২০০১ সাল-পরবর্তী সময়ে ক্রসফায়ার ও পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার আধিক্য ছিল না। তবে বিরলও ছিল না। ওই সময় এ ধরনের ঘটনার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ম্যাজিস্ট্রেটরা তদন্ত করে এর সপক্ষে বা বিপক্ষে মতামত দিতেন। তারই ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নিত। প্রচলিত আইন অমান্য করাই ক্রমান্বয়ে আইনসিদ্ধ হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকলে মানবাধিকার রক্ষা করা কোনো দিনও সম্ভব হবে না। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্য এ ধারণাকেই সমর্থন করে।২০০১ সালের পর থেকেই বিষয়টি প্রকাশ্যভাবে বিতর্কিত। এর কারণ, বিষয়টি এখন মানবাধিকার প্রশ্নের সঙ্গে জড়িত। মানবাধিকারের বিষয়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া সবাই এখন যথেষ্ট সচেতন। এ নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাসহ মিডিয়াও অহরহ প্রতিবাদ প্রকাশ করছে। এ-সংক্রান্ত প্রতিবেদনও পরিসংখ্যানসহ প্রকাশিত হয়। এর পরও এ ধরনের ঘটনা বন্ধ হয়নি বা হ্রাস পায়নি।বাংলাদেশেই যে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়, সে কথাও সত্য নয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও কম-বেশি তা হয়। উন্নত দেশেও এ ধরনের ঘটনা ঘটে। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতেও এ ধরনের ঘটনার বিষয়টি বহুল আলোচিত। পুলিশ বাহিনীসহ সামরিক বাহিনীও এর সঙ্গে জড়িত। পুলিশের গুলিতে বিনা বিচারে হত্যার ঘটনাকে ওই দেশে বলা হয় এনকাউন্টার, ক্রসফায়ার নয়। তবে পার্থক্য হলো, ভারতে ওই বিষয়ে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তের মাধ্যমে আদালতে হাজির হতে হয়েছিল। অর্থাৎ, আইনের যথাযথ প্রয়োগে সরকারি কোনো শিথিলতা ছিল না। এখনো নেই। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এনকাউন্টারে অনেকেই মারা যায়।পক্ষান্তরে বাংলাদেশের চিত্র ভিন্নতর। এ দেশে ক্রসফায়ার শব্দটিই বহুল প্রচলিত। এনকাউন্টার শব্দটি ব্যবহার করা হয় না। এনকাউন্টারের আভিধানিক অর্থ হলো অপ্রত্যাশিতভাবে সম্মুখীন হওয়া। ভারতের কিছু রাজ্যে যেমন, উত্তর-পূর্ব অঞ্চল ও কাশ্মীরে ‘বিছিন্নতাবাদীদের’ জন্য গুলি ব্যবহার করা আইনের দ্বারা সুরক্ষিত। সম্প্রতি কাশ্মীরে আইনটি রহিত করার জন্য প্রকাশ্যে অনেক বিতর্কও হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের আইন দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অক্ষুণ্ন রাখা হয়েছে। কারণ, বিচ্ছিন্নতাবাদীরা নির্বিচারে গুলিসহ অন্যান্য মারাত্মক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করে না। এ ধরনের ঘটনায় নিরীহ ব্যক্তিরাও মারা যায়। ২০০১-০৬ সাল সময়ে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সামরিক বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। এ কারণে বিনা বিচারে মৃত্যুর কিছু ঘটনাও ঘটেছিল। সামরিক বাহিনীর সুরক্ষায় সরকার দায়মুক্তি আইনও অনুমোদন করে। বিষয়টি নিয়ে প্রচুর বিতর্ক হলেও কোনো গ্রহণযোগ্য সমাধান হয়নি। মানবাধিকার-সংক্রান্ত কোনো বেসরকারি সংস্থা আইনটি যে অসাংবিধানিক, সে প্রশ্নের সমাধানে উচ্চতর আদালতে কোনো আবেদন করেনি।