বিনোদবিহারী: এক বিরল বাঙালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের বিপ্লবী সৈনিকদের শেষ প্রতিনিধির জীবনাবসান হলো। ১০৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে, তা সত্ত্বেও এই সচেতন সংগ্রামী ব্যক্তিত্বের মৃত্যু অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন আজীবন সংগ্রামী। বরাবর শুভ চেতনার পক্ষে সব অশুভ শক্তির বিপক্ষে দৃঢ়তার সঙ্গে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্তই এমনটাই ছিলেন তিনি। ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামে তাঁর জন্ম। বাবা ছিলেন আইনজীবী। বড় পরিবারের দায় কাঁধে ছিল বলে ছেলের শহরের স্কুলে পড়ার সাধ পূরণ করতে পারেননি। রাঙামাটি, ফটিকছড়ি ও বোয়ালখালীর স্কুলে পড়েছেন। বোয়ালখালীর পি সি সেন সারোয়াতলী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ার সময় বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সংস্পর্শে এসে ধীরে ধীরে গোপন বিপ্লবী দল যুগান্তরে যোগ দেন। পরিচয় হয় মাস্টারদা সূর্য সেনের সঙ্গে, যিনি পরবর্তী জীবনে তাঁর গুরু ও পথপ্রদর্শক হয়ে ওঠেন। ১৯৩০ সালে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে সশস্ত্র যুব বিদ্রোহ সংঘটিত হয়, তিনি তাতে অংশ নিয়েছিলেন। তিনি বিপ্লবী অনন্ত সিং ও গণেশ ঘোষের নেতৃত্বে পুলিশ লাইনের অস্ত্রাগার দখল অভিযানের একজন ছিলেন। পরে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন। তাঁরা ১৮ থেকে ২২ এপ্রিল চার দিন চট্টগ্রামকে ব্রিটিশ ভারত থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন করে রেখেছিলেন। এ সময় ব্রিটিশদের একাধিক আক্রমণ তাঁরা ঠেকিয়ে দিয়েছিলেন। ২২ তারিখ ব্রিটিশদের বিশাল বাহিনীর সর্বাত্মক আক্রমণের সময় তরুণ বিনোদবিহারী চৌধুরী গলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।তবে জালালাবাদ পাহাড় থেকে জীবিত বিপ্লবীদের সঙ্গে তিনি পালাতে সক্ষম হন। সীতাকুণ্ড এলাকায় একজনের বাড়িতে আশ্রয় নিয়ে চিকিৎসা করান। ইতিমধ্যে ব্রিটিশ সরকার তাঁকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। ফলে কিছুদিন পালিয়ে বেড়াতে থাকেন। শেষে চট্টগ্রাম ছেড়ে ভারতের মধ্যপ্রদেশের সিন্দোয়ারা জেলার কয়লাখনিতে দৈনিক এক টাকা মজুরিতে কাজ জুটিয়ে নেন। কিছুদিন পরে পুলিশের নজর এড়িয়ে চলে আসেন ঢাকায়। তাঁতীবাজারে এক বাড়িতে আশ্রয় নিয়ে গৃহশিক্ষকের কাজ শুরু করেন। এভাবে এখানে প্রায় আড়াই বছর ছিলেন। এখানে থাকতে থাকতেই মাস্টারদার সঙ্গে আবার যোগাযোগ হয় এবং তাঁর নির্দেশে একটা দল গঠন করেন। এ দলের হাতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট আক্রান্ত হন। এবার পুলিশি তৎপরতার মুখে তাঁকে ঢাকা ছাড়তে হয়। চলে আসেন চট্টগ্রাম। তখন মাস্টারদার বিচার চলছিল।