিফোন করার পর মেরামত করতে আসছে পিডিবির মেকানিকের ভাড়ায় খাটা অবৈধ (প্রাইভেট) নবিশ মেকানিক। ওদেরও দিতে হচ্ছে বকশিশ। কোনো কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কমপ্লেইন করার জন্য পিডিবি যে টেলিফোন নম্বরগুলো দিয়েছে, সেখানে ভুক্তভোগী কেউ টেলিফোন করলে কী ভোগািন্ত হয়, তা কি কর্তাব্যক্তিরা জানেন? মিটার রিডারের সঙ্গে গোপন চুক্তিতে না এসে ন্যায়নিষ্ঠ গ্রাহক হিসেবে পিডিবির বিদ্যুৎ বিল নিয়মমাফিক পরিশোধ করতে চাইলে কীভাবে মিটার রিডার উল্টাপাল্টা, অতিরিক্ত বিল দিয়ে গ্রাহককে হয়রানির শিকার করে, তার খবর কি কর্তৃপক্ষ রাখে? বিদ্যুৎ চুরির গোপন চুক্তি করার জন্য একশ্রেণির কর্মচারী কর্তৃক গ্রাহককে বাধ্য করার নানা রকমের আয়োজন কি কর্তৃপক্ষের অগোচরে ঘটছে? আমার মনে হয় না।
ওপরের প্রশ্নগুলো অনেকের কাছে মামুলি মনে হতে পারে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ–সংশ্লিষ্ট দুর্নীতি যে কত ব্যাপক এবং তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে, তা বোঝানোর জন্য এ বিষয়গুলোর অবতারণা করেছি। অর্থনীতির একজন ছাত্র হিসেবে জানি, একুশ শতকের বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি ধারণ করে রয়েছে শতভাগ জনগণকে বিদ্যুৎসুবিধার আওতায় আনায় আমরা কতটুকু সফল সে প্রশ্নের জবাবের মধ্যে। পাঠকদের জ্ঞাতার্থে জানাই: রুশ বিপ্লবের মহান নেতা মহামতি লেনিনকে একবার প্রশ্ন করা হয়েছিল, বিপ্লব কাকে বলে? লেনিন উত্তর দিয়েছিলেন, বিপ্লব হলো দ্রুত বিদ্যুতায়ন। তিনি শুধু ওটুকু বলেই ÿক্ষান্ত হননি। সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে পুরো সোভিয়েত ইউনিয়নকে দ্রুততম সময়ে বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার নির্দেশ জারি করেছিলেন তিনি, যার ধারাবাহিকতায় ১৯৩৩ সালে সোভিয়েত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সমাপ্তি পর্যায়েই ৮৭ লাখÿ বর্গমাইল আয়তনের বিশ্বের এই সর্ববৃহৎ দেশটির প্রায় পুরোটাই বিদ্যুতায়নের সুবিধা অর্জন করে ফেলেছিল।
বাংলাদেশের আয়তনের ১৫৭ গুণ বড় সোভিয়েত ইউনিয়নকে মাত্র ১৮ বছরে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে পারা যে কত বড় সাফল্য, তা উপলব্ধি করা কঠিন বৈকি! বাংলাদেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ মানুষ আজও বিদ্যুতের আওতার বাইরে রয়ে গেছে। পাকিস্তানের নব্য ঔপনিবেশিক আমল বাদ দিয়ে ১৯৭১ সাল থেকে হিসাব করলেও ৪৩ বছর পেরিয়ে এসেছে স্বাধীন বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে বিদ্যুতের ব্যাপারে আমাদের পর্বত–প্রমাণ ব্যর্থতার কি কোনো তুলনা করা যায়? ২০০১-২০০৬ মেয়াদের বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন বাড়ার পরিবর্তে প্রায় ১১০০ মেগাওয়াট কমে ৩২০০ মেগাওয়াটে এসে দাঁড়িয়েছিল।
শুধু বিদ্যুতের খাম্বা বসিয়েই শত শত কোটি টাকা লোপাট করা হয়েছিল ওই সময়ে; টঙ্গীর ৮০ মেগাওয়াটের একটা ‘পিকিং প্লান্ট’ ছাড়া ওই পাঁচ বছরে আর কোনো বিদ্যুৎ প্লান্ট নির্মাণ করা হয়নি। কিন্তু এতদ্সত্ত্বেও বেগম জিয়া এখনো বড়গলায় তাঁর শাসনামলের সাফল্যের ফিরিস্তি দিয়ে চলেছেন! বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর গত ছয় বছরে এই মহাসংকট অনেকখানি সামাল দিয়েছে বলা চলে। লোডশেডিং যে কমেছে, সেটা সবাইকেই স্বীকার করতে হচ্ছে।