সম্প্রতি উইকিলিকসের বিভিন্ন ধরনের তথ্য ফাঁসের বিষয়ে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি হলো, ক্রসফায়ারে র্যাবের সম্পৃক্ততা; যার জন্য এ বাহিনীর সদস্যদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিতে অসম্মত হলেও যুক্তরাজ্য সম্মত হয়েছিল। যুক্তরাষ্ট্রের আইনে কোনো সংস্থা মানবাধিকার-পরিপন্থী কাজে লিপ্ত হলে ওই সংস্থাকে কোনো ধরনের সহায়তা দেওয়া নিষিদ্ধ রয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিতে আগ্রহী এবং কিছু ক্ষেত্রে প্রশিক্ষণও দিয়েছে। এ ক্ষেত্রে কি আইনের কোনো ব্যত্যয় হয়নি। ব্যত্যয় না হওয়ার পক্ষে বলা যায়, বিনা বিচারে হত্যার বিষয়ে দায়মুক্তি আইন ছিল।অন্যদিকে যুক্তরাজ্যের র্যাবকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকার সপক্ষেও যুক্তি প্রদর্শিত হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে মানবাধিকার রক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত। এ ধরনের প্রশিক্ষণ দেওয়া কোনো নিন্দার বিষয় নয়। তবে এ ক্ষেত্রে মুখ্য প্রশ্ন হলো, র্যাব বা পুলিশের সদস্যরা মানবাধিকারের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পরও সার্বিক অবস্থার তেমন কোনো উন্নতি দৃশ্যমান হয়নি। অর্থাৎ, প্রশিক্ষণে কোনো লাভ হয়নি। এ ধারণা সম্পূর্ণ সঠিক নাও হতে পারে। এর মূল কারণ হলো, কী অবস্থায় র্যাব বা পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়, তার বিস্তারিত ও নিরপেক্ষ বিবরণ প্রকাশিত হয় না। র্যাবের বা পুলিশের পক্ষ থেকে যা বলা হয়, তা হলো, দুই পক্ষের গুলিবিনিময়ে এ ঘটনা ঘটেছে এবং র্যাব বা পুলিশ তাদের সপক্ষে এ কথাও বলে যে নিহত ব্যক্তিরা বিপজ্জনক অপরাধী ছিল। তাদের নামে এ বিষয়ে থানায় একাধিক মামলা রয়েছে। অকুস্থলে উপস্থিত জনগণও অনেক ক্ষেত্রে এ ধরনের বক্তব্য সমর্থন করে।অন্যদিকে এমনও কিছু ঘটনা ঘটেছে, যার ফলে নিরীহ ব্যক্তিরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। চলমান বিতর্কে সংখ্যাগত দিক দিয়ে এর কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায় না। তবে কিছু ক্ষেত্রে নিহত ব্যক্তির সংক্ষুব্ধ আত্মীয়স্বজন এ বিষয়ে আদালতে সুবিচারের আবেদন করেছেন। কোনো মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে বলে জানা নেই। উদাহরণস্বরূপ বলা যায়, পত্রিকায় অতি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত ১১ মাসে শুধু র্যাবের হেফাজতে নিহত হয়েছে ৬৯ জন। একই সময়ে পুলিশি হেফাজতে মৃত্যুর সংখ্যা এক হাজার ক্রসফায়ার বা হেফাজত সমর্থক নয়। যে শব্দটিই ব্যবহার করা হোক না কেন, এ ধরনের কাজের ফলে শুধু মানবাধিকার নয়, বরং প্রচলিত আইন লঙ্ঘিত হয়েছে। আইনানুগ ব্যবস্থা না নিলে তা অবশ্যই নিন্দনীয়। বিগত ছয় বছরে এই সংখ্যা ৬৯৩। পুলিশের হেফাজতে মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার। পত্রিকায় এ কথাও বলা হয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্রসফায়ারে মৃত্যুর বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলের সমর্থন রয়েছে। অন্যদিকে ২০০৯ সালের প্রথম থেকেই এ সরকার শূন্য সহনশীলতার কথা জনসমক্ষে বলেছে। কাজেই ধরে নেওয়া যায়, সরকার এ অবস্থান থেকে সরে এসেছে। সরকারের নতুন অবস্থানের ভিত্তি হলো, প্রচলিত আইনের আওতায় আত্মরক্ষার জন্য গুলি করা শাস্তিযোগ্য অপরাধ নয়। আবার অন্যরা যুক্তি দেখান, মারাত্মক অস্ত্রধারী স্বীকৃত অপরাধীরা র্যাব বা পুলিশের গুলিতে নিহত হলে প্রতিবাদ করা হয়। কিন্তু র্যাব বা পুলিশের সদস্যরা ওই সব অস্ত্রধারী অপরাধীর গুলিতে নিহত হলে সবাই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চুপ করে থাকে। এই দুই বিপরীতধর্মী যুক্তির সমন্বয় করা বাস্তবে কঠিন। প্রথম যুক্তিটি সংবিধানসহ আইনের দ্বারা সুরক্ষিত। দ্বিতীয়টি অনেকটা আবেগপ্রবণ। তবে দুই বিপরীতধর্মী যুক্তির সমন্বয়ের বিষয়ে আইনি বিধান রয়েছে। সে বিধানের আলোকে আজ পর্যন্ত কতটি ক্ষেত্রে যথাযথ তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতজনকে সাজা দেওয়া হয়েছে এবং কতজন নির্দোষ প্রমাণিত হয়েছেন, তার কোনো পরিসংখ্যান আজ পর্যন্ত কোনো সরকারই জনগণের অবগতির জন্য প্রকাশ করেনি। এটাই হলো সংশ্লিষ্ট সরকারের ব্যর্থতা। এ কারণেই বর্তমান বিতর্ক।সবশেষে একটি প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করা যেতে পারে। প্রশ্নটি হলো, বিভিন্ন সময়ের সরকার কেন প্রচলিত আইন প্রয়োগে বারবার ব্যর্থ হচ্ছে। এর মূল কারণ বা কারণগুলো নিঃসন্দেহে অনুসন্ধানযোগ্য। অনেকের মতে, মূল কারণ হলো প্রচলিত আইনের প্রয়োগে প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতা। এর বিভিন্ন দিক রয়েছে। এক, রাজনৈতিক সদিচ্ছার অভাব। দুই, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংশ্লিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর একটি বদ্ধমূল ধারণা যে আইনের যথাযথ প্রয়োগের ফলে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের নৈতিক মনোবলে বিরূপ প্রভাব ফেলবে, যার জন্য আইনশৃঙ্খলা-পরিস্থিতির অবনতি ঘটবে। তিন, প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আইনের জ্ঞানের অভাব। চার, সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব। পাঁচ, সবার স্বাধীনভাবে, অর্থাৎ ইচ্ছামতো কাজ করার মানসিকতা।২৬ ডিসেম্বর প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে সরকারের ভাবমূর্তি কিছুটা উজ্জ্বল হবে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। সরকার কর্তৃক গঠিত দুটি তদন্ত কমিটিই র্যাবের কিছু সদস্যসহ সোর্সকে বাপ্পী, আরিফ ও বাবুকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় দায়ী করেছে। তবে দুঃখজনক হলো, র্যাব এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। আশার আলো হলো, স্বরাষ্ট্রসচিব বলেছেন, দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। র্যাবের কলঙ্কিত ভাবমূর্তি নিরসনে র্যাবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই অধিকতর সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। অন্যথায় এ বিতর্কের অবসান হবে না, কলঙ্কমুক্তিও হবে না।এ এম এম শওকত আলী: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব।