প্রথমেই সুরসিক তারাপদ রায় থেকে ধার করা একটি গল্প একটু এদিক-ওদিক করে বলে নিই। এক স্বাস্থ্যচর্চাকেন্দ্রে এক ভদ্রলোক গেছেন স্বাস্থ্য উদ্ধারের আশায়। সেখানকার এক চৌকস কর্মচারী তাঁকে ঘুরিয়ে-ফিরিয়ে সবকিছু দেখাচ্ছেন। কর্মচারীটি তাঁকে বোঝালেন স্বাস্থ্য উদ্ধারের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাঁতার কাটা। সাঁতার শেখার জন্য সেখানে চমৎকার তিনটি বড়সড় সুইমিংপুলের ব্যবস্থা আছে। প্রথমটিতে পানি বেশ গভীর আর দ্বিতীয়টিতে কম। তিনি অবাক হয়ে গেলেন তৃতীয়টি দেখে। ওটাতে কোনো পানি নেই। কী ব্যাপার? কর্মচারীটি তাঁর তেলতেলে মুখে হাসি ফুটিয়ে বললেন, যাঁরা সাঁতার জানেন, কিন্তু আরও ভালো সাঁতার শিখতে চান, তাঁদের প্রথমটিতে নামানো হয়, যাঁরা সাঁতার জানেন না, কিন্তু শিখতে চান, তাঁদের নামানো হয় দ্বিতীয়টিতে, আর যাঁরা কিছু না করেই স্বাস্থ্য উদ্ধারের আশা করেন, তাঁদের জন্য হচ্ছে তৃতীয়টি।
ইংরেজি ভাষা শিক্ষাদান-বিষয়ক অনেক বিশেষজ্ঞ দাবি করেন ইংরেজি বা যেকোনো ভাষা শেখা অনেকটা ওই সাঁতার শেখার মতো। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা তা কীভাবে বা কোন ‘সুইমিংপুলে’ শিখবে।
আমাদের পাঠ্যসূচি প্রণেতারাও মনে করেন ভাষা শেখাটা একধরনের দক্ষতা অর্জন, সাঁতারের মতো অনুশীলন করে যা আয়ত্ত করতে হয়, মুখস্থ করে নয় (অনুচ্ছেদ ৫.৯, পৃ. ৭)। ছাত্রদের মুখস্থ করার প্রবণতা রোধ করার জন্য পাঠ্যসূচিতে নতুন মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে। সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে, ‘No questions will be set from the textbook or/and any help books.’ (পৃ. ৩২)।
কিন্তু বাস্তবায়নের সময় দেখা গেল, প্রশ্ন প্রণয়নকারীরা এনসিটিবির নির্দেশনা অর্ধেক মানছেন। তাঁরা টেক্সট বই থেকে প্রশ্ন করছেন না, কিন্তু গাইড বই থেকে হুবহু টুকে বা একটু এদিক-ওদিক করে প্রশ্নপত্রে ঢুকিয়ে দিচ্ছেন। এনসিটিবির নির্দেশনা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করাটা সত্যিই কষ্টসাধ্য। একেবারে নতুন প্রশ্ন উদ্ভাবন করতে স্বাভাবিকভাবেই অনেক শ্রম, মেধা ও সময় ব্যয় করতে হয়। আবার অনেক ক্ষেত্রে শিক্ষকেরা গণহারে ফেল করার ঝুঁকি এড়াতে, এনসিটিবির নির্দেশ অমান্য করেন।
যাহোক, পাঠ্যসূচির সঙ্গে বাস্তবতার এই বড় ফাঁকটাতে গাইড বইগুলোর প্রকাশকেরা ঢুকে গেলেন। এগুলো ছাত্র ভোলানো পাস-নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করল, আর তৈরি প্রশ্ন জোগান দিয়ে প্রশ্নকর্তাদের কাজটা দিল সহজ করে। একদিকে সহজে প্রশ্নপত্র তৈরি করার আয়েশ, আর অন্যদিকে ব্যাপক হারে ফেলের ভয়—এই দুই কারণে প্রশ্ন প্রণয়নকারীরা এমন সব প্রশ্ন করতে লাগলেন যে ছাত্র, শিক্ষক, অভিভাবকেরা গাইড বইয়ের পেছনে ছুটলেন। অথচ এনসিটিবি প্রকাশিত অপেক্ষাকৃত উন্নত মানের টেক্সট বই অনেক কম দামে বাজারে পাওয়া যাচ্ছে। ফলে যে মুখস্থ প্রবণতা রোধ করার জন্য এত আয়োজন, তা তো কমছেই না বরং ছাত্ররা আরও নিম্নমানের ইংরেজি গাইড বই থেকে মুখস্থ করছে।
এনসিটিবি চেয়েছিল ইংরেজির অথই পানিতে ফেলে ছাত্রদের খুব ভালো সাঁতার শেখাতে। কিন্তু অবস্থা এই যে সাঁতার তো দূরের কথা, পানিরই দেখা মিলছে না। উপরন্তু গাইড বইনির্ভরতাও বেড়ে গেছে। বহু শিক্ষক নিজেরাই ক্লাসে টেক্সট বইয়ের বদলে গাইড বই নিয়ে যাচ্ছেন (অনেকে অবশ্য লজ্জায় পড়ে তা মলাটে ঢেকে নিয়ে যান)। তখন টেক্সট বই পড়ালে ছাত্ররাও মনোযোগ দেয় না। কারণ ওরা জানে ওখান থেকে কোনো প্রশ্ন আসবে না।
>এনসিটিবি চেয়েছিল ইংরেজির অথই পানিতে ফেলে ছাত্রদের খুব ভালো সাঁতার শেখাতে। কিন্তু অবস্থা এই যে সাঁতার তো দূরের কথা, পানিরই দেখা মিলছে না। উপরন্তু গাইড বইনির্ভরতাও বেড়ে গেছে
এই সমস্যার সমাধান কী? বিদ্যমান শিখন-শেখানো পদ্ধতি তো আর রাতারাতি বদলানো যাবে না। কিংবা শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়ে তাঁদের আরও পরিশ্রম করানোয় উদ্বুদ্ধ করাও হয়তো সম্ভব নয়। আবার গণ হারে ফেলের সমস্যাও সামলানো কঠিন। এ ক্ষেত্রে এনসিটিবি আপসে নামে। অর্থাৎ মেনে নেওয়া হয় যে দ্বিতীয় ভাষা শেখার সময় কিছু বিষয় মুখস্থ করলে ক্ষতি নেই। একদিক থেকে এটা আবার ঠিক আপসও নয়। কারণ আমাদের শিক্ষাক্রমটি যে শিক্ষা-দর্শনের ভিত্তিতে প্রণীত, তাতে মুখস্থ করার বিষয়টি বাদ দেওয়া হয়নি। যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রমের ৭.১.৫ অনুচ্ছেদে (পৃ. ১২) বলা হচ্ছে ‘না বুঝে মুখস্থ করা যথার্থ শিক্ষা নয়।’ অর্থাৎ বুঝে মুখস্থ করতে হবে। শিক্ষাক্রমের ৮.২ অনুচ্ছেদে গঠনবাদ তত্ত্বের ওপর জোর দেওয়া হয়েছে। এই তত্ত্বে বলা হয়েছে, শিক্ষকের দায়িত্ব হচ্ছে নতুন ধারণা গঠনে ছাত্রদের সহায়তা করা, শুধু তত্ত্ব ও তথ্য সরবরাহ করা নয়। প্রকারান্তরে, এ তত্ত্বের অন্যতম তাত্ত্বিক জোনাসেন বলছেন তত্ত্ব ও তথ্য জানাটাও জরুরি। আমাদের দেশে অধুনা প্রচলিত সৃজনশীল পদ্ধতির বড় তাত্ত্বিক স্তম্ভ হচ্ছে Bloom সাহেবের তৈরি Blooms Taxonomy। এই Taxonomy-র প্রথম বা সর্বনিম্ন স্তরটি কিন্তু মুখস্থবিদ্যা। ফলে একাদশ-দ্বাদশ শ্রেণির একজন ছাত্র যে মুখস্থ করে পরীক্ষার হলে কিছু লিখতে পারবে না, এমন বাধ্যবাধকতা আমাদের শিক্ষাক্রমের শিক্ষা-দর্শন আরোপ করে না।
প্রশ্নপত্রের ৪০ ভাগ টেক্সট বই থেকে আসে এবং যা ছাত্রদের বোঝা বা মুখস্থ করা জরুরি। যেমন Reading Comprehension-এর টেক্সটটা বই থেকে নেওয়া যেতে পারে, তবে প্রশ্ন নয়। অথবা বইয়ের কোনো অংশ ব্যবহার করে MCQ প্রশ্ন করা যায়। এতে করে শিক্ষার্থীরা যেমন একদিকে টেক্সট বইমুখী হবে, অন্যদিকে গণহারে ফেল করার ঝুঁকি থেকে রক্ষা পাবে। বাকি ৬০ ভাগ প্রশ্ন অজানা হতে পারে, যা ছাত্রছাত্রীরা তাদের টেক্সট বইয়ে অধীত বিষয়গুলোর আলোকে উত্তর করবে। যেমন কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় তা জেনে পরীক্ষায় একেবারে নতুন কোনো সহজ বিষয়ের ওপর নিজেরা প্যারাগ্রাফ লিখবে। এ জন্য প্রশ্ন প্রণয়ন এত কঠিন নয় যে শিক্ষকদের গাইড বইয়ের দ্বারস্থ হতেই হবে বা একই প্রশ্ন ঘুরিয়ে-ফিরিয়ে পুনরাবৃত্তি করতে হবে।
সুইমিংপুলের রূপকে ফিরে এসে তাই বলা যায়, স্কুল থেকে আমাদের ছেলেমেয়েরা এমন যোগ্যতা নিয়ে আসে না বা একাদশ-দ্বাদশ শ্রেণিতে তাদের আমরা এমন যোগ্য করে তুলতে পারি না যে ওদের ইংরেজির অথই পানিতে ঠেলে নামিয়ে দেওয়া যায়। অবশ্য নামাতে চাইলেও লাভ হবে না। এনসিটিবি চেষ্টা করেও তা পারেনি। বরং হিতে বিপরীত হয়েছে। সম্ভাব্য নিমজ্জন থেকে বাঁচাতে শিক্ষক-অভিভাবকেরা এবং গাইড বই প্রকাশকেরা ছাত্রছাত্রীদের এমন জায়গায় নামিয়েছে, যেখানে কোনো পানিই নেই। তারা সেখানে নামছে-উঠছে, জীবনের সবচেয়ে মূল্যবান সময় (নির্দিষ্ট বয়স পার হয়ে গেলে যেকোনো দ্বিতীয় ভাষা শেখা বেশ কঠিন হয়ে যায়), শ্রম, মেধা ও অর্থ ব্যয় করছে, কিন্তু সাঁতার শিখছে না। এখন গত্যন্তর হচ্ছে ওই মাঝখানের সুইমিংপুল। যেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সাঁতার (ইংরেজি) শেখার যথেষ্ট সুযোগ আছে।
গোলাম ফারুক: ফলিত ভাষাতত্ত্ববিদ, গবেষক ও অধ্যাপক।