একটি ঘটনার কথা ভেবে আমি এখনো লজ্জা পাই: ২০১২ সালে ভারতের নয়াদিল্লিতে এক আন্তর্জাতিক সেমিনারে পঠিত আমার প্রবন্ধে আমি বিদ্যুতের আঞ্চলিক গ্রিড গড়ে তোলার যুক্তি তুলে ধরার পর ভারতের একজন বিশেষজ্ঞ আমাকে প্রশ্ন করেন, ওই পর্যায়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি কত। আমি যখন জানালাম যে ২০০৬ সালের ৩২০০ মেগাওয়াট থেকে পাঁচ বছরে ক্যাপাসিটি বেড়ে ৬০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, তখন উপস্থিত অর্থনীতিবিদেরা সবাই অট্টহাস্যে ফেটে পড়েছিলেন ওই অবিশ্বাস্য দুরবস্থার কথা শুনে।
১৬ কোটি মানুষের একটি দেশে মাত্র ৬০০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন কীভাবে সম্ভব, এটাই ছিল তাঁদের অবিশ্বাসের হাসির কারণ। এখন নাকি এ দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি ১১,৪০০ মেগাওয়াট ছাড়িয়েছে। নিশ্চয়ই এটা অভিনন্দনযোগ্য সাফল্য। কিন্তু এখনো মনে রাখতে হবে, একমাত্র আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ায় আজও মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের বিচারে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে। বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়াতে হলে এখন আমাদের ক্রমবর্ধমান মাত্রায় ফার্নেস অয়েল, ডিজেল ও কয়লার ওপর নির্ভর করতে হবে, যেগুলোকে বলা হয় ‘ডার্টি ফুয়েল’। মানে, এগুলো অনেক বেশি পরিবেশদূষণ ঘটায়। সাম্প্রতিক ফার্নেস অয়েলবাহী নৌযানডুবির কারণে সুন্দরবন যে ভয়াবহÿ ক্ষতির সম্মুখীন হয়েছে, তার ফলে সরকারের কিছুটা টনক নড়েছে যে যেনতেনভাবে যত্রতত্র বিদ্যুৎ প্লান্ট স্থাপন খুবই বিপজ্জনক হতে পারে। তবু উৎপাদন বাড়াতেই হবে।
এই পরিপ্রেিক্ষতেই আমার বিনীত আবেদন, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সত্যিকার অগ্রাধিকার প্রদানের ইস্যুটাকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। শুধু সোলার হোম সিস্টেমের দ্রুত বিস্তার হচ্ছে জেনে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। দেশের পুরো সেচব্যবস্থাকে যথাসম্ভব শিগগিরই সোলার পাম্পের আওতায় আনার জন্য আগামী বাজেটে কৃষি ভর্তুকির প্রধান অগ্রাধিকার সোলার পাম্পকে প্রদান করা হোক। কৃষিজমির মালিকদের সরকারি অর্থায়নে সোলার প্যানেল স্থাপন করে দিয়ে পাম্প ও ব্যাটারির ব্যয় তাদের ওপর ন্যস্ত করার ব্যবস্থা গড়ে তোলা হলে এবং সেচব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের হাতে ছেড়ে দেওয়া হলে এ ব্যাপারে ব্যাপক সাড়া মিলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সরকারি কর্তৃপক্ষ কি বিষয়টা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবে?
একটি আধুনিক অর্থনীতিতে বিদ্যুৎ একটি ‘মৌল প্রয়োজন’ বা ‘বেসিক নিড’। বিদ্যুৎ উৎপাদনে আমরা এখনো হাস্যকরভাবে পিছিয়ে রয়েছি। বাংলাদেশের অর্থনীতি কিন্তু ‘টেক অফ’ করেছে। অর্থনৈতিক উন্নয়নের প্রতিযোগিতায় পাল্লা দিতে হলে এই ‘টেক অফ’কে ক্র্যাশ করতে দেওয়া যাবে না। চলুন আমরা নির্ভয়ে এগিয়ে যাই।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।