এখানে তিনি পুলিশের হাতে ধরা পড়েন ১৯৩৩ সালে। অল্প কিছুদিন কলকাতার প্রেসিডেন্সি জেলে কাটানোর পর তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ঊষর মরু অঞ্চল রাজপুতনার দেউলি ডিটেনশন ক্যাম্পে। এখানে চার বছরের বেশি বন্দিজীবন কাটাতে হয়েছে। এখানে থাকার সময়ই বন্দী অবস্থায় ১৯৩৪ সালে প্রথম বিভাগে আইএ ও ১৯৩৬ সালে ডিস্টিংকশনসহ বিএ পাস করেন তিনি। ১৯৩৮ সালের শেষ দিকে বিনোদবিহারী কারাগার থেকে মুক্তি পান। কিন্তু ব্রিটিশ সরকার তাঁকে গৃহবন্দী করে রাখে। এক বছর গৃহবন্দী থাকার সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং সেই সঙ্গে বিএল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেন। ১৯৩৯ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর চট্টগ্রামের বিখ্যাত সংবাদপত্র পাঞ্চজন্যতে সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা পেশা শুরু করেন। পাশাপাশি চট্টগ্রাম আদালতে আইন পেশায়ও যোগ দেন। এবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতিচর্চা শুরু করেন। তাঁকে কংগ্রেসের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সম্পাদক নির্বাচিত করা হয়। এর দুই বছর পর ভারত ছাড়ো আন্দোলনের আগে ১৯৪১ সালে তিনি আবার কারারুদ্ধ হন। চট্টগ্রাম জেল, হিজলি বন্দিশিবির, ঢাকা জেল, বকসা বন্দিশিবির ঘুরে একনাগাড়ে পাঁচ বছর জেলে কাটিয়ে ১৯৪৫ সালের শেষ দিকে তিনি মুক্তি পান। কারাগারে অন্তরীণ থাকার সময়ে বিনোদবিহারী চৌধুরী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হন। আর জেল থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৬ সালে তিনি জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৭-এর দেশ ভাগের পর তাঁর সহযোদ্ধাদের অধিকাংশই দেশত্যাগ করেছিলেন। কিন্তু বিনোদবিহারী নিজের জন্মভূমির প্রতি দায়বদ্ধ ছিলেন আজীবন। তিনি নিজেই লিখেছেন, ‘তখন দেশে পাকিস্তান আন্দোলনর ভীষণ ঢেউ। চারদিকে অবিশ্বাস, হিংসা, দ্বেষ, সাম্প্রদায়িক ভেদবুদ্ধি! কী স্বাধীনতা চেয়েছিলাম, কী স্বাধীনতা এল? নিতান্ত মনঃপীড়া উপলব্ধি করলাম। কিন্তু মনে মনে ইস্পাতকঠিন দৃঢ় সংকল্প করলাম, জন্মভূমিতেই থাকব, জাতিধর্ম-নির্বিশেষে মানুষের সেবায় আত্মনিয়োগের মাধ্যমে জীবনটা কাটিয়ে দেব, দেশত্যাগী হব না।’ বরং পাকিস্তানে থেকে এককালের এই বিপ্লবী জাতীয় কংগ্রেস গড়ে তোলার কাজে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ অন্যদের সঙ্গে হাত লাগান। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। কংগ্রেসের নেতা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের সঙ্গে তিনি ভাষা আন্দোলনে অংশ নেন। সংসদের ভেতরে-বাইরে ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনে শরিক হন। তাঁরা ধর্মভিত্তিক পৃথক নির্বাচনের পরিবর্তে ধর্মনিরপেক্ষ যুক্ত নির্বাচনের আন্দোলনে সোচ্চার হন। ১৯৪৭ থেকে ১৯৫৪ পর্যন্ত তিনি সরকার পরিচালিত আইন সালিসি বোর্ডের চট্টগ্রাম জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। তা সত্ত্বেও ১৯৬৫-এর পাকিস্তান-ভারত যুদ্ধের সময় তাঁকে পাকিস্তান প্রতিরক্ষা আইনে গ্রেপ্তার করা হয় এবং তাঁকে এক বছর কারাভোগ করতে হয়। এরপর ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তিনি বসে থাকেননি, সাধ্যমতো অংশ নিয়েছেন। ১৯৫৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের এককালের সভানেত্রী চট্টলার কৃতী সন্তান দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী নেলী সেনগুপ্তার একান্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন।বাংলাদেশে তিনি নানান সামাজিক ও নাগরিক আন্দোলনে জড়িয়ে পড়েন। প্রবর্তক সংঘ, রামকৃষ্ণ মিশন, চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, জে এম সেন হল ব্যবস্থাপনাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তি তিনি। আবার সাম্প্রতিককালের মানবাধিকার, নাগরিক অধিকার, নারীর অধিকারসংক্রান্ত সব উদ্যোগে তিনি শরিক হয়েছেন। এভাবে গঠনমূলক ইতিবাচক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন চট্টগ্রামের নাগরিক সমাজের অভিভাবক। কর্মজীবনের শুরুতে সাংবাদিকতা ও আইন পেশায় যোগ দিলেও এর কোনোটিতেই তিনি স্বস্তিবোধ করেননি। তিনি বরাবর একজন আদর্শবাদী ব্রতী মানুষ। সেই ভাবধারা থেকেই বাসায় ছাত্র পড়াতেন তিনি। ভালো ইংরেজি, বাংলা ও সংস্কৃত জানতেন। শতবর্ষ ছুঁই ছুঁই বয়সেও তিনি বাসায় ছাত্র পড়িয়েছেন। তাঁর স্ত্রী বিভা চৌধুরীও ছিলেন শিক্ষয়িত্রী। তাঁর দুই পুত্রই অকালপ্রয়াত—একজন তাঁর মৃত্যুর অল্প আগে ক্যানসারে ভুগে মারা গেছেন। পুত্রবধূ ও নাতি রয়েছেন কলকাতায়। বিনোদবিহারী চৌধুরীর আদর্শ ছিল মানবকল্যাণ, দেশপ্রেম ছিল তাঁর মানবতাবোধের ভিত। ফলে দেশে গণমুখী যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, যত মানবিক ইস্যুতে জনগণ সক্রিয় হয়েছে তিনি তার সবগুলোতেই অংশ নিয়েছেন। যখন রাজনীতিতে কালোটাকা, পেশিশক্তি, দখলদারি-টেন্ডারবাজিসহ ক্ষমতার অপব্যবহারে জনজীবন অতিষ্ঠ, তখন বিনোদবাবু শুভশক্তির জাগরণে যেকোনো উদ্যোগে যুক্ত হয়েছেন। বয়োবৃদ্ধ মানুষটির কণ্ঠস্বরে শেষ পর্যন্ত তারুণ্যের বলিষ্ঠতা, আদর্শবাদী স্পষ্টতা এবং নির্ভীক সত্যবাদীর ঋজুতা ছিল। আজকের দিনে যখন তরুণদের সামনে আদর্শ ব্যক্তিত্বের অভাব, তখন বিনোদবিহারীর মতো মানুষের মৃত্যুতে বিরাট শূন্যতা সৃষ্টি হবে। শতবর্ষী এই মানুষটি মৃত্যুশয্যায় শায়িত হওয়ার পূর্ব পর্যন্ত কারও ওপর বোঝা হননি। স্বাবলম্বী ছিলেন, পরোপকারী থেকেছেন এবং মানবদরদি ভূমিকা অক্ষুণ্ন রেখেছেন। শহর চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার একটি গলিতে ছোট্ট একতলা টিনের ছাউনি কুটিরে শতবর্ষ অতিবাহিত করেছেন এই বিপ্লবী সংগ্রামী। শেষ জীবনে বাংলাদেশ ও ভারত থেকে সরকারি ও বেসরকারি অনেক পুরস্কার, সম্মাননা, অর্থ পেয়েছেন। কিন্তু তাঁর সহজ অনাড়ম্বর জীবনে কোনো পরিবর্তন আসেনি। সবই তিনি মানবকল্যাণ এবং নিজের আদর্শকে সমুন্নত রাখার কাজে ব্যয় করেছেন। তিনি থেকে গেছেন আদি ও অকৃত্রিম খাঁটি মানুষ। সেখানে কোনো ক্লেদ, গ্লানির ছোঁয়া লাগেনি। তাই চলনে যেমন তেমনি বলায়ও তিনি শেষ পর্যন্ত ছিলেন সৎ, স্পষ্ট, বলিষ্ঠ। শতবর্ষী বাঙালি যেমন কম তেমনি এ রকম চারিত্রিক দৃঢ়তার বাঙালিও বিরল।এই বিরল বাঙালিকে অন্তিমযাত্রাপথে আমাদের অভিবাদন।আